০৭:০৪ পি.এম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন নিয়ন্ত্রণে আধুনিক এআই প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করতে যাচ্ছে হাইওয়ে পুলিশ।
আগামী ১৮ আগস্ট থেকে এ কার্যক্রম শুরু হবে বলে শনিবার (১৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে হাইওয়ে পুলিশ সদরদপ্তর।
আরও পড়ুন: আমি এমপি, ডিলারশিপ পাবে স্ত্রী-সন্তান এই কালচার কবে বন্ধ হবে: আবুল হাসনাত
হাইওয়ে পুলিশ জানিয়েছে, মহাসড়কে নির্ধারিত গতিসীমা অতিক্রম, অবৈধ পার্কিং, উল্টোপথে গাড়ি চালানোসহ বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নতুন এ ব্যবস্থায় আধুনিক প্রযুক্তিনির্ভর এআই ক্যামেরার মাধ্যমে আইন অমান্যকারী যানবাহন শনাক্ত করা হবে।
পরে স্বয়ংক্রিয় পদ্ধতিতে সংশ্লিষ্ট যানবাহনের নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে মামলা ও জরিমানার তথ্য পাঠানো হবে।
মামলার তথ্য পাওয়ার পর সংশ্লিষ্ট যানবাহনের মালিক নির্ধারিত পদ্ধতিতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে—যেমন বিকাশ, নগদসহ অনুমোদিত সেবা ব্যবহার করে জরিমানার অর্থ পরিশোধ করতে পারবেন।
আরও পড়ুন: শুরুতেই সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তাল সংসদ
হাইওয়ে পুলিশ বলছে, প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থার ফলে মহাসড়কে সংঘটিত ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা দ্রুত শনাক্ত, প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ এবং বিধি অনুযায়ী জরিমানা আদায়ের কার্যক্রম আরও দ্রুত, স্বচ্ছ, নির্ভুল ও কার্যকর হবে।
পুলিশ আশা করছে, এ ব্যবস্থার মাধ্যমে মহাসড়কে ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে জনসচেতনতা বাড়বে, যান চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে এবং সড়ক দুর্ঘটনা কমাতে এটি কার্যকর ভূমিকা রাখবে।
এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে যাত্রীসাধারণ, পরিবহন মালিক, শ্রমিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সব অংশীজনের আন্তরিক সহযোগিতা কামনা করেছে হাইওয়ে পুলিশ।
আরও পড়ুন: মুফতি তাকি উসমানীর বাংলাদেশ সফরের চূড়ান্ত সূচি ঘোষণা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন