ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সোনার দামে বড় পতনের পর ২২ ক্যারেটের ভরি ১০৯৫৪ টাকা কমে কত


সোনার দামে বড় পতনের পর ২২ ক্যারেটের ভরি ১০৯৫৪ টাকা কমে কত

গতকাল শুক্রবার দেশের বাজারে সোনার দাম আবারও বৃদ্ধি করা হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমানো হয়েছে প্রায় ১০ হাজার ৯৫৪ টাকা।

এর ফলে, সবচেয়ে ভালো মানের সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা, যা গতকাল সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। নতুন দাম সমন্বয় না হওয়ায়, আজ শনিবারও সোনার দাম একই রকম রয়েছে।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১০ হাজার ৯৫৪ টাকা কমিয়ে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১০ হাজার ৪৩৯ টাকা কমিয়ে ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা করা হয়েছে।

আরও পড়ুন: ডিএসইতে এক সপ্তাহে মূলধন বেড়েছে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা

এছাড়া, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১০ হাজার ৯৮২ টাকা কমিয়ে ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৬ হাজার ২৯৮ টাকা কমিয়ে ১ লাখ ৩৫ হাজার ৮৮৬ টাকা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার বৃষ্টি-তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০৪ এম


ঢাকার বৃষ্টি-তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

রাজধানী ঢাকা এবং এর আশপাশের অঞ্চলে দুপুরের সময় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর এ বিষয়ে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনার কথাও উল্লেখ করেছে।

শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণ-পশ্চিম/দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনব্যাপী তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।

এদিকে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ২২ দশমিক ৩ সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশে এআই ডেটা সেন্টার নির্মাণে নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০৫ এম


বিদেশে এআই ডেটা সেন্টার নির্মাণে নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের বাইরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ডেটা সেন্টার নির্মাণে মার্কিন প্রযুক্তি কম্পানিগুলোকে নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি সতর্ক করেছেন যে, যারা এই নিষেধাজ্ঞা অমান্য করে বিদেশে ডেটা সেন্টার তৈরি করবে, তাদের ওপর ‘বিশাল কর’ আরোপ করা হবে।

সম্প্রতি এশিয়া সফর শেষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমরা আমাদের কম্পানিগুলোকে দেশের বাইরে ডেটা সেন্টার তৈরি করতে দেব না। কারণ, চীন এগুলোর সব দখল করে নেবে, আর আমরা তা হতে দেব না। আমরা সবকিছু এই দেশেই রাখব।”

ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দৌড়ে চীনকে যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে যেতে দেবেন না উল্লেখ করে জানান, এই নীতি সম্পর্কে তার মন্ত্রিসভার সদস্যরাও আগে থেকে কিছু জানতেন না। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি, যে কিভাবে এই নীতি কার্যকর করা হবে।

মূলত চলতি সপ্তাহের শুরুতে উন্নত কম্পিউটার চিপ রপ্তানি সীমিত করার মার্কিন সিদ্ধান্তের পর ট্রাম্প এই নতুন অবস্থান গ্রহণ করেছেন। ওয়াশিংটনের নতুন নিয়ম অনুযায়ী, উন্নত চিপ কিনতে সংস্থাগুলোকে লাইসেন্স নিতে হবে, যাতে চীনা প্রতিষ্ঠানগুলোর কাছে এসব প্রযুক্তি চলে যাওয়া ঠেকানো যায়। এর ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ার যেসব দেশ ডেটা সেন্টারে বড় বিনিয়োগ করেছে, তারা ক্ষতির মুখে পড়তে পারে।

চ্যাটজিপিটি বা ক্লডের মতো এআই প্রোগ্রাম পরিচালনার জন্য ডেটা সেন্টার অত্যন্ত জরুরি। পিউ রিসার্চ সেন্টারের তথ্যমতে, গত এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় ৩ হাজার ডেটা সেন্টার ছিল এবং আরো ১ হাজার ৫০০টি নির্মাণের প্রক্রিয়ায় রয়েছে। তবে শব্দদূষণ ও অতিরিক্ত বিদ্যুৎ খরচের কারণে স্থানীয় পর্যায়ে এসব কেন্দ্র নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, যা গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনেও বড় ইস্যু হয়ে উঠেছিল। অনেক ডেমোক্র্যাট প্রার্থী এগুলোর ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে জয়ী হয়েছেন।

তবে ট্রাম্প ডেটা সেন্টার বন্ধ না করে বরং এগুলো থেকে আর্থিক সুবিধা নেওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, “তাদের দিয়ে আপনাদের এলাকার উন্নয়নে অর্থ খরচ করান, সুবিধা নিন, কিন্তু এগুলো বন্ধ করে দেবেন না।”

এদিকে, মেটা ও গুগলের মতো শীর্ষ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে বিদেশে ডেটা সেন্টার নির্মাণের কাজ শুরু করেছে। মেটা কানাডার আলবার্টা প্রদেশে নির্মাণকাজ চালাচ্ছে এবং অ্যানথ্রোপিক নোভা স্কটিয়ায় একটি কেন্দ্র ইজারা নেওয়ার চুক্তি করেছে।

অন্যদিকে, গত সেপ্টেম্বরে গুগল ফিনল্যান্ডে তিনটি ডেটা সেন্টারসহ এআই অবকাঠামো খাতে ১ হাজার ৫০০ কোটি (১৫ বিলিয়ন) ডলার বিনিয়োগের ঘোষণা দেয়। যদিও বনভূমি উজাড়ের উদ্বেগে গত মাসে এর দুটির কাজ স্থগিত করা হয়েছে। ট্রাম্প বিশেষভাবে ফিনল্যান্ডের এই প্রকল্পের কথা উল্লেখ করে জানিয়েছেন, তার প্রশাসন “এটা হতে দেবে না।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১২ জেলায় হামলা ও অগ্নিসংযোগ, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০৬ এম


১২ জেলায় হামলা ও অগ্নিসংযোগ, নিহত ৪

অবৈধ কার্যক্রম নিষিদ্ধ করে আওয়ামী লীগের ডাকা গত বৃহস্পতিবারের লকডাউনকে কেন্দ্র করে নাশকতার ঘটনা অব্যাহত রয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত অন্তত ১২টি জেলায় নাশকতার খবর পাওয়া গেছে। এর মধ্যে সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার ফটকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। চট্টগ্রামের সীতাকুণ্ডে দারোয়ানকে বেঁধে রেখে আওয়ামী লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। সুনামগঞ্জে যুবদল নেতার মার্কেটে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রাজনৈতিক সহিংসতার কারণে গত তিন দিনে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নড়াইলে বিএনপির দুজন এবং সিরাজগঞ্জে আওয়ামী লীগের একজন রয়েছেন। পিরোজপুরে নাশকতার আগুনে বাসচালকের সহকারী পুড়ে মারা গেছেন।

এই সময়ের মধ্যে সরকারি-বেসরকারি স্থাপনা, বিএনপি ও আওয়ামী লীগের এমপি-সাবেক এমপিদের বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর আগে বুধবার রাত থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত ২৪ জেলায় নাশকতার তথ্য পাওয়া গেছে।

দেশজুড়ে আওয়ামী লীগের অগ্নিসংযোগ, ভাঙচুর, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি ও জামায়াত বিভিন্ন জেলায় পৃথক কর্মসূচি পালন করেছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে আওয়ামী লীগের ১২৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন জেলায় গ্রেপ্তার অভিযানও অব্যাহত রয়েছে।

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। পুলিশ ও স্থানীয় সূত্র জানাচ্ছে, কাগজজাতীয় কিছু ব্যবহার করে গেটে আগুন ধরানোর চেষ্টা করা হয়। ঘটনার সময় বাসায় প্রতিমন্ত্রীর চাচা সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর রাজিক আহমদসহ পরিবারের সদস্যরা ছিলেন। আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসে।

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কায়েস লোদী বলেন, "বাসায় আগুন লাগেনি, ভেতরেও কেউ প্রবেশ করেনি। যাওয়ার সময় কেউ বোমাসদৃশ কিছু ছুড়ে ফেলেছে।"

এই প্রেক্ষাপটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘বাংলাদেশে সন্ত্রাসীদের কোনো স্থান নেই। সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। কোনো পালিয়ে যাওয়া সন্ত্রাসী সন্ত্রাসের মাধ্যমে দেশে ফিরবে না।’ বিকেল সাড়ে ৫টায় সিলেট নগরের দাঁড়িয়াপাড়া এলাকায় নিজ বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

আগুন দিয়ে দুর্বৃত্তদের পালানোর প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, “তারা এখন ধাওয়ার মধ্যে আছে। আমার বাসায় আগুন দিয়ে দৌড়ে পালিয়েছে। দেখেন একটা বিলাইও (বিড়াল) কিছুক্ষণ দাঁড়ায়, দাঁড়ায় বাদে (পরে) দৌড় দেয়। এদের অবস্থা এমন হইছে যে ‘জয় বাংলা’ কইয়া (বলে) দৌড়। এমন দৌড় পরে তাদের খোঁজ মিলে না।”

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুনের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। বাড়ির সামনে থাকা একটি গাড়িতেও আগুন দেওয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, রাত ২টার দিকে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অস্ত্রধারীরা বাড়িতে হামলা চালায়। এ সময় দায়িত্বে থাকা দারোয়ান আলাউদ্দিনকে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। হামলাকারীরা তাদের পরিচয় জানালে হত্যার হুমকিও দেয় বলে অভিযোগ রয়েছে।

গতকাল সকালে সাবেক এমপির ব্যক্তিগত সহকারী সাইদুর রহমান মারুফ সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে ঘটনার তথ্য জানান। সীতাকুণ্ড থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, তিনি এ ঘটনা সম্পর্কে অবগত নন।

বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নে গত বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ নেতার করাতকল এবং বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয় সূত্র জানায়, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফকির ফহম উদ্দিনের স-মিলে আগুন দেওয়া হয়। এতে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়েও আগুন দেওয়া হয়। তবে স্থানীয় বাসিন্দারা তা দ্রুত নিয়ন্ত্রণে আনেন।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, ঘটনাগুলো তদন্ত করা হচ্ছে।

সুনামগঞ্জে যুবদল নেতার মার্কেটে আগুন

সুনামগঞ্জের জামালগঞ্জ বাজারে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের মার্কেটে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

জামালগঞ্জ থানার ওসি মোহাম্মদ বন্দে আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।

সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মো. মাহিন সরকারের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বেলকুচি পৌর এলাকার শেরনগর পূর্বপাড়া গ্রামে বাড়ির প্রবেশগেটে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কেউ হতাহত হননি।

বেলকুচি থানার ওসি মো. মোক্তারুজ্জামান বলেন, বাড়ির সীমানার গেটে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে রাজধানীর মোহাম্মদপুরের সাত মসজিদ হাউজিং এলাকায় গত বৃহস্পতিবার গভীর রাতে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পুলিশ জানায়, মালঞ্চ পরিবহনের বাসটি সেখানে পার্ক করা ছিল। রাত ১২টার দিকে এতে আগুন দেওয়া হয়। এতে কেউ হতাহত হননি।

সিলেটে নৈরাজ্যবিরোধী মিছিলে বিএনপির দুই মন্ত্রী

দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির যে কোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন বিএনপির নেতারা। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গতকাল জুমার নামাজের পর সিলেট নগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর বিএনপি।

দুপুরে নগরের কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে নতুন করে কোনো ধরনের অরাজকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। জনগণের জানমালের নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার যে কোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সুনামগঞ্জে নৈরাজ্যবিরোধী বিএনপির বিক্ষোভ

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শহরের পুরোনো বাসস্টেশন থেকে মিছিল বের করা হয়। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাদির আহমদ, আতাম মিসবাহ, আইনজীবী শেরনুর আলী, নজরুল ইসলাম, জুনেদ আহমদ ও ফারুক আহমদ লিলু। বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ও সুনামগঞ্জের রাজপথ বিএনপির দখলে ছিল। এখনও তা বিএনপির নিয়ন্ত্রণে রয়েছে। কেউ সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে দলের নেতাকর্মীরা তা প্রতিহত করবেন।

চট্টগ্রামের পাঁচ স্থানে জামায়াতের বিক্ষোভ

নগরের পাঁচ স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। গতকাল জুমার নামাজের পর চান্দগাঁও, পাঁচলাইশ, বাকলিয়া, বন্দর ও হালিশহর এলাকায় এসব কর্মসূচি পালিত হয়। সমাবেশে জামায়াতের নেতারা বলেন, যারা বাড়িঘরে অগ্নিসংযোগ করছে, তাদের পরিচয় ও ঠিকানা আমাদের জানা আছে। সরকারকে উদ্দেশ্যে করে তারা বলেন, জুলাইযোদ্ধারা এখনও ঘরে ফেরেননি, তরুণরা রাজপথে আছে। আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে তারাই যথেষ্ট। জনগণের দাবি মেনে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বানও জানান তারা।

এদিকে বগুড়ার নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় চলন্ত মাইক্রোবাস থেকে গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে ককটেল নিক্ষেপ করা হয়। প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রাজধানীতে আওয়ামী লীগের ১২৪ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৫৯৮

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২৪ নেতাকর্মীসহ ৫৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার থেকে গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার লালবাগ থানা পুলিশ মৎস্যজীবী লীগের সাবেক সভাপতি হাজী মেজবাহ উদ্দিন আহমেদ মিজ্জু, লালবাগ থানা যুবলীগের নেতা জালাল উদ্দিন, আপেল মাহমুদ ও এ বি এম টিটুকে গ্রেপ্তার করে। তারা ১৩ নভেম্বর আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের রাষ্ট্রবিরোধী মিছিল আয়োজন ও অর্থায়নে সহায়তা করেছিলেন।

শ্যামলীতে চেকপোস্টে চারটি তাজা ককটেলসহ মো. রাসেলকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে মোটরসাইকেলে থাকা দুই আরোহীকে থামার সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করেন। পুলিশ মোটরসাইকেলসহ রাসেলকে আটক করে। অন্যজন পালিয়ে যান। পরে রাসেলের কাছ থেকে চারটি ককটেল উদ্ধার করা হয়। ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দল সেগুলো নিষ্ক্রিয় করে। এ ছাড়া বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের আরও ১১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৭৪ জন গ্রেপ্তার হয়েছেন। এ সময়ে ৪৮টি মামলা হয়েছে।

পাংশায় আ.লীগ নেতা বাবা, ছাত্রলীগ নেতা ছেলে গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ভোরে উপজেলার কলিমহর ইউনিয়নের মাশালিয়া গ্রামের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন মাশালিয়া গ্রামের শহিদ মণ্ডল ও তাঁর ছেলে রোকনুজ্জামান। শহিদ মণ্ডল কলিমহর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী এবং রোকনুজ্জামান ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক। এদিকে খাগড়াছড়ির রামগড়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশি পিস্তল ও পাঁচটি গুলিসহ সাগর দেবনাথ নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে রামগড় পৌরসভার শ্মশানটিলা এলাকায় এ অভিযান চালানো হয়। রামগড় থানার ওসি মোহাম্মদ নজির আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে ঝিনাইদহে নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার চণ্ডীপুর গ্রাম থেকে ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক মো. বাদল মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়। ঝিনাইদহ থানার উপপরিদর্শক পলাশ সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে ভাঙচুর মামলার আসামি গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে ভাঙচুর মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাজ্জাদ আকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ভোরে ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ছাগলনাইয়া থানার ওসি মোহাম্মদ আবু তাহের জানান, তাঁকে আদালতে হাজির করা হবে।

এদিকে মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা, গুলিবর্ষণ ও সন্ত্রাসবিরোধী আইনসহ বিভিন্ন অপরাধে ১০টির বেশি মামলার আসামি যুবলীগ নেতা দুলাল হোসেন ওরফে বাটা দুলালকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ভোরে সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ভূঁইয়া বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি চরচান্দিয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি। সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম জানান, আসামিকে আদালতের মাধ্যমে ফেনী কারাগারে পাঠানো হয়েছে।

৩৬ ঘণ্টা পর গোপালগঞ্জ হয়ে দক্ষিণের চার জেলার যান চলাচল শুরু

গতকাল সকাল থেকেই এ পথে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। এর আগে বুধবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশে গাছ ফেলে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুরের সঙ্গে ঢাকার বাস চলাচল বন্ধ হয়ে যায়। পরিবহন-সংশ্লিষ্টরা জানান, দীর্ঘ সময় সড়ক বন্ধ থাকায় পণ্যবাহী ট্রাকসহ বিপুলসংখ্যক যানবাহন আটকে পড়ে।

(প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন সমকাল প্রতিবেদক এবং সংশ্লিষ্ট এলাকার ব্যুরো, নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতারা)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০৬ এম


ইরান হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে

হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার খবর দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এ তথ্যটি ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি প্রকাশ করেছে।

আইআরজিসি জানিয়েছে, তাদের মহাকাশ বাহিনী একটি নতুন আকাশ প্রতিরক্ষাব্যবস্থার সাহায্যে ড্রোনটিকে শনাক্ত করে এবং ভূপাতিত করে।

ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই ঘটনার ফলে দেশটির বাহিনীর হাতে ভূপাতিত হওয়া যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোনের মোট সংখ্যা ৫৮টিতে পৌঁছেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%