০১:৫২ পি.এম
আগামী ১৮ নভেম্বর (বুধবার) রাজধানীর উত্তরা সেন্টার মেট্রোরেল স্টেশন সংলগ্ন দিয়াবাড়ি ময়দানে শুরু হতে যাচ্ছে দাওয়াতে ইসলামী বাংলাদেশের আয়োজনে তিন দিনব্যাপী ‘সুন্নাতে ভরা ইজতিমা’।
২০ নভেম্বর জুমার নামাজ ও আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে কোরআন ও সুন্নাত প্রচারের জন্য এই অরাজনৈতিক দ্বীনী সংগঠনের মহাসমাবেশ।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ইজতেমা ময়দানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন দাওয়াতে ইসলামী বাংলাদেশের মিডিয়া বিভাগের জিম্মাদার মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী আত্তারী। সংবাদ সম্মেলনে জানানো হয়, ইজতেমা উপলক্ষে দিয়াবাড়ি ময়দানজুড়ে বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। আগত লাখ লাখ মুসল্লির নিরাপত্তার জন্য পুলিশ চেকপোস্ট ও সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি ৮টি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার পাশাপাশি দাওয়াতে ইসলামীর নিজস্ব কয়েকশ নিরাপত্তাকর্মী সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। এছাড়া মুসল্লিদের জন্য ওজু, গোসল, প্রয়োজনীয় হাজতখানা এবং বিশুদ্ধ খাবার পানির পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। পিডিবির সহায়তায় বিদ্যুৎ সংযোগের পাশাপাশি ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে বিশেষ সেবা ব্যবস্থাও প্রস্তুত রাখা হয়েছে।
আরও পড়ুন: মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এনওসি না পাওয়ায় স্থগিত
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন দাওয়াতে ইসলামী বাংলাদেশের জিম্মাদার আলহাজ সৈয়দ মুহাম্মদ ফোজায়েল আত্তারী। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সৈয়দ মুহাম্মদ এরশাদ, হাফেজ ফরিদুল ইসলাম ও মুহাম্মদ সাকিব আত্তারীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
সংগঠনটির আদর্শ ও কার্যক্রম সম্পর্কে মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী আত্তারী বলেন, "দাওয়াতে ইসলামী সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী, সুফিবাদ ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদায় বিশ্বাসী একটি অরাজনৈতিক সংগঠন। বাংলাদেশে ২০০৭ সাল থেকে আমরা এই ইজতেমা আয়োজন করে আসছি।"
আয়োজকরা জানান, তিন দিনের এই ইজতেমায় বরেণ্য সুন্নি ওলামায়ে কেরাম ও মুবাল্লিগগণ কোরআন, সুন্নাহ ও ইজমা-কিয়াসের ভিত্তিতে বয়ান করবেন। একইসাথে ইসলামের ফরজ, ওয়াজিব, সুন্নাত ও নফল ইবাদতের পদ্ধতি দালিলিক প্রমাণসহ মুসল্লিদের হাতে-কলমে শেখানো হবে। প্রতিদিন বয়ান শেষে মিলাদ, কিয়াম ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও মুসলিম বিশ্বের জন্য বিশেষ দোয়া করা হবে।
বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ ইউরোপ-আফ্রিকার বিভিন্ন দেশে নিয়মিত এই ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমা শেষে মুসল্লিরা ১২ দিন, ৩০ দিন, ৬৩ দিন, ৯২ দিন ও ১২ মাসের ‘মাদানী কাফেলা’য় বের হয়ে দেশের বিভিন্ন প্রান্তে ইসলামের শান্তির বার্তা পৌঁছে দেবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
আরও পড়ুন: বাংলাদেশে সফর বাতিল করলেন মুফতি মুহাম্মদ তাকি উসমানী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন