০১:৫০ এম
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির নবনির্বাচিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির আনুষ্ঠানিক ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রবীণদের অভিজ্ঞতা এবং তরুণ প্রজন্মের মেধা, উদ্যম ও সৃজনশীলতার সমন্বয়ে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সময়োপযোগী করার প্রত্যয়ে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। একই সঙ্গে সংগঠনটির নতুন ওয়েবসাইটও উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের জহুরী মহল্লায় গাজীছিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমিতির নবনির্বাচিত সভাপতি মাওলানা কাজী আবু হোরায়রা।
ড. মাওলানা আব্দুল কাদির মাদানীর পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। স্বাগত বক্তব্য প্রদান করেন নবনির্বাচিত মহাসচিব মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন নবনির্বাচিত যুগ্ম মহাসচিব মুফতি মুহাম্মদ মুহিউদ্দিন।
আরও পড়ুন: পীরগাছা এমদাদুল উলুম মাদরাসায় ২৬ হাফেজকে পাগড়ি প্রদান
অনুষ্ঠানের শুরুতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি মাওলানা কাজী আবু হোরায়রাকে শপথবাক্য পাঠ করানো হয়। এরপর তিনি সরাসরি উপস্থিত ও ভার্চুয়ালি যুক্ত কেন্দ্রীয় কমিটির ১৬০ জন সদস্যকে শপথবাক্য পাঠ করান। এই সময় নবনির্বাচিত নেতারা ইমাম-ওলামাদের ঐক্য সুদৃঢ় করা, ধর্মীয় নেতৃত্বের মর্যাদা প্রতিষ্ঠা এবং জাতীয় ও সামাজিক কল্যাণে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার করেন।
সভাপতির বক্তব্যে মাওলানা কাজী আবু হোরায়রা উল্লেখ করেন, ইমামরা সমাজের ধর্মীয় নেতা। তাঁদের সম্মান ও মর্যাদা সমুন্নত রাখার পাশাপাশি সমাজের প্রতিটি ইতিবাচক কর্মকাণ্ডে কার্যকর ভূমিকা পালন করতে হবে। ধর্মীয় নেতৃত্বের গণ্ডি পেরিয়ে সামাজিক উন্নয়ন, নৈতিকতা প্রতিষ্ঠা ও জনকল্যাণমূলক কাজেও ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের ভূমিকা রাখতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন