শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৩:৫১ পি.এম
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া ও তথ্যের ভিত্তিতে সিপিডির প্রস্তাবের বিরুদ্ধে আপত্তি জানিয়েছে পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।
এই বিষয়ে সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদের কাছে একটি চিঠি পাঠিয়ে নিজেদের পর্যবেক্ষণ এবং পাল্টা পরিসংখ্যান উপস্থাপন করেছে সংগঠনটি।
বিজিএমইএ চিঠিতে উল্লেখ করেছে, শ্রমিকদের পরিবারের সদস্য ও উপার্জনক্ষম ব্যক্তির সংখ্যা নির্ধারণে গড়ের পরিবর্তে মিডিয়ান ব্যবহার করার ফলে প্রকৃত চিত্র প্রতিফলিত হয়নি। তারা আরও জানায়, পুরো পোশাকশিল্পের জন্য শুধুমাত্র ঢাকা-আরবান এলাকার দারিদ্র্যসীমা বিবেচনা করাও যুক্তিসঙ্গত নয়। কারণ, তাদের হিসাব অনুযায়ী, ঢাকা-আরবান এলাকার কারখানা থেকে দেশের মোট পোশাক রপ্তানির মাত্র ৯ শতাংশ আসে।
এছাড়াও, সিপিডির প্রস্তাবে খাদ্যবহির্ভূত ব্যয়ের সঙ্গে অতিরিক্ত আবাসন ব্যয় যুক্ত করার কারণে দ্বৈত গণনার সম্ভাবনা রয়েছে বলেও দাবি করেছে বিজিএমইএ। শিল্পের আর্থিক সংকট তুলে ধরে সংগঠনটি জানায়, গত ৩ বছরে উৎপাদন ব্যয় ২৫ থেকে ৩০ শতাংশ বেড়েছে। অথচ, একই সময়ে রপ্তানি মূল্য ২ দশমিক ৬ শতাংশ কমেছে। অন্যদিকে, ব্যাংক ঋণের সুদের হার বেড়ে ১২ থেকে ১৬ শতাংশে পৌঁছেছে। রপ্তানি প্রণোদনাও কমেছে।
বিজিএমইএর দাবি, গত ৩ বছরে ২৮৭টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। পাশাপাশি, ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে বাংলাদেশে ন্যূনতম মজুরি ১৩৬ শতাংশ বেড়েছে, যেখানে ভারত, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় বেড়েছে যথাক্রমে ৫৯, ৫৪ ও ৫০ শতাংশ।
চিঠিতে ২০২৩ সালে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরির পরবর্তী ইনক্রিমেন্ট এবং ২০২৪ সালে দেওয়া ৯ শতাংশ ইনক্রিমেন্টের বিষয়টিও তুলে ধরা হয়েছে।
বিজিএমইএর মতে, মজুরি নির্ধারণের ক্ষেত্রে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, শিল্পের সক্ষমতা, আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং সামগ্রিক ব্যবসায়িক পরিস্থিতিও গুরুত্ব সহকারে বিবেচনা করা প্রয়োজন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না পেয়ে রেদোয়ান হোসেন রিফাত (৩৬) নামে এক ব্যাংক কর্মকর্তাকে হত্যা করে তার মরদেহ পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ স্থানীয় এক কিশোর গ্যাং সদস্যের বিরুদ্ধে উঠেছে।
শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার বারপাড়া ইউনিয়নের লালমাই শিবপুর মধ্যমপাড়ার একটি পুকুর থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত রেদোয়ান হোসেন রিফাত কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের শিবপুর মৈশান বাড়ির দেলোয়ার হোসেনের পুত্র। তিনি লালমাই বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
অভিযুক্ত আবরাদ হাসান সজিব, কলেজ পাড়ার সাবেক যুবলীগ নেতা কবির হোসেন রিঙ্কুর ছেলে। তিনি দীর্ঘ সময় ধরে এলাকায় একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে আসছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত পাঁচ দিন আগে সজিব লালমাই বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় গিয়ে রেদোয়ান হোসেনের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সজিব তাকে মারধর করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন ভেঙে ফেলে। এরপর থেকেই রেদোয়ান নিখোঁজ ছিলেন। তার কোনো খোঁজ না পেয়ে বাবা দেলোয়ার হোসেন সদর দক্ষিণ মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজের পাঁচ দিন পর শিবপুর মধ্যমপাড়া এলাকার সৈয়দুজ্জামানের বাড়ির পাশের একটি পুকুরে রেদোয়ানের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
নিহতের বাবা দেলোয়ার হোসেন বলেন, "আমার ছেলেকে সজিব হত্যা করে পুকুরে ফেলে দিয়েছে। এই ঘটনায় আমি তার সর্বোচ্চ বিচার ফাঁসি দাবি করছি।"
তিনি আরও বলেন, "সজিব আমার ছেলের কাছে চাঁদা চায়। না দেওয়ায় সেদিন তাকে ব্যাপক মারধর করে। ভেবেছিলাম আর ঝামেলা করবে না। আজ আমার চোখের সামনে ছেলের লাশ। এটা কিভাবে মানব?"
এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, "গত ১৭ তারিখ থেকে রেদোয়ান হোসেন নিখোঁজ ছিলেন। শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। এ ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকে পুলিশ মাঠে নেমেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের ধনমণ্ডল ঢাকাইয়া পাড়া গ্রামে জ্ঞানের আলো ছড়ানোর উদ্দেশ্যে বসুন্ধরা শুভসংঘ পাঠাগার যাত্রা শুরু করেছে। এই পাঠাগারটি গ্রামীণ জনগণের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চার সুযোগ বৃদ্ধি করা এবং শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১২টায় আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়, যেখানে একুশে পদকপ্রাপ্ত দুই বাংলার প্রখ্যাত কথাসাহিত্যিক, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও বসুন্ধরা শুভসংঘের প্রধান ইমদাদুল হক মিলন উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, দিনাজপুর সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান আলী সায়েদ, অবসরপ্রাপ্ত শিক্ষক শামসুল হক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী, এলাকাবাসী ও বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।
প্রত্যন্ত গ্রামাঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং নতুন প্রজন্মকে বইমুখী করে তুলতে এই পাঠাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত ব্যক্তিরা আশা প্রকাশ করেন।
ইমদাদুল হক মিলন বলেন, ‘শহরাঞ্চলের তুলনায় প্রত্যন্ত গ্রামের শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের বাইরে বিভিন্ন ধরনের বই পড়ার সুযোগ অনেক ক্ষেত্রেই সীমিত। বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগের ফলে এলাকার শিশু-কিশোর ও তরুণেরা সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান, সাধারণ জ্ঞানসহ বিভিন্ন বিষয়ে বই পড়ার সুযোগ পাবে। পাশাপাশি পাঠাগারটি স্থানীয় শিক্ষার্থী ও বইপ্রেমীদের জ্ঞানচর্চা এবং সৃজনশীল চিন্তাভাবনা বিকাশের একটি কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।’
পাঠাগার উদ্বোধনকে কেন্দ্র করে স্থানীয় শিক্ষার্থী ও বাসিন্দাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। গ্রামের মধ্যে এমন একটি পাঠাগার প্রতিষ্ঠিত হওয়ায় তারা আনন্দ প্রকাশ করেন।
স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেন, পাঠাগারটি শুধু বই পড়ার স্থান হিসেবেই সীমাবদ্ধ থাকবে না; বরং এটি শিশু-কিশোরদের মেধা ও মনন বিকাশ, নৈতিক মূল্যবোধ গঠন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত বই পড়ার মাধ্যমে নতুন প্রজন্ম নিজেদের জ্ঞানসমৃদ্ধ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার সুযোগ পাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে তারকাদের অভাব নেই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়নও তারা। কিন্তু ঘরের মাঠে টেস্ট ম্যাচ দেখার জন্য দর্শকদের আগ্রহ যেন ক্রমশ কমে যাচ্ছে। বাংলাদেশের বিপক্ষে জোহানেসবার্গ টেস্টেও দর্শক উপস্থিতি ছিল কম।
দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাদার এই পরিস্থিতি ভালোভাবে নেননি। তাই তিনি দর্শকদের মাঠে ফেরানোর জন্য একটি অভিনব পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, অফিসের কাজ থাকলে ল্যাপটপ ও পাওয়ার ক্যাবল নিয়ে স্টেডিয়ামে আসতে।
ওয়ান্ডারার্স স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়লাভ করে। ব্যাট ও বল উভয় ক্ষেত্রেই দারুণ পারফর্ম করে ম্যাচসেরা হন রাবাদা। তিনি ৮ উইকেট নিয়েছেন এবং প্রথম ইনিংসে করেছেন ক্যারিয়ারসেরা ৭২ রান। তবে দলের এমন দাপুটে জয়ের পরও গ্যালারির ফাঁকা আসনগুলো তার দৃষ্টি এড়ায়নি।
জোহানেসবার্গ টেস্টের পাঁচ দিনে মোট ২৩ হাজার ৫০০ দর্শক মাঠে উপস্থিত ছিলেন। প্রায় ২৮ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে প্রথম দিন ৯ হাজার দর্শক থাকলেও পরবর্তী দিনগুলোতে গড় দর্শক সংখ্যা ছিল মাত্র ২ হাজারের কাছাকাছি। রাবাদার মতে, এতে মাঠের আবহাওয়ায় প্রভাব পড়েছে।
দর্শকদের মাঠে আসার জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি জানি এখন মানুষের কাজের অনেক চাপ। সামনেই সবাই বোনাস পাবে, গ্রীষ্মকালও চলে আসবে। আমার মনে হয় তখন আবার গ্যালারি দর্শকে ভরে উঠবে। তবে আজকাল তো অনেকেই স্টেডিয়ামে বসে অফিসের কাজ করেন। তাই আমি বলব আপনারা ল্যাপটপ ও পাওয়ার ক্যাবল নিয়ে মাঠে চলে আসুন।’
রাবাদার মতে, গ্যালারিতে দর্শক থাকলে খেলোয়াড়দের মধ্যে বাড়তি উদ্দীপনা সৃষ্টি হয়। দর্শক কম থাকলে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে সেই আবহ পাওয়া কঠিন হয়ে পড়ে।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে সেঞ্চুরিয়নে, আগামী সোমবার (২৩ নভেম্বর)। কর্মদিবসে শুরু হতে যাওয়া সেই ম্যাচে দর্শকসংখ্যা বাড়বে কি না, সেটি এখন দেখার অপেক্ষা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ