শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৬:২৮ পি.এম
জীবনে প্রতিদিন মানুষকে নানা ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়। কখনো আনন্দের মুহূর্ত আসে, কখনো দুঃখ, কখনো ব্যর্থতার সম্মুখীন হতে হয় আবার কখনো নতুন কিছু শেখার সুযোগ আসে। তবে, একজন মানুষকে অভিজ্ঞ বলা যায় কি না, তা নির্ভর করে তার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোর উপর। মনোবিজ্ঞানীরা আলোচনা করেছেন, কোনো ঘটনা সরাসরি অনুভব করা এবং সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাস্তব জ্ঞান অর্জন করা এক বিষয় নয়।
যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী সাইকোলজি টুডে প্রকাশিত একটি নিবন্ধে অভিজ্ঞতার এই দুই ধরনের পার্থক্য তুলে ধরা হয়েছে। নিবন্ধটির লেখক জে আই ক্রুগার অভিজ্ঞতাকে দুটি আলাদা দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেছেন। একদিকে রয়েছে জীবনে কোনো ঘটনা সরাসরি অনুভব করা, অন্যদিকে রয়েছে সেই অভিজ্ঞতা থেকে জ্ঞান, দক্ষতা ও বাস্তব বোধ তৈরি করা।
অভিজ্ঞতার দুই ধরন
নিবন্ধে অভিজ্ঞতার প্রথম ধরনকে জার্মান ভাষার ‘এরলেবনিস’ (Erlebnis) এবং দ্বিতীয় ধরনকে ‘এরফারুং’ (Erfahrung) শব্দ দিয়ে ব্যাখ্যা করা হয়েছে। এরলেবনিস বলতে বোঝায় কোনো ঘটনা সরাসরি অনুভব করা বা তার মধ্য দিয়ে যাওয়া। যেমন, প্রথমবার প্রেমে পড়া, নতুন কোনো জায়গায় ঘুরতে যাওয়া কিংবা জীবনে কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়া। এসব ঘটনা ব্যক্তির জীবনে স্মৃতি ও অনুভূতি তৈরি করে।
অন্যদিকে, এরফারুং হলো সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাস্তব জ্ঞান ও দক্ষতা অর্জন করা। অর্থাৎ, শুধু কোনো ঘটনার মধ্য দিয়ে গেলেই হবে না, বরং সেখান থেকে কী শেখা গেল এবং সেই শিক্ষা ভবিষ্যতে কীভাবে কাজে লাগানো যায়, সেটিই গুরুত্বপূর্ণ।
একজন পর্যটক নতুন কোনো জায়গায় গিয়ে নানা দৃশ্য দেখেন ও মুহূর্ত উপভোগ করেন। কিন্তু একজন ভ্রমণকারী সেই যাত্রা থেকে নতুন পরিবেশ, মানুষ ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞান অর্জন করেন। দুজনেরই অভিজ্ঞতা হয়, তবে অভিজ্ঞতা থেকে শেখার ধরন আলাদা।
অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া কেন জরুরি? কোনো ঘটনা মানুষের জীবনে স্মৃতি তৈরি করতে পারে। কিন্তু সেই স্মৃতি সব সময় নতুন জ্ঞান বা দক্ষতায় রূপ নেয় না। যদি একজন মানুষ কোনো কাজে ব্যর্থ হওয়ার পর নিজের ভুলগুলো বিশ্লেষণ করেন এবং পরবর্তী সময়ে সেগুলো সংশোধনের চেষ্টা করেন, তখনই সেই অভিজ্ঞতা তার বাস্তব জ্ঞানের অংশ হয়ে ওঠে।
নিবন্ধে বলা হয়েছে, বিজ্ঞানও মূলত এ ধরনের অভিজ্ঞতা থেকে জ্ঞান অর্জনের একটি সুসংগঠিত পদ্ধতি। পর্যবেক্ষণ, পরীক্ষা-নিরীক্ষা, ভুল সংশোধন এবং নতুন তথ্যের ভিত্তিতে আগের ধারণা পরিবর্তনের মধ্য দিয়ে বিজ্ঞান এগিয়ে যায়।
যেমন, বনে হাঁটতে গিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা এক ধরনের অভিজ্ঞতা। কিন্তু বাগান তৈরি, বিভিন্ন বীজের পরীক্ষা এবং গাছের পরিচর্যার মাধ্যমে কোন পরিস্থিতিতে কীভাবে গাছ ভালো জন্মায়, তা শেখা আরো গভীর অভিজ্ঞতা তৈরি করে।
শুধু অভিজ্ঞতা নয়, শেখার মানসিকতাও গুরুত্বপূর্ণ। জীবনে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা মানুষকে কিছু না কিছু অনুভব করায়। কিন্তু সব ঘটনা থেকে মানুষ সমানভাবে শিক্ষা নিতে পারে না। কোনো অভিজ্ঞতা থেকে কী শিখলাম, কেন এমন হলো এবং ভবিষ্যতে একই পরিস্থিতিতে কীভাবে ভালো সিদ্ধান্ত নেওয়া যায়—এসব প্রশ্নের উত্তর খোঁজার মধ্য দিয়েই বাস্তব অভিজ্ঞতা তৈরি হয়।
তাহলে, বয়স, জীবনে ঘটে যাওয়া ঘটনার সংখ্যা কিংবা কত জায়গায় ঘোরা হয়েছে, শুধুমাত্র এসব দিয়ে একজন মানুষের অভিজ্ঞতা বিচার করা যায় না। বরং সেই অভিজ্ঞতাগুলো থেকে কতটা জ্ঞান, দক্ষতা ও বাস্তব বোধ অর্জিত হয়েছে, সেটিই বেশি গুরুত্বপূর্ণ।
জীবনে অভিজ্ঞতা অর্জন করা স্বাভাবিক। কিন্তু সেই অভিজ্ঞতাকে শিক্ষা ও প্রজ্ঞায় রূপ দিতে প্রয়োজন পর্যবেক্ষণ, চিন্তা এবং শেখার আগ্রহ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সরকার বাজারের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে এলাকাভিত্তিক ফসল উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করছে। এই উদ্দেশ্যে সারাদেশে জিওগ্রাফিক ম্যাপ তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এমনটি জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৫টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে ‘বাংলাদেশ উত্তম কৃষি চর্চা অনুসরণপূর্বক আলুর রপ্তানি বাজার সংযোগ স্থাপন ও ব্র্যান্ডিং’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। সভায় আলুচাষি ও রপ্তানিকারকেরা উপস্থিত ছিলেন।
মীর শাহে আলম উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সারাদেশে জিওগ্রাফিক ম্যাপ তৈরি করে এলাকাভিত্তিক ফসল উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সরকার নির্ধারণ করছে কোন এলাকায় কোন ফসলের কতটুকু চাহিদা রয়েছে, এবং সেই অনুযায়ী উৎপাদন নিশ্চিত করতে কাজ করছে।
তিনি আরও বলেন, আলুর ভালো দাম পেলে পরবর্তী মৌসুমে অনেক কৃষক বেশি আলু উৎপাদনে ঝুঁকে পড়েন। এর ফলে বাজারে সরবরাহ বৃদ্ধি পায় এবং দাম কমে যায়। ফলে কৃষকেরা শেষ পর্যন্ত লোকসানের মুখে পড়েন। তাই বাজারের চাহিদা বিবেচনায় নিয়ে পরিকল্পিতভাবে ফসল উৎপাদন করা প্রয়োজন।
প্রতিমন্ত্রী আরও জানান, বগুড়ার এই অঞ্চল কৃষিতে উদ্বৃত্ত। শিবগঞ্জ উপজেলায় দেশ-বিদেশের চাহিদা মেটানোর পর প্রায় ৬ হাজার মেট্রিক টন খাদ্য উদ্বৃত্ত থাকে। চাহিদার তুলনায় বেশি ফসল উৎপাদন করতে গিয়ে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হন। তাই আবেগের বশবর্তী হয়ে নয়, হিসাব-নিকাশ করে ফসল উৎপাদন করতে হবে। কৃষি বিভাগের সঙ্গে পরামর্শ করে পরিকল্পিতভাবে চাষাবাদ করলে কৃষকেরা লোকসানের ঝুঁকি এড়াতে পারবেন।
এ সময় আলুচাষিদের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া চান প্রতিমন্ত্রী। পাশাপাশি প্রধানমন্ত্রী ও জিয়া পরিবারের সদস্যদের জন্যও দোয়া কামনা করেন তিনি।
বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আনছারুজ্জামান, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক আব্দুল মজিদ প্রামাণিক এবং বগুড়া কৃষি অঞ্চলের উপপরিচালক শামসুদ্দিন ফিরোজ প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর পক্ষ থেকে কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগী ও মুরাদনগর মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
এই বিশেষ দিনে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আজ মুরাদনগর ও বাঙ্গরা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কর্মসূচির প্রথম পর্বে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের মাঝে খাবার বিতরণ করা হয়। পরবর্তীতে মুরাদনগর মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের জন্য খাবার বিতরণ করা হয়। খাবার পেয়ে রোগী ও শিশুদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে।
খাবার বিতরণ শেষে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। এ সময় প্রধানমন্ত্রীর প্রয়াত পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত মাতা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
আয়োজকরা জানান, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর নির্দেশনায় জন্মদিনকে শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। তারা জানান, ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
কর্মসূচিতে মুরাদনগর ও বাঙ্গরা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষকবৃন্দ, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আজ ২০ শেষ নম্ভেবর -২৬ইং শুক্রবার বিকেলে মিশনপাড়া হোসিয়ারী সমিতিতে নাঃগঞ্জ মহানগর বিএনপির উদ্দ্যেগে আমার রাজনৈতিক অভিভাবক, বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জম্ম বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল। দোয়া মাহফিল পূর্বক সংক্ষিপ্ত বক্তব্য রাখছি নাঃগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডঃ মোঃ আবু আল ইউসুফ খান টিপু।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেছেন, ২১ নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনীর ইতিহাসে একটি অবিস্মরণীয় অধ্যায়।
তিনি আরও জানান, বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে সশস্ত্র বাহিনীর ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত।
আজ, ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান ছিলেন সামরিক বাহিনীর একজন কর্মকর্তা। এটি সশস্ত্র বাহিনীর ইতিহাসে একটি অনন্য, গৌরবময় এবং ঐতিহাসিক ঘটনা।
তারেক রহমান বলেন, ‘২১ নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনীর ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের চরম মুহূর্তে সেনা, নৌ ও বিমান বাহিনীর অকুতোভয় সদস্যরা সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের সূচনা করেন। মুক্তিবাহিনী, আধাসামরিক বাহিনীর সদস্যগণ ও দেশপ্রেমিক জনতা কাঁধে কাঁধ মিলিয়ে এই সমন্বিত আক্রমণে অংশ নেন। মুক্তিযুদ্ধে রণাঙ্গনের লড়াই নতুন মাত্রা লাভ করে।’
তিনি বলেন, সশস্ত্র বাহিনীর ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ দিন। তাই প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সকল সদস্যকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
প্রধানমন্ত্রী বলেন, নির্ভীক সাহসিকতা, শৌর্য, সংকল্পবদ্ধ শৃঙ্খলা দিয়ে গঠিত জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী। ‘৭১ এর রণাঙ্গনে এই বাহিনীর অসীম সাহসী ভূমিকা ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক সদস্যগণ অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে চলেছে।
তারেক রহমান বলেন, বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি করেছে। শান্তিরক্ষায় বিশ্ব দরবারে বাংলাদেশের ভূমিকাকে শক্তিশালী ও প্রশংসনীয় করেছে। তিনি আশা প্রকাশ করেন যে ভবিষ্যতেও এই ভূমিকা অব্যাহত থাকবে। দেশের সকল প্রাকৃতিক দুর্যোগ ও দুর্বিপাকের সময় সশস্ত্র বাহিনীর বলিষ্ঠ ভূমিকা এই বাহিনীকে জাতির আস্থার প্রতীকে পরিণত করেছে।
প্রধানমন্ত্রী বলেন, সাবেক সেনাপ্রধান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে একটি সুশৃঙ্খল, ক্ষিপ্র ও সদা তৎপর আধুনিক বাহিনীতে পরিণত করেছিলেন। সশস্ত্র বাহিনীকে সুশিক্ষিত ও পেশাদার বাহিনীতে পরিণত করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার শাসনামলেও সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন অব্যাহত ছিল। উন্নত বিশ্বের সাথে সংগতি রেখে সশস্ত্র বাহিনীকে একটি প্রযুক্তি নির্ভর, গতিশীল ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার বিস্তারিত পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে।
তারেক রহমান বলেন, সশস্ত্র বাহিনী একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গৌরব ও শৌর্য-বীর্যের প্রতীক। বাংলাদেশের স্বার্থবিরোধী শক্তি সশস্ত্র বাহিনীর ইমেজ ভূলুণ্ঠিত করতে বিভিন্ন সময়ে অপচেষ্টা চালিয়েছে। তবে দেশপ্রেমিক নেতৃত্ব এবং জনগণের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশের সশস্ত্র বাহিনী সাফল্য যাত্রা অব্যাহত রেখেছে।
তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পাশাপাশি ২০২৪ সালে ফ্যাসিবাদ বিরোধী গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশ ও জনগণের পক্ষে ইতিবাচক ভূমিকা রেখেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও সততা, দক্ষতা ও কর্মক্ষমতার জন্য সশস্ত্র বাহিনীর সদস্যরা বিশ্বব্যাপী প্রশংসিত। শান্তিরক্ষী প্রেরণে অন্যতম শীর্ষ দেশ হিসেবে বাংলাদেশের এই স্বীকৃতি জাতির জন্য গৌরবের এবং এর মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সবশেষে আমি মুক্তিযুদ্ধে নিজের জীবনদানকারী বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ ও বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফসহ দেশমাতৃকার স্বার্থে প্রাণোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সকল বীর সন্তানের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।
প্রধানমন্ত্রী বলেন, আমি ‘সশস্ত্র বাহিনী দিবস ২০২৬’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি। সশস্ত্র বাহিনীর সকল সদস্য ও তাদের পরিবারবর্গের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ