০৬:০৬ পি.এম
ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তে এক নারী উদ্ধার, গ্রেপ্তার ১
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের কাছে পাচারের চেষ্টা চলাকালীন ৪১ বছর বয়সী এক নারীকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় মানবপাচারচক্রের সদস্য হিসেবে মো. ইমন (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: অসুস্থ-অসচ্ছল সাংবাদিকদের পাশে রয়েছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট
গ্রেপ্তার হওয়া ইমন মহেশপুর উপজেলার বাঘাডাংগা গ্রামের খাইরুল ইসলামের ছেলে। উদ্ধার হওয়া নারী নিতুন জেরা (৪১) রংপুরের তারাগঞ্জ উপজেলার উজিয়াল গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি গাজীপুরের টঙ্গী শিল্পাঞ্চল এলাকায় বসবাস করছিলেন।
পুলিশের সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র ওই নারীকে সীমান্ত এলাকায় নিয়ে আসার জন্য ভালো বেতনের চাকরির প্রলোভন দেখায়।
গত ২০ আগস্ট জীবননগর হয়ে বাঘাডাংগা সীমান্ত দিয়ে তাকে অবৈধভাবে ভারতে পাঠানোর চেষ্টা করা হয়।
আরও পড়ুন: মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে বাসে আগুন
সীমান্তে ভারতে পাঠাতে ব্যর্থ হয়ে চক্রের সদস্যরা ওই নারীকে ইমনের বাড়িতে আটকে রাখে বলে পুলিশ জানায়। পরে সুযোগ বুঝে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সাহায্য চান।
খবর পেয়ে মহেশপুর থানার পুলিশ বাঘাডাংগা এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে এবং ইমনকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় সাভারের জাহিদুল ইসলাম মীর, স্থানীয় সামিনুর ও আমিনুর রহমানসহ আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ৩-৪ জনকে আসামি করে মহেশপুর থানায় মামলা করা হয়েছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে মঞ্জিল পরিবহনের বাসে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণ
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানিয়েছেন, মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ইমনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য সীমান্ত এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন