ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

উপজেলায় প্রাথমিকের প্রায় সব ও মাধ্যমিকের ৮৩ শতাংশ বই পৌঁছেছে


উপজেলায় প্রাথমিকের প্রায় সব ও মাধ্যমিকের ৮৩ শতাংশ বই পৌঁছেছে

নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার পূর্বে শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেওয়ার জন্য সরকার এবার আগেভাগে প্রস্তুতি গ্রহণ করছে। ২৪ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিন শিক্ষার্থীদের নতুন বই বিতরণের পরিকল্পনা করা হয়েছে। এই লক্ষ্যে ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপা, বাঁধাই, মান যাচাই এবং সরবরাহ কার্যক্রমকে জোরদার করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এর মধ্যে প্রাথমিক স্তরের প্রায় ৯৮ শতাংশ এবং মাধ্যমিক স্তরের ৮৩ শতাংশ বই উপজেলা পর্যায়ের বিতরণকেন্দ্রে পৌঁছেছে।

এনসিটিবির ২৩ নভেম্বরের অগ্রগতি প্রতিবেদন অনুযায়ী, আগামী শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি ও মাধ্যমিক স্তরের জন্য মোট ৩০ কোটি ৯২ লাখ ২৮ হাজার ৪৩৯ কপি বই ছাপা হচ্ছে। প্রাক-প্রাথমিক স্তরের বই ছাপা, বাঁধাই ও সরবরাহের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

প্রাথমিক স্তরের প্রথম থেকে পঞ্চম শ্রেণির জন্য ছাপা হচ্ছে সাত কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৯৬ কপি বই। এর মধ্যে মুদ্রণ সম্পন্ন হয়েছে ৯৮ দশমিক ৬৩ শতাংশ, বাঁধাই ৯৮ দশমিক ৪৬ শতাংশ এবং মান যাচাই বা পিডিআই সম্পন্ন হয়েছে ৯৭ দশমিক ২৮ শতাংশ।

আরও পড়ুন: চুয়েট শিক্ষক সমিতির জরুরি সভা ২৫ নভেম্বর, অচলাবস্থা নিরসনে আলোচনা

অন্যদিকে মাধ্যমিক স্তরে ষষ্ঠ থেকে দশম শ্রেণির জন্য ছাপা হচ্ছে ১৭ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ১৮ কপি বই। এ পর্যন্ত মুদ্রণ শেষ হয়েছে ৮৮ দশমিক ১৩ শতাংশ, বাঁধাই ৮৬ দশমিক ১৮ শতাংশ এবং পিডিআই ৮৩ দশমিক ২১ শতাংশ। নবম শ্রেণির জন্য সবচেয়ে বেশি পাঁচ কোটি ৫৬ লাখ ২৭ হাজার ২৩৫ কপি বই ছাপা হচ্ছে। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ৯ হাজার চার কপি ব্রেইল বইও রয়েছে।

এছাড়া ইবতেদায়ি স্তরে চার কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৫৭৪ কপি বই ছাপা হচ্ছে। এ স্তরে মুদ্রণ, বাঁধাই ও পিডিআইয়ের অগ্রগতি যথাক্রমে ৯৭ দশমিক ৩১, ৯৪ দশমিক ২৭ ও ৯৩ দশমিক ১ শতাংশ।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন কালের কণ্ঠকে জানান, 'আমরা চেয়েছিলাম ১৬ ডিসেম্বর সব শিক্ষার্থীর হাতে বই তুলে দিতে। কিন্তু আগে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করতে হবে। তাই ২৪ ডিসেম্বর ফল প্রকাশের সিদ্ধান্ত হয়েছে। ওই দিনই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে।'

মন্ত্রী আরও জানান, এবার বড় কোনো অনুষ্ঠান করে বই উৎসব আয়োজনের পরিকল্পনা নেই। অপ্রয়োজনীয় ব্যয় এড়াতে স্কুলগুলোকে ফল প্রকাশের দিনেই বই বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: নজরুল বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হলো গ্রিক ট্র্যাজেডি ‘প্রমিথিউস বাউন্ড’

এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা কালের কণ্ঠকে বলেন, নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী কার্যক্রম এগোচ্ছে। ৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলায় পৌঁছে দেওয়ার আশা করছেন তাঁরা। বইয়ের মান নিশ্চিত করতেও নজরদারি অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩০ শট নিয়েও ডর্টমুন্ডের সঙ্গে আর্সেনালের ১-১ ড্র

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩২ এম


৩০ শট নিয়েও ডর্টমুন্ডের সঙ্গে আর্সেনালের ১-১ ড্র

একের পর এক গোলের সুযোগ তৈরি করেছে আর্সেনাল, প্রতিপক্ষের গোলমুখে ৩০টি শট নিয়েছে তারা। তবে এত আক্রমণের পরও জয় লাভে ব্যর্থ হয়েছে দলটি। মিকেল আরতেতার দল চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে নিজেদের মাঠে বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে।

এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের নবম মিনিটে ভিক্টর গিওকেরেস একটি দারুণ দূরপাল্লার শটে আর্সেনালকে এগিয়ে দেন। ম্যাচের শুরু থেকেই আক্রমণে আধিপত্য ছিল স্বাগতিকদের। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও তারা ব্যবধান বাড়াতে পারেনি। বিরতির আগে মার্টিন ওডেগার্ডের পাস থেকে পাওয়া সহজ সুযোগও কাজে লাগাতে ব্যর্থ হন গিওকেরেস।

দ্বিতীয়ার্ধে ডর্টমুন্ড ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ৫৫ মিনিটে জোয়ানে গাদুর দুর্দান্ত দৌড়ের পর পাওয়া বল থেকে ম্যাক্সিমিলিয়ান বেয়ার নিচু শটে গোল করেন। এতে জার্মান ক্লাবটি সমতায় ফিরে আসে।

এরপর আর্সেনাল জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে। গিওকেরেসের হেড লক্ষ্যভ্রষ্ট হয় এবং জুরিয়েন টিম্বারের কাটব্যাক পোস্টে লাগে। ৮৪ মিনিটে ডেকলান রাইসের নিচু শটও পোস্টে ফিরে আসে। শেষ পর্যন্ত গানাররা আর জালের দেখা পায়নি।

ম্যাচে আর্সেনাল ৩০টি শট নিয়েছিল, যার মধ্যে মাত্র চারটি লক্ষ্যে ছিল। চ্যাম্পিয়নস লিগে ২০০৩-০৪ মৌসুম থেকে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, প্রতিযোগিতাটিতে এক ম্যাচে এটি তাদের সর্বোচ্চ শট নেওয়ার ঘটনা। ড্রয়ের ফলে লিগ পর্বের পয়েন্ট তালিকায় তারা দুই ধাপ পিছিয়ে পঞ্চম স্থানে নেমে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথমবারের মতো নারীরা নিজেই নিতে পারবেন জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩২ এম


প্রথমবারের মতো নারীরা নিজেই নিতে পারবেন জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন

দেশে প্রথমবারের মতো নারীদের জন্যে নিজে ব্যবহার উপযোগী জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’ বাজারে এসেছে। ‘ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’ এই ইনজেকশনটি নারীদের জন্মনিয়ন্ত্রণের সহজ সুবিধার জন্য বাজারে এনেছে।

এই ইনজেকশনটি নারীরা নিজেই শরীরে পুশ করতে পারবেন, যা প্রতিদিন জন্মনিয়ন্ত্রণ বড়ি খাওয়া কিংবা স্বাস্থ্যকর্মীর মাধ্যমে ইনজেকশন নেওয়ার প্রচলিত পদ্ধতির বাইরে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ‘মেডোজেন সাবকিউ’ নামের এই ইনজেকশন বাজারে আনার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। ইনজেকশনে রয়েছে ১০৪ মিলিগ্রাম মেড্রক্সিপ্রোজেস্টেরন অ্যাসিটেট, যা ত্বকের নিচে প্রয়োগ করতে হয়।

ইনসেপ্টার দাবি, এটি বিশ্বের প্রথম জেনেরিক সংস্করণ, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদন পাওয়া এ ধরনের জন্মনিয়ন্ত্রণ ইনজেকশনের মধ্যে। একই সঙ্গে, ইউনিজেক্ট ডিভাইসে বাজারজাত করা বাংলাদেশের এটিই প্রথম নিজে প্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন।

প্রতি তিন মাসে একবার বা ১২ থেকে ১৪ সপ্তাহের মধ্যে ত্বকের নিচে এই ইনজেকশন নিতে হয়। ফলে নারীদের ঘনঘন স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার প্রয়োজন হয় না। প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা আশা করছেন, এর ফলে নারীরা সহজে ও সুবিধাজনকভাবে জন্মনিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে পারবেন।

কোম্পানির তথ্য অনুযায়ী, প্রতি ডোজ ইনজেকশনের দাম ৫৫০ টাকা। প্রতিদিন খাওয়ার জন্মনিয়ন্ত্রণ বড়ির তুলনায় এ পদ্ধতিতে ব্যয় ৫.৫২ গুণ কম।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি সোসাইটির (এফএসএসবি) মহাসচিব অধ্যাপক মারুফ সিদ্দিকী। তিনি জানান, জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি বেছে নেওয়ার ক্ষেত্রে নারীর ব্যক্তিগত প্রয়োজন ও পছন্দকে গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, নারীরা সাধারণত এমন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি চান, যা কার্যকর, গোপনীয়তা বজায় রাখে, সুবিধাজনক, প্রয়োজনে বন্ধ করা যায় এবং নিজেরাই প্রয়োগ করতে পারেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ একনেকে উপস্থাপিত হচ্ছে ১৪টি উন্নয়ন প্রকল্প

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৩ এম


আজ একনেকে উপস্থাপিত হচ্ছে ১৪টি উন্নয়ন প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় নতুন পাঁচটি প্রকল্প এবং সংশোধিত নয়টি প্রকল্পসহ মোট ১৪টি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হচ্ছে। বিদ্যুৎ বিতরণব্যবস্থার আধুনিকায়ন ও সম্প্রসারণের জন্য বরাদ্দের দিক থেকে দুটি প্রকল্প সবচেয়ে বড়। ঢাকা সংলগ্ন ১৩টি এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সক্ষমতা বৃদ্ধির জন্য এই দুটি প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১৩ হাজার ৫৮০ কোটি টাকা।

নতুন উপকেন্দ্র নির্মাণ, বিদ্যমান উপকেন্দ্রের ক্ষমতা বৃদ্ধি, বিদ্যুৎ লাইন নির্মাণ ও সংস্কার এবং আধুনিক প্রযুক্তি স্থাপনের মাধ্যমে মোট দুই হাজার ৬৮১ এমভিএ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্পগুলোর অর্থায়নে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) কাছ থেকে প্রায় ৭৩১ মিলিয়ন ডলার ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রকল্পগুলোর মধ্যে ঢাকার ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণব্যবস্থার ক্ষমতাবর্ধনে ব্যয় ধরা হয়েছে চার হাজার ৬০১ কোটি টাকা। এর মধ্যে সরকার ৯৬২ কোটি ৯৩ লাখ টাকা দেবে, এডিবি ঋণ দেবে ২০০ মিলিয়ন ডলার বা প্রায় দুই হাজার ৪৫৫ কোটি টাকা এবং বাপবিবোর নিজস্ব অর্থায়ন থাকবে এক হাজার ১৮৩ কোটি টাকা।

অন্যদিকে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৯টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণব্যবস্থা আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধনে ব্যয় ধরা হয়েছে আট হাজার ৯৭৯ কোটি টাকা। এর মধ্যে সরকার এক হাজার ২৮২ কোটি টাকা দেবে, এআইআইবি থেকে ৫৩১ মিলিয়ন ডলার বা প্রায় ছয় হাজার ৪৮৯ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে। বাপবিবোর নিজস্ব অর্থায়ন থাকবে এক হাজার ২০৭ কোটি টাকা।

পরিকল্পনা কমিশনের সূত্রে জানা গেছে, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্প দুটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

বুধবার সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে সভাটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান।

প্রকল্পের নথি অনুযায়ী, ঢাকার আশপাশের ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতিতে ২০৩৩ সাল নাগাদ বিদ্যুতের চাহিদা ৯ হাজার ৭৬০ এমভিএ দাঁড়াবে। বর্তমানে চলমান প্রকল্পসহ মোট সক্ষমতা রয়েছে ছয় হাজার ৯৩০ এমভিএ। ফলে চাহিদার তুলনায় ঘাটতি রয়েছে দুই হাজার ৮৩০ এমভিএ।

প্রস্তাবিত প্রকল্পের মাধ্যমে নতুন উপকেন্দ্র নির্মাণ ও বিদ্যমান উপকেন্দ্রের ক্ষমতা বাড়িয়ে এক হাজার ২৬৫ এমভিএ সক্ষমতা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি তিনটি উপকেন্দ্রে অতিরিক্ত ট্রান্সফরমার স্থাপনের মাধ্যমে আরো ৩০ এমভিএ সক্ষমতা বৃদ্ধির সুযোগ রাখা হয়েছে। সব মিলিয়ে সক্ষমতা বাড়বে এক হাজার ২৯৫ এমভিএ।

অন্যদিকে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৯টি পল্লী বিদ্যুৎ সমিতিতে ২০৩১ সাল নাগাদ বিদ্যুতের চাহিদা ৭ হাজার ৩৭০ এমভিএ দাঁড়াবে। বর্তমানে সক্ষমতা রয়েছে পাঁচ হাজার ২৯৪ এমভিএ। অর্থাৎ ঘাটতি দুই হাজার ৭৬ এমভিএ। এ ঘাটতি মোকাবেলায় ৯০টি নতুন উপকেন্দ্র নির্মাণের মাধ্যমে এক হাজার ৩৮৬ এমভিএ সক্ষমতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

দুটি প্রকল্পেই শুধু উপকেন্দ্র নির্মাণ নয়, বিতরণব্যবস্থার আধুনিকায়নে বড় ধরনের অবকাঠামোগত কাজ করা হবে। ঢাকার আশপাশের এলাকায় ৫২টি নতুন উপকেন্দ্র নির্মাণ, ১২টি উপকেন্দ্রের ক্ষমতা বৃদ্ধি, চার হাজার ২০০ কিলোমিটার বিতরণ লাইন নির্মাণ ও উন্নয়নের পরিকল্পনা রয়েছে। চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ৯০টি নতুন উপকেন্দ্রের পাশাপাশি ২৩ হাজার ৪৩৮ কিলোমিটার লাইন নির্মাণ ও উন্নয়ন, ছয়টি সুইচিং স্টেশন এবং কুমিল্লা ও চট্টগ্রাম জোনে এসসিএডিএ ব্যবস্থা স্থাপন করা হবে। এ ছাড়া ফল্ট লোকেটর স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ বিভ্রাটের কারণ দ্রুত শনাক্ত করে সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে।

প্রকল্প দুটির মাধ্যমে বিদ্যুৎ বিতরণে সিস্টেম লস কমানোর লক্ষ্যও রয়েছে। ঢাকার আশপাশের এলাকায় সিস্টেম লস ৫.১ শতাংশ থেকে ৪.৫৭ শতাংশে এবং চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ১০.৩৫ শতাংশ থেকে ৮.৪০ শতাংশে নামানোর পরিকল্পনা করা হয়েছে।

এদিকে, একনেকের আজকের সভায় মোট ১৪টি প্রকল্প উপস্থাপনের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, স্বাস্থ্যসেবা, সমাজকল্যাণ, সংস্কৃতি, স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা ও সড়ক পরিবহন বিভাগের প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি পরিকল্পনামন্ত্রী অনুমোদিত আরো সাতটি প্রকল্পের বিষয়ে একনেককে অবহিত করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ ২২ ক্যারেট সোনা প্রতি ভরি ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকায় বিক্রি হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৫ এম


আজ ২২ ক্যারেট সোনা প্রতি ভরি ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকায় বিক্রি হচ্ছে

দেশের বাজারে সোনার গহনার দাম আবারও বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ভ্যাটসহ ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, বুধবার (২৫ নভেম্বর) পর্যন্ত এই দামেই সোনা বিক্রি হবে। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ানোর কারণে এই মূল্য বৃদ্ধি করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে।

গতকাল মঙ্গলবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে দাম বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করে। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছেন। যদিও সোনার দাম বাড়ানো হয়েছে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

এর আগে, সোমবার (২৩ নভেম্বর) ভালো মানের এক ভরি সোনার গহনার দাম ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়। এর আগে আট দফায় ভালো মানের এক ভরি সোনার দাম ৩৪ হাজার ৬৯০ টাকা কমানো হয়েছিল। এখন সোনার দাম দু’দফায় বাড়ানো হয়েছে।

বর্তমানে, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ১ হাজার ৫১৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা করা হয়েছে।

এছাড়া, ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ১ হাজার ২৮৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকায় নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৪৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা করা হয়েছে।

এর আগে ২৩ নভেম্বর সকাল ১০টা থেকে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা নির্ধারণ করা হয়। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৯৭৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা করা হয়।

এছাড়া, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৫৬৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা নির্ধারণ করা হয়। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা করা হয়। আজ সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এই দামেই সোনার গহনা বিক্রি হবে।

সোনার গহনার দাম বৃদ্ধি করা হলেও রুপার গহনার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৩ হাজার ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%