১০:৩৯ এম
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়ে গঠিত পর্যালোচনা কমিটির চূড়ান্ত প্রতিবেদন শিগগিরই, আগামী দুই সপ্তাহের মধ্যে, মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপিত হতে পারে। সোমবার (৬ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির সবশেষ বৈঠক শেষে সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।
সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে গত ২১ এপ্রিল ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। সোমবার অনুষ্ঠিত হয় কমিটির শেষ বৈঠক, যেখানে সভাপতিত্ব করেছেন কমিটির সভাপতি এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
অষ্টম বেতন কমিশনের প্রায় ১২ বছর পরে, ২০২৫ সালের ২৭ জুলাই ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এক দফা সময় বাড়ানোর পর চলতি বছরের ২১ জানুয়ারি কমিশনটি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। কমিশনের প্রধান ছিলেন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান।
আরও পড়ুন: মহেন্দ্রনগর খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করার ঘোষণা আসাদুল হাবিব দুলুর
কমিশনের সুপারিশ বাস্তবায়নের দায়িত্বে রয়েছে নাসিমুল গনি নেতৃত্বাধীন কমিটি। কমিশনের মূল সুপারিশ কিছুটা কমিয়ে প্রথমে তিন অর্থবছর এবং পরে দুই অর্থবছরে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের খসড়া প্রস্তাব দেয় কমিটি। সোমবারের বৈঠকে চলতি অর্থবছরের জন্য মূল বেতন এবং পরবর্তী অর্থবছরের জন্য ভাতা কার্যকরের ব্যাপারে মত দেন কমিটির সকল সদস্য। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বিষয়টি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য মন্ত্রিসভার বৈঠকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিটির একটি সূত্র জানিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত এক সপ্তাহ আগে নেওয়া হয়েছে। বিচার বিভাগের বেতন কাঠামো নিয়ে কিছু কারিগরি বিষয় ছিল, যা ইতিমধ্যে সমাধান হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী চলতি অর্থবছরের ১ জুলাই থেকে মূল বেতন এবং পরবর্তী অর্থবছরের ১ জুলাই থেকে ভাতা কার্যকর হবে। মন্ত্রিসভার অনুমোদনের পর প্রস্তাবটি আইন মন্ত্রণালয়ে আইনি পরীক্ষা-নিরীক্ষার (ভেটিং) জন্য পাঠানো হবে এবং পরে প্রজ্ঞাপন জারি করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অর্থমন্ত্রীর সম্মতি পাওয়া গেলে বিষয়টি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। এটি আগামী মন্ত্রিসভার বৈঠকে উঠতে পারে বা প্রয়োজন হলে তার পরের বৈঠক পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
আরও পড়ুন: ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্মচারীদের সম্মানী বাড়ল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন