প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকার ব্যাটারিচালিত রিকশাচালকদের মধ্যে ৯৫ দশমিক ৬ শতাংশের কাছে কোনো লাইসেন্স বা অনুমতিপত্র নেই। তাদের মধ্যে ৭৮ দশমিক ২ শতাংশ রিকশা চালান ভাড়ায়। আয় বন্ধ হয়ে গেলে ৬২ দশমিক ৯ শতাংশ চালক এক সপ্তাহও পরিবারের খরচ চালাতে সক্ষম হবেন না। এই অবস্থায় ব্যাটারিচালিত রিকশার নিয়ন্ত্রণের উদ্যোগ গ্রহণের সময় চালকদের জীবন-জীবিকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার পরামর্শ দিয়েছেন গবেষকেরা।
গবেষকরা উল্লেখ করেছেন, সড়ক নিরাপত্তা ও পরিবেশগত ঝুঁকি মোকাবিলার জন্য ব্যাটারিচালিত রিকশাকে নিয়মের আওতায় আনতে হবে। তবে হঠাৎ করে নিয়ন্ত্রণ আরোপ না করে চালক, মালিক ও সংশ্লিষ্ট অন্যান্যদের সামর্থ্য বিবেচনায় নিয়ে ধাপে ধাপে পরিবর্তন আনা প্রয়োজন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্র্যাক ও ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) যৌথ গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। ‘ব্যাটারিচালিত রিকশা : জীবন-জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক টেকসই রূপান্তর’ শীর্ষক নীতি আলোচনায় গবেষণার পাশাপাশি এ খাতের ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা মতামত দেন।
অনুষ্ঠানে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ মন্তব্য করেন, ব্যাটারিচালিত রিকশার নিরাপত্তা, সড়ক ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের যে চ্যালেঞ্জ রয়েছে, সেগুলোর সমাধান করতে হবে চালকদের বাস্তবতা বিবেচনায় নিয়ে। তিনি বলেন, ন্যায্য রূপান্তর নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
আসিফ সালেহ আরও বলেন, সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে তিন থেকে চার বছরের একটি রূপান্তর পরিকল্পনা করা যেতে পারে। এর মাধ্যমে চালক ও তাদের পরিবারের জীবিকার ক্ষতি কমিয়ে ধাপে ধাপে পরিবর্তন আনা সম্ভব হবে।
তিনি উল্লেখ করেন, ব্যাটারিচালিত রিকশাচালক ও ফুটপাতের হকারসহ অনানুষ্ঠানিক খাতের শ্রমিকেরা প্রতিদিন একধরনের অদৃশ্য কর দিচ্ছেন। আইনি স্বীকৃতি না থাকায় তাদের জরিমানা, চাঁদা ও নানা অনানুষ্ঠানিক খরচ দিতে হয়। কিন্তু তারা কোনো স্বীকৃতি বা সুরক্ষা পান না। গবেষণায় দেখা গেছে, প্রায় দুই-তৃতীয়াংশ চালক কোনো না কোনো সময় জরিমানা বা হয়রানির শিকার হয়েছেন।
আসিফ সালেহ আরও বলেন, ঢাকার ব্যাটারিচালিত রিকশাচালকদের ৭৮ শতাংশ অন্য জেলা থেকে এসেছেন। তাদের ৮৪ শতাংশ গ্রামে কাজের সুযোগ না থাকায় শহরে এসেছেন। গ্রামে কাজের সুযোগ ও ফসলের ন্যায্য দাম নিশ্চিত না করে শুধুমাত্র রিকশা বন্ধ করলে সমস্যার সমাধান হবে না। বরং হঠাৎ সিদ্ধান্ত নিলে লাখো পরিবার অনিশ্চয়তায় পড়বে।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম বলেন, নগরবাসীর নির্বিঘ্নে চলাচলের অধিকার যেমন রয়েছে, তেমনি রিকশাচালকদেরও বেঁচে থাকার ও কাজ করার অধিকার রয়েছে। যানজট, বায়ুদূষণ, জলাবদ্ধতা ও আবর্জনার মতো নগরের সমস্যাগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কিত। তাই একটি বিষয়কে আলাদা করে সমাধানের চেষ্টা করলে হবে না। ঢাকা শহরের সামগ্রিক সক্ষমতা বিবেচনায় নিয়ে সব পক্ষকে সঙ্গে করে পরিকল্পনা করতে হবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, তারা অটোরিকশা বা রিকশাচালকদের বিপক্ষে নন। তাদের জীবন-জীবিকার অধিকারও রক্ষা করতে হবে। তবে নিয়মের মধ্যে আনা গেলে জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে। অবৈধ অবস্থা থেকে তাদের বৈধতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিআইজিডির নির্বাহী পরিচালক ইমরান মতিন বলেন, রিকশাচালকেরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ জীবিকার মধ্যে রয়েছেন। যেকোনো দুর্ঘটনা বা হয়রানিতে তারা আবার দারিদ্র্যের মধ্যে পড়ে যেতে পারেন। পথচারীদের মতো ব্যাটারিচালিত রিকশাচালকেরাও দেশের নাগরিক। তাই সবার বাস্তবতা বিবেচনায় নিয়ে ন্যায্য ও সহজ রূপান্তর নিশ্চিত করতে হবে।
‘বাংলাদেশে ব্যাটারিচালিত রিকশার রাজনৈতিক ও আর্থসামাজিক বাস্তবতা’ শীর্ষক গবেষণাটি ঢাকার ৩০০ জন ও বরিশালের ১৫০ জনসহ মোট ৪৫০ জন সক্রিয় চালকের ওপর জরিপের ভিত্তিতে করা হয়েছে। ২০২৬ সালের ১১ জুন থেকে ৩০ জুলাই পর্যন্ত তথ্য সংগ্রহ করা হয়।
গবেষণায় দেখা গেছে, ভাড়ায় রিকশা চালানো ব্যক্তিদের আয়ের গড়ে ৩৮ দশমিক ৬ শতাংশ রিকশার ভাড়া পরিশোধে ব্যয় হয়। জরিপের আগের এক মাসে ২৬ দশমিক ৭ শতাংশ চালক অন্তত একবার সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।
ব্যাটারিচালিত রিকশার ব্যবস্থাপনায় গ্যারেজগুলোর ওপর চালকদের নির্ভরতা রয়েছে। রিকশা ভাড়া দেওয়া, ব্যাটারি চার্জ, পরিবর্তন ও মেরামত, ঋণসহায়তা এবং দুর্ঘটনা বা জরিমানার সময় সহায়তা দেওয়ার কাজ করে গ্যারেজগুলো। তবে এসব গ্যারেজে অনিয়ন্ত্রিত বিদ্যুৎ ব্যবহার এবং সরকারি জায়গায় কার্যক্রম পরিচালনার মতো সমস্যাও রয়েছে। প্রচলিত লেড-অ্যাসিড ব্যাটারির অনানুষ্ঠানিক উৎপাদন ও পুনর্ব্যবহার পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে।
গবেষণায় বলা হয়েছে, স্থানীয় সরকার বিভাগের প্রণীত ২০২৬ সালের ‘তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা’ এ খাতকে স্বীকৃতি ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে বিধিমালার কার্যকর বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ।
গবেষকদের সুপারিশের মধ্যে রয়েছে যানবাহনের ন্যূনতম নিরাপত্তামান নিশ্চিত করা, চলাচলের এলাকা নির্ধারণ এবং সড়ক ব্যবহারের সুস্পষ্ট নির্দেশনা দেওয়া। যানবাহন রূপান্তর, ব্যাটারির মানোন্নয়ন, চার্জিং, বীমা ও লাইসেন্সিংয়ের খরচ চালক ও মালিকদের সামর্থ্যের মধ্যে রাখার কথাও বলা হয়েছে। একই সঙ্গে বিদ্যমান গ্যারেজ ও সেবা নেটওয়ার্ককে নতুন ব্যবস্থার সঙ্গে যুক্ত করার সুপারিশ করা হয়েছে।
ব্যবহৃত ব্যাটারি সংগ্রহ, নিরাপদে নিষ্পত্তি ও পুনর্ব্যবহারের ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি পরিবেশবান্ধব চার্জিং ব্যবস্থা চালুর ওপরও গুরুত্ব দিয়েছেন গবেষকেরা।
আলোচনায় আরো বক্তব্য দেন বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক সামছুল হক, প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক আকতার মাহমুদসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন