ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

৩৫টি বিমান কেনার সম্ভাব্যতা যাচাই হয়েছে কি না?


৩৫টি বিমান কেনার সম্ভাব্যতা যাচাই হয়েছে কি না?

সংসদীয় কমিটিতে ২৫ বোয়িং ও ১০ এয়ারবাসসহ ৩৫টি উড়োজাহাজ কেনার চুক্তির আগে সম্ভাব্যতা যাচাই হয়েছে কি না, সে বিষয়ে প্রশ্ন উঠেছে। কমিটির সদস্যরা উড়োজাহাজগুলোর রুট, যাত্রী চাহিদা এবং ক্রয় প্রক্রিয়ার স্বচ্ছতা সম্পর্কে জানতে চেয়েছেন। বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, সব উড়োজাহাজ দেশে আসতে ২০৪০ সাল পর্যন্ত সময় লাগতে পারে। এ জন্য ব্যয় সফট লোনে পরিশোধ করা হবে এবং পরিচালন আয় থেকেই খরচ নির্বাহ করা সম্ভব হবে।

গতকাল রোববার জাতীয় সংসদে অনুষ্ঠিত বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ আলোচনা হয়েছে বলে সূত্রে জানা গেছে। বৈঠকে কমিটির সদস্য জামায়াতে ইসলামীর সংসদ সদস্য কামরুল হাসান জানতে চান, ৩৫টি উড়োজাহাজ কেনার আগে ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে কি না। তিনি বলেন, "এগুলো কোন কোন রুটে চলবে, যাত্রী পরিবহনের সক্ষমতা ও চাহিদা আছে কি না, এসব বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে কি না।" তিনি আরও জানতে চান, বিষয়টি স্বচ্ছতার সঙ্গে হয়েছে কি না।

জবাবে বিমানমন্ত্রী মিল্লাত জানান, ৩৫টি উড়োজাহাজ কেনার পরিকল্পনা বাস্তবায়নে কয়েকটি ধাপ রয়েছে। সব উড়োজাহাজ দেশে আসতে ২০৪০ সাল পর্যন্ত সময় লাগতে পারে। তিনি যোগ করেন, এগুলো কেনার অর্থ সফট লোনের মাধ্যমে পরিশোধের পরিকল্পনা রয়েছে। উড়োজাহাজ পরিচালনা থেকে অর্জিত আয় দিয়েই এর ব্যয় নির্বাহ করা সম্ভব হবে বলে জানানো হয়।

আরও পড়ুন: হবিগঞ্জে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন সম্পন্ন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তি দুই ধাপে সম্পন্ন হয়েছে। গত ৩০ এপ্রিল ১৪টি এবং ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আরো ১১টি উড়োজাহাজ কেনার সম্পূরক চুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়া গত ৭ অক্টোবর এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি করা হয়। দুই প্রতিষ্ঠান থেকে মোট ৩৫টি উড়োজাহাজ কেনার চুক্তি সম্পন্ন হয়েছে।

সূত্রে জানা যায়, বৈঠকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ব্যয় নিয়েও প্রশ্ন তোলা হয়। এক সংসদ সদস্য বলেন, "টার্মিনাল নির্মাণে প্রকৃত ব্যয় কত হয়েছে এবং অতিরিক্ত ব্যয়ের ক্ষেত্রে কোনো অর্থের অপব্যবহার হয়েছে কি না, তা জানতে চাওয়া হয়েছে।" আগামী ১৬ ডিসেম্বর টার্মিনাল চালুর যে সময়সীমা নির্ধারণ করা হয়েছে, তা ঠিক থাকবে কি না, সে বিষয়েও প্রশ্ন করা হয়। অতীতের কেনাকাটা ও তৃতীয় টার্মিনাল নির্মাণের ব্যয় বৃদ্ধির বিষয়গুলো খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের দাবিও জানানো হয়েছে। তবে বৈঠকে এ বিষয়ে কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি।

বৈঠকে বিমানবন্দরের কার্যক্রমের অগ্রগতি এবং কেনাকাটার বিষয়েও আলোচনা হয়। গত মার্চ পর্যন্ত বিমানবন্দরের কার্যক্রমের কতটুকু বাস্তবায়ন হয়েছে এবং কী কী কেনাকাটা করা হয়েছে, তার বিস্তারিত প্রতিবেদন পরবর্তী সময়ে কমিটির কাছে উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিমানবন্দরের ট্রলি সংকট নিয়েও আলোচনা হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তৃতীয় টার্মিনাল চালু হলে ট্রলির সমস্যা স্থায়ীভাবে সমাধান হবে।

এছাড়া বিমানবন্দরে জনবল নিয়োগ ও কর্মকর্তাদের পদায়নের বিষয়েও আলোচনা হয়েছে। বলা হয়েছে, দক্ষ ও সৎ কর্মকর্তাদের কোনো ট্যাগ দিয়ে সরিয়ে দেওয়া উচিত নয়। বিশেষ করে বিমানবন্দরের কারিগরি পদগুলোতে সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ কর্মকর্তাদের পদায়ন নিশ্চিত করতে বলা হয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র ওলামা লীগ নেতার বিএনপিতে যোগদান নাকি সৌজন্য সাক্ষাৎ?

সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন সিভিল অ্যাভিয়েশন, বিমান ও পর্যটনের কেনাকাটা, বদলি, নিয়োগ এবং বিমানবন্দরের সার্বিক ব্যবস্থাপনা তদারকিতে পাঁচ সদস্যের সাবকমিটি গঠনের প্রস্তাব দিয়েছে সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে মন্ত্রণালয়ের শূন্য পদগুলো যথাযথ নিয়ম অনুসরণ করে দ্রুত পূরণ এবং গত আট মাসে সিভিল অ্যাভিয়েশনের কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি ও কেনাকাটার বিষয়ে প্রতিবেদন দেওয়ার সুপারিশ করেছে কমিটি।

বৈঠকে জানানো হয়, বিদেশের সঙ্গে কোনো চুক্তি হলে দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। কমিটি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পরিপূরক হিসেবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।

কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী মন্ত্রণালয়ের স্বার্থে যোগ্যতাসম্পন্ন জনবলকে সঠিক জায়গায় পদায়নের সুপারিশ করেন। তিনি পাশাপাশি মন্ত্রণালয়ের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য নিয়মিত বৈঠক আয়োজনের সুপারিশ করেন।

কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকীর সভাপতিত্বে বৈঠকে আরো অংশগ্রহণ করেনÑকমিটির সদস্য ও মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, আলতাফ হোসেন চৌধুরী, লুৎফুল্লাহেল মাজেদ, সৈয়দ জাহাঙ্গীর আলম, জসীম উদ্দীন আহমেদ, সুরাইয়া জেরিন, শওকত আরা আক্তার, কামরুল হাসান ও আবু তালিব।

আরও পড়ুন: ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর শুরু হবে

কমিটির বিশেষ আমন্ত্রণে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়) গিয়াস উদ্দিন রিমন বৈঠকে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহরুখের জন্মদিনে প্রকাশিত হলো ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল যায়ে’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৭ এম


শাহরুখের জন্মদিনে প্রকাশিত হলো ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল যায়ে’

বলিউডের সুপারস্টার শাহরুখ খানের জন্মদিন উপলক্ষে ভক্তদের জন্য একটি বিশেষ উপহার হিসেবে হাজির হয়েছে তাঁর নতুন সিনেমা ‘কিং’। এই বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে বহুল প্রতীক্ষিত সিনেমাটির প্রথম গান ‘তু মিল যায়ে’ প্রকাশ করা হয়েছে। রোমান্টিক গানটিতে শাহরুখের সঙ্গে পর্দা ভাগ করেছেন দীপিকা পাড়ুকোন। গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দুই তারকার রসায়ন, শাহরুখের নতুন লুক এবং সংগীতশিল্পীদের পরিবেশনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

‘তু মিল যায়ে’ গানটির সুর দিয়েছেন সংগীত পরিচালক জুটি শচীন–জিগার। এই গানে কণ্ঠ দিয়েছেন ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান এবং ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। দুই সংগীতশিল্পীর যৌথ পরিবেশনা শ্রোতাদের মধ্যে বাড়তি আগ্রহ সৃষ্টি করেছে।

গানটিতে শাহরুখ ও দীপিকার উপস্থিতি বিশেষভাবে ভক্তদের নজর কাড়ছে। তাঁদের পর্দার রসায়ন দেখে অনেকেই মনে পড়ছেন ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘ওম শান্তি ওম’ সিনেমার কথা। সেই ছবির মাধ্যমে তাঁরা বড় পর্দায় জুটি হিসেবে দর্শকদের সামনে এসেছিলেন। নতুন গানেও দুই তারকার রসায়ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন অনেকে। একই সঙ্গে শাহরুখের শারীরিক গঠন ও নতুন অবতার নিয়েও আলোচনা চলছে।

গানের শুরুতেই শাহরুখের একটি সংলাপ রয়েছে- ‘ম্যায় কাতিল নহি, আশিক হুঁ’। বাংলায় যার অর্থ, ‘আমি খুনি নই, প্রেমিক’। এই সংলাপটি গানটির রোমান্টিক আবহে ভিন্ন মাত্রা যোগ করেছে। এড শিরান ও অরিজিৎ সিংয়ের কণ্ঠের সমন্বয়ও শ্রোতাদের প্রশংসা পাচ্ছে।

জন্মদিনে শাহরুখের জন্য গুগলের আয়োজন

শাহরুখের জন্মদিন উপলক্ষে প্রযুক্তিপ্রতিষ্ঠান গুগল বিশেষ আয়োজন করেছে। মুম্বাইয়ের বান্দ্রা–ওরলি সি লিংকে ‘কিং’ সিনেমার প্রচারণার অংশ হিসেবে তৈরি করা হয়েছে একটি বিশেষ স্থাপনা। গভীর রাতে গাড়ি নিয়ে বের হয়ে শাহরুখ নিজেই আয়োজনটি দেখতে যান।

পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আয়োজনটির ছবি প্রকাশ করে গুগল জেমিনিকে ধন্যবাদ জানান অভিনেতা। তিনি মজার ছলে লেখেন, ‘দোস্ত হো তো গুগল জেমিনি জ্যায়সা’- অর্থাৎ বন্ধু হলে গুগল জেমিনির মতো হওয়া উচিত। শাহরুখের এই রসিকতাপূর্ণ মন্তব্যও ভক্তদের নজর কাড়ছে।

বড় তারকাদের নিয়ে ‘কিং’

‘পাঠান’ ও ‘জওয়ান’-এর মতো অ্যাকশনধর্মী সিনেমার পর শাহরুখের নতুন প্রকল্প ‘কিং’ নিয়ে দর্শকদের আগ্রহ রয়েছে। সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। এতে শাহরুখ ও দীপিকা ছাড়াও অভিনয় করছেন অভিষেক বচ্চন, রানী মুখার্জি ও সুহানা খানসহ আরও অনেকে।

সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। প্রথম গান প্রকাশের মাধ্যমে ছবিটির প্রচারণায় নতুন গতি এসেছে। এখন দেখার বিষয়, বড় পর্দায় শাহরুখের নতুন অবতার দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে খেলার মাঠে চাঁদা তুলে ১২০ শতাংশ জমি ও অবকাঠামো দেবে সরকার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৮ এম


টাঙ্গাইলে খেলার মাঠে চাঁদা তুলে ১২০ শতাংশ জমি ও অবকাঠামো দেবে সরকার

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাবুপুর গ্রামের মানুষ নিজেদের উদ্যোগে চাঁদা তুলে খেলার মাঠের জন্য জমি ক্রয় করেছিলেন। এবার সরকারের পক্ষ থেকে সেই মাঠে অবকাঠামো নির্মাণ এবং আরও ১২০ শতাংশ জমি ক্রয়ে সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম সাড়ে চার থেকে পাঁচ কোটি টাকা সহায়তার কথা ঘোষণা করেছেন। গতকাল রোববার দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে গ্রামবাসীর একটি প্রতিনিধি দল, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এই ঘোষণা দেওয়া হয়।

গ্রামের ধনী ও গরিব সবাই মিলে কয়েক বছর ধরে ৫৯ শতাংশ জমি ক্রয় করেন। জমির মালিক একজন অতিরিক্ত এক শতাংশ জমি দান করেছেন। ফলে বর্তমানে মোট জমির পরিমাণ ৬০ শতাংশ। গত বৃহস্পতিবার বাদ্য বাজিয়ে আনুষ্ঠানিকভাবে গ্রামবাসী সেই জমি বুঝে নেন। সংবাদ প্রকাশের পর ক্রীড়া প্রতিমন্ত্রী জেলা প্রশাসনের মাধ্যমে গ্রামবাসীকে মন্ত্রণালয়ে ডেকে পাঠান।

গতকাল মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুব হাসান, দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী, প্রবীণ ব্যক্তি খোরশেদ আলম, আজহার শিকদার, মাইন শিকদার এবং মোনালিসা উইমেন্স স্পোর্টস একাডেমির পরিচালক মোনালিসা মুন্নি উপস্থিত ছিলেন। বৈঠকে প্রতিমন্ত্রী মাঠ গড়তে প্রয়োজনীয় জমি ও অর্থের বিষয়ে গ্রামবাসীর বক্তব্য শোনেন। তিনি গ্রামবাসীর উদ্যোগের প্রশংসা করে জমি অধিগ্রহণ ও অবকাঠামো নির্মাণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকের পর মোনালিসা উইমেন্স স্পোর্টস একাডেমির পরিচালক মোনালিসা মুন্নি জানান, একটি পূর্ণাঙ্গ মাঠের জন্য প্রায় ১৮০ শতাংশ জমির প্রয়োজন। বর্তমানে ৬০ শতাংশ জমি রয়েছে। বাকি ১২০ শতাংশ জমি ক্রয় ও অবকাঠামো তৈরিতে মন্ত্রীর এই ঘোষণা গ্রামবাসীকে উৎসাহিত করেছে। দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী বলেন, গ্রামের শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ সৃষ্টি এবং তাদের মাদকমুক্ত রাখতে এই মাঠ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের স্বীকারোক্তি দিয়ে ফেসবুকে পোস্ট, যুবক আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৮ এম


মিরপুরে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের স্বীকারোক্তি দিয়ে ফেসবুকে পোস্ট, যুবক আটক

রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনের সময় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় স্বীকারোক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে রাজিব চন্দ্র দাস নামের একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (১ নভেম্বর) রাত ১১টা থেকে ১১টা ৫০ মিনিটের মধ্যে উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টরের প্যারাগন মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুসারে, উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টরের ১ নম্বর সড়কের ৫৫ নম্বর বাড়ির সামনে প্যারাগন মাঠ এলাকা থেকে রাজিব চন্দ্র দাসকে আটক করা হয়েছে।

এর আগে, পোশাক শ্রমিকদের আন্দোলনের সময় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বীকারোক্তিমূলক পোস্ট করেন রাজিব চন্দ্র দাস।

রোববার রাজধানীর মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ চলাকালে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এই ঘটনা মিরপুর-১১ মেট্রো স্টেশনের নিচে ঘটে। এর ফলে সাময়িকভাবে বন্ধ রাখা হয় মিরপুর-১০ মেট্রো স্টেশন। একই সঙ্গে যান চলাচলও বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে পল্লবী ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রোববার সকালে টানা দ্বিতীয় দিনের মতো মিরপুর-১০ গোলচত্বরসহ আশপাশের এলাকায় বিক্ষোভ করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসির জাদুতে মায়ামির দুর্দান্ত প্রত্যাবর্তন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৯ এম


মেসির জাদুতে মায়ামির দুর্দান্ত প্রত্যাবর্তন

ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও লিওনেল মেসির অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে ইন্টার মায়ামি গুরুত্বপূর্ণ জয় অর্জন করেছে। নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে পরাজিত করে কনকাকাফ চ্যাম্পিয়নশিপের পরবর্তী আসরে নিজেদের জায়গা নিশ্চিত করেছে ফ্লোরিডার দলটি।

বাংলাদেশ সময় সোমবার সকালে প্রতিপক্ষের মাঠে অনুষ্ঠিত মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচটি ইন্টার মায়ামি ২-১ গোলে জিতেছে। এই জয়ের ফলে মেসির দল প্লে-অফের লড়াইয়ে মূল্যবান তিন পয়েন্ট অর্জন করে।

প্রথমার্ধে উভয় দলই বেশ কিছু সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। ম্যাচের ৫৩তম মিনিটে স্বাগতিক নিউ ইংল্যান্ডকে এগিয়ে দেন ড্যানিয়েল গাজদাগ। তার গোলে ইন্টার মায়ামি চাপের মধ্যে পড়ে যায়।

তবে দলের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন মেসি। ৬৯তম মিনিটে তার নিখুঁত অ্যাসিস্ট থেকে সমতাসূচক গোল করেন জার্মান বেরতেরামে। ম্যাচে ফেরার পর মায়ামির আক্রমণের গতি আরও বাড়ানো হয়।

এরপর ৮৩তম মিনিটে তিন ডিফেন্ডারকে কাটিয়ে চোখ জুড়ানো গোলে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন মহাতারকা। তার দুর্দান্ত ফিনিশ ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় এবং মৌসুমে নিজের গোলসংখ্যা আরও বাড়ায়।

লিগ মৌসুমে মেসি সর্বোচ্চ গোলদাতা, তার গোল সংখ্যা ২৬টি। এছাড়া তার অ্যাসিস্টের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ ১৩টি।

শেষ দিকে নিউ ইংল্যান্ড সমতায় ফেরার চেষ্টা করলেও ইন্টার মায়ামির রক্ষণভাগ দৃঢ় অবস্থান ধরে রাখে। ফলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মেসির দল।

এই জয়ের মাধ্যমে ইস্টার্ন কনফারেন্সে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে ইন্টার মায়ামি। এক গোল ও এক অ্যাসিস্ট করে ম্যাচসেরার মতো পারফরম্যান্স উপহার দিয়েছেন মেসি, যিনি আবারও প্রমাণ করেছেন বড় ম্যাচে তিনিই দলের সবচেয়ে বড় ভরসা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%