ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

২৭ নভেম্বর ঢাকায় কনসার্টে আসছেন পপতারকা ওটিলিয়া


২৭ নভেম্বর ঢাকায় কনসার্টে আসছেন পপতারকা ওটিলিয়া

আন্তর্জাতিক সংগীতাঙ্গনে জনপ্রিয় রোমানিয়ান পপতারকা ওটিলিয়া আবারও ঢাকায় আসার প্রস্তুতি নিচ্ছেন। ২০২২ সালের পর দীর্ঘ বিরতি শেষে চলতি মাসে ঢাকার মঞ্চে গান পরিবেশন করবেন ‘বিলিওনেরা’খ্যাত এই শিল্পী। কনসার্টটির নাম ‘ওটিলিয়া রিটার্নস : বিলিওনেরা লাইভ ইন ঢাকা’ এবং এটি আয়োজন করছে দেশের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশ।

আয়োজক প্রতিষ্ঠানটি সম্প্রতি তাদের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে কনসার্টের তারিখ নিশ্চিত করেছে। জানা গেছে, আগামী ২৭ নভেম্বর ঢাকায় উপস্থিত থাকবেন এই তারকা। একই সঙ্গে জানানো হয়েছে, খুব শীঘ্রই অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে।

আয়োজনের কর্ণধার নাঈম আশরাফ কালের কণ্ঠকে জানিয়েছেন, ইতিমধ্যে মন্ত্রণালয়ে অনুষ্ঠানের অনুমতি প্রাপ্তির জন্য আবেদন প্রক্রিয়া চলছে। তিনি আশা প্রকাশ করেছেন যে, খুব শীঘ্রই অনুমতি পাওয়া যাবে। এরপরই টিকিট বিক্রির কার্যক্রম শুরু হবে।

আরও পড়ুন: নিষেধাজ্ঞা ও বোমা হামলার হুমকি উপেক্ষা করে মঞ্চে দিলজিৎ

গত অক্টোবর মাসে ওটিলিয়া নিজেও তার অফিশিয়াল ফেসবুক পেজে কনসার্টের প্রচারণামূলক পোস্ট শেয়ার করেছেন। এর ফলে বাংলাদেশে তার ভক্তদের মধ্যে আগ্রহ ও উচ্ছ্বাস বৃদ্ধি পেয়েছে। এবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ঢাকার মঞ্চে ফিরে আসছেন এই পপতারকা।

‘বিলিওনেরা’ গানটির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি লাভ করেন ওটিলিয়া। গানটি প্রকাশের পর দ্রুতই বিশ্বের বিভিন্ন দেশের শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। এখনও গানটির জনপ্রিয়তা অটুট রয়েছে। তাই দীর্ঘ বিরতির পর তার ঢাকা সফরের জন্য সংগীতপ্রেমীদের মধ্যে বাড়তি প্রত্যাশা তৈরি হয়েছে।

ইমেকার্স বাংলাদেশের আন্তর্জাতিক শিল্পীদের নিয়ে বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের অভিজ্ঞতা রয়েছে। এর আগে প্রতিষ্ঠানটি ‘অরিজিৎ সিং লাইভ ইন ঢাকা’, ‘নেহা কক্কর লাইভ ইন ঢাকা’, ‘নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ কনসার্ট’ এবং ‘কনসার্ট ফর নেপাল’-এর মতো আলোচিত আয়োজন করেছে।

সেই ধারাবাহিকতায় এবার ঢাকার মঞ্চে ওটিলিয়াকে হাজির করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। আয়োজকদের প্রত্যাশা, জনপ্রিয় এই শিল্পীর পরিবেশনা এবং ‘বিলিওনেরা’ গানের উন্মাদনা মিলিয়ে কনসার্টটি দেশের সংগীতপ্রেমীদের জন্য বছরের অন্যতম আকর্ষণীয় আন্তর্জাতিক সংগীত আয়োজন হয়ে উঠবে।

আরও পড়ুন: ফের বড়পর্দায় বিক্রম-শোলাঙ্কি, আসছে 'রাজকন্যা'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে চাঁদার দাবিতে ফের গুলি বর্ষণ, সন্ত্রাসীদের হুমকি ‘আজ বিল্ডিংয়ে করেছি, কাল তোর শরীরে করব’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২২ পি.এম


চট্টগ্রামে চাঁদার দাবিতে ফের গুলি বর্ষণ, সন্ত্রাসীদের হুমকি ‘আজ বিল্ডিংয়ে করেছি, কাল তোর শরীরে করব’

চট্টগ্রামে চাঁদার দাবিতে আবারও গুলির ঘটনা ঘটেছে। ২০ লাখ টাকা চাঁদা না পাওয়ার কারণে এই গুলি বর্ষণের ঘটনা ঘটে। গুলি করার পর চাঁদাবাজের হুমকি ছিল, "আজ বিল্ডিংয়ে করেছি, কাল তোর শরীরে করব। কাফনের কাপড় কিনে রাখিস।" নগরীর বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর এলাকায় রোববার গভীর রাতে এক ভূমি ব্যবসায়ীর বাড়িতে এই গুলির ঘটনা ঘটে।

বাড়ির মালিক অভিযোগ করেছেন যে, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মোহাম্মদ রায়হান তার কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। চাঁদা না পাওয়ার কারণে তার বাড়িতে গুলি করা হয়েছে। বায়েজিদ বোস্তামী থানার ওসি ইখতিয়ার উদ্দিন জানিয়েছেন, বাড়ির মালিকের নাম জাফর, যিনি ভূমি বেঁচাকেনার সাথে জড়িত। সন্ত্রাসীরা তার কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। রাত সোয়া ১২টার দিকে দুইটি মোটর সাইকেলে করে এসে ভবন লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছুঁড়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের চিহ্নিত করার কাজ চলছে। ওই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

এদিকে, রাতের ঘটনার পর ভবন মালিক জাফর সাংবাদিকদের বলেন, প্রায় ১০ মাস আগে রায়হান তার কাছে ২০ লাখ টাকা চাঁদা চেয়েছিলেন। তখন তিনি ভারত থেকে তার স্ত্রীকে চিকিৎসা করিয়ে দেশে ফিরে আসার কথা বললে আর যোগাযোগ করেনি।

তিনি আরও জানান, গত বুধবার তাকে পুনরায় ফোন করে চাঁদা চাওয়া হয়েছিল। এরপর রাতে ভবনের দ্বিতীয় তলায় জানালা লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। যে কক্ষে গুলি করা হয়েছে সেখানে কেউ ছিলেন না। জাফরের অভিযোগ, গুলির পর তাকে পুনরায় ফোন করা হয় এবং বলা হয়, "আজ বিল্ডিংয়ে করেছি, কাল শরীরে করব। কাফনের কাপড় কিনে রাখিস।"

বায়েজিদসহ নগরীর বিভিন্ন এলাকায় ব্যবসায়ী ও ভবন মালিকদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছে বড় সাজ্জাদের হয়ে রায়হান ও ডেভিট ইমন। ডেভিট ইমন গ্রেপ্তার হওয়ার পর বর্তমানে রায়হান চাঁদাবাজির নিয়ন্ত্রণ করছে। এদিকে, রায়হান বিভিন্ন সময়ে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দাবি করেছেন যে, তার নাম ব্যবহার করে অনেকেই এ ধরনের কাজ করছেন। নগরীতে প্রতিনিয়ত চাঁদার দাবিতে গুলির ঘটনা ঘটলেও পুলিশ নির্বিকার রয়েছে। ফলে চাঁদাবাজ সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লন্ডনে ভারতীয় রেস্টুরেন্টের সামনে হালাল খাবার বিক্রিতে অস্বীকৃতির প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৩ পি.এম


লন্ডনে ভারতীয় রেস্টুরেন্টের সামনে হালাল খাবার বিক্রিতে অস্বীকৃতির প্রতিবাদ

লন্ডনের হ্যামারস্মিথ এলাকায় ‘হালাল নয়’—এমন নীতিতে অটল থাকার কারণে এক ভারতীয় রেস্টুরেন্টের সামনে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। বিক্ষোভকারীরা রেস্তোরাঁটি বন্ধের দাবি জানান।

‘সিংহস ডাইনিং’ নামের রেস্টুরেন্টটির মালিক হারমান সিং কাপুর। রেস্টুরেন্টের সামনে ‘গর্বের সঙ্গে হালালবিহীন খাবার বিক্রি করি’ লেখা একটি সাইনবোর্ড টানানো রয়েছে।

হালাল মাংস বিক্রি না করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে মুসলিম সম্প্রদায় ও গাজা সংঘাত নিয়ে হারমানের বিভিন্ন পোস্টও সমালোচনার জন্ম দিয়েছে।

শুক্রবারের বিক্ষোভ ঘিরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অবস্থান নেয় লন্ডনের মেট্রোপলিটন পুলিশ। এ সময় বিক্ষোভকারীদের একাংশকে ‘ফিলিস্তিন মুক্ত করো’ স্লোগান দিতে এবং ফিলিস্তিনি পতাকা বহন করতে দেখা যায়।

এদিকে, সামাজিক মাধ্যমে বেকন (শুকরের মাংসের টুকরো) হাতে ছবি প্রকাশসহ হারমান কাপুরের বিভিন্ন পোস্ট নিয়েও বিতর্ক তৈরি হয়েছে।

বিক্ষোভ শুরুর কয়েক ঘণ্টা আগে শুক্রবার পশ্চিম লন্ডনের নিজ বাড়ি থেকে হারমান কাপুরকে গ্রেপ্তার করে পুলিশ। তার দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম-সম্পর্কিত একটি পোস্টের জেরে তাকে আটক করা হয়েছে।

তবে মেট্রোপলিটন পুলিশের এক মুখপাত্র ডেইলি মেইলকে জানান, ৫৪ বছর বয়সি এক ব্যক্তিকে চরমপন্থি ছবি নিজের কাছে রাখা ও তা ছড়িয়ে দেওয়ার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যবসা শুরুর আনুষ্ঠানিকতা ১৪ দিনে সম্পন্ন হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৪ পি.এম


ব্যবসা শুরুর আনুষ্ঠানিকতা ১৪ দিনে সম্পন্ন হবে

দেশে শিল্পায়ন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে শিল্পকারখানা স্থাপনের লাইসেন্স, ছাড়পত্র ও সার্টিফিকেট প্রাপ্তির প্রক্রিয়ায় ব্যাপক সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। ব্যবসা শুরুর ক্ষেত্রে যে দীর্ঘসূত্রতা বিদ্যমান ছিল, তা আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্য রেখে কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্বে যা ছিল ১৮২ থেকে ৩৫৫ দিন, বর্তমানে তা ১৪ থেকে ২০ দিনে নামিয়ে আনার চূড়ান্ত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত ‘শিল্পকারখানা স্থাপনে লাইসেন্স/ছাড়পত্র/অনাপত্তিপত্র/সার্টিফিকেট প্রাপ্তি সহজীকরণ’ শীর্ষক বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বাংলাবিজ

জানা গেছে, ব্যবসা শুরুর প্রক্রিয়াকে সহজতর করার জন্য ‘বাংলাবিজ’ প্ল্যাটফর্মের জরুরি কার্যক্রম ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে দ্রুত বাস্তবায়ন করা হবে। আগামী ২০২৭ সালের ১ মার্চের মধ্যে সংশ্লিষ্ট সব সংস্থার এপিআই সংযুক্তির মাধ্যমে সমন্বিত সেবা লাইভ করার চূড়ান্ত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আরজেএসসির কার্যক্রম সম্পূর্ণরূপে স্বয়ংক্রিয় করা হচ্ছে। অটোমেটেড নেইম ক্লিয়ারেন্স এবং কোম্পানি রেজিস্ট্রেশন এক দিনের মধ্যে সম্পন্ন করার জন্য নতুন প্ল্যাটফর্মের পাইলটিং শুরু হয়েছে। আগামী বছরের ১৫ জানুয়ারি থেকে বিনিয়োগকারীরা এ স্বয়ংক্রিয় সেবা গ্রহণ করতে পারবেন। নিবন্ধন-পরবর্তী ৫৪টি সেবা দ্রুততম সময়ে প্রদানের জন্য অটোমেশন অ্যাকশন প্ল্যান ও রোডম্যাপ তৈরি করেছে সংস্থাটি। ২০২৭ সালের ১৫ জানুয়ারি থেকে আরজেএসসির সব সেবা সম্পূর্ণ স্বয়ংক্রিয় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক উত্তম চর্চার আলোকে মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন সহজীকরণ এবং শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে ডিজিটাল স্বাক্ষর, ফেস রিকগনিশন ও বায়োমেট্রিক পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

ফায়ার সেফটি ও লাইসেন্স সংস্কার

ফায়ার সার্ভিসের লাইসেন্স এবং ডিজাইন অনুমোদনে দীর্ঘসূত্রতা কমানোর জন্য সফটওয়্যারভিত্তিক সম্পূর্ণ অটোমেশন (প্যারামিটার/ডেভিয়েশন যাচাই) প্রবর্তন করা হবে। আন্তর্জাতিক উত্তম চর্চা অনুসরণ করে ফায়ার লাইসেন্সের মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে ঝুঁকিভিত্তিক ক্যাটাগরিতে অধিক মেয়াদের জন্য দেওয়ার সুপারিশ করা হয়েছে।

কারখানা চালুর পূর্বে মূলধনি যন্ত্রপাতি আমদানির এলসি খোলার সুবিধার্থে ফায়ার ও পরিবেশ ছাড়পত্রের চূড়ান্ত সনদের পরিবর্তে শুধুমাত্র অনলাইন আবেদন নম্বর/রেফারেন্স ট্র্যাকিংয়ের মাধ্যমে আইআরসি দেওয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে।

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর রাজস্ব প্রবাহ অক্ষুণ্ণ রেখে ট্রেড লাইসেন্স প্রাপ্তির জটিলতা দূর করতে ‘বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রবর্তন’ এবং তা একক ইউনিক বিজনেস আইডি হিসেবে কাজ করার মতো করে ডিজাইন করার প্রস্তাব করা হয়েছে। এর ফলে অনানুষ্ঠানিক খাতের সব ব্যবসাকে ব্যাংকিং চ্যানেল ও করের আওতায় আনা সহজ হবে।

যৌথ পরিদর্শন কাঠামো

উদ্যোক্তাদের বারবার পরিদর্শনের হয়রানি কমানোর জন্য ফায়ার, পরিবেশ ও কারখানা পরিদর্শনের সমন্বয়ে একটি ‘যৌথ পরিদর্শন’ কাঠামো চূড়ান্ত করার কাজ চলছে।

পরিবেশগত ছাড়পত্র সহজীকরণ

অনলাইনে গণশুনানি, স্বীকৃত ল্যাব টেস্ট গ্রহণ এবং ইসিআর সংশোধনের মাধ্যমে পরিবেশ ছাড়পত্রের মেয়াদ তিন বা পাঁচ বছর করার লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর ও ইনভেস্ট বাংলাদেশ কাজ শুরু করবে।

সভায় সংশ্লিষ্ট বক্তারা উল্লেখ করেছেন, এসব সংস্কার কার্যকর হলে দেশে শিল্পকারখানা স্থাপন ও ব্যবসা পরিচালনা অত্যন্ত সহজ হয়ে উঠবে, যা সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, একক ‘ইউনিক বিজনেস আইডি (ইউবিআইডি)’ চালু হলে অনানুষ্ঠানিক খাতের সব ব্যবসাকে ট্র্যাকিংয়ের আওতায় আনা সম্ভব হবে। এতে জাতীয় করের নেটওয়ার্ক বৃদ্ধি পাবে এবং ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে প্রাতিষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলে আনা সহজ হবে।

ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, অনানুষ্ঠানিক খাতকে আনুষ্ঠানিক কাঠামোয় এনে জাতীয় অর্থনীতিতে বড় রূপান্তর ঘটাতে এই সংস্কার কার্যক্রম সময়মতো বাস্তবায়নে ইনভেস্ট বাংলাদেশ সর্বাত্মক ভূমিকা পালন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে প্রাণিসম্পদ হাসপাতালে চিকিৎসক সংকট, পশুপালকরা ভোগান্তিতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৪ পি.এম


রংপুরে প্রাণিসম্পদ হাসপাতালে চিকিৎসক সংকট, পশুপালকরা ভোগান্তিতে

রেজাউল করিম মানিক

রংপুর, ১৬ নভেম্বর, ২০২৬ : রংপুরের ৮টি উপজেলায় প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসক ও জনবল সংকটের কারণে গবাদিপশুর চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। এর মধ্যে রংপুরের পীরগঞ্জে ১১টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন মাত্র ৬ জন। তাদের একজন প্রশিক্ষণে থাকায়, সীমিত জনবল নিয়ে চলছে হাসপাতালের কার্যক্রম। ফলে খামারি ও পশুপালকরা ভোগান্তিতে পড়ছেন। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালের কর্মচারীরাও চিকিৎসা সেবার কাজে যুক্ত হচ্ছেন।

প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, হাসপাতালে একজন ভেটেরিনারি সার্জন কর্মরত রয়েছেন। উপ সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (কৃত্রিম প্রজনন) এবং (প্রাণি স্বাস্থ্য) পদ দু’টি শূন্য রয়েছে। উপ সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) পদে ৪ জনের বিপরীতে কর্মরত আছেন ৩ জন, যাদের একজন প্রশিক্ষণে রয়েছেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদটিও শূন্য। অফিস সহায়ক ও ড্রেসার পদে একজন করে কর্মরত আছেন।

জনবল সংকটের কারণে দাপ্তরিক কাজের পাশাপাশি চিকিৎসা সেবা চালাতে হিমশিম খেতে হচ্ছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের। উপজেলার বিভিন্ন এলাকা থেকে অসুস্থ গরু, ছাগল ও বাছুর নিয়ে হাসপাতালে আসা পশুপালকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। জরুরি রোগীদের সময়মতো চিকিৎসা না পাওয়ায় পশুর শারীরিক অবস্থার অবনতি ও আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা।

চিকিৎসা নিতে আসা মাদারগঞ্জের রুহুল আমিন বলেন, ‘প্রায় দুই ঘণ্টা ধরে অপেক্ষা করছি, কিন্ত চিকিৎসক পাচ্ছি না। পরে দেখি হাসপাতালের কর্মচারীরাই চিকিৎসা দিচ্ছেন।

আমরা প্রায় ২৫ কিলোমিটার দূর থেকে পশু নিয়ে এখানে আসি ভালো চিকিৎসার আশায়। এত দূর থেকে এসে যদি প্রয়োজনীয় চিকিৎসা না পাই, তাহলে এখানে এসে কী লাভ?’

একবারপুর মধ্যপাড়ার মেরিনা বেগম বলেন, ‘আমার বাছুর অসুস্থ’ হওয়ায় হাসপাতালে নিয়ে এসেছি। কিন্ত একজন চিকিৎসকের পক্ষে এতগুলো পশু দেখা সম্ভব হচ্ছে না। তাই কর্মচারীরাও চিকিৎসার কাজে যুক্ত হচ্ছেন। আমরা চাই, হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ দেয়া হোক।’

রামনাথপুর এলাকার মোকছেদ আলী বলেন, ‘চিকিৎসক না থাকায় অপেক্ষা করতে হচ্ছে। কর্মচারীদের দিয়ে চিকিৎসা করাতে আমাদের অনেকেই ভরসা পাই না। সাধারণ মানুষ সব সময় বুঝতেও পারেন না কে চিকিৎসক আর কে কর্মচারী। আমরা দ্রুত প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগের দাবি জানাচ্ছি।’

হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ভেটেরিনারি সার্জন হুমায়ূন কবীর বলেন, ‘আমাদের এখানে চিকিৎসক ও জনবল সংকট রয়েছে। ফলে চিকিৎসা সেবা দিতে কিছুটা বিঘ্ন ঘটছে। আমি একাই দায়িত্ব পালন করতে গিয়ে অনেক চাপের মধ্যে পড়ছি। তারপরও যতটুকু সম্ভব পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছি।’

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল কবির বলেন, ‘জনবল সংকটের বিষয়টি একাধিকবার জেলা কার্যালয়কে জানিয়েছি। প্রয়োজনীয় চিকিৎসক ও কর্মচারী না থাকায় সীমিত জনবল দিয়েই কার্যক্রম চালাতে হচ্ছে।’

একই অবস্থা রংপুরের তারাগঞ্জ, মিঠাপুকুর ও পীরগাছা উপজেলায়। এসব অফিসে জনবল সংকটের কারণে চরম বিপাকে পড়েছেন পশুপালকরা।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হুদা বলেন, জনগণের চাহিদা দিয়ে মন্ত্রণালয়ে চিঠি লেখা হয়েছে। আশা করছি খুব দ্রুতই সমস্যার সমাধান হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%