০৮:৩২ এম
দেশে প্রথমবারের মতো নারীদের জন্যে নিজে ব্যবহার উপযোগী জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’ বাজারে এসেছে। ‘ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’ এই ইনজেকশনটি নারীদের জন্মনিয়ন্ত্রণের সহজ সুবিধার জন্য বাজারে এনেছে।
এই ইনজেকশনটি নারীরা নিজেই শরীরে পুশ করতে পারবেন, যা প্রতিদিন জন্মনিয়ন্ত্রণ বড়ি খাওয়া কিংবা স্বাস্থ্যকর্মীর মাধ্যমে ইনজেকশন নেওয়ার প্রচলিত পদ্ধতির বাইরে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ‘মেডোজেন সাবকিউ’ নামের এই ইনজেকশন বাজারে আনার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। ইনজেকশনে রয়েছে ১০৪ মিলিগ্রাম মেড্রক্সিপ্রোজেস্টেরন অ্যাসিটেট, যা ত্বকের নিচে প্রয়োগ করতে হয়।
আরও পড়ুন: ৪০% মানুষ জানেই না তাদের ডায়াবেটিস আছে: স্বাস্থ্যপ্রতিমন্ত্রী
ইনসেপ্টার দাবি, এটি বিশ্বের প্রথম জেনেরিক সংস্করণ, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদন পাওয়া এ ধরনের জন্মনিয়ন্ত্রণ ইনজেকশনের মধ্যে। একই সঙ্গে, ইউনিজেক্ট ডিভাইসে বাজারজাত করা বাংলাদেশের এটিই প্রথম নিজে প্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন।
প্রতি তিন মাসে একবার বা ১২ থেকে ১৪ সপ্তাহের মধ্যে ত্বকের নিচে এই ইনজেকশন নিতে হয়। ফলে নারীদের ঘনঘন স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার প্রয়োজন হয় না। প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা আশা করছেন, এর ফলে নারীরা সহজে ও সুবিধাজনকভাবে জন্মনিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে পারবেন।
কোম্পানির তথ্য অনুযায়ী, প্রতি ডোজ ইনজেকশনের দাম ৫৫০ টাকা। প্রতিদিন খাওয়ার জন্মনিয়ন্ত্রণ বড়ির তুলনায় এ পদ্ধতিতে ব্যয় ৫.৫২ গুণ কম।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি সোসাইটির (এফএসএসবি) মহাসচিব অধ্যাপক মারুফ সিদ্দিকী। তিনি জানান, জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি বেছে নেওয়ার ক্ষেত্রে নারীর ব্যক্তিগত প্রয়োজন ও পছন্দকে গুরুত্ব দিতে হবে।
আরও পড়ুন: নারীরা জন্ম নিয়ন্ত্রণে নিজেরাই নিতে পারবেন ইনজেকশন
তিনি আরও বলেন, নারীরা সাধারণত এমন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি চান, যা কার্যকর, গোপনীয়তা বজায় রাখে, সুবিধাজনক, প্রয়োজনে বন্ধ করা যায় এবং নিজেরাই প্রয়োগ করতে পারেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন