মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
১০:৫০ এম
মৌসুমের শেষের দিকে এসে আবারও পরাজয়ের সম্মুখীন হলো ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোস। ঘরের মাঠে গ্রেমিওর বিরুদ্ধে ২–০ গোলে হেরেছে নেইমার জুনিয়রের দল। পুরো ৯০ মিনিট মাঠে থেকে ব্রাজিলিয়ান সুপারস্টার দলকে পরাজয়ের হাত থেকে রক্ষা করতে পারেননি। এই পরাজয়ের পর সান্তোসের মাঠের লড়াইয়ের পাশাপাশি ক্লাবটিতে নেইমারের ভবিষ্যৎ নিয়েও আলোচনা শুরু হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সাও পাওলোর মরুম্বিস স্টেডিয়ামে ব্রাজিলিয়ান সিরি আ-এর ৩৬তম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয় সান্তোস ও গ্রেমিও। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করে সান্তোস। তবে স্বাগতিকরা সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়।
ম্যাচের চতুর্থ মিনিটেই গোলের ভালো সুযোগ তৈরি করেন নেইমার। তার নেওয়া শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন গ্রেমিওর গোলরক্ষক ওয়েভেরতন। এরপর ১৪ মিনিটে পাল্টা আক্রমণে ফ্রাঙ্কো আমুজুর গোলে এগিয়ে যায় গ্রেমিও।
প্রথমার্ধে গোলের দেখা পায়নি সান্তোস। নেইমারের একটি ফ্রি-কিক থেকে বল জালে জড়ালেও রেফারির অনুমতি ছাড়া শট নেওয়ার কারণে সেটি বাতিল হয়।
ছবি : শাহনুর রুমেন
প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি সান্তোস। নেইমারের একটি ফ্রি-কিক থেকে বল জালে জড়ালেও রেফারির অনুমতি ছাড়া শট নেওয়ায় সেটি বাতিল হয়। পরে পুনরায় নেওয়া ফ্রি-কিকটি ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।
বিরতির পর সমতায় ফেরার চেষ্টা চালায় সান্তোস। নেইমারও সতীর্থদের নিয়ে একাধিক আক্রমণ তৈরি করেন। কিন্তু গ্রেমিওর গোলরক্ষক ওয়েভেরতনের দৃঢ়তায় বারবার হতাশ হতে হয় স্বাগতিকদের। ম্যাচের ৭৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ডেনমার্কের স্ট্রাইকার মার্টিন ব্রেইথওয়েট। শেষ পর্যন্ত ২–০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে গ্রেমিও।
এই পরাজয়ের ফলে ৩৬ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে ব্রাজিলিয়ান লিগের নবম স্থানে অবস্থান করছে সান্তোস। ২০২৭ সালের কোপা লিবার্তাদোরেসে জায়গা করে নেওয়ার লড়াইও ক্লাবটির জন্য কঠিন হয়ে উঠেছে। অন্যদিকে, জয়ের ফলে ৪১ পয়েন্ট নিয়ে রেলিগেশন অঞ্চল থেকে বেরিয়ে এসেছে গ্রেমিও।
মাঠের এই হতাশার মধ্যেই নেইমারকে ঘিরে বড় প্রশ্ন উঠেছে, তিনি সান্তোসে থাকবেন, নাকি মৌসুম শেষে নতুন ঠিকানা খুঁজবেন? নেইমারের সঙ্গে ক্লাবটির বর্তমান চুক্তির মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হবে। নতুন চুক্তির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
আগামী ১২ ডিসেম্বর সান্তোসের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচিত নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনা শেষে নেইমারের ভবিষ্যৎ নির্ধারণ হওয়ার কথা। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালেও সান্তোসে থাকার সম্ভাবনা রয়েছে তার। তবে চুক্তি নবায়নের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
চলতি মৌসুমে সান্তোসের জার্সিতে নেইমারের সামনে রয়েছে আরো দুটি লিগ ম্যাচ ২৯ নভেম্বর ভিটোরিয়ার বিপক্ষে এবং ২ ডিসেম্বর বোটাফোগোর বিপক্ষে। এরপরই শেষ হবে তাঁর বর্তমান চুক্তির মেয়াদ ঘিরে অপেক্ষার গুরুত্বপূর্ণ অধ্যায়।
৯০ মিনিটের মাঠের লড়াইয়ে পরাজয়, সামনে চুক্তির মেয়াদ শেষ হওয়ার সময়সীমা! সব মিলিয়ে সান্তোস ও নেইমার দুই পক্ষের জন্যই শেষ কয়েকটি ম্যাচ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখন দেখার বিষয়, ২০২৭ সালেও সান্তোসের জার্সিতে দেখা যাবে কি না ব্রাজিলিয়ান তারকাকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শরীয়তপুরের গোসাইরহাটে মাত্র সাত দিন আগে কার্পেটিংয়ের কাজ শেষ হওয়া একটি সড়কের প্রায় ৫০ মিটার অংশ ধসে পড়েছে, যা নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৭ কোটি টাকা। একই সড়কের আরও পাঁচটি স্থানে ছোট ছোট অংশ ধসের শিকার হয়েছে এবং চারটি স্থানে বড় আকারের ফাটল দেখা দিয়েছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, ফাটল ধরা অংশগুলো যেকোনো সময় ধসে পড়তে পারে।
স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণের সময় পাশের খাল থেকে মাটি এনে সড়কে ব্যবহার করা হয়েছে, কিন্তু সেখানে যথাযথভাবে পাইলিং বা প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তারা দাবি করেছেন, যে অংশটি বর্তমানে ৫০ মিটারজুড়ে ধসে পড়েছে, সেটি নির্মাণকাজ চলাকালীনও একবার ধসে পড়েছিল। তখনও যথাযথভাবে রোলিং না করার কারণে পুনরায় একই স্থানে ধস ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের।
তবে ঠিকাদার এবং উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বলছেন, টানা বৃষ্টির ফলে মাটি নরম হয়ে সড়কের বিভিন্ন স্থানে ধস ও ফাটল সৃষ্টি হয়েছে। প্রকৌশলী ক্যামেরার সামনে বক্তব্য দিতে ভয় পাচ্ছেন, তিনি বলেছেন, ‘আমার সমস্যা হবে’।
স্থানীয় ও এলজিইডি সূত্রে জানা যায়, ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নের লাকাচুয়া থেকে সামন্তসার বাজার পর্যন্ত প্রায় ৪ হাজার ১২০ মিটার সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে এলজিইডি। সড়কটির নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৭৮ লাখ টাকা। দরপত্রের মাধ্যমে কাজটি পায় প্রগতি এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান এবং কাজটি করেন গোসাইরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া জমাদ্দার।
সম্প্রতি সড়কটির কার্পেটিংয়ের কাজ শেষ হয়েছে। এর মাত্র সাত দিনের মাথায় সড়কের একটি অংশে প্রায় ৫০ মিটার জায়গাজুড়ে ধস দেখা দিয়েছে। ধসে পড়া অংশে সড়কের পিচ ও নিচের মাটি সরে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়া সড়কের আরও অন্তত পাঁচটি স্থানে ছোট ছোট অংশ ধসে পড়েছে এবং চারটি স্থানে বড় ফাটল দেখা দিয়েছে।
স্থানীয়দের আশঙ্কা, সময়মতো ব্যবস্থা না নিলে ফাটল ধরা অংশগুলোও ধসে পড়তে পারে। এতে সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি নির্মাণের সময় থেকেই বিভিন্ন স্থানে মাটি ভরাট ও সড়কের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। বিশেষ করে পাশের খাল থেকে মাটি কেটে সড়কে ব্যবহার করা হয়েছে। কিন্তু খালের পাড় ও সড়কের ঝুঁকিপূর্ণ অংশে প্রয়োজনীয় পাইলিং করা হয়নি। ফলে মাটি সরে গিয়ে সড়কের বিভিন্ন অংশে ফাটল ও ধস দেখা দিয়েছে।
তাদের দাবি, বর্তমানে যে অংশটি প্রায় ৫০ মিটারজুড়ে ধসে পড়েছে, নির্মাণকাজ চলাকালীন ওই স্থানটিও একবার ধসে পড়েছিল। তখন সেখানে পাইলিংসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে কাজটি স্থায়ীভাবে মেরামত করা হলে নতুন করে ধস নামার ঘটনা ঘটত না। কিন্তু তড়িঘড়ি করে কাজ শেষ করায় নির্মাণের এক সপ্তাহের মধ্যেই আবারও ধস নেমেছে বলে অভিযোগ তাদের।
তারা আরও জানান, সড়কটি সামন্তসার ইউনিয়নের মানুষের জন্য গুরুত্বপূর্ণ। প্রতিদিন এ সড়ক দিয়ে বিভিন্ন যানবাহন চলাচল করে। সড়কের বিভিন্ন স্থানে ধস ও ফাটলের কারণে এখন আতঙ্ক নিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে ফাটল ধরা অংশগুলো যেকোনো সময় ধসে পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। দ্রুত ধসে পড়া অংশগুলো মেরামত, ফাটল ধরা স্থানগুলোতে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা এবং সড়কের নির্মাণকাজের মান যাচাইয়ের দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় বাসিন্দা রুহুল আমিন বলেন, ‘রাস্তা করার সময়েই এই জায়গায় ভাঙছিল। তখন তারা খালের পাশ থেকেই ভেকু দিয়া মাটি নিয়া এই জায়গায় দিছে। তখন আমরা বলছিলাম এই মাটি দিলে আবারও ভাঙব, কিন্তু তারা আমাদের কথা শোনে নাই। কোনোরকম বালু আর খোয়া দিয়া কাজ কইরা পিচ দিয়া গেল। এখন আবার ভাঙল। প্রথমবার ভাঙার পর যদি সঠিকভাবে কাজ করত আজকে এমন হইত না।’
আরেক বাসিন্দা মো. নিজাম ঢালী বলেন, ‘এক সপ্তাহ হয় নাই রাস্তাটা ভাইঙ্গা পড়ছে। রাস্তার পাশে পাইলিং দরকার ছিল, করে নাই; তারপর আবার রাস্তার পাশের থেকেই মাটি কাইটা রাস্তায় দিছে, এজন্য মাটি ভাইঙ্গা পইড়া গেছে। রাস্তার সাইডে যদি মাটি না থাকে তাহলে কীভাবে রাস্তা থাকবে। আমরা চাই এই রাস্তাটি সঠিকভাবে মেরামত করা হোক।’
এ বিষয়ে ঠিকাদার জিয়াউর রহমান জমাদ্দার বলেন, ‘টানা বৃষ্টির কারণে সড়কের মাটি সরে গিয়ে ধসে পড়েছে। যেহেতু এটা নির্মাণাধীন কাজ, এটি আমরা সমাধান করে দেব।’ স্থানীয়দের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘স্থানীয়রা কী বলল না বলল এটা কোনো বিষয় না, তারা কাজের কী বুঝে।’
এদিকে এ বিষয়ে জানতে চাইলে উপজেলা এলজিইডির প্রকৌশলী আবুল কালাম আজাদ ক্যামেরায় কোনো বক্তব্য দিতে রাজি হননি। তবে গোপন ক্যামেরায় রেকর্ড করা বক্তব্যে তিনি বলেন, ‘আমি কোনো বক্তব্য দিতে পারব না, আমার সমস্যা হবে। আর আপনাদের কোনো বক্তব্য নেওয়া লাগবে না, আপনারা জিয়া ভাইর সাথে কথা বলেন তাহলেই হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চোখের সামনে থাকা কোনো জিনিস খুঁজে না পাওয়ার ঘটনা এবং অন্য কেউ এসে তা মুহূর্তেই বের করে দেওয়ার বিষয়টি প্রায় সব পরিবারে পরিচিত। মনোবিজ্ঞান ও দৃষ্টিগবেষণার তথ্য অনুযায়ী, এই পরিস্থিতি মস্তিষ্কের কার্যপদ্ধতি এবং মনোযোগের সীমাবদ্ধতার সঙ্গে সম্পর্কিত। কোনো বস্তু সরাসরি সামনে থাকলেও, মস্তিষ্ক অনেক সময় তা শনাক্ত করতে ব্যর্থ হয়।
গবেষকদের মতে, মস্তিষ্ক একসঙ্গে চারপাশের সবকিছু বিশ্লেষণ করার ক্ষমতা রাখে না। মনোবিজ্ঞানীরা মনোযোগকে চলমান স্পটলাইটের সঙ্গে তুলনা করেন, যা যেখানে পড়ে সেখানেই তথ্যকে ভালোভাবে প্রক্রিয়াজাত করে। চোখের রেটিনার কেন্দ্র ‘ফোভিয়া’ সবচেয়ে স্পষ্ট দৃষ্টি প্রদান করে, তবে এর পরিধি খুব ছোট। ফলে, কোনো দৃশ্য পর্যবেক্ষণের সময় চোখকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে সরাতে হয়, যাকে ‘স্যাকাড’ বলা হয়। এই প্রক্রিয়া অতিরিক্ত তথ্যের চাপ থেকে মস্তিষ্ককে রক্ষা করে।
দেখা কেবল চোখে আলো পড়ার বিষয় নয়, বরং মস্তিষ্ক কী দেখার প্রত্যাশা করছে সেটিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্য কোনো কাজে মনোযোগ থাকলে সামনে থাকা বিষয়ও চোখে না পড়ার এই অবস্থাকে ‘অমনোযোগজনিত অন্ধত্ব’ বলা হয়।
বাস্কেটবল পাস গোনার একটি পরিচিত পরীক্ষায় দেখা গেছে, পাস গুনতে ব্যস্ত থাকায় প্রায় অর্ধেক অংশগ্রহণকারী দৃশ্যের মাঝখান দিয়ে হেঁটে যাওয়া গরিলাকেই লক্ষ্য করেননি। চাক্ষুষ তথ্যের একটি অংশ ‘ডরসাল স্ট্রিম’ ধরে মস্তিষ্কের প্যারাইটাল লোবে গিয়ে স্থানিক সচেতনতা ও মনোযোগ নিয়ন্ত্রণ করে।
জিনিস খোঁজার ক্ষেত্রে ভিন্নতার বিষয়টিও গবেষণায় উঠে এসেছে। অগোছালো পরিবেশে বস্তু খুঁজে বের করার ক্ষেত্রে নারীরা কিছুটা ভালো করেন, অন্যদিকে বড় পরিসরের স্থানিক দিকনির্দেশনা বা ত্রিমাত্রিক কল্পনায় পুরুষরা তুলনামূলকভাবে ভালো করেন বলে দেখা গেছে।
আই-ট্র্যাকিং গবেষণায় দেখা যায়, কেউ কোন দৃশ্য নিয়মতান্ত্রিকভাবে দেখেন, আবার কেউ চোখে বড় বড় লাফ দেন—যার ফলে কিছু অংশ বাদ পড়ে যেতে পারে। যদিও এ বিষয়ে বিবর্তনগত তত্ত্ব নিয়ে বিতর্ক রয়েছে এবং লিঙ্গের চেয়ে অভিজ্ঞতা, পরিবেশের সঙ্গে পরিচিতি ও মনোযোগের ধরনকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করা হয়।
বিশেষজ্ঞদের মতে, দৃষ্টি দিয়ে খোঁজা কোনো ছবি স্ক্যান করার মতো নয়; বরং মস্তিষ্ক অনেকটা পূর্বাভাস অ্যালগরিদমের মতো কাজ করে, কোথায় কী থাকতে পারে তা অনুমান করে মনোযোগ ছড়ায়। সেই অনুমান না মিললে চোখের সামনে থাকা জিনিসও অদেখা থেকে যায়। তাই, কেউ খুঁজতে গিয়ে না পেলে অনেক সময় সে ইচ্ছাকৃতভাবে ভুল বলে না, বরং তার খোঁজার পদ্ধতিতে ঘাটতি থাকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ