০৮:০১ পি.এম
ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬ : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) পরিকল্পনা করেছে, ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে আমিনবাজার ল্যান্ডফিল থেকে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করবে, যা রাজধানীর বর্জ্যকে সম্পদে রূপান্তর করবে।
আজ রাজধানীর মিরপুর ১৪ নম্বর সেক্টরে নবনির্মিত আধুনিক সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) উদ্বোধনকালে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন এ পরিকল্পনার কথা জানান।
তিনি উল্লেখ করেন, ডিএনসিসি বর্জ্য জমিয়ে পাহাড় তৈরি না করে বরং একে সম্পদে রূপান্তর করতে চায়। আমিনবাজার ল্যান্ডফিলে বিদ্যুৎ উৎপাদনের জন্য ইতোমধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে। আশা করা হচ্ছে, ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে সেখান থেকে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে।
আরও পড়ুন: অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে হোসেনপুরে তাঁতীদলের বিক্ষোভ মিছিল
প্রশাসক বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করে বলেন, নির্ধারিত এসটিএসের ভেতরে বর্জ্য না ফেলে রাস্তায় বা বাইরে রাখলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, ডিএনসিসি চায় না যে চলাচলের পথে রাস্তায় এলোমেলোভাবে ময়লা পড়ে থাকুক কিংবা মানুষ দুর্গন্ধে কষ্ট পাক। এ লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডে অন্তত একটি করে আধুনিক ও দৃষ্টিনন্দন এসটিএস নির্মাণের পরিকল্পনা নিয়ে কাজ চলছে।
প্রশাসক জানান, মিরপুর ১৪ নম্বর সেক্টরে ৩ হাজার ১৫০ বর্গফুট আয়তনের এবং ১০০ ফুট দীর্ঘ পরিবেশবান্ধব এসটিএসটি দ্রুতগতিতে নির্মাণ করা হয়েছে। এর ফলে পার্শ্ববর্তী দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের দুর্গন্ধ ও ভোগান্তি কমবে।
ভ্যান সার্ভিসের কর্মী ও পরিচ্ছন্নতাকর্মীদের নির্দেশনা দিয়ে তিনি বলেন, বাসাবাড়ি থেকে সংগৃহীত বর্জ্য কোনোভাবেই রাস্তার ওপর রাখা যাবে না। ভ্যানগাড়ি সরাসরি এসটিএসের ভেতরে নিয়ে বর্জ্য ফেলতে হবে। দুর্গন্ধ ও জীবাণু প্রতিরোধে প্রতিদিন এসটিএসের ভেতরে ও বাইরে পানি দিয়ে ধোয়া এবং ব্লিচিং পাউডার ছিটানোর নির্দেশনাও দেন তিনি।
আরও পড়ুন: মাদারীপুরে অনুমোদনহীন মশার কয়েল কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কর্মসূচি এবং ডেঙ্গু প্রতিরোধে ঘোষিত ৯০ দিনের বিশেষ কর্মপরিকল্পনার অংশ হিসেবে প্রতি শনিবার ডিএনসিসি এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন