০৪:৪৩ পি.এম
ঢাকা, ১৯ আগস্ট, ২০২৬ : সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯১তম সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। সভায় সহকারী হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ. এস. এম. সালেহ আহমেদ।
সভায় বক্তৃতার সময় মন্ত্রী বলেন, জলমহাল ব্যক্তিগত সম্পত্তি নয়, বরং এটি হলো জনগণের সম্পত্তি। জনগণের স্বার্থ রক্ষার বিষয়টি আমাদের প্রধান অগ্রাধিকার।
আরও পড়ুন: আ.লীগ নেতার প্রতিষ্ঠান ইউটোপিয়া কনস্ট্রাকশন পেলো ডিএনসিসির ৬০ কোটি টাকার কাজ
এজন্য জনস্বার্থ, পরিবেশ সংরক্ষণ এবং দরিদ্র মানুষের জীবিকা রক্ষার জন্য কর্তৃপক্ষকে মানবিক, ন্যায়ভিত্তিক ও টেকসই ব্যবস্থাপনার দিকে অগ্রসর হতে হবে।
তিনি আরও বলেন, একই সময়ে সরকারের রাজস্ব প্রাপ্তি নিশ্চিত করারও কথা বলেন। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমরা ‘জাল যার জলা তার’ এই নীতিতে আমাদের বিশ্বাস রয়েছে।
ইজারা প্রদানের ক্ষেত্রে বিদ্যমান জলমহাল ব্যবস্থাপনা নীতির যথাযথ অনুসরণের জন্য মন্ত্রী নির্দেশনা প্রদান করেন।
প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বর্তমান প্রচলিত আইন ও নীতিমালার আলোকে স্থানীয় সংসদ সদস্যদের পরামর্শ নিয়ে অসামঞ্জস্যপূর্ণ ইজারা মূল্যগুলোকে যুগোপযোগী করে সরকারের সর্বোচ্চ রাজস্ব প্রাপ্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
আরও পড়ুন: মোংলায় এনসিপির মশাল মিছিল, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যের আহ্বান
সভায় কিশোরগঞ্জ জেলার ১২টি জলমহালের মধ্যে নয়টি, খুলনা জেলার ১২টির মধ্যে ছয়টি, হবিগঞ্জ জেলার ৩০টি থেকে ২০টি এবং সুনামগঞ্জ জেলার ৫৪টির মধ্যে ৪৩টি প্রস্তাব অনুমোদন দেয়া হয়।
বাকি প্রস্তাবগুলো অধিকতর যাচাইপূর্বক পরে উপস্থাপন করতে হবে এবং যেখানে প্রস্তাবিত ইজারা মূল্য যথাযথ নয় সেখানে পুনঃইজারা বিজ্ঞপ্তি প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়।
এছাড়াও সভায় পাবনা জেলার ২৩টি জলমহাল উন্মুক্ত করার প্রস্তাব সভায় অনুমোদন করা হয়েছে।
সভায় মন্ত্রণালয় ও অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকগণ অনলাইনে সভায় যুক্ত ছিলেন।
আরও পড়ুন: বরিশালে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ মিছিল, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন