০৪:৪০ পি.এম
কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটি আরও সাত কার্যদিবস সময় চেয়েছে। পূর্বনির্ধারিত সময়সীমা অনুযায়ী আজ রোববার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল, কিন্তু গুরুত্বপূর্ণ ফরেনসিক রিপোর্টের অপেক্ষায় এই সময়সীমা বাড়ানোর আবেদন করা হয়েছে।
আজ দুপুর ১২টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউসে তদন্ত কমিটির সদস্যরা পরিস্থিতি পর্যালোচনার জন্য বৈঠকে বসেন। বৈঠক শেষে কমিটির প্রধান এবং কুষ্টিয়া স্থানীয় সরকারের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান, অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত সংগ্রহ করা হয়েছে, যেগুলোর ফরেনসিক পরীক্ষার ফল পেতে কিছুটা বিলম্ব হচ্ছে। কমিটির সব সদস্যের সর্বসম্মতিক্রমে আরও সাত কার্যদিবস সময় চাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যাতে একটি বস্তুনিষ্ঠ ও পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করা সম্ভব হয়। ফরেনসিক রিপোর্ট হাতে পাওয়ার পর যাবতীয় তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তর করা হবে।
এর আগে অগ্নিকাণ্ডের পর গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চার সদস্যের এই বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এবং প্রাথমিক পর্যায়ে তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল। কমিটির অন্য সদস্যরা হলেন বিজিবির কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশনস) মেজর আসরারুল হক, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন। ঘটনার আদ্যোপান্ত জানতে এবং আলামত সংগ্রহ করতে তদন্ত কমিটির সদস্যরা শুক্রবার ও শনিবার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে অবস্থিত ওই আগুনে পোড়া বাড়িটি সরেজমিনে পরিদর্শন করেন।
আরও পড়ুন: কারিগরি প্রশিক্ষণকে টেকসই কর্মসংস্থানে রূপ দিতে আহ্বান জানালেন হুমায়ুন কবির
উল্লেখ্য, গত বুধবার গভীর রাতে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাগোয়ানের ওই বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এমপি নুসরাত এই ঘটনাকে নিছক দুর্ঘটনা মানতে নারাজ। তিনি এটিকে পরিকল্পিত নাশকতা দাবি করে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেছেন, যেখানে বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যার চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
এদিকে প্রাথমিক তদন্তের ভিত্তিতে আগুন লাগার কারণ সম্পর্কে বেশ কিছু নতুন তথ্য বেরিয়ে এসেছে। তদন্তকারী কর্মকর্তাদের মতে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়নি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, ঘটনার দিন রাত ১২টা ১৫ মিনিট ৩০ সেকেন্ডে যে আগুনের স্ফুলিঙ্গ দেখা যায়, মূলত তার অনেক আগে থেকেই সেখানে আগুন অল্প অল্প করে জ্বলছিল। তৃতীয়বারের মতো দপ করে আগুন জ্বলে ওঠার পর বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়। তদন্ত সংশ্লিষ্টরা জানান, ওই বাড়ির একটি নির্দিষ্ট কক্ষে খড় মজুত করা ছিল। কেউ হয়তো ইচ্ছাকৃতভাবে ওই খড়ে আগুন লাগিয়ে থাকতে পারে অথবা এটি কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাও হতে পারে। তবে প্রকৃত কারণ উদ্ঘাটনে পুরো বিষয়টি অত্যন্ত গভীরভাবে পর্যালোচনা করে দেখছে তদন্ত কমিটি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন