শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:৪৩ পি.এম
আকাশজুড়ে মেঘের উপস্থিতি, জানালার কাচ বেয়ে পড়ছে বৃষ্টির ফোঁটা, এবং চারপাশে এক ধরনের নীরবতা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে অনেকের ইচ্ছে করে এক কাপ চা হাতে জানালার পাশে বসে থাকতে, আবার কেউ পুরনো স্মৃতির মধ্যে ডুবে যান। কোনো বিশেষ কারণ ছাড়াই মনটা উদাস হয়ে আসে। কখনো কখনো আনন্দের বৃষ্টি মনে বিষণ্নতা জাগাতে পারে। তবে বৃষ্টির সঙ্গে মনের এই অদ্ভুত সম্পর্কের কারণ কী?
মেঘলা আকাশের প্রভাব
বৃষ্টির দিনে সূর্যের আলো অনেকাংশে আড়ালে থাকে। দিনের আলো মানুষের ঘুম, জাগরণ এবং মেজাজ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আলো কম থাকলে অনেকের মধ্যে ক্লান্তি, ঝিমুনি বা মনমরা ভাব দেখা দিতে পারে। বিশেষ করে টানা কয়েক দিন মেঘলা আবহাওয়া থাকলে এই অনুভূতি আরো বৃদ্ধি পেতে পারে।
বৃষ্টির শব্দে জেগে ওঠে স্মৃতি
বৃষ্টির টুপটাপ শব্দের সঙ্গে অনেকের জীবনের নানা স্মৃতি জড়িয়ে থাকে। শৈশবে স্কুলের ছুটির আনন্দ, কাগজের নৌকা ভাসানো, বৃষ্টিতে ভেজা বিকেল, কিংবা প্রিয় কারো সঙ্গে কাটানো মুহূর্ত—এসব স্মৃতি মনে পড়ে যেতে পারে। বৃষ্টির পরিচিত শব্দ ও পরিবেশ অতীতের অনুভূতিগুলোকে নতুন করে সামনে নিয়ে আসে।
নীরবতা বাড়িয়ে দেয় ভাবনা
বৃষ্টির দিনে বাইরের ব্যস্ততা অনেক সময় কমে যায়। বাইরে যাওয়ার পরিকল্পনা বাতিল হয়ে যায় এবং মানুষের চলাচলও কমে আসে। চারপাশের এই নীরবতায় নিজের সঙ্গে সময় কাটানোর সুযোগ তৈরি হয়। তখন ব্যস্ততার মধ্যে চাপা পড়ে থাকা ভাবনা, স্মৃতি, কিংবা অপূর্ণতার অনুভূতিগুলো বেশি করে মনে আসতে পারে।
বৃষ্টি ও বিষণ্নতার সাংস্কৃতিক সম্পর্ক
গান, কবিতা, গল্প এবং সিনেমায় বৃষ্টিকে প্রায়ই প্রেম, বিরহ, অপেক্ষা অথবা একাকিত্বের সঙ্গে মিলিয়ে দেখা হয়। ছোটবেলা থেকে এমন উপস্থাপনা দেখে বৃষ্টির সঙ্গে এক ধরনের আবেগ তৈরি হতে পারে। তাই মেঘলা দিনে প্রিয় কোনো গান শুনলে কিংবা পুরোনো কোনো দৃশ্য মনে পড়লে মন আরো স্মৃতিকাতর হয়ে ওঠে।
বদলে যায় প্রতিদিনের ছন্দ
বৃষ্টির কারণে হাঁটাচলা, বাইরে ঘোরাঘুরি কিংবা দৈনন্দিন কাজের রুটিনে পরিবর্তন আসে। ঘরে বসে থাকার সময় বেড়ে যায় এবং শারীরিক কর্মকাণ্ড কমে যেতে পারে। এসব পরিবর্তনও কারো কারো মেজাজে প্রভাব ফেলতে পারে।
উদাস মন ভালো করবেন যেভাবে
বৃষ্টির দিনে যদি মন খারাপ বা উদাস লাগে, তবে নিজের জন্য কিছু সময় রাখা যেতে পারে। পছন্দের কোনো বই নিয়ে বসা, এক কাপ গরম চা বা কফিতে চুমুক দেওয়া, প্রিয় গান শোনা—এই ধরনের ছোট ছোট অভ্যাস মন ভালো করতে সাহায্য করতে পারে। চাইলে জানালার পাশে বসে বৃষ্টি উপভোগ করা যেতে পারে। পরিবারের সদস্য বা বন্ধুর সঙ্গে গল্প করাও একঘেয়েমি কাটাতে সাহায্য করতে পারে।
বৃষ্টিতে ভিজতে ভালো লাগলে আবহাওয়া ও পরিস্থিতি নিরাপদ কি না, তা বিবেচনা করা জরুরি। ভিজে গেলে দ্রুত শুকনো পোশাক পরে নেওয়া এবং শরীরকে আরামদায়ক উষ্ণতায় রাখা উচিত। বৃষ্টির দিনে ঠান্ডা লাগলে বা অস্বস্তি হলে উষ্ণ পানীয় অথবা এক বাটি গরম স্যুপ খাওয়া যেতে পারে। আরামদায়ক গোসলও শরীরকে সতেজ অনুভব করাতে পারে। তবে সর্দি-কাশি বা জ্বর থাকলে বৃষ্টিতে ভেজা এড়িয়ে চলাই ভালো।
তবে বৃষ্টি মানেই বিষণ্নতা নয়
তবে বৃষ্টি সবার মনে একই অনুভূতি সৃষ্টি করে না। কারো কাছে বৃষ্টি মানে প্রশান্তি, কারো কাছে রোমাঞ্চ, আবার কারো কাছে পুরনো দিনের স্মৃতি। ব্যক্তিগত অভিজ্ঞতা, পরিবেশ এবং মানসিক অবস্থার ওপর নির্ভর করে বৃষ্টির দিনে মানুষের অনুভূতিও পরিবর্তিত হয়।
বৃষ্টির দিনে মন উদাস লাগা অস্বাভাবিক নয়। তবে যদি মন খারাপ দীর্ঘস্থায়ী হয় অথবা ঘুম, কাজ ও দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে, তাহলে বিষয়টিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। প্রয়োজনে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া যেতে পারে।
হয়তো বৃষ্টি সব সময় মন খারাপের কারণ নয়। কখনো কখনো চারপাশের কোলাহল থেমে গেলে নিজের মনের কথাগুলোই একটু বেশি শোনা যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ এবং শিশুদের মধ্যে খাবার বিতরণের আয়োজন করেছে।
শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের পর কেন্দ্রীয় অডিটোরিয়ামের সামনে বৃক্ষরোপণ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খাবার বিতরণ করা হয়। এর আগে কেন্দ্রীয় মসজিদে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলাম, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. সালমা আক্তার, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক আশরাফ সিদ্দিকী এবং বিজয় ২৪ হলের প্রভোস্ট অধ্যাপক আ ফ ম জাকারিয়া উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্রদলের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
খাবার বিতরণকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খায়রুল ইসলাম মন্তব্য করেন, "মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আমরা আজ পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ করেছি এবং সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর প্রয়াসে খাবার বিতরণ করেছি। আমরা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ধরনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ক্রিকেটে মাঠে নামার সুযোগ ১১ জনের জন্য থাকে। তবে প্রত্যাশা থাকে আরো অনেকের। কখনো ফর্ম, কখনো ফিটনেস, পিচ কন্ডিশন, টিম কম্বিনেশন—বিভিন্ন কারণে সেরা একাদশ নির্বাচন করা হয়। ফলে অনেক সময় ভালো ক্রিকেটারও বাদ পড়ে যান। এ নিয়ে আলোচনা-সমালোচনা কম হয় না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলমান প্রথম টেস্টের মূল একাদশ থেকে পেসার মোহাম্মদ সিরাজ বাদ পড়ার বিষয়টি নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছে। তবে এবার এটি ক্রিকেটের অঙ্গন ছাড়িয়ে রাজনৈতিক বিতর্কে পরিণত হয়েছে।
কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ মোহাম্মদ সিরাজের বাদ পড়ার বিষয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, নামের কারণে তাকে বাদ দেওয়া হয়েছে। বিজেপি ওই সাংসদের মন্তব্যকে পাল্টা ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছে।
সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে মাসুদ বলেন, “ভালো পারফরম্যান্স সত্ত্বেও তাকে দলে জায়গা দেওয়া হয়নি। তার নাম ‘সিরাজ’, আর সে কারণেই তাকে জায়গা দেওয়া হয়নি। ভালো পারফরম্যান্সের পরও যদি আপনি তাকে দলে না নেন, তবে বৈষম্যটা স্পষ্ট।”
বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারি কংগ্রেসের বিরুদ্ধে ক্রিকেট দল নির্বাচন নিয়ে ভোটব্যাংকের রাজনীতি করার অভিযোগ তুলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ভান্ডারি লেখেন, ‘কংগ্রেসের লজ্জা হওয়া উচিত! কংগ্রেস এখন ক্রিকেট দল নির্বাচনেও ভোটব্যাংকের রাজনীতি করছে! কংগ্রেস বলছে—মুসলিম হওয়ার কারণে সিরাজকে বাদ দেওয়া হয়েছে। এমনকি জাদেজাকেও তো বাদ দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রতিটি ক্রিকেটারই ভারতের প্রতিনিধিত্ব করে জার্সি গায়ে জড়ান। ভোটব্যাংক ও সাম্প্রদায়িক রাজনীতির জন্য ভারতীয় ক্রিকেট দলকে বিভক্ত করা বন্ধ করুন।’
তবে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান প্রথম টেস্টের একাদশ থেকে সিরাজের বাদ পড়া নিয়ে কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার এবং রবি শাস্ত্রীও প্রশ্ন তুলেছেন। তাদের মতে, টিম ম্যানেজমেন্টের উচিত ছিল এই পেসারের অভিজ্ঞতা বিবেচনায় নেওয়া।
এই ম্যাচে জসপ্রীত বুমরাহর নেতৃত্বে ভারত চারজন পেসার নিয়ে মাঠে নেমেছে। একাদশে জায়গা পাওয়া বাকি তিন পেসার হলেন প্রসিধ কৃষ্ণা, আকাশ দীপ এবং অংশুল কাম্বোজ। গাভাস্কার সিরাজের বাদ পড়াকে ‘বিস্ময়কর’ বলে বর্ণনা করেছেন, আর শাস্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, ‘অভিজ্ঞতা এবং কাজের প্রতি নিষ্ঠার কারণে এই পেসারকে দলে রাখা উচিত ছিল।’
তবে অধিনায়ক শুভমান গিল এবং ব্যাটিং কোচ সিতাংশু কোটাক দাবি করেছেন, এই টেস্টের জন্য সম্ভাব্য সেরা একাদশই নির্বাচন করা হয়েছে।
বাদ পড়া খেলোয়াড়দের প্রসঙ্গে গিল বলেন, ‘ব্যাপারটা বেশ কঠিন, জানেনই তো। আমরা গত এক সপ্তাহ ধরে ভাবছিলাম কোন কম্বিনেশন নিয়ে মাঠে নামব, কারণ আমাদের সব ফাস্ট বোলারই দারুণ করছে। সিরাজ এবং গুরনুর—দুজনের জন্যই বাদ পড়াটা খুব কঠিন।’
ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটাকও সিরাজকে বাইরে রাখার টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়েছেন। বৃহস্পতিবার সাংবাদিকদের কোটাক বলেন, ‘সিরাজের কোনো সমস্যা নেই। আমরা যখন দল নির্বাচন করেছি, তখন মনে হয়েছে এটাই সেরা একাদশ। আমি মনে করি না সিরাজকে বাদ দেওয়া কোনো ভুল সিদ্ধান্ত ছিল।’
সূত্র: এনডিটিভি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ মানিকগঞ্জ শহরের একটি খাল থেকে ২১ বছর বয়সী জিহাদুল ইসলাম আরিফের মরদেহ উদ্ধার করেছে।
আরিফ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বাবার দোকানে যাওয়ার পর নিখোঁজ হন। স্থানীয়দের মতে, তিনি খালের পাড়ে যাওয়ার সময় পা পিছলে পানিতে পড়ে যেতে পারেন।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ৩টা ১০ মিনিটের দিকে শহরের সদর পুলিশ ফাঁড়ির পাশে অবস্থিত একটি ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আরিফ মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের বেতিলা গ্রামের আমজাদ হোসেনের পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় আরিফ বাড়ি থেকে বের হয়ে বাবার দোকানে যান। পরে খালের পাড়ে গিয়ে অসাবধানতাবশত পা পিছলে পানিতে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর তার স্বজন ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পাননি। পরে খালের পাশে তার জুতা পড়ে থাকতে দেখে তারা পানিতে পড়ে যাওয়ার ব্যাপারে সন্দেহ করেন।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় খালে তল্লাশি শুরু করেন। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর সদর পুলিশ ফাঁড়ির পাশে ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মিয়া রাজ জানান, দুপুরে খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। পরে নিখোঁজ যুবকের জুতার অবস্থানকে কেন্দ্র করে খালে তল্লাশি চালানো হয়। প্রায় ৬০ ফুট দূরে পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, গতকাল সন্ধ্যায় ওই যুবকের নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। পরে স্থানীয়দের সহায়তায় আজ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাবনার ঈশ্বরদীতে একটি শ্যালোর ইঞ্জিন চালিত স্টেয়ারিং (স্থানীয় ভাষায় কুত্তাগাড়ি) গাড়ির ধাক্কায় মৃত্যু ঘটেছে মুনসুর আলী বিশ্বাস (৭০) নামের এক কৃষকের। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে ঈশ্বরদী বাজার থেকে বাইসাইকেল চালিয়ে নিজ বাড়ির দিকে ফেরার সময় শহরের আলহাজ্ব মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত কৃষক উপজেলার সলিমপুর ইউনিয়নের চর ছিলিমপুরের জগনাথপুর গ্রামের আ. রশিদ বিশ্বাসের পুত্র ছিলেন। তিনি কৃষি কাজের সঙ্গে যুক্ত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, দুর্ঘটনার সময় মুনসুর বিশ্বাস বাইসাইকেল চালিয়ে সলিমপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি শ্যালো ইঞ্জিন চালিত স্টেয়ারিং গাড়ি তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ঘাতক চালক পালিয়ে গেলেও মোটর শ্রমিক দলের নেতারা স্টেয়ারিং গাড়িটি আটক করে তাদের কার্যালয়ে নিয়ে যান।
ঈশ্বরদী থানার ওসি মো. আশাদুর রহমান আসাদ জানান, নিহতের মরদেহ থানার হিমাগারে সংরক্ষিত রয়েছে। আটক করা স্টেয়ারিং গাড়িটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। এই ঘটনার পর নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ