ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মহেন্দ্রনগর খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করার ঘোষণা আসাদুল হাবিব দুলুর


মহেন্দ্রনগর খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করার ঘোষণা আসাদুল হাবিব দুলুর

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, দেশের পরিত্যক্ত খালগুলো পুনঃখননের পাশাপাশি সেগুলোকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, চলতি বছর আটটি জেলার ৩০টি খালকে মডেল খাল হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে লালমনিরহাটের মহেন্দ্রনগর খাল অন্যতম। প্রধানমন্ত্রী আগামী ১৯ নভেম্বর এই খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন।

বৃহস্পতিবার সকালে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মডেল খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী এসব তথ্য জানান।

মন্ত্রী আরো বলেন, গত বছর থেকে খাল খনন কর্মসূচি জোরদার করা হয়েছে। মডেল খাল কার্যক্রমের আওতায় শুধু পানি নিষ্কাশন ও পানি সংরক্ষণ নয়, বরং খালের বহুমাত্রিক ব্যবহার নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে খালের পাশে গাছ লাগানো, মাছ চাষ ও হাঁস পালনের উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুন: রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল

মন্ত্রী উল্লেখ করেন, খালকেন্দ্রিক কর্মসংস্থান সৃষ্টির বিষয়টিও এ কর্মসূচিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। হতদরিদ্র জনগোষ্ঠীর ২০ জন করে সদস্য নিয়ে সমবায় সমিতি গঠন করা হবে। এসব সমিতির সদস্যরা খালের পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করবেন। মাছ ও হাঁস চাষ এবং গাছের পরিচর্যার সঙ্গে তাঁদের সম্পৃক্ত করে চুক্তির আওতায় আনা হবে। এর মাধ্যমে তাঁদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

মন্ত্রী জানান, মহেন্দ্রনগর মডেল খালটি প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ। খালটি লালমনিরহাটের মহেন্দ্রনগর থেকে শুরু হয়ে তিস্তা নদীতে গিয়ে মিশেছে।

প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর প্রসঙ্গে আসাদুল হাবিব দুলু বলেন, প্রধানমন্ত্রীর সফরসূচিতে ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ পরিদর্শন এবং ‘আলোকিত লালমনিরহাট’ কার্যক্রম পরিদর্শন অন্তর্ভুক্ত রয়েছে। তিনি জানান, সামাজিক আন্দোলনের মাধ্যমে অঞ্চলটিকে অপরাধমুক্ত করার উদ্যোগে জনগণের অংশগ্রহণ ও কার্যক্রমের অগ্রগতি প্রধানমন্ত্রী সরেজমিনে দেখতে চান।

মন্ত্রী আরো উল্লেখ করেন, সফরপথে প্রধানমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত একটি দুর্যোগসহনশীল বাড়ি উদ্বোধন করবেন। যেসব পরিবারের জমির পরিমাণ ২ থেকে ১০ শতকের মধ্যে, তাঁদের বসতভিটায় এ ধরনের বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: অনলাইনে নারীদের নিরাপত্তা: চ্যালেঞ্জ, আইনি সুরক্ষা ও করণীয়

এ সময় লালমনিরহাটের জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অফিসে সাংবাদিক এলেই বেঁধে পেটানোর হুমকি!

আন্তর্জাতিক ডেস্ক

রবিন বরকত উল্যাহ ব্যুরো চিফ, ময়মনসিংহ

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৪ এম


অফিসে সাংবাদিক এলেই বেঁধে পেটানোর হুমকি!

“ভূমি অফিসে সাংবাদিক আসলেই বেঁধে পেটানো হবে”—এমন হুমকিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে ময়মনসিংহ সদর ভূমি অফিসের নায়েব আবুল কালাম আজাদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তাঁর বিরুদ্ধে কোনো সংবাদ প্রকাশ করা হলে সংশ্লিষ্ট সাংবাদিককে বাড়িতে থাকতে দেওয়া হবে না বলেও হুমকি দিয়েছেন তিনি। এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এদিকে, বিগত সরকারের আমলে ভূমি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে রাজনৈতিক প্রভাববলয়ের সঙ্গে সংশ্লিষ্ট থেকে ময়মনসিংহের আকুয়া মৌজায় ভূমি-সংক্রান্ত বিভিন্ন অনিয়মে তাঁর সম্পৃক্ততার অভিযোগও উঠেছে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট ভূমির দলিল, সরকারি রেকর্ড, নামজারি-সংক্রান্ত নথিপত্র এবং ভুক্তভোগীদের বক্তব্য পর্যালোচনার মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, ভূমি-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আরও অনেক ব্যক্তি ভুক্তভোগী হয়ে থাকতে পারেন। তবে প্রভাব-প্রতিপত্তির ভয়ে তাঁদের অনেকে প্রকাশ্যে অভিযোগ করতে সাহস পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। এ অবস্থায় সংশ্লিষ্ট ব্যক্তির নামে-বেনামে থাকা সম্পদের তথ্য এবং ভূমি-সংক্রান্ত অভিযোগগুলোর প্রকৃত সত্য উদ্‌ঘাটনে যথাযথ তদন্তের দাবি উঠেছে।

বিশিষ্টজনদের মতে, সরকারি দপ্তরে দায়িত্ব পালনকারী কোনো কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠলে তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন। বিশেষ করে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, হুমকি বা ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ থাকলে তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা জরুরি। কারণ, সাংবাদিকরা জনস্বার্থে অনিয়ম-দুর্নীতি অনুসন্ধান এবং তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশের দায়িত্ব পালন করেন।

এখন প্রশ্ন উঠেছে, ভূমি অফিস কি সাধারণ মানুষের ভূমিসংক্রান্ত সেবা পাওয়ার জায়গা, নাকি সেখানে অনিয়মের অভিযোগ অনুসন্ধান করতে গেলেই সাংবাদিকদের হুমকির মুখে পড়তে হবে? একই সঙ্গে সদর ভূমি অফিসে বহিরাগত ব্যক্তিদের অবাধ যাতায়াত এবং গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র আনা-নেওয়ার কাজে নিয়োজিত ব্যক্তিদের পরিচয় ও দায়িত্ব নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

তাঁরা কি অফিসের অনুমোদিত কর্মচারী, নাকি ব্যক্তিগতভাবে নিয়োগ করা লোকজন? তাঁদের নিয়োগ, দায়িত্ব ও কাজের বৈধতা কী? এসব বিষয়ও খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয়দের দাবি, নায়েব আবুল কালাম আজাদের বিরুদ্ধে ওঠা সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ, আকুয়া মৌজার ভূমি-সংক্রান্ত অনিয়মের অভিযোগ এবং তাঁর ব্যক্তিগত সম্পদের বিষয়ে উত্থাপিত প্রশ্নগুলো নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। একই সঙ্গে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করে জনসমক্ষে প্রকাশ এবং অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাভাবিপ্রবির সামনে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৭ এম


মাভাবিপ্রবির সামনে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ২য় ফটকের সামনে ট্রাকের চাপায় নিহত হয়েছেন আসাদুল (২৭) নামের এক অটোচালক। এই দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ৯.২০ মিনিটে টাঙ্গাইলের সন্তোষ এলাকায়। নিহত আসাদুল টাঙ্গাইল সন্তোষের বালুচড়া এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ্বিতীয় ফটকের সামনে একটি অটোরিকশা অন্য একটি অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টা করছিল। এ সময় ধাক্কা লাগার কারণে দুই চালকের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয় এবং পরে তা হাতাহাতিতে রূপ নেয়। একপর্যায়ে এক অটোরিকশাচালক আসাদুলকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে যান। তখন একটি চলন্ত ট্রাক তার বুকের ওপর দিয়ে চলে যায়, ফলে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে আহত অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

ঘটনার বিষয়ে কাগমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস এম আবদুস সোবহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা নিহতের নাম পরিচয় শনাক্ত করেছি। ট্রাক ও অটো জব্দ করার জন্য আমাদের টিম কাজ করছে। বাকিটা তদন্তের পর জানা যাবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেশি গোলাপ পেতে সঠিক পরিচর্যা করুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৮ এম


বেশি গোলাপ পেতে সঠিক পরিচর্যা করুন

গোলাপ ফুলের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও অনেকেই গোলাপ গাছের সঠিক পরিচর্যা সম্পর্কে অবগত নন। অনেক সময় দেখা যায়, গোলাপ গাছ মাসের পর মাস ধরে লম্বা হয়ে বেড়ে উঠলেও তাতে ফুলের কুঁড়ি আসছে না। ফলে, শেষ পর্যন্ত ফুল না পেয়ে অনেকেই হাল ছেড়ে দেন। এই পরিস্থিতিতে, যদি কিছু বিশেষ পদ্ধতিতে গোলাপ গাছের যত্ন নেওয়া হয়, তাহলে যে কোনো গোলাপ গাছ ফুলের কুঁড়িতে ভরে উঠবে।

নিয়মিত ডালপালা ছাঁটাই

গোলাপ গাছে ভালো ফুল পাওয়ার জন্য সবচেয়ে সহজ একটি নিয়ম হলো ছাঁটাই। নির্দিষ্ট সময় অন্তর গোলাপ গাছের ডালপালা যত বেশি ছাঁটাই করা হবে, তত বেশি ফুল ফুটবে। তবে যদি দেখা যায়, গাছের ডাল অতিরিক্ত লম্বা হয়ে গেছে অথচ গাছে কুঁড়ি আসছে না, তাহলে এর অর্থ হলো গাছটি তার সব শক্তি ডালপালা লম্বা করার জন্যই ব্যয় করছে। তাই গোলাপ গাছে বেশি পরিমাণে ফুল পাওয়ার জন্য প্রথমেই গাছের ছাঁটাই করা প্রয়োজন। এজন্য একটি পরিষ্কার, ধারালো কাঁচি নিয়ে গাছের সমস্ত শুকনো কিংবা দুর্বল, অপ্রয়োজনীয় ডালপালা ছাঁটাই করে দিন। এই পদ্ধতিতে গাছে নতুন ডালপালা গজানোর পাশাপাশি প্রচুর কুঁড়িও আসবে। তবে ছাঁটাই করার সময় একসঙ্গে খুব বেশি ডাল কেটে ফেলবেন না।

পেঁয়াজের খোসা দিয়ে জৈব সার

পেঁয়াজের খোসা গোলাপ গাছের জন্য একটি লাইফলাইন হিসেবে কাজ করে। তাই রান্নাঘরের ব্যবহৃত পেঁয়াজের খোসা ফেলে না দিয়ে, এবার থেকে গাছের জন্য সার তৈরির কাজে লাগান। এই সার তৈরি করতে ১ লিটার পানির মধ্যে দুই মুঠো পেঁয়াজের খোসা সারা রাত ভিজিয়ে রাখুন। পরের দিন ওই পানি ছেঁকে নিয়ে গোলাপ গাছের গোড়ায় দিন। এই মিশ্রণটি সপ্তাহে একদিন করে ব্যবহার করলেই গোলাপ গাছে খুব দ্রুত ফুল আসতে শুরু করবে।

সর্ষের খোল ভেজানো পানি

লম্বা হওয়ার পাশাপাশি, ফুল ফোটার জন্য গাছের অতিরিক্ত পুষ্টির প্রয়োজন হয়। তাই মাসে একবার গোলাপ গাছের মাটির হালকা পরিচর্যা করা প্রয়োজন। প্রতি মাসে অন্তত একবার গোলাপ গাছের গোড়ার মাটি কিছুটা সরিয়ে সেখানে পুরনো গোবর সার অথবা সর্ষের খোলের তরল সার দিতে হবে। এই জৈব সার গাছের শিকড়কে সরাসরি পুষ্টি জোগায়।

সূর্যের আলো

গাছের বৃদ্ধি এবং পুষ্টির জন্য প্রয়োজনীয় সার ব্যবহার করার পাশাপাশি গোলাপ গাছে বেশি পরিমাণে ফুল পাওয়ার জন্য সূর্যের আলোও অত্যন্ত জরুরি। পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো না পেলে গোলাপ গাছে ফুল আসবে না। তাই নিয়মিত গোলাপ গাছের ডালপালা ছাঁটাই করা কিংবা পর্যাপ্ত পরিমাণে সার প্রয়োগ করার পাশাপাশি গাছটিকে সূর্যের আলোয় রাখার ব্যবস্থা করতে হবে। গাছটি যেন সারাদিনে অন্তত পাঁচ থেকে ছয় ঘণ্টার জন্য সরাসরি সূর্যের আলো পায়, সেদিকে নজর দিতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রিজের ৫ খাবার গরম করলে যে ক্ষতির সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৮ এম


ফ্রিজের ৫ খাবার গরম করলে যে ক্ষতির সম্ভাবনা

একই খাবার বারবার ফ্রিজ থেকে বের করে গরম করা এবং পুনরায় ঠান্ডা করে রাখার অভ্যাস শরীরের জন্য বিপজ্জনক হতে পারে। বিশেষ করে কিছু খাবারের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। কারণ, সঠিকভাবে সংরক্ষণ না করলে খাবারে ব্যাকটেরিয়া জন্মাতে পারে, যা ফুড পয়জনিংয়ের ঝুঁকি সৃষ্টি করে।

১. ভাত

অনেক পরিবারে আগের দিনের ভাত ফ্রিজে রেখে পরের দিন গরম করে খাওয়ার অভ্যাস বিদ্যমান। তবে রান্না করা ভাত সঠিকভাবে সংরক্ষণ না করলে এতে ‘ব্যাসিলাস সেরিয়াস’ নামের ব্যাকটেরিয়া জন্মাতে পারে। এই ব্যাকটেরিয়া ফুড পয়জনিংয়ের কারণ হতে পারে। বিশেষ করে রান্নার পর দীর্ঘ সময় ঘরের স্বাভাবিক তাপমাত্রায় ভাত রেখে দিলে ঝুঁকি বৃদ্ধি পায়। তাই ভাত রান্নার পর দ্রুত ঠান্ডা করে ফ্রিজে সংরক্ষণ করা উচিত। খাওয়ার সময় প্রয়োজন অনুযায়ী বের করে গরম করুন।

২. চিকেন কারি

চিকেনের তরকারি বা মাংসের ঝোল একাধিকবার গরম করা উচিত নয়। বারবার গরম ও ঠান্ডা করার ফলে খাবারের তাপমাত্রায় পরিবর্তন ঘটে। সঠিকভাবে সংরক্ষণ না হলে এই অবস্থায় ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকে। তাই পুরো পাত্র বারবার গরম না করে ছোট ছোট পাত্রে খাবার ভাগ করে রাখুন। খাওয়ার আগে প্রয়োজন অনুযায়ী শুধু সেই অংশটুকুই গরম করুন।

৩. মাছ ও সামুদ্রিক খাবার

মাছ এবং সামুদ্রিক খাবার তুলনামূলকভাবে দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। তাই রান্না করা মাছ দীর্ঘ সময় ঘরের তাপমাত্রায় রাখা উচিত নয়। বারবার গরম ও ঠান্ডা করার ফলে খাবারের গুণমান নষ্ট হওয়ার পাশাপাশি খাদ্যসুরক্ষার ঝুঁকি বৃদ্ধি পায়। রান্নার পর অবশিষ্ট মাছ দ্রুত ফ্রিজে সংরক্ষণ করুন। খাওয়ার আগে প্রয়োজন অনুযায়ী গরম করুন।

৪. ডিম

ডিমের অমলেট, স্ক্র্যাম্বলড এগ অথবা ডিমের কারি—যে কোনো পদ রান্নার পর দীর্ঘ সময় বাইরে ফেলে রাখা উচিত নয়। ডিমের তৈরি খাবার সঠিকভাবে সংরক্ষণ না করলে তাতে ব্যাকটেরিয়া জন্মানোর আশঙ্কা থাকে। তাই রান্নার পর দ্রুত ফ্রিজে রাখুন। খাওয়ার সময় প্রয়োজন অনুযায়ী বের করে গরম করুন।

৫. ক্রিম বা দুধ দিয়ে তৈরি গ্রেভি

পনির বাটার মশলা, ক্রিমি পাস্তা অথবা দুধ দিয়ে তৈরি বিভিন্ন সস বারবার গরম করা উচিত নয়। দুগ্ধজাত উপাদান দিয়ে তৈরি খাবার দীর্ঘ সময় ঘরের তাপমাত্রায় পড়ে থাকলে নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তাই এই ধরনের খাবার ছোট পাত্রে ভাগ করে ফ্রিজে সংরক্ষণ করুন। খাওয়ার আগে প্রয়োজনীয় অংশটুকু গরম করে নিন।

শুধু খাবার গরম করলেই তা নিরাপদ হয়ে যায় না। রান্নার পর খাবার দ্রুত ফ্রিজে রাখা, দীর্ঘ সময় বাইরে ফেলে না রাখা এবং বারবার পুরো পাত্র গরম না করাই উত্তম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%