০৬:৫৯ পি.এম
শাড়িকাণ্ডের পর এবার ফেসবুকে আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়ানোর অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। ঢাকার একটি আদালতে ফ্যাশন ডিজাইনার ও ভেলমেট-ইয়ুথ ম্যাগাজিনের সম্পাদক সানায়া আনাম ওয়াফিকা চৌধুরী বাদী হয়ে এই মামলা করেছেন।
রোববার (৮ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল হোসেনের আদালতে মামলাটি দাখিল করা হয়। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করার পর অভিযোগটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন। একইসাথে আগামী বছরের ২১ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে। বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, এর আগে তানজিন তিশার বিরুদ্ধে বাদীর দায়ের করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের একটি মামলা এবং মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগে আরও একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। ওই মামলাগুলোর প্রেক্ষিতে প্রতিহিংসাবশত গত ২৭ অক্টোবর তানজিন তিশা তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বাদীর বিভিন্ন আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়াতে শুরু করেন।
আরও পড়ুন: হত্যাচেষ্টা মামলায় শিল্পী মমতাজসহ গ্রেফতার দুজন, তদন্ত চলছে
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, গত বছরের ৭ নভেম্বর মেসেঞ্জারে কল দিয়ে বাদীকে ভাইরাল করার হুমকি দেন তিশা। এ সময় তিনি বাদীকে উদ্দেশ্য করে বলেন, “ফেমাস হইলে বইলো, আমি তোমার ছবি আপলোড করে দিবো নে।” পরবর্তীতে ২৭ অক্টোবর তিশার ভেরিফায়েড পেজ থেকে বাদীর অজান্তে একটি চুম্বনের ছবি এবং দুইজন নাবালক শিশুর ছবি প্রকাশ করা হয়, যা বাদীর মানসম্মানের চরম ক্ষতি করেছে।
গত ২৭ অক্টোবর রাতে বিষয়টি নজরে আসার পরদিন ২৮ অক্টোবর আইনজীবীর মাধ্যমে রেজিস্ট্রি ডাকযোগে একটি আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশ পাওয়ার দুই দিনের মধ্যে আপত্তিকর ছবি ও তথ্য অপসারণের অনুরোধ জানানো হলেও আসামি তা অপসারণ করেননি। উল্টো নিজের জনপ্রিয়তাকে ব্যবহার করে বাদীকে নিয়ে বিভিন্ন স্থানে কটূক্তি ও অপ্রচার চালিয়ে যাচ্ছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে দায়ের করা মামলায় অভিনেত্রী তানজিন তিশাকে আগামী ২৩ নভেম্বর আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: আট বছর পর ফিরেই অস্কারে ‘পসিবল লাভ’, কী আছে এই সিনেমায়?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন