ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সাদিক কায়েমসহ জুলাই যোদ্ধাদের নিরাপত্তার দাবি ৭৪ বিশিষ্ট নাগরিকের


সাদিক কায়েমসহ জুলাই যোদ্ধাদের নিরাপত্তার দাবি ৭৪ বিশিষ্ট নাগরিকের

ডাকসু ভিপি সাদিক কায়েমসহ জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় ৭৪ জন বিশিষ্ট নাগরিক দেশ এবং বিদেশে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা এসব ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলাকারী এবং পৃষ্ঠপোষকদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি করেছেন।

বুধবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বিশিষ্ট নাগরিকেরা এসব সহিংসতার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোকে দায়ী করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে গভীর রাতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে। এই ঘটনার সময় তার বাবা-মা বাড়িতে অবস্থান করছিলেন।

আরও পড়ুন: চট্টগ্রামে মাদক মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড, গ্রেপ্তারি পরোয়ানা জারি

এছাড়া, সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, এনসিপি নেতা মাহিন সরকার, জাতীয় ছাত্রশক্তির নেতা খান তালাত মাহমুদ রাফি এবং সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

একই সময়ে গোপালগঞ্জে বিএনপির সংসদ সদস্য এস এম জিলানী এবং সেলিমুজ্জামান সেলিমের বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বিশিষ্ট নাগরিকেরা তাদের বিবৃতিতে বলেন, এসব হামলার ঘটনায় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সম্পৃক্ততা এবং পুলিশের প্রাথমিক তথ্য অত্যন্ত উদ্বেগজনক। এসব সহিংসতার রাজনৈতিক দায় আওয়ামী লীগের ওপরই বর্তায়।

তারা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী, নির্বাচিত জনপ্রতিনিধি এবং তাঁদের পরিবারের সদস্যদের নিরাপত্তা বিপন্ন করার এই প্রবণতা গণতন্ত্র, নাগরিক অধিকার ও আইনের শাসনের জন্য গুরুতর হুমকি।

আরও পড়ুন: মার্কিন পাহারায় থাকা ছয় জাহাজে হামলা, ট্রাম্পের রুট এড়িয়ে চলার হুঁশিয়ারি ইরানের

সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, অবিলম্বে প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে হামলাকারী, পরিকল্পনাকারী ও পৃষ্ঠপোষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি জুলাই যোদ্ধা, জনপ্রতিনিধি এবং তাঁদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যাপক ডা. নাজনীন আখতার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, অধ্যাপক মো. নজরুল ইসলাম, অধ্যাপক ড. সাইফুল ইসলাম, অধ্যাপক ড. শামীমা তাসনিম এবং অধ্যাপক ড. এম. মাসুদ সরকার।

এছাড়া স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাকিবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. শামছুল আলম এবং অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. মুহসিনা আক্তার জবা, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. শিব্বির আহমেদ, সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজ মোহাম্মদ মিসবাহ উদ্দিন এবং ব্যারিস্টার আল মামুন রাসেল।

এছাড়া দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী এবং পেশাজীবীরা যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন।

আরও পড়ুন: জিয়াউল আহসানকে ‘পৃথিবী থেকেই অবাঞ্ছিত’ ঘোষণা করার প্রস্তাব চিফ প্রসিকিউটরের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পণ্য পরীক্ষায় দীর্ঘসূত্রতা কমিয়ে সরকারি সেবার সময়সীমা সংক্ষিপ্ত করার আহ্বান খাদ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৭ পি.এম


পণ্য পরীক্ষায় দীর্ঘসূত্রতা কমিয়ে সরকারি সেবার সময়সীমা সংক্ষিপ্ত করার আহ্বান খাদ্যমন্ত্রীর

খাদ্যমন্ত্রী আফরোজা খানম মন্তব্য করেছেন যে, ব্যবসা-বাণিজ্য ও পণ্য পরীক্ষার ক্ষেত্রে দীর্ঘসূত্রতা কমিয়ে সরকারি সেবার সময়সীমা সংক্ষিপ্ত করা প্রয়োজন। তিনি উল্লেখ করেছেন যে, ফাইল প্রক্রিয়াকরণ ও সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘ সময় ব্যয় হওয়ায় ব্যবসায়ীরা সমস্যার সম্মুখীন হন। এসব জটিলতা নিরসনে সরকার কাজ করছে।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর ফার্মগেটে তুলা উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে দ্য এসোসিয়েশন অব টেস্টিং ল্যাবরেটরিস বাংলাদেশ (এটিএলবি) আয়োজিত ‘মেড ইন বাংলাদেশ, টেস্টেড টু গ্লোবাল স্ট্যান্ডার্ডস : দ্য রোল অব এক্রেডিটেড ল্যাররেটরিস ইন এক্সপোর্ট গ্রোথ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী আরও বলেন, রপ্তানিমুখী পণ্যের মান নিশ্চিত করার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ ও মানসম্মত খাদ্য সরবরাহ করতে হবে। তিনি উল্লেখ করেন যে, রপ্তানির জন্য মানসম্মত পণ্য উৎপাদন করে দেশের বাজারে নিম্নমানের পণ্য সরবরাহ গ্রহণযোগ্য নয়। বিশেষ করে শিশুদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সততা, সচেতনতা ও দায়িত্বশীলতার সঙ্গে ব্যবসা পরিচালনা করতে হবে।

তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধুমাত্র খাদ্য মন্ত্রণালয়ের একার দায়িত্ব নয়। এ জন্য কৃষি, বাণিজ্যসহ অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলোকেও সমন্বিতভাবে কাজ করতে হবে। খাদ্য নিরাপদ না হলে স্বাস্থ্য নিরাপদ থাকবে না, আর মানুষ সুস্থ না থাকলে ব্যবসা, অর্থনীতি ও রাষ্ট্র পরিচালনা টেকসই হবে না।

খাদ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম ২০১৩ সালে শুরু হলেও মাঝখানে নানা সীমাবদ্ধতায় প্রতিষ্ঠানটির প্রত্যাশিত বিকাশ হয়নি। বর্তমান সরকার প্রতিষ্ঠানটিকে আরো সক্ষম ও কার্যকর করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

মন্ত্রী বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ধারাবাহিক আলোচনা ও সমন্বিত পরিকল্পনার মাধ্যমে বাণিজ্য, কৃষিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, প্রতিষ্ঠান ও অংশীজনদের নিয়ে আগামী পাঁচ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে। তাদের প্রস্তাব যাচাই করে দেশের স্বার্থে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরো জানান, জাইকার অর্থায়নে ঢাকা, খুলনা ও চট্টগ্রামে তিনটি পরীক্ষাগার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। ঢাকার পরীক্ষাগারটি আশুলিয়ায় এবং চট্টগ্রামেরটি হালিশহরে স্থাপনের পরিকল্পনা রয়েছে। আগামী তিন বছরের মধ্যে পরীক্ষাগারগুলো পূর্ণাঙ্গভাবে চালু করা গেলে খাদ্য পরীক্ষার ক্ষেত্রে অন্য প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীলতা কমবে এবং দ্রুত পরীক্ষার ফলাফল পাওয়া সম্ভব হবে।

খাদ্যমন্ত্রী বলেন, বিদ্যমান পরীক্ষাগারগুলোর সক্ষমতার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি রপ্তানি বাজারের চাহিদা অনুযায়ী কীটনাশকের অবশিষ্টাংশ, রাসায়নিক উপাদান, ভারী ধাতু, মাইকোটক্সিন ও অণুজীব পরীক্ষার সক্ষমতা বাড়াতে হবে।

সরকারি ও বেসরকারি পরীক্ষাগার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই ও ভোক্তা অধিকার সংরক্ষণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, একই পণ্য বিভিন্ন প্রতিষ্ঠানে বারবার পরীক্ষা করার ফলে ব্যবসায়ীদের সময় ও অর্থ ব্যয় হয়। এ ধরনের পুনরাবৃত্তি ও জটিলতা কমিয়ে সমন্বিত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯, চূড়ান্ত তালিকা প্রকাশ ইসির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৭ পি.এম


দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯, চূড়ান্ত তালিকা প্রকাশ ইসির

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রেক্ষাপটে ভোটার তালিকা হালনাগাদ করেছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদের পর বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন।

বুধবার, রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য প্রকাশ করেন।

আখতার আহমেদ জানান, মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯। এই তালিকায় ৩১ অক্টোবর ২০২৬ তারিখে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তারা অন্তর্ভুক্ত হয়েছেন। নতুন করে তালিকায় যুক্ত হয়েছেন ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন।

তিনি আরও বলেন, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন, নারী ভোটার ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৯৭ জন। এই ভোটার তালিকা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনে ব্যবহৃত হবে।

সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী, দেশের মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জানুয়ারি পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য তহবিল রয়েছে : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৭ পি.এম


জানুয়ারি পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য তহবিল রয়েছে : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ চালানোর জন্য পর্যাপ্ত তহবিল ওয়াশিংটনের কাছে রয়েছে এবং আগামী জানুয়ারির শেষ পর্যন্ত এই সামরিক অভিযান চালানো সম্ভব। তিনি এও জানান যে, যুক্তরাষ্ট্রের কাছে এই যুদ্ধের ইতি টানার ক্ষমতা রয়েছে যখনই তারা চাইবে।

মঙ্গলবার ‘নিউ ইয়র্ক পোস্ট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি বলেন, আগামী জানুয়ারিতে মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে চলে গেলে যুদ্ধের বিষয়ে তাঁর সামরিক পদক্ষেপগুলো সীমিত হয়ে পড়তে পারে কি না—এমন প্রশ্নের জবাবে, “আসলে জানুয়ারির শেষ পর্যন্ত মোটামুটি আমাদের তহবিল রয়েছে।” তিনি আরও বলেন, “আমরা যখনই চাই, তখনই এই যুদ্ধের অবসান ঘটাতে পারি।”

সাক্ষাৎকারে ট্রাম্প কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যদের কড়া সমালোচনা করেন। তিনি সতর্ক করে বলেন যে, যুদ্ধ সীমিত করার সম্ভাব্য উদ্যোগগুলো যুক্তরাষ্ট্রের অর্জনকে নস্যাৎ করতে পারে। তিনি বলেন, “তারা একটি পূর্ণাঙ্গ বিজয়কে পরাজয়ে রূপ দেবে।” ট্রাম্পের দাবি, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে এবং দেশটির নেতৃত্বও নির্মূল করা হয়েছে।

ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনের সম্ভাবনা নিয়ে ট্রাম্প মন্তব্য করেন যে, এটি “সম্ভবত করা সম্ভব” হলেও তা তাঁর মূল লক্ষ্য নয়। তিনি বলেন, “আমি শুধু চাই না তারা পারমাণবিক অস্ত্রের অধিকারী হোক। শাসনব্যবস্থা পরিবর্তনের পক্ষে বা বিপক্ষে আমি কখনোই ছিলাম না, এটি আমার কাছে কখনোই কোনো মানদণ্ড ছিল না।” সূত্র: আনাদোলু এজেন্সি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীর ওসির যুবলীগ নেত্রীকে রাত দেড়টায় বাসায় আসতে বলার ফোনালাপ ফাঁস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


ফেনীর ওসির যুবলীগ নেত্রীকে রাত দেড়টায় বাসায় আসতে বলার ফোনালাপ ফাঁস

ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান এবং দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির মধ্যে গোপন ফোনালাপের একটি অডিও রেকর্ড সম্প্রতি ফাঁস হয়েছে।

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই অডিও রেকর্ডটি স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে।

অডিওতে দেখা যায়, মাইগ্রেনের ব্যথা সারানোর কথা উল্লেখ করে ওসি ফয়জুল যুবলীগ নেত্রীকে দ্রুত তার বাংলোতে আসার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা রিজার্ভ করতে বলেন। তিনি বলেন, ‘যত টাকা লাগে একটি সিএনজি রিজার্ভ করে সরাসরি বাসায় চলে আসো।’

যুবলীগ নেত্রীর প্রশ্নের জবাবে, ‘কোনো সমস্যা হবে কি না’ জানতে চাইলে ওসি বলেন, ‘ওসি থাকলে সব ঠিক। কোনো সমস্যা হবে না।’ যুবলীগ নেত্রী যখন ওসিকে ‘আঙ্কেল’ সম্বোধন করেন, তখন তিনি মনঃক্ষুণ্ন হন। এছাড়া, অডিওতে দুই লাখ টাকা ঘুষ নেওয়ার পরও ওই যুব মহিলা লীগ নেত্রীকে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়ার বিষয়ে তাদের কথোপকথন শোনা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনিকে পুলিশ গ্রেপ্তার করে। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাকে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্তি পাওয়ার পর তাদের কথোপকথনের এই অডিও ফাঁস হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে অডিওটি ছড়িয়ে পড়ার পর তাসকিরা তানিন সনি এক ভিডিও বার্তায় অভিযোগ করেন, ‘গ্রেপ্তারের পর থানা-হাজতে ওসি আমাকে আলিঙ্গন করারও অনুরোধ করেছেন।’

দাগনভূঞা মডেল থানার ওসি ফয়জুল আজিম নোমান অভিযোগ অস্বীকার করেছেন। তবে তিনি কল রেকর্ডে নিজের কথোপকথনের বিষয়টি স্বীকার করে জানান, আসামিকে গ্রেপ্তার করতে তিনি ভিন্ন পন্থা অবলম্বন করেছেন। তিনি মন্তব্য করেন, পুলিশের কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হচ্ছে।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%