ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে ঢাকাসহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল


আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে ঢাকাসহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে প্রতিবাদে মাঠে নেমেছে বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন। তারা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

শুক্রবার দিনভর এসব কর্মসূচিতে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেওয়া হয়েছে। ঢাকা ছাড়াও নোয়াখালীর বেগমগঞ্জ, গাজীপুর, কক্সবাজার, সিলেট ও নওগাঁর বদলগাছীসহ বিভিন্ন স্থানে পৃথক কর্মসূচিতে ছাত্রদল-ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এসব কর্মসূচি থেকে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানানো হয়।

গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদ প্রতিরোধ আইন প্রণয়নের দাবি জানিয়ে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) গতকাল রাজধানীর বিজয়নগরে বিজয়-৭১ চত্বরে আওয়ামী লীগের চলমান অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ থেকে এ দাবি জানায়।

আরও পড়ুন: মানুষের আয় ও ক্রয়ক্ষমতা কমছে, অর্থনীতিতে চাপ বাড়ছে

প্রধান অতিথির বক্তব্যে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, "আওয়ামী লীগের রাজনীতিতে অগ্নিসন্ত্রাস ও মানুষ পুড়িয়ে মারার ইতিহাস রয়েছে। ২০০৪ সালের ৩০ এপ্রিল সরকার পতনের নাটক সাজানোর চেষ্টা করা হয়েছিল। সে সময় মাসের পর মাস গাড়িতে আগুন দেওয়া ও জ্বালাও-পোড়াওয়ের ঘটনা ঘটেছিল।"

তিনি আরো বলেন, "প্রশিকার কর্মীদের ঢাকায় নিয়ে আসা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত রাজধানীতে তৎকালীন সরকারের পতন ঘটাতে পারেনি, বরং আওয়ামী লীগের রাজনীতিতে নির্দিষ্ট তারিখ সামনে রেখে নানা ধরনের রাজনৈতিক নাটক মঞ্চস্থ করার নজির রয়েছে।"

আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তন প্রসঙ্গে তিনি বলেন, "২০২৫ সালের আগস্টে ফিরে আসার নানা ঘোষণা দেওয়া হলেও ডিসেম্বরে তা বাস্তবায়িত হয়নি। ২০২৬ সালের নির্বাচন বাধাগ্রস্ত করার যে বক্তব্য ও প্রচেষ্টা ছিল, সেটিও সফল হয়নি।" তিনি বলেন, "হাসিনা জীবিত কিংবা মৃত, কোনো অবস্থাতেই আর বাংলাদেশে ফিরতে পারবেন না।"

দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুলের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেনÑদলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হাসান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, কর্মসংস্থানবিষয়ক সম্পাদক সফিউল বাশার এবং সহসাংগঠনিক সম্পাদক (ঢাকা) শাহজাহান ব্যাপারী প্রমুখ।

আরও পড়ুন: সশস্ত্র বাহিনীর সৈনিকদের বেতন ১৩৮% বৃদ্ধি, সর্বনিম্ন ২১,৪০০ টাকা

এদিকে নোয়াখালীর বেগমগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করে। এ সময় মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে এর প্রতিবাদে চৌমুহনী পৌর বিএনপি নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদেরকে ধাওয়া দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা পৌনে ৩টার দিকে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের ২০-২৫ জন নেতাকর্মী চৌমুহনী পূর্ব বাজারের কাচারি বাড়ি মসজিদের সামনে থেকে ঝটিকা মিছিল বের করে।

মিছিলটি নাপিতের পোল এলাকায় গিয়ে গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসের সামনে পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে ভবনের দুটি থাই গ্লাস ভেঙে যায় এবং আগুন ধরে যায়। পরে কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন বলেন, "নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের খবর পেয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাৎক্ষণিক তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যান। এ সময় আওয়ামী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদল-ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা চৌমুহনী বাজারে বিক্ষোভ মিছিল করে।"

আরও পড়ুন: খাগড়াছড়িতে সাদিক কায়েমের বাড়িতে পেট্টোলবোমা মেরে আগুন জ্বালানোর চেষ্টা

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, "যারা আগুন ও ভাঙচুরের সঙ্গে জড়িত, তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।"

কক্সবাজারের ঈদগাঁওয়ে রাতে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এর প্রতিবাদে ঈদগাঁও বাসস্টেশনে বিক্ষোভ মিছিল করে ইসলামী ছাত্রশিবির। গত বৃহস্পতিবার রাতে এ পাল্টাপাল্টি মিছিল ও বিক্ষোভের ভিডিও প্রচার হয়। তবে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ভিডিওটি কোথায়, কখন হয়েছে—তা নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওতে মুখোশ পরিহিত কয়েকজনকে মশাল হাতে সরকারবিরোধী স্লোগান দিতে এবং হাসিনার দেশে ফেরার দাবি জানাতে দেখা গেছে।

ভিডিওতে ঈদগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি ইরফান ও জেলা ছাত্রলীগ সভাপতি সাদ্দামের নামেও স্লোগান দিতে দেখা যায়।

এদিকে ভিডিও ছড়িয়ে পড়ার পর রাত ৩টার দিকে উপজেলা শিবির সভাপতি আবদুল্লাহর নেতৃত্বে ঈদগাঁও বাসস্টেশনে বিক্ষোভ মিছিলের আরেকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: শেরপুরে বাসের লকারে ১১ কেজি গাঁজা, যুবক আটক

ঈদগাঁও থানার ওসি সিফাতুল মাজদার জানান, তিনিও একটি ভিডিও দেখেছেন। তবে এটি ঈদগাঁও উপজেলার কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া আওয়ামী লীগের দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। শুক্রবার জুমার নামাজের পর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে নগরের কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি বের হয়ে চৌহাট্টার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, "আওয়ামী লীগ রাজনীতির পথ ছেড়ে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তাদের কর্মকাণ্ডে রাজনৈতিক কর্মসূচির প্রতিফলন নেই।"

তিনি বলেন, "অগ্নিসন্ত্রাস ও নাশকতা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সবাইকে সতর্ক থাকতে হবে। কোথাও সন্ত্রাসী কর্মকাণ্ডের তথ্য পেলে আইন নিজের হাতে না নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য অনুরোধ করেন তিনি।"

এদিকে দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচারের দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও বিক্ষুব্ধ অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত বৃহস্পতিবার জেলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন দলটির শ্রমবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আলী নাছের খান।

আরও পড়ুন: টঙ্গীবাড়ীতে যুগান্তর স্বজন সমাবেশের পূর্ণাঙ্গ কমিটি গঠন

তিনি আওয়ামী লীগ শাসনামলে গুম-খুন, দমনপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের নিরপেক্ষ বিচার এবং দল হিসেবে আওয়ামী লীগের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান।

একই সঙ্গে আওয়ামী অগ্নিসন্ত্রাস ও ভাঙচুরের প্রতিবাদে নওগাঁর বদলগাছীতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। গতকাল বেলা ১১টার দিকে চৌরাস্তা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চৌরাস্তা মোড়ে এসে শেষ হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশে ব্যাংকের সংখ্যা কমানোর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৬ এম


বাংলাদেশে ব্যাংকের সংখ্যা কমানোর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা

বাংলাদেশে খেলাপি ঋণের উচ্চ পরিমাণের জন্য বৈশ্বিক পরিস্থিতি দায়ী নয়, বরং অভ্যন্তরীণ কাঠামোগত দুর্বলতাই মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ব্যাংকিং খাতে বছরের পর বছর ধরে ধারাবাহিক সুশাসনের পতন ঘটেছে। দেশের জন্য ৬০টি ব্যাংক প্রয়োজন নেই, বরং পাঁচটি বা সাত-আটটি ব্যাংকই যথেষ্ট হবে। এজন্য একটি কঠোর রেগুলেটরি ফ্রেমওয়ার্ক বজায় রাখা জরুরি। এখন গুড গভরন্যান্সের প্রয়োজন, যা সব সমস্যার সমাধান বের করে আনবে। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে বাংলাদেশকেও শ্রীলঙ্কা, পাকিস্তান, মালয়েশিয়া ও ফিলিপাইনের মতো ব্যাংকের সংখ্যা কমাতে হবে। এই সংকট কাটিয়ে উঠতে কয়েক প্রজন্মকে সংগ্রাম করতে হবে। সমাজে এর প্রভাব পড়তে পারে, তবে দীর্ঘ সময় বোঝা টেনে নেওয়ার প্রয়োজন নেই।

শুক্রবার রাজধানীর পূর্বাচলে অবস্থিত আইবিএ অ্যালামনাই ক্লাব লিমিটেডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত প্যানেল ডিসকাশনে দেশের ব্যাংকিং, ফিনটেক ও করপোরেট খাতের শীর্ষস্থানীয় কর্মকর্তারা এসব মন্তব্য করেন।

ফিনএক্স কানেক্টে উপস্থিত ছিলেন আইবিএ অ্যালামনাই ক্লাবের চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান, ডিরেক্টর মোহাম্মাদ শাকিল ওয়াহেদ, মো. রাহাত খান, মো. আমানুর রহমান, ইমতিয়াজ আহমেদ শামস, মালিক মো. সাঈদ, এ এস এম রফিক উল্লাহ, নাফিস রায়হান, এটিএম শামিম উজ্ জামান, ইরিন আখতার, আবু ইসা মো. মাইনুদ্দিন প্রমুখ।

নেভিগেটিং মার্কেট ক্রসরোডস অ্যান্ড ড্রাইভিং গ্রোথ শীর্ষক প্যানেল ডিসকাশন সঞ্চালনা করেন গ্লোবাল বাংলাদেশি চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট কাজী এম আহমেদ। আলোচনায় অংশ নেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) অধ্যাপক শাহ মো. আহসান হাবিব, ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান মেলিতা মেহজাবিন, ব্যাংকিং কন্সালট্যান্ট ও ব্র্যাক ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসাইন এবং রহমান রহমান হকের সিনিয়র পার্টনার আদিব হোসাইন খান এফসিএ।

‘ফাইন্যান্স রিওয়্যার্ড: দ্য ফিউচার অব ফাইন্যান্সিয়াল সার্ভিসেস’ শীর্ষক প্যানেল ডিস্কাশন সঞ্চালনা করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চিফ কমিউনিকেশন অফিসার জিশান কিংশুক হক। আলোচনায় অংশ নেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা, বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নওবুত আলী, ইউনিলিভার বাংলাদেশের ফাইন্যান্স ডিরেক্টর জিনিয়া তানজিনা হক এবং সিটি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অরূপ হায়দার।

‘নেভিগেটিং মার্কেট ক্রসরোডস অ্যান্ড ড্রাইভিং গ্রোথ’ শীর্ষক প্যানেল ডিস্কাশনে সঞ্চালনা করেন গ্লোবাল বাংলাদেশি চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট কাজী এম আহমেদ। তিনি উল্লেখ করেন, একদিকে কঠোর রেগুলেটরি ফ্রেমওয়ার্ক বজায় রাখা এবং অন্যদিকে অর্থনীতিকে গতিশীল রাখতে বেসরকারি ইনভেস্টমেন্ট ও ব্যবসার সুযোগ সৃষ্টির মধ্যে ভারসাম্য আনাই বর্তমানে মূল চ্যালেঞ্জ।

অধ্যাপক শাহ মো. আহসান হাবিব মন্তব্য করেন, দেশের উচ্চ মূল্যস্ফীতির পেছনে কেবল বৈশ্বিক পরিস্থিতি দায়ী নয়, বরং অভ্যন্তরীণ কাঠামোগত দুর্বলতাই প্রধান কারণ। এর ফলে রপ্তানি হ্রাস ও আমদানি বৃদ্ধির মতো দ্বিমুখী চাপ তৈরি হচ্ছে। গত ৫-৬ বছরের ডাটা নির্দেশ করে যে কেবল সংকোচনমূলক মুদ্রানীতি কার্যকর হয়নি। বর্তমানে নিম্নআয়ের মানুষের কাছে সরাসরি অর্থ পৌঁছানো অত্যন্ত জরুরি, যাতে তারা টিকে থাকতে পারে। বেসরকারি বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস ও নিরাপত্তার জন্য আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি। আন্তর্জাতিক প্রেক্ষাপটে ব্যাংকিং খাতে ৩২-৩৩% খেলাপি ঋণ প্রদর্শন করা অস্বাভাবিক ও অবাস্তব। রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত না হলে বাণিজ্যিক ব্যাংকের কোনো একক বা যৌথ উদ্যোগ কার্যকর হবে না।

তিনি আরও বলেন, ব্যাংকের শেয়ারহোল্ডাররা মূলধনের সামান্য অংশের মালিক, আমানতের নয়। কমপ্লায়েন্সের লক্ষ্য কেবল কেন্দ্রীয় ব্যাংককে সন্তুষ্ট করা নয়, জনস্বার্থ রক্ষা; ঝুঁকি ব্যবস্থাপনার দায়িত্ব ফ্রন্টলাইনেরও।

মেলিতা মেহজাবিন মন্তব্য করেন, স্বাধীন অডিট এবং অডিট কমিটি থাকা সত্ত্বেও ব্যাংকিং খাতে বছরের পর বছর ধরে ধারাবাহিক সুশাসনের পতন ঘটেছে। ‘মাছের প্রথমে মাথায় পচন ধরে’ প্রচলিত প্রবাদের মতো, যে-কোনো প্রতিষ্ঠানের পচন বা অবক্ষয় উচ্চপর্যায় থেকেই শুরু হয়। অডিট প্রক্রিয়ায় সঠিক নজরদারি বন্ধ হয়ে যাওয়ার কারণে পুরো ব্যবস্থা ব্যর্থ হয়েছে। ব্যাংক খাতের এই পরিস্থিতির জন্য পর্ষদগুলোও সরাসরি দায়ী। কেউ সঠিক প্রশ্নটি করেনি এবং প্রশ্নের সঠিক উত্তর পাওয়ার চেষ্টা করেনি। এর ফলে প্রতি তিন টাকা ঋণের এক টাকা ফেরত আসেনি। এখন গুড গভরন্যান্সই চাওয়া। এর মাধ্যমেই সব সমস্যার সমাধান বের হয়ে আসবে। এজন্য একাডেমিয়ায় ও রিসার্চে ইনভেস্ট জরুরি।

সেলিম আর এফ হোসাইন বলেন, বাংলাদেশ ব্যাংক ও সরকারকে ব্যাংক পুনর্গঠন, দেউলিয়া আইন এবং ব্যাংকিং রেজোলিউশন অ্যাক্ট প্রণয়নের জন্য একটি স্পষ্ট ও নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। আন্তর্জাতিক অ্যাকাউন্টিং ও প্রভিশনিং মানদণ্ড কঠোরভাবে প্রয়োগ করতে হবে। আমাদের ছোট দেশে ৬০টি ব্যাংকের প্রয়োজন নেই। পাঁচটি বা সাত-আটটি ব্যাংকই যথেষ্ট। শ্রীলঙ্কা, পাকিস্তান ও ফিলিপাইনে ব্যাংক কমানো হয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে বাংলাদেশেও এটি হতে হবে। এই সংকট কাটিয়ে উঠতে কয়েক প্রজন্মকে সংগ্রাম করতে হবে। সমাজে এর প্রভাব পড়তে পারে, তাই দীর্ঘ সময় বোঝা টেনে নেওয়ার প্রয়োজন নেই।

মীর নওবুত আলী বলেন, গুলশানের কর্পোরেট অফিসে বসে সার্ভিস ডিজাইন করার চেয়ে গাইবান্ধার মতো প্রান্তিক অঞ্চলে গিয়ে গ্রাহকের বাস্তব চাহিদা ও সমস্যা বোঝা অনেক বেশি জরুরি। গ্রাহকের সুবিধার জন্য কোম্পানির নীতি ক্রমাগত সহজ করা হচ্ছে। অভিজ্ঞতা বলছে, প্রান্তিক ও স্বল্পআয়ের মানুষ সময়মতোই ঋণ পরিশোধ করেন।

অরূপ হায়দার বলেন, অপারেশনাল জটিলতার কারণে অতীতে ব্যাংকগুলো মূলত কর্পোরেট ব্যাংকিংয়ে সীমাবদ্ধ ছিল। প্রযুক্তি ও ফিনটেকের আগমনে এখন রিটেল গ্রাহকের কাস্টমার জার্নি অনেক সহজ হয়েছে। দেশে ৮ কোটি আমানতকারীর বিপরীতে ঋণ পান মাত্র ১.৫ লক্ষ গ্রাহক। তাই ঋণের গণতন্ত্রায়ণ নিশ্চিত করতে ইউটিলিটি বিল পরিশোধের মতো ডাটা বিশ্লেষণ করে কম পরিচালন ব্যয়ে ছোট অঙ্কের ঋণ দেওয়া হচ্ছে।

প্যানেল ডিস্কাশনে বক্তারা উল্লেখ করেন, বিগত ৫০ বছর ধরে অধিকাংশ ব্যাংক (৮০-৯০%) কেবল গুটিকয়েক বড় করপোরেট লোনের ওপর নির্ভর করে ব্যবসা করেছে, যা দীর্ঘমেয়াদে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বড় একটি ২০০ কোটি টাকার লোন খেলাপি হলে পুরো ব্যাংক সংকটে পড়ে, কিন্তু ২০০টি ১ কোটি টাকার লোন একসাথে খেলাপি হওয়া কঠিন। তাই বড় লোন দেওয়ার চেয়ে ছোট লোনে যাওয়া ভালো। কম উপার্জন যারা করেন, তারা ঋণ পরিশোধ করেন। আলোচনায় উঠে আসে, ব্যাংকগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিতে বড় বিনিয়োগ করছে। ফলে এলসি খোলার প্রক্রিয়া ৭ দিন থেকে কমিয়ে মাত্র এক দিনে সম্পন্ন করা সম্ভব হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা কলেজের হলপাড়ায় ককটেল বিস্ফোরণের ঘটনা, শিক্ষার্থীদের অভিজ্ঞতা শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৬ এম


ঢাকা কলেজের হলপাড়ায় ককটেল বিস্ফোরণের ঘটনা, শিক্ষার্থীদের অভিজ্ঞতা শেয়ার

ঢাকা কলেজের নর্থ হল এবং বিজয়-২৪ হলের মধ্যবর্তী স্থানে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ১২:০০ মিনিটে এই বিস্ফোরণটি ঘটে।

মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদ হাসান জানান, "আমি এবং বন্ধুরা খেতে যাওয়ার উদ্দেশ্যে ক্যান্টিনের দিকে যাচ্ছিলাম। যাওয়ার পথে আমার ১০ হাত দূরত্বের স্থানে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে।"

তিনি আরো বলেন, "যখন আমি বিকট শব্দ শুনে স্থবির হলাম, ঠিক সেই মুহূর্তে প্রচুর পরিমাণে ধোঁয়া এসে আমাদের শরীর পড়ে। আমাদের ধারণা বিজয় ২৪ হল থেকেই এটি ফেলা হয়েছে।"

ইতিহাস বিভাগের শিক্ষার্থী রিজভী বলেন, "আমরা কয়েকজন বন্ধু মিলে দুই হলের মধ্যবর্তী স্থানে দাঁড়িয়ে ছিলাম। ঠিক সেই মুহূর্তে বিজয় ২৪ হলের উপর থেকে হালকা ঝিরিঝিরি আলো উপর থেকে সোজা নিচের দিকে আসলো আর বিকট শব্দ করে প্রচুর ধোঁয়া উঠে। বিস্ফোরণের অনেকটা সময় পরেও আলো দেখা যাচ্ছিল।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনামগঞ্জে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের পেট্রল দিয়ে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৭ এম


সুনামগঞ্জে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের পেট্রল দিয়ে আগুন

সেলবরষ ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ধর্মপাশা উপজেলায়, সুনামগঞ্জে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বাদশাগঞ্জ বাজারে এই ঘটনাটি ঘটে। আগুনের ফলে কার্যালয়ের ভেতরে থাকা ১৫ থেকে ২০টি প্লাস্টিকের চেয়ার এবং একটি টেবিল পুড়ে যায়। স্থানীয় বিএনপির নেতাদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সন্ত্রাসীরা এই অগ্নিসংযোগের সঙ্গে জড়িত।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বাদশাগঞ্জ বাজারে সেলবরষ ইউনিয়ন বিএনপির কার্যালয়ের ভেতরে আগুন জ্বলতে দেখেন বাজার পাহারার দায়িত্বে থাকা দুই ব্যক্তি। তারা চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

সেলবরষ ইউনিয়ন বিএনপির সভাপতি তাহের উদ্দিন সোনা মিয়া অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন কয়েক দিন ধরে আত্মগোপনে থেকে ফেসবুক লাইভে এসে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। তার নির্দেশেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে বলে তিনি দাবি করেন।

তাহের উদ্দিন আরও জানান, এ ঘটনায় তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, সেলবরষ ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। এতে ভেতরে থাকা কিছু আসবাবপত্র পুড়ে গেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকা দুই বিশ্ববিদ্যালয়ের ৯৬ শিক্ষক-শিক্ষার্থী, খাদ্য সংকট ও চিকিৎসা প্রয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৮ এম


বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকা দুই বিশ্ববিদ্যালয়ের ৯৬ শিক্ষক-শিক্ষার্থী, খাদ্য সংকট ও চিকিৎসা প্রয়োজন

বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ার ফলে দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিনে আটকা পড়েছেন দুই বিশ্ববিদ্যালয়ের ৯৬ শিক্ষক-শিক্ষার্থী। ১৯ নভেম্বর তাদের ফেরার কথা থাকলেও আবহাওয়ার অবনতি ও ঘূর্ণিঝড়ের প্রভাবে তাদের ফিরতি যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে।

আটকে পড়াদের মধ্যে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের ৩১ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের ৬৫ জন শিক্ষক-শিক্ষার্থী রয়েছেন।

এদের মধ্যে একজন শিক্ষার্থী মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন। তার হাঁটুর প্যাটেলা স্থানচ্যুত হওয়ায় উন্নত চিকিৎসার প্রয়োজন। তবে দ্বীপে এ ধরনের চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা নেই। অন্যদিকে, কয়েক দিন ধরে আটকে থাকায় খাবারের জন্য বরাদ্দ অর্থও প্রায় শেষ হয়ে এসেছে।

জাবিপ্রবির ৩১ জনের দলে দুই শিক্ষক ও ২৯ শিক্ষার্থী রয়েছেন। শিক্ষার্থীদের মধ্যে ১৩ জন নারী এবং ১৬ জন পুরুষ। সমাজকর্ম বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ১৭ নভেম্বর ব্যাচ ট্যুরে সেন্টমার্টিনে যান। ১৯ নভেম্বর তাদের ফেরার কথা ছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তারা দ্বীপে আটকা পড়েছেন।

বিভাগের প্রভাষক হোসাইন মাহমুদ বলেন, "বুধবার রাতে হঠাৎ বৃহস্পতিবার জাহাজ চলাচল বন্ধের খবর জানানো হয়। পরে শুক্রবারও জাহাজ চলাচল বন্ধ থাকার কথা জানানো হয়েছে। এতে তারা বিপাকে পড়েছেন।"

শিক্ষার্থী আহমদ বলেন, "তাদের এক সহপাঠী মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন। তার হাঁটুর প্যাটেলা স্থানচ্যুত হয়েছে। দ্বীপে উন্নত চিকিৎসার ব্যবস্থা নেই। এ ছাড়া খাবারের জন্য বরাদ্দ অর্থও প্রায় শেষ। আগামী ১ ডিসেম্বর থেকে তাদের পরীক্ষা শুরু হওয়ার কথা। এর আগে ফরম পূরণ করতে হবে। পাশাপাশি একাডেমিক ইন্টার্নশিপ চলমান থাকায় সেটিও ব্যাহত হচ্ছে। সব মিলিয়ে তারা উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।"

জাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন জানান, "দুই শিক্ষকসহ বিশ্ববিদ্যালয়ের ৩১ জন সেন্টমার্টিনে আটকা পড়েছেন। তাদের একজন দুর্ঘটনায় আহত হয়েছেন। শিক্ষার্থীদের আর্থিক সংকটের বিষয়টিও জানা গেছে। তাদের দ্রুত ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।"

সেন্টমার্টিন হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার শহিদুল ইসলাম বলেন, "আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এ ধরনের চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা দ্বীপে নেই।"

কোস্টগার্ড জানিয়েছে, আহত শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য টেকনাফে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। তবে আবহাওয়া অনুকূলে না থাকায় তাকে স্থানান্তর করা ঝুঁকিপূর্ণ।

অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মানিকুল ইসলাম জানান, তাদের বিভাগের ৬৫ শিক্ষক-শিক্ষার্থীও সেন্টমার্টিনে আটকা পড়েছেন। বৈরী আবহাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফয়েজুল ইসলাম বলেন, "আটকে পড়া শিক্ষক-শিক্ষার্থীরা আর্থিক সংকটে পড়লে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে।"

এদিকে আটকে পড়া শিক্ষার্থীদের পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা চেয়েছে জাবিপ্রবির সমাজকর্ম বিভাগ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%