শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৯:২৪ পি.এম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা মহানগরী জামায়াতের তত্ত্বাবধায়ক মাওলানা আবদুল হালিম মন্তব্য করেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়িত হলে দেশে ফ্যাসিবাদ পুনরায় ফিরে আসার সুযোগ থাকবে না। তিনি বলেন, গণভোটের রায় ও জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে রাষ্ট্রীয় সংস্কার নিশ্চিত করা অপরিহার্য। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং জনগণের অধিকার রক্ষায় সকল রাজনৈতিক দল ও মতের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শুক্রবার বিকেল ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী কর্তৃক আয়োজিত কর্মী শিক্ষাশিবিরে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিমের সদস্য মু. আব্দুস সাত্তারের পরিচালনায় শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মু. লিয়াকত আলী ভূঁইয়া এবং কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল মতিন।
মাওলানা আবদুল হালিম আরও বলেন, গণভোটের রায় ও জুলাই সনদকে উপেক্ষা করে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টির জন্য সরকার দায়ী। সরকারের এই আচরণ জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। এর ফলে পতিত ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে।
তিনি উল্লেখ করেন, সরকারের ব্যর্থতায় দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পতিত ফ্যাসিস্ট আওয়ামী অপশক্তি আগুন-সন্ত্রাস এবং নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের ব্যর্থতায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। এই অবস্থান থেকে দেশ ও জাতিকে রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
মাওলানা আবদুল হালিম বলেন, জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব। কিন্তু এই ক্ষেত্রে সরকারের যথাযথ ও দৃশ্যমান পদক্ষেপ নেই। গণভোটের রায় বাস্তবায়ন না করায় ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যে বিভক্তি তৈরি হয়েছে। এর সুযোগে ফ্যাসিবাদী শক্তি তাদের অপতৎপরতা চালানোর সুযোগ পাচ্ছে।
তিনি আরও বলেন, কোন দল ক্ষমতায় থাকবে, সেটি মুখ্য বিষয় নয়; বরং জনগণের অধিকার, নিরাপত্তা, স্বাধীনতা এবং গণতন্ত্র রক্ষা করাই প্রধান বিষয়। জুলাই জাতীয় সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন করা হলে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হতো না। প্রয়োজনে জুলাই বিপ্লবের মতো আরেকটি বিপ্লবের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে।
মাওলানা আবদুল হালিম বলেন, আবু সাঈদের বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান হবে না। প্রশাসনের সর্বস্তর থেকে ফ্যাসিবাদী প্রভাব দূর করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষ ও জবাবদিহিমূলক করতে হবে। জাতীয় ঐক্য সুদৃঢ় করে দেশ ও জনগণের স্বার্থবিরোধী সকল অপতৎপরতা প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬,
লকডাউনে থাইল্যান্ডে জাকির খান, অনুসারীদের বৃষ্টিতে মিছিল
আলোচিত ভাইরাল নেতা জাকির খান বর্তমান পরিবার নিয়ে বিদেশে অবস্থানের খবরে বিএনপিতে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এমন আলোচনা মধ্যে এবার লকডাউনের দিনে মাঠে তাঁর অনুসারীদের দেখা মিলেছে।
বিএনপিতে পদবিহীন জাকির খানের অনুপস্থিতিতে মিছিলে অর্ধশতাধিক নেতাকর্মীর অংশগ্রহণ করেন। আওয়ামী লীগের লকডাউন ঘিরে তাঁর সরাসরি রাজনৈতিক তৎপরতা না থাকায় আলোচনা শুরু হয়েছে।
নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনায় সাবেক ছাত্রদল নেতা জাকির খান। আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী লকডাউন কর্মসূচির দিন তাঁকে নারায়ণগঞ্জের রাজপথে দেখা না গেলেও তাঁর অনুসারীরা বৃষ্টির মধ্যে মিছিল করেছেন। অন্যদিকে পরিবার নিয়ে তাঁর থাইল্যান্ডে অবস্থানের খবর ছড়িয়ে পড়ায় অনুসারীদের মিছিল করতে দেখা যায়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের ২ নম্বর রেলগেট এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে মিছিলটি বের হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। বৃষ্টির মধ্যেও মিছিলে অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন।
মিছিলকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির প্রতিবাদ জানান। তবে মিছিলে জাকির খান নিজে উপস্থিত ছিলেন না। তাঁর অনুসারীদের অংশগ্রহণে কর্মসূচি পালিত হলেও তাঁর অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
এদিকে জাকির খানের থাইল্যান্ডে অবস্থানের বিষয়টি নতুন নয়। তার পায়ের ব্যথার চিকিৎসার জন্য ১৬ জুলাই তিনি থাইল্যান্ডে যান। ১৯ নভেম্বর তাঁর পরিবারসহ থাইল্যান্ডে সময় কাটানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
জাকির খান নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং মহানগর বিএনপির নেতা হিসেবে পরিচিত। তবে বর্তমানে তাঁর কোনো পদে না থাকলেও নতুন কমিটিতে তাকে গুরুত্বপূর্ণ স্থানে দেখার আশায় রয়েছেন।
উল্লেখ্য, ২০০৩ সালে ব্যবসায়ী শাব্বির আলম হত্যা মামলার পর তিনি দেশ ছেড়ে থাইল্যান্ডে অবস্থান করেন। ২০২২ সালের ৩ সেপ্টেম্বর র্যাব তাঁকে গ্রেপ্তার করে। দীর্ঘ কারাবাসের পর ১৩ এপ্রিল ২০২৫ সালে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।
তবে আওয়ামী লীগের বিরুদ্ধে তাঁর তৎপরতায় গত ৪ নভেম্বর তাঁর উদ্যোগে বড় বিক্ষোভ মিছিল এবং ১৯ নভেম্বর তাঁর নির্দেশনায় স্বেচ্ছাসেবক দলের একটি বিক্ষোভ কর্মসূচির পালন করেন জাকির খান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম, ২০ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রামে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল এবং খাবার বিতরণ করা হয়েছে, যা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনায় অনুষ্ঠিত হয়।
আজ বাদ আসর নগর বিএনপির দলীয় কার্যালয় চত্বরে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, কর্মময় জীবনের সাফল্য এবং দেশ ও জাতির কল্যাণে তাঁর অব্যাহত ভূমিকার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, যুগ্ম আহ্বায়ক মিয়া ভোলা, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল ও শিহাব উদ্দিন মুবিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া, বাদ জুমা নগরীর শাহ আমানত মাজারসংলগ্ন তনজিমুল মোছলেমীন এতিমখানায় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে সেখানে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এতে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, সদস্যসচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম আহ্বায়ক মাঈনুদ্দিন রাশেদ, জহিরুল হক টুটুল, রাজীব উদ্দিন আকন্দ, মহসিন কবির আপেল ও হারুনুর রশিদসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, দেশ রক্ষা তারেক মঞ্চের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এতে চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, সহ-সভাপতি ফজলুল হক সুমনসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ