০৮:০৭ পি.এম
কুমিল্লা নগরীর শাসনগাছা স্টেশন রোড এলাকায় জেলা পরিষদের মালিকানাধীন প্রায় ৫০ কোটি টাকা মূল্যের বেদখল হওয়া সম্পত্তি উদ্ধারের কার্যক্রম শুরু হয়েছে। এই অভিযানটি বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকায় পরিচালিত হচ্ছে।
সোমবার ( ১৬ নভেম্বর) থেকে জেলা পরিষদ প্রশাসন দীর্ঘদিনের দখলসংক্রান্ত জটিলতা সমাধান এবং সরকারি সম্পত্তির নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের জন্য এই কঠোর পদক্ষেপ গ্রহণ করে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গোলাম জাকারিয়ার নেতৃত্বে সম্পত্তি উদ্ধারের প্রথম দিনেই শাসনগাছায় অবৈধ দখলদারদের স্থাপনা গুঁড়িয়ে দিয়ে জেলা পরিষদের জায়গা উদ্ধার করার কার্যক্রম শুরু হয়।
আরও পড়ুন: অসুস্থ-অসচ্ছল সাংবাদিকদের পাশে রয়েছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট
গোলাম জাকারিয়া জানান, শাসনগাছা স্টেশন রোড এলাকায় জেলা পরিষদের মূল্যবান ভূমি দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল অবৈধভাবে দখল করে রেখেছিল। বারবার নোটিশ প্রদান ও সতর্ক করার পরও দখলদাররা জায়গা ছেড়ে না দেওয়ায় অবশেষে উচ্ছেদ ও উদ্ধারের চূড়ান্ত প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে।
এ বিষয়ে জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া বলেন, "সরকারি সম্পত্তি জনগণের আমানত। শাসনগাছার মতো গুরুত্বপূর্ণ এলাকায় জেলা পরিষদের প্রায় ৫০ কোটি টাকার সম্পত্তি দীর্ঘদিন ধরে অবৈধ দখলে ছিল, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করে এবং প্রশাসনের পূর্ণ সহায়তায় এই সম্পত্তি উদ্ধারে কাজ শুরু করেছি। দখলদার যতই প্রভাবশালী হোক না কেন, সরকারি জায়গা পুনরুদ্ধারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।"
এদিকে স্থানীয় সচেতন মহল ও ব্যবসায়ীরা জেলা পরিষদের এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
আরও পড়ুন: মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে বাসে আগুন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন