প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শরীয়তপুরের গোসাইরহাটে মাত্র সাত দিন আগে কার্পেটিংয়ের কাজ শেষ হওয়া একটি সড়কের প্রায় ৫০ মিটার অংশ ধসে পড়েছে, যা নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৭ কোটি টাকা। একই সড়কের আরও পাঁচটি স্থানে ছোট ছোট অংশ ধসের শিকার হয়েছে এবং চারটি স্থানে বড় আকারের ফাটল দেখা দিয়েছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, ফাটল ধরা অংশগুলো যেকোনো সময় ধসে পড়তে পারে।
স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণের সময় পাশের খাল থেকে মাটি এনে সড়কে ব্যবহার করা হয়েছে, কিন্তু সেখানে যথাযথভাবে পাইলিং বা প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তারা দাবি করেছেন, যে অংশটি বর্তমানে ৫০ মিটারজুড়ে ধসে পড়েছে, সেটি নির্মাণকাজ চলাকালীনও একবার ধসে পড়েছিল। তখনও যথাযথভাবে রোলিং না করার কারণে পুনরায় একই স্থানে ধস ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের।
তবে ঠিকাদার এবং উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বলছেন, টানা বৃষ্টির ফলে মাটি নরম হয়ে সড়কের বিভিন্ন স্থানে ধস ও ফাটল সৃষ্টি হয়েছে। প্রকৌশলী ক্যামেরার সামনে বক্তব্য দিতে ভয় পাচ্ছেন, তিনি বলেছেন, ‘আমার সমস্যা হবে’।
স্থানীয় ও এলজিইডি সূত্রে জানা যায়, ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নের লাকাচুয়া থেকে সামন্তসার বাজার পর্যন্ত প্রায় ৪ হাজার ১২০ মিটার সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে এলজিইডি। সড়কটির নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৭৮ লাখ টাকা। দরপত্রের মাধ্যমে কাজটি পায় প্রগতি এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান এবং কাজটি করেন গোসাইরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া জমাদ্দার।
সম্প্রতি সড়কটির কার্পেটিংয়ের কাজ শেষ হয়েছে। এর মাত্র সাত দিনের মাথায় সড়কের একটি অংশে প্রায় ৫০ মিটার জায়গাজুড়ে ধস দেখা দিয়েছে। ধসে পড়া অংশে সড়কের পিচ ও নিচের মাটি সরে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়া সড়কের আরও অন্তত পাঁচটি স্থানে ছোট ছোট অংশ ধসে পড়েছে এবং চারটি স্থানে বড় ফাটল দেখা দিয়েছে।
স্থানীয়দের আশঙ্কা, সময়মতো ব্যবস্থা না নিলে ফাটল ধরা অংশগুলোও ধসে পড়তে পারে। এতে সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি নির্মাণের সময় থেকেই বিভিন্ন স্থানে মাটি ভরাট ও সড়কের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। বিশেষ করে পাশের খাল থেকে মাটি কেটে সড়কে ব্যবহার করা হয়েছে। কিন্তু খালের পাড় ও সড়কের ঝুঁকিপূর্ণ অংশে প্রয়োজনীয় পাইলিং করা হয়নি। ফলে মাটি সরে গিয়ে সড়কের বিভিন্ন অংশে ফাটল ও ধস দেখা দিয়েছে।
তাদের দাবি, বর্তমানে যে অংশটি প্রায় ৫০ মিটারজুড়ে ধসে পড়েছে, নির্মাণকাজ চলাকালীন ওই স্থানটিও একবার ধসে পড়েছিল। তখন সেখানে পাইলিংসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে কাজটি স্থায়ীভাবে মেরামত করা হলে নতুন করে ধস নামার ঘটনা ঘটত না। কিন্তু তড়িঘড়ি করে কাজ শেষ করায় নির্মাণের এক সপ্তাহের মধ্যেই আবারও ধস নেমেছে বলে অভিযোগ তাদের।
তারা আরও জানান, সড়কটি সামন্তসার ইউনিয়নের মানুষের জন্য গুরুত্বপূর্ণ। প্রতিদিন এ সড়ক দিয়ে বিভিন্ন যানবাহন চলাচল করে। সড়কের বিভিন্ন স্থানে ধস ও ফাটলের কারণে এখন আতঙ্ক নিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে ফাটল ধরা অংশগুলো যেকোনো সময় ধসে পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। দ্রুত ধসে পড়া অংশগুলো মেরামত, ফাটল ধরা স্থানগুলোতে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা এবং সড়কের নির্মাণকাজের মান যাচাইয়ের দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় বাসিন্দা রুহুল আমিন বলেন, ‘রাস্তা করার সময়েই এই জায়গায় ভাঙছিল। তখন তারা খালের পাশ থেকেই ভেকু দিয়া মাটি নিয়া এই জায়গায় দিছে। তখন আমরা বলছিলাম এই মাটি দিলে আবারও ভাঙব, কিন্তু তারা আমাদের কথা শোনে নাই। কোনোরকম বালু আর খোয়া দিয়া কাজ কইরা পিচ দিয়া গেল। এখন আবার ভাঙল। প্রথমবার ভাঙার পর যদি সঠিকভাবে কাজ করত আজকে এমন হইত না।’
আরেক বাসিন্দা মো. নিজাম ঢালী বলেন, ‘এক সপ্তাহ হয় নাই রাস্তাটা ভাইঙ্গা পড়ছে। রাস্তার পাশে পাইলিং দরকার ছিল, করে নাই; তারপর আবার রাস্তার পাশের থেকেই মাটি কাইটা রাস্তায় দিছে, এজন্য মাটি ভাইঙ্গা পইড়া গেছে। রাস্তার সাইডে যদি মাটি না থাকে তাহলে কীভাবে রাস্তা থাকবে। আমরা চাই এই রাস্তাটি সঠিকভাবে মেরামত করা হোক।’
এ বিষয়ে ঠিকাদার জিয়াউর রহমান জমাদ্দার বলেন, ‘টানা বৃষ্টির কারণে সড়কের মাটি সরে গিয়ে ধসে পড়েছে। যেহেতু এটা নির্মাণাধীন কাজ, এটি আমরা সমাধান করে দেব।’ স্থানীয়দের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘স্থানীয়রা কী বলল না বলল এটা কোনো বিষয় না, তারা কাজের কী বুঝে।’
এদিকে এ বিষয়ে জানতে চাইলে উপজেলা এলজিইডির প্রকৌশলী আবুল কালাম আজাদ ক্যামেরায় কোনো বক্তব্য দিতে রাজি হননি। তবে গোপন ক্যামেরায় রেকর্ড করা বক্তব্যে তিনি বলেন, ‘আমি কোনো বক্তব্য দিতে পারব না, আমার সমস্যা হবে। আর আপনাদের কোনো বক্তব্য নেওয়া লাগবে না, আপনারা জিয়া ভাইর সাথে কথা বলেন তাহলেই হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন