মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৫:৩১ পি.এম
রাজধানীর ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী দস্তারবন্দি মহাসম্মেলনের দ্বিতীয় দিন মঙ্গলবার বিপুল উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর গেন্ডারিয়ার ধুপখোলা মাঠে অনুষ্ঠিত এই সম্মেলনে দেশি-বিদেশি বিশিষ্ট আলেমদের আলোচনা, বয়ান এবং দস্তারবন্দি কার্যক্রমে অংশ নিতে হাজারো মানুষ উপস্থিত ছিলেন। দ্বিতীয় দিনে ২০১৩ থেকে ২০১৭ শিক্ষাবর্ষের প্রায় পাঁচ হাজার প্রাক্তন শিক্ষার্থীকে সম্মাননা পাগড়ি পরানো হয়।
মহাসম্মেলনের শেষ দিন আগামীকাল বুধবার বাদ মাগরিব বয়ান করবেন ভারতের ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী।
মঙ্গলবার সকাল ১০টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মেলনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। নির্ধারিত সূচি অনুযায়ী দিনব্যাপী আলেম-উলামাদের আলোচনা এবং প্রাক্তন শিক্ষার্থীদের সম্মাননা পাগড়ি প্রদান করা হয়। সকাল থেকেই সম্মেলনস্থলে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
দ্বিতীয় দিনের আলোচনায় ইলম অর্জনের লক্ষ্য ও করণীয়, কর্মজীবনে ইসলাহি মুরুব্বির সঙ্গে সম্পৃক্ততার গুরুত্ব, আত্মসংশোধন, নিয়মানুবর্তিতা, আখলাক, নবীজীবনের আদর্শ এবং দেশ ও মানুষের কল্যাণের মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। এসব বিষয়ে আলোচনা করেন জামিয়ার মুফতি ও সিনিয়র মুহাদ্দিস মুফতি আবু সাঈদ, মুফতি আব্দুস সালাম, মাওলানা আব্দুল হামীদ পীর সাহেব মধুপুর, মাওলানা মাহফুজুল হক ও মাওলানা মুতিউর রহমান।
বিদেশি অতিথিদের মধ্যে বক্তব্য দেন পাকিস্তানের মাওলানা শাহ হাকীম মাজহার, ভারতের মাওলানা আজহার মাদানী, মাওলানা সায়্যিদ রমজান মেওয়াতি, মাওলানা উবাইদুল্লাহ খালিদ ও মাওলানা হানিফ জালান্ধরীসহ বিশিষ্ট আলেমরা।
এদিন ২০১৩ থেকে ২০১৭ শিক্ষাবর্ষের প্রায় পাঁচ হাজার প্রাক্তন শিক্ষার্থীকে সম্মাননা পাগড়ি পরানো হয়। সম্মেলনস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। দীর্ঘদিনের স্মৃতি এবং প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের সাত দশক পূর্তির আয়োজনে অংশ নিতে পেরে শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে ছিল আনন্দ-উচ্ছ্বাস।
এর আগে গত সোমবার (২৩ নভেম্বর) শুরু হয় তিন দিনব্যাপী এ মহাসম্মেলন। প্রথম দিনে বিখ্যাত ইসলামি স্কলার ও পাকিস্তান বেফাকের সভাপতি মুফতি মুহাম্মদ তাকি উসমানী বাদ মাগরিব ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন। প্রথম দিনে তিন হাজার ফারেগকে পাগড়ি প্রদান করা হয়।
এদিকে জামিয়ার ৭০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থ ঘিরেও ছিল বিশেষ আগ্রহ। গ্রন্থটির নির্ধারিত মূল্য ৪৫০ টাকা হলেও সম্মেলনের প্রথম দিন এর প্রথম কপি নিলামে বিক্রি হয় আড়াই লাখ টাকায়। নিলামে দুই লাখ, দুই লাখ ২০ হাজার ও ৩০ হাজার টাকা পর্যন্ত দর হাঁকিয়েও অনেকে কপিটি সংগ্রহ করতে পারেননি।
মহাসম্মেলনের শেষ দিন বুধবার দেশি-বিদেশি আরও বহু বিশিষ্ট আলেম-উলামার আগমন ঘটবে। দিনের বিভিন্ন পর্বে আলোচনা ও দস্তারবন্দি কার্যক্রমের পাশাপাশি বাদ মাগরিব বিশেষ বয়ান করবেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী। তাঁর বয়ানকে ঘিরে সম্মেলনের শেষ দিনে আলেম-উলামা, জামিয়ার প্রাক্তন শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গভীর করার পাশাপাশি রাজনৈতিক ও কূটনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র সম্প্রসারণের উদ্দেশ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে। বৈঠকে আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে পারস্পরিক সমন্বয় এবং বহুপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান।
বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি, বহুপক্ষীয় কার্যক্রমে পারস্পরিক সমন্বয় এবং আন্তর্জাতিক অঙ্গনে যৌথ উদ্যোগ সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়া, সমসাময়িক বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে নিজেদের মতামত ও দৃষ্টিভঙ্গি বিনিময় করেন দুই নেতা।
বৈঠকে আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম বিনতে ইব্রাহিম আল হাশিমি, প্রতিমন্ত্রী সাঈদ মুবারক আল হাজেরি, সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ, দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামানও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারে এই বৈঠককে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শেরপুরে শতাধিক কৃষক রাস্তায় নিম্নমানের ধানবীজ ফেলে প্রতিবাদ জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষকরা শেরপুরের জেলা প্রশাসক এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে শহরের নিউমার্কেট পায়রা চত্বরে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে দেশের প্রখ্যাত বায়ার ক্রপসাইন্স কোম্পানি লি.-এর এজেড ৬৪৫৩ এসটি জাতের হাইব্রিড ধানবীজ ক্রয়ের ফলে প্রতারিত হওয়ার কারণে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
কৃষকরা জানান, তারা বায়ার ক্রপ সাইন্স কোম্পানির হাইব্রিড জাতের এ ধানবীজ প্রতি প্যাকেট ৬৬০ টাকা করে কিনেছিলেন। কিন্তু বীজ বপনের পর দেখা যায়, বীজ কোনো প্রকার অঙ্কুরিত হচ্ছে না এবং ধান পঁচে যাচ্ছে। ফলে বিপাকে পড়েছেন শত শত কৃষক।
এ বিষয়ে খুচরা বীজ বিক্রেতারা জানান, তারা এ কোম্পানির বীজকে বিশ্বাস করে দোকানে বিক্রি করেন। তবে এখন তারা জানতে পারছেন যে, বাজারে এ বীজের দুটি ভ্যারিয়েন্ট রয়েছে। একটি ভারতীয় এবং অন্যটি দেশীয় প্রজাতির। ভারতীয় ভেরিয়েন্টের বীজগুলো অঙ্কুরিত হলেও দেশীয় জাতের বীজগুলো পঁচে নষ্ট হয়ে যাচ্ছে। এই প্রতারণার জন্য সম্পূর্ণ দায়ভার কোম্পানির উপর বর্তায় বলে উল্লেখ করে দোষীদের শাস্তি এবং ক্ষতিপূরণ দাবি করেন। প্রতিবাদ সমাবেশে প্রায় শতাধিক স্থানীয় কৃষক ও বীজ বিক্রেতা অংশগ্রহণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকার ব্যাটারিচালিত রিকশাচালকদের মধ্যে ৯৫ দশমিক ৬ শতাংশের কাছে কোনো লাইসেন্স বা অনুমতিপত্র নেই। তাদের মধ্যে ৭৮ দশমিক ২ শতাংশ রিকশা চালান ভাড়ায়। আয় বন্ধ হয়ে গেলে ৬২ দশমিক ৯ শতাংশ চালক এক সপ্তাহও পরিবারের খরচ চালাতে সক্ষম হবেন না। এই অবস্থায় ব্যাটারিচালিত রিকশার নিয়ন্ত্রণের উদ্যোগ গ্রহণের সময় চালকদের জীবন-জীবিকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার পরামর্শ দিয়েছেন গবেষকেরা।
গবেষকরা উল্লেখ করেছেন, সড়ক নিরাপত্তা ও পরিবেশগত ঝুঁকি মোকাবিলার জন্য ব্যাটারিচালিত রিকশাকে নিয়মের আওতায় আনতে হবে। তবে হঠাৎ করে নিয়ন্ত্রণ আরোপ না করে চালক, মালিক ও সংশ্লিষ্ট অন্যান্যদের সামর্থ্য বিবেচনায় নিয়ে ধাপে ধাপে পরিবর্তন আনা প্রয়োজন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্র্যাক ও ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) যৌথ গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। ‘ব্যাটারিচালিত রিকশা : জীবন-জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক টেকসই রূপান্তর’ শীর্ষক নীতি আলোচনায় গবেষণার পাশাপাশি এ খাতের ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা মতামত দেন।
অনুষ্ঠানে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ মন্তব্য করেন, ব্যাটারিচালিত রিকশার নিরাপত্তা, সড়ক ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের যে চ্যালেঞ্জ রয়েছে, সেগুলোর সমাধান করতে হবে চালকদের বাস্তবতা বিবেচনায় নিয়ে। তিনি বলেন, ন্যায্য রূপান্তর নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
আসিফ সালেহ আরও বলেন, সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে তিন থেকে চার বছরের একটি রূপান্তর পরিকল্পনা করা যেতে পারে। এর মাধ্যমে চালক ও তাদের পরিবারের জীবিকার ক্ষতি কমিয়ে ধাপে ধাপে পরিবর্তন আনা সম্ভব হবে।
তিনি উল্লেখ করেন, ব্যাটারিচালিত রিকশাচালক ও ফুটপাতের হকারসহ অনানুষ্ঠানিক খাতের শ্রমিকেরা প্রতিদিন একধরনের অদৃশ্য কর দিচ্ছেন। আইনি স্বীকৃতি না থাকায় তাদের জরিমানা, চাঁদা ও নানা অনানুষ্ঠানিক খরচ দিতে হয়। কিন্তু তারা কোনো স্বীকৃতি বা সুরক্ষা পান না। গবেষণায় দেখা গেছে, প্রায় দুই-তৃতীয়াংশ চালক কোনো না কোনো সময় জরিমানা বা হয়রানির শিকার হয়েছেন।
আসিফ সালেহ আরও বলেন, ঢাকার ব্যাটারিচালিত রিকশাচালকদের ৭৮ শতাংশ অন্য জেলা থেকে এসেছেন। তাদের ৮৪ শতাংশ গ্রামে কাজের সুযোগ না থাকায় শহরে এসেছেন। গ্রামে কাজের সুযোগ ও ফসলের ন্যায্য দাম নিশ্চিত না করে শুধুমাত্র রিকশা বন্ধ করলে সমস্যার সমাধান হবে না। বরং হঠাৎ সিদ্ধান্ত নিলে লাখো পরিবার অনিশ্চয়তায় পড়বে।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম বলেন, নগরবাসীর নির্বিঘ্নে চলাচলের অধিকার যেমন রয়েছে, তেমনি রিকশাচালকদেরও বেঁচে থাকার ও কাজ করার অধিকার রয়েছে। যানজট, বায়ুদূষণ, জলাবদ্ধতা ও আবর্জনার মতো নগরের সমস্যাগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কিত। তাই একটি বিষয়কে আলাদা করে সমাধানের চেষ্টা করলে হবে না। ঢাকা শহরের সামগ্রিক সক্ষমতা বিবেচনায় নিয়ে সব পক্ষকে সঙ্গে করে পরিকল্পনা করতে হবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, তারা অটোরিকশা বা রিকশাচালকদের বিপক্ষে নন। তাদের জীবন-জীবিকার অধিকারও রক্ষা করতে হবে। তবে নিয়মের মধ্যে আনা গেলে জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে। অবৈধ অবস্থা থেকে তাদের বৈধতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিআইজিডির নির্বাহী পরিচালক ইমরান মতিন বলেন, রিকশাচালকেরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ জীবিকার মধ্যে রয়েছেন। যেকোনো দুর্ঘটনা বা হয়রানিতে তারা আবার দারিদ্র্যের মধ্যে পড়ে যেতে পারেন। পথচারীদের মতো ব্যাটারিচালিত রিকশাচালকেরাও দেশের নাগরিক। তাই সবার বাস্তবতা বিবেচনায় নিয়ে ন্যায্য ও সহজ রূপান্তর নিশ্চিত করতে হবে।
‘বাংলাদেশে ব্যাটারিচালিত রিকশার রাজনৈতিক ও আর্থসামাজিক বাস্তবতা’ শীর্ষক গবেষণাটি ঢাকার ৩০০ জন ও বরিশালের ১৫০ জনসহ মোট ৪৫০ জন সক্রিয় চালকের ওপর জরিপের ভিত্তিতে করা হয়েছে। ২০২৬ সালের ১১ জুন থেকে ৩০ জুলাই পর্যন্ত তথ্য সংগ্রহ করা হয়।
গবেষণায় দেখা গেছে, ভাড়ায় রিকশা চালানো ব্যক্তিদের আয়ের গড়ে ৩৮ দশমিক ৬ শতাংশ রিকশার ভাড়া পরিশোধে ব্যয় হয়। জরিপের আগের এক মাসে ২৬ দশমিক ৭ শতাংশ চালক অন্তত একবার সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।
ব্যাটারিচালিত রিকশার ব্যবস্থাপনায় গ্যারেজগুলোর ওপর চালকদের নির্ভরতা রয়েছে। রিকশা ভাড়া দেওয়া, ব্যাটারি চার্জ, পরিবর্তন ও মেরামত, ঋণসহায়তা এবং দুর্ঘটনা বা জরিমানার সময় সহায়তা দেওয়ার কাজ করে গ্যারেজগুলো। তবে এসব গ্যারেজে অনিয়ন্ত্রিত বিদ্যুৎ ব্যবহার এবং সরকারি জায়গায় কার্যক্রম পরিচালনার মতো সমস্যাও রয়েছে। প্রচলিত লেড-অ্যাসিড ব্যাটারির অনানুষ্ঠানিক উৎপাদন ও পুনর্ব্যবহার পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে।
গবেষণায় বলা হয়েছে, স্থানীয় সরকার বিভাগের প্রণীত ২০২৬ সালের ‘তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা’ এ খাতকে স্বীকৃতি ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে বিধিমালার কার্যকর বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ।
গবেষকদের সুপারিশের মধ্যে রয়েছে যানবাহনের ন্যূনতম নিরাপত্তামান নিশ্চিত করা, চলাচলের এলাকা নির্ধারণ এবং সড়ক ব্যবহারের সুস্পষ্ট নির্দেশনা দেওয়া। যানবাহন রূপান্তর, ব্যাটারির মানোন্নয়ন, চার্জিং, বীমা ও লাইসেন্সিংয়ের খরচ চালক ও মালিকদের সামর্থ্যের মধ্যে রাখার কথাও বলা হয়েছে। একই সঙ্গে বিদ্যমান গ্যারেজ ও সেবা নেটওয়ার্ককে নতুন ব্যবস্থার সঙ্গে যুক্ত করার সুপারিশ করা হয়েছে।
ব্যবহৃত ব্যাটারি সংগ্রহ, নিরাপদে নিষ্পত্তি ও পুনর্ব্যবহারের ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি পরিবেশবান্ধব চার্জিং ব্যবস্থা চালুর ওপরও গুরুত্ব দিয়েছেন গবেষকেরা।
আলোচনায় আরো বক্তব্য দেন বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক সামছুল হক, প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক আকতার মাহমুদসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন জি-২০ শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অংশগ্রহণের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি, এমন তথ্য প্রকাশ করেছে ক্রেমলিন। রুশ প্রেসিডেন্টের দপ্তরের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই বিষয়টি নিশ্চিত করেছেন।
পুতিন সম্মেলনে যোগ দেবেন কি না, এ প্রশ্নের উত্তরে রুশ সংবাদমাধ্যম ‘ইজভেস্তিয়া’কে পেসকভ বলেন, "না, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।"
এর আগে, ১৮ নভেম্বর পেসকভ জানিয়েছিলেন যে, পুতিনের অংশগ্রহণের সিদ্ধান্তটি বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে; এর মধ্যে অন্যতম হলো চীনের শেনঝেনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের আলোচনার ফলাফল।
উল্লেখ্য, শেনঝেনে এপেক সম্মেলনের সময় ট্রাম্প ও পুতিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়, পাশাপাশি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়। আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের মিয়ামিতে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সূত্র: তাস।
তালাশ বিডি/মিডিয়া লিঃ