০৭:৪৬ পি.এম
বাংলাদেশ ব্যাংক পদ্মা ব্যাংক পিএলসির কোর ব্যাংকিং সফটওয়্যার (সিবিএস) উন্নয়নের জন্য পূর্বে প্রদত্ত ডাউনটাইমের অনুমোদন বাতিল করেছে। একইসাথে, গত ২২ নভেম্বর জারি করা আগের সার্কুলারটিও বাতিল করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজড ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) একটি সার্কুলার জারি করে। সার্কুলারটি দেশের সকল কার্যরত তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, পদ্মা ব্যাংকের ফ্লোরা ব্যাংক কোর ব্যাংকিং সিস্টেমের (সিবিএস) ২০.৪ সংস্করণ থেকে ২২.৪ সংস্করণে উন্নীত করার জন্য ডাউনটাইমের অনুমোদন দেওয়া হয়েছিল। তবে, এই অনুমোদনটি বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার পেলেন সালাহউদ্দীন সুমন
এর প্রেক্ষিতে, গত ২২ নভেম্বর জারি করা এসডিএডি সার্কুলার লেটার নম্বর ২২-ও কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক বাতিল ঘোষণা করা হয়েছে। সার্কুলারে আরও উল্লেখ করা হয়েছে যে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর (২০২৩ সাল পর্যন্ত সংশোধিত) ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হয়েছে।
তবে, অনুমোদন বাতিলের কারণ, সফটওয়্যার উন্নয়নের নতুন সময়সূচি বা রোলব্যাক-সংক্রান্ত বিস্তারিত কোনো তথ্য সার্কুলারে অন্তর্ভুক্ত করা হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন