০২:৫৫ পি.এম
খুলনার দিঘলিয়াতে মো. নাসিমুল গনি নামে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) একজন নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফরমাইশখানা এলাকায় এই হত্যাকাণ্ডটি ঘটে।
পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার সময় নাসিম বাড়ির সামনে চায়ের দোকানে বসে ছিলেন। হঠাৎ করে একটি মোটরসাইকেলে করে দুইজন ব্যক্তি সেখানে উপস্থিত হয়। তারা দোকানে ঢুকে নাসিমকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে তার পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ঝিনাইদহে বিজিবির উদ্ধারকৃত ২৪১ কচ্ছপ ও ২ ঈগল অবমুক্ত
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানিয়েছেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, নিহত নাসিমের বিরুদ্ধে পুলিশ অ্যাসল্টসহ মোট ৮টি মামলা রয়েছে। এছাড়া, প্রাথমিক পর্যালোচনায় তার পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (জনযুদ্ধ)-এর সঙ্গে সংযুক্ত থাকার তথ্যও পাওয়া গেছে।
তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন