ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার


আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

বাংলাদেশের আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য ক্রমাগত বিস্তৃত হচ্ছে, যা বিশ্ব অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে চলছে। বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার ওঠানামা করছে, যা এই বর্ধিত বাণিজ্যিক লেনদেনকে সচল রাখতে সহায়তা করছে।

গত মাসে আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) শর্ত বাস্তবায়নের জন্য পর্যায়ক্রমে ডলারের দাম বাড়ানো এবং টাকার মান কমানো হয়েছিল, যদিও বাজারে চাহিদামতো বৈদেশিক মুদ্রার জোগান রয়েছে। বর্তমানে ডলারের দাম ওঠানামার মধ্যেই রয়েছে।

কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংকের তথ্য অনুযায়ী, কয়েক মাস আগে ডলারের দাম সর্বোচ্চ ১২৩ টাকা ৮২ পয়সায় পৌঁছেছিল। বর্তমানে ডলারের লেনদেন হচ্ছে ১২২ টাকা ৮৫ পয়সায়।

আরও পড়ুন: অর্থনীতির অগ্রযাত্রা নস্যাৎ করতে দুর্বৃত্তায়নের রাজনীতি শুরু হয়েছে: অর্থমন্ত্রী

বাংলাদেশ ব্যাংক এবং দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর তথ্য অনুযায়ী আজকের (০৪ অক্টোবর ২০২৬) সর্বনিম্ন মুদ্রা বিনিময় হারের একটি সার্বিক চিত্র নিচে তুলে ধরা হলো—

মুদ্রার নাম বাংলাদেশি টাকা

ইউএস ডলার : ১২২ টাকা ৮৫ পয়সা

ইউরো : ১৩৮ টাকা ২৪ পয়সা

আরও পড়ুন: চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার: অর্থমন্ত্রী

পাউন্ড : ১৬২ টাকা ৬৬ পয়সা

কানাডিয়ান ডলার : ৮৬ টাকা ১৮ পয়সা

অস্ট্রেলিয়ান ডলার : ৮৫ টাকা ৪১ পয়সা

চায়নিজ ইয়েন : ১৮ টাকা ৩১ পয়সা

আরও পড়ুন: বাণিজ্য বাধা কমানো ও আঞ্চলিক যোগাযোগ জোরদারে এপের ঐকমত্য

সিঙ্গাপুরি ডলার : ৯৫ টাকা ৯৮ পয়সা

ভারতীয় রুপি : ১ টাকা ২৭ পয়সা

মালয়েশিয়ান রিঙ্গিত : ৩০ টাকা ০৯ পয়সা

সৌদি রিয়াল : ৩২ টাকা ৭২ পয়সা

আরও পড়ুন: পোশাক শ্রমিকদের মজুরি প্রস্তাবে সিপিডির বিরুদ্ধে বিজিএমইএর আপত্তি

কাতারি রিয়াল : ৩৩ টাকা ৭৪ পয়সা

কুয়েতি দিনার : ৩৯৮ টাকা ০১ পয়সা

আরব আমিরাতের দিরহাম : ৩৩ টাকা ৪৭ পয়সা

*মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে।

আরও পড়ুন: রাজনৈতিক অস্থিতিশীলতায় দেশের অর্থনীতি অনেক ভালো করতে পারিনি: আহসান এইচ মনসুর

আর্থিক খাতের বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের কঠোর মনিটরিং এবং প্রবাস আয়ের (রেমিট্যান্স) প্রবাহ ইতিবাচক থাকায় খোলাবাজার ও অফিশিয়াল রেটের মধ্যকার ব্যবধান অনেকটাই কমে এসেছে।

আইএমএফের শর্ত বাস্তবায়নের জন্য মাস খানেক আগে ডলারের দাম কিছুটা বেড়েছিল, তবে বর্তমানে সেটি কিছুটা কমে এসেছে। আমদানিকারক ও সাধারণ ব্যবসায়ীদের জন্য এটি কিছুটা স্বস্তিদায়ক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ডিজিটাল মাধ্যমে যৌন নিপীড়ন’ নিয়ে ক্ষোভ প্রকাশে জুনিয়র এনটিআরের পাশে বিজয়

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:১১ পি.এম


‘ডিজিটাল মাধ্যমে যৌন নিপীড়ন’ নিয়ে ক্ষোভ প্রকাশে জুনিয়র এনটিআরের পাশে বিজয়

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার করে তৈরি বিকৃত ছবি ও ভিডিও নিয়ে একের পর এক তারকা আইনি পদক্ষেপ গ্রহণ করছেন। দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন। তিনি জাহ্নবী কাপুরের সঙ্গে অভিনীত ‘দেবরা: পার্ট ১’-এর জনপ্রিয় গান ‘চুট্টামাল্লে’র দৃশ্য বিকৃত করে তৈরি একটি ভিডিও নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এনটিআর একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন।

এনটিআরের অবস্থানকে পূর্ণ সমর্থন জানিয়েছেন অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। তিনি ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেছেন এবং জড়িত প্রত্যেকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। বিজয়ের মতে, এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড ডিজিটাল মাধ্যমে যৌন নিপীড়নেরই শামিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ক্ষোভ জানিয়ে বিজয় লেখেন, ‘অত্যন্ত নিম্নরুচির পরিচয়। প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’ কাউকে অপমান করে আনন্দ পাওয়াকে তিনি চূড়ান্ত অসংবেদনশীলতা বলেও মন্তব্য করেন। হতাশা প্রকাশ করে বিজয় প্রশ্ন তোলেন, ‘আমরা একে অপরের প্রতি এতটা অসংবেদনশীল হয়ে গেলাম কবে?’

এছাড়া, এমন মানসিকতা তৈরির পেছনে পরিবার, অভিভাবকত্ব ও সমাজের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজয়। এআইয়ের মতো উন্নত প্রযুক্তির অপব্যবহার প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, ‘কিছু মানুষের জন্য সেই প্রযুক্তির প্রকৃত গুরুত্বটাই হারিয়ে যাচ্ছে।’

সিনেমার একটি গানের দৃশ্য বিকৃত করে তৈরি ভিডিওটির তীব্র নিন্দা জানিয়ে বিজয় আরো বলেন, ‘এটা তো ডিজিটাল সেক্সচুয়াল অ্যাসল্ট।’

যেসব ঘটনা কারও ভাবমূর্তি নষ্ট করছে, সেগুলোর বিরুদ্ধে গুরুত্বসহকারে আইনি ব্যবস্থা নেওয়া উচিত বলেও মত দিয়েছেন তিনি। জুনিয়র এনটিআর ও জাহ্নবীর বিকৃত ভিডিওকে ‘জঘন্য, অসুস্থ মানসিকতার এবং নির্লজ্জ’ বলে ক্ষোভ প্রকাশ করেন বিজয়।

এর আগে জুনিয়র এনটিআরও ভিডিওটি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি অনুরোধ করেছেন, কেউ যেন ভিডিওটি না দেখেন এবং কোনোভাবেই এটি শেয়ার না করেন। একই সঙ্গে এআইয়ের অপব্যবহার বন্ধে আরও কঠোর আইন ও বিধি প্রণয়নের আহ্বান জানিয়েছেন।

এ ধরনের ‘ব্যধি’ চিরতরে নির্মূল করতে রাজ্য সরকারের পাশাপাশি ভারত সরকারকেও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জুনিয়র এনটিআর। তিনি বলেন, যারা ভিডিওটি তৈরি ও ছড়িয়ে দিয়েছেন, তাদের কোনোভাবেই ক্ষমা করা হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন ২৮৭ জনের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:১১ পি.এম


ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন ২৮৭ জনের

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ভোট দেওয়ার জন্য মোট ২৮৭ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে ২৯ জন প্রবাসী এবং ২৫৮ জন দেশের অভ্যন্তরে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটার রয়েছেন।

রোববার (৪ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা এই তথ্য প্রকাশ করেছেন। একইসঙ্গে জানানো হয়েছে যে, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় আজ শেষ হচ্ছে।

ইসির তফসিল অনুযায়ী, আগামী ৬ অক্টোবর আপিল নিষ্পত্তি হবে। এছাড়া ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

ভোটগ্রহণ আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা অনুষ্ঠিত হবে।

এর আগে, গত ২৯ সেপ্টেম্বর জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৈধ মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

বৈধ ঘোষিত প্রার্থীদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ওবায়দুল্লাহ মাসুদ ও মির্জা ফয়সল আমীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক অন্তর্ভুক্ত রয়েছেন।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ভোটার ছিলেন ৫ লাখ ৭ হাজার ২০৩ জন। তবে সম্প্রতি নতুন ভোটার যুক্ত হওয়ায় বর্তমানে এ আসনের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ১৫ হাজার ৫২৫ জনে।

উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবে ‘ডেঙ্গু নগরী’ খ্যাত পৌর ২নং ওয়ার্ডে একের পর এক মৃত্যুর ঘটনায় এলাকাবাসীর বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম। ভৈরব (কিশোরগঞ্জ)

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:২১ পি.এম


ভৈরবে ‘ডেঙ্গু নগরী’ খ্যাত পৌর ২নং ওয়ার্ডে একের পর এক মৃত্যুর ঘটনায় এলাকাবাসীর বিক্ষোভ

ভৈরবে একই এলাকায় ফের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। ৪ অক্টোবর রবিবার সকাল ১০টায় ‘ডেঙ্গু নগরী’ খ্যাত পৌর শহরের ২নং ওয়ার্ডে একের পর এক মৃত্যুর ঘটনায় বাগানবাড়ী রোড মনামারা ব্রিজ সংলগ্ন এলাকা ও আইস কোম্পানির মোড়ে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রশাসনের অবহেলা ও মশক নিধনে কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তোলেন পৌর শহরের ২নং ওয়ার্ডের বাসিন্দারা। তাঁদের দাবি, পৌর শহরের মধ্যে ভৈরবপুর দক্ষিণ পাড়াতেই সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং মৃত্যুর সংখ্যাও ২ নম্বর ওয়ার্ডেই বেশি।
এদিকে বেলা ১২টার দিকে বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়ে অবরোধকারীদের দাবি মেনে নিয়ে অবরোধ প্রত্যাহার করিয়ে নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম. আজিমুল হক।
এর আগেও গত ২৬ সেপ্টেম্বর ২ নম্বর ওয়ার্ডবাসী ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে দুটি বড় ময়লার ভাগাড় অপসারণের দাবিতে ভৈরবের একই সড়ক অবরোধ করে আন্দোলন করেছিলেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জাহিদুল হক জাবেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুল হক সুজন, পৌর ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনিস উল্লাহ মিয়া, ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী ইসমাইল, যুবদল সভাপতি জাহিদ মিয়া (জাবেদ), ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম হৃদয় এবং স্থানীয় বাসিন্দা শামীম আহমেদ, রাকিব হাসান ও শহীদ মিয়া প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দিন দিন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। একের পর এক মৃত্যুর ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে। জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত, কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণের দাবিতে তাঁরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
বিক্ষোভ সমাবেশে ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জাহিদুল হক জাবেদ বলেন, "ভৈরবে ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে। শহরের প্রতিটি বাড়িতে ডেঙ্গুর রোগী রয়েছে। এদিকে পৌর ২নং ওয়ার্ডে ঘরে ঘরে ৪ থেকে ৫ জন করে ডেঙ্গু রোগী রয়েছে। এই ওয়ার্ডের ২০ থেকে ২৫ জন রোগী ঢাকাসহ বিভিন্ন হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন। আমরা চেম্বারের পক্ষ থেকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছি। উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নানাবিধ উদ্যোগ নিলেও পৌর ২নং ওয়ার্ডে দিন দিন ডেঙ্গু ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে।"
এর কারণ চিহ্নিত করে তিনি বলেন, "পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডে ছোট ছোট ময়লার একাধিক স্তূপের পাশাপাশি দুটি বড় ভাগাড় রয়েছে। এর মধ্যে বাগানবাড়ী রোড মনামারা ব্রিজ সংলগ্ন এলাকা ও ভৈরব রেলওয়ে স্টেশন রোডের পাশের ময়লার স্তূপ থেকে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। সেগুলোর ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা না করলে শুধু ডেঙ্গু নয়, ওই ওয়ার্ডের মানুষের মাঝে নানা রোগব্যাধি ছড়াবে।"
ডেঙ্গু প্রতিরোধে ভৈরব পৌর প্রশাসককে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দাবির প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম. আজিমুল হক বলেন, "ভৈরবে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়া নিয়ে আমাদের মধ্যেও উদ্বেগ রয়েছে। আমরাও ভৈরবের বাসিন্দা। আমাদের স্বাস্থ্য সুরক্ষাসহ ভৈরববাসীর সুরক্ষা আমাদেরই দিতে হবে। এই ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে ইতোমধ্যে স্টেশন এলাকার ময়লার ভাগাড় অপসারণের প্রক্রিয়া শুরু হয়েছে। দুই-একদিনের মধ্যে মনামারা ব্রিজ সংলগ্ন এলাকার ময়লার ভাগাড় অপসারণ করা হবে।"
তিনি আরও বলেন, "ময়লা ব্যবস্থাপনার স্থায়ী সমাধানের জন্য ডাম্পিং স্টেশন নির্মাণসহ বিকল্প ব্যবস্থার প্রস্তুতি চলছে। ইতোমধ্যে জমি নির্ধারণ করা হয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সচেতনতামূলক প্রচার নয়—মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত মশক নিধন, দ্রুত ময়লা অপসারণ এবং আক্রান্ত এলাকাগুলোতে বিশেষ নজরদারি করছে উপজেলা প্রশাসন।"
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ড. কিশোর কুমার ধর বলেন, "যতক্ষণ না আমাদের সচেতনতা বৃদ্ধি পাবে, ততক্ষণ ডেঙ্গু থেকে কেউ রেহাই পাবে না। আমার পরিবারও ডেঙ্গু আক্রান্ত। কেবল আমি সচেতন হলেই যে ডেঙ্গু হবে না তা নয়; আমাদের চারপাশের এলাকাগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে যেন কোনোভাবেই পানি জমে থাকতে না পারে।"
তিনি আরও জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ৪ অক্টোবর পর্যন্ত ৩১ জন রোগী ভর্তি রয়েছেন এবং বহির্বিভাগে প্রতিনিয়ত কয়েক শতাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন। গত আগস্টের তুলনায় সেপ্টেম্বরে দ্বিগুণ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বেসরকারি হাসপাতালগুলোতেও প্রতিদিন শতাধিক রোগী সেবা নিচ্ছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডেঙ্গু মোকাবিলা ও আক্রান্ত রোগীদের সর্বোচ্চ চিকিৎসা প্রদান করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একদিন পরই টাঙ্গাইল জেলা দলিল লেখক সমিতির নবগঠিত কমিটি বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ একদিল হোসেন স্টাফ রিপোর্টার

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৩১ পি.এম


একদিন পরই টাঙ্গাইল জেলা দলিল লেখক সমিতির নবগঠিত কমিটি বাতিল

কমিটি গঠনের একদিন পরই বাংলাদেশ দলিল লেখক সমিতির টাঙ্গাইল জেলা শাখার নবগঠিত কমিটি বাতিল করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ দলিল লেখক সমিতির মহাসচিব কে.এস. হোসেন টমাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ দলিল
লেখক সমিতি টাঙ্গাইল জেলা শাখা আয়োজিত দলিল লেখক সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টি এবং গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে নবগঠিত টাঙ্গাইল জেলা কমিটি বাতিল করা হয়েছে। বাংলাদেশ দলিল লেখক সমিতির চেয়ারম্যান এম.এ. রশিদের নির্দেশক্রমে কমিটিটি বাতিল করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় টাঙ্গাইল জেলা সদর সাব-রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে ‘দলিল লেখক সমাবেশ-২০২৬’ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দলিল লেখক সমিতির টাঙ্গাইল জেলা শাখা এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। তিনি বলেন, “আপনাদের যে ৭টি যৌক্তিক দাবি রয়েছে, তা আমি আমার দলের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাব।”

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মাহমুদুল হক সানু। সমাবেশে প্রধান বক্তা বাংলাদেশ দলিল লেখক সমিতির চেয়ারম্যান আলহাজ্ব এম.এ. রশিদ টাঙ্গাইল জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি হিসেবে মো. হুমায়ুন রশিদ আকন্দ (সোনা) এবং সাধারণ সম্পাদক হিসেবে আলহাজ্ব খন্দকার জাহিদ হোসেনের নাম ঘোষণা করা হয়।

এদিকে কমিটি ঘোষণার পরদিনই সেটি বাতিলের ঘোষণা আসে। তবে সমাবেশে ঠিক কী ধরনের বিশৃঙ্খলা ও গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ড হয়েছে, বিজ্ঞপ্তিতে তার বিস্তারিত উল্লেখ করা হয়নি।

সমাবেশে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ দলিল লেখক সমিতির মহাসচিব কে.এস. হোসেন টমাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী, বাংলাদেশ দলিল লেখক সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হক মিয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব আলহাজ্ব ফিরোজ আলম, যুগ্ম মহাসচিব রুহুল আমিন খান ও মো. আরজু আকন্দ এবং সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফাসহ সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা দলিল লেখক সমিতির সভাপতি মো. ইমান আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন নবগঠিত কমিটির সভাপতি মো. হুমায়ুন রশিদ আকন্দ (সোনা)।

সমাবেশে বক্তারা দলিল লেখকদের বিভিন্ন সমস্যা, পেশাগত সুযোগ-সুবিধা ও অধিকার নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে সাত দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। কমিটি বাতিলের পর নতুন কমিটি কবে এবং কীভাবে গঠন করা হবে, বিজ্ঞপ্তিতে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%