০৫:২৭ পি.এম
সারের ডিলার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগের প্রেক্ষাপটে জাতীয় সংসদে তীব্র বাদানুবাদ ও তুমুল হট্টগোলের সৃষ্টি হয়েছে। বিরোধী দলের সদস্যদের একের পর এক তীর্যক প্রশ্ন, হইচই এবং মন্ত্রীর জবাবের সময় সংসদ কক্ষে চরম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্পিকারকে বারবার হস্তক্ষেপ করতে হয় এবং বিরোধীদলীয় চিফ হুইপকে নিজের দলের সংসদ সদস্যদের শান্ত রাখার আহ্বান জানাতে হয়।
জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সারের ডিলার বণ্টন নিয়ে সংসদ সদস্যদের ক্ষোভ ও সম্পূরক প্রশ্নের জবাব দিতে ওঠেন মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। শুরুতেই ডিলার নিয়োগকে উৎসব আখ্যা দিয়ে মন্ত্রী বলেন, "আমরা তো চাই মানুষ উৎসবের মতো করে এটি গ্রহণ করুক।" মন্ত্রীর এই বক্তব্যের সঙ্গে সঙ্গেই বিরোধী দলের আসনে থাকা সংসদ সদস্যরা তীব্র প্রতিবাদ জানাতে শুরু করেন এবং একপর্যায়ে অধিবেশন কক্ষে প্রচণ্ড হট্টগোল শুরু হয়।
হট্টগোলের মধ্যে মন্ত্রী স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, "আমি নতুন মন্ত্রী। কথা বলতে গেলে এভাবে সাইড টক করলে অসুবিধা হয়। আমার জবাব যদি অপছন্দ হয়, তবে আরও একটি সম্পূরক প্রশ্ন করবেন, আমি জবাব দেব।" এরপরও বিরোধী দলের সদস্যদের ক্ষোভ অব্যাহত থাকলে স্পিকার বিরোধীদলীয় চিফ হুইপের উদ্দেশে বলেন, "বিরোধীদলীয় নেতা যেহেতু উপস্থিত নেই, তাই বিরোধী দলের সদস্যদের শান্ত ও সুশৃঙ্খল রাখা চিফ হুইপের দায়িত্ব।" একপর্যায়ে উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে স্পিকার সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, "মন্ত্রী উত্তর দিচ্ছেন। উনার উত্তরে সন্তুষ্ট না হলে আরও প্রশ্ন নেওয়া হবে। কিন্তু এভাবে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্র-ছাত্রী বানাব কেন?"
আরও পড়ুন: মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) আইন ১৯৭৪ এর অধীন বিধিমালা ২০০৯ এর বিধি ১৩ মোতাবেক নিকাহ্ রেজিস্ট্রারের বিষয়ে অবস্থান কর্মসূচি
উত্তেজনার রেশ কাটিয়ে মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ সারের ডিলার নিয়োগের পূর্ণাঙ্গ সরকারি প্রক্রিয়া তুলে ধরেন। তিনি স্পষ্ট করেন, ডিলার নিয়োগে কোনো একক সিদ্ধান্ত বা রাজনৈতিক প্রভাবের সুযোগ নেই। উপজেলা ও জেলা পর্যায়ে দুটি সুনির্দিষ্ট কমিটির মাধ্যমে অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় এই নিয়োগ সম্পন্ন করা হয়েছে।
মন্ত্রী জানান, উপজেলা পর্যায়ে ইউএনও এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকের (ডিসি) নেতৃত্বে গঠিত কমিটি বিধিমালা মেনে আবেদনপত্র যাচাই-বাছাই করেছে। উপজেলা কৃষি কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্লকের কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে গঠিত কমিটি প্রাথমিক যাচাই সম্পন্ন করার পর তা জেলা কমিটিতে পাঠায়। ওই কমিটিতে স্থানীয় সংসদ সদস্যের উপদেষ্টা হিসেবে থাকার সুযোগ রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, জেলা পর্যায়ে ডিসি, জেলা কৃষি কর্মকর্তাসহ ৬ থেকে ৭ সদস্যের বড় একটি কমিটি সব প্রস্তাবনা পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষা করে। তারা ঐকমত্যের ভিত্তিতে ১, ২ ও ৩ নম্বর ক্রমিকে যোগ্যদের তালিকা প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠায়। কমিটির সকল সদস্য ও জেলা প্রশাসকের যৌথ স্বাক্ষরিত সেই তালিকার ১ নম্বরে থাকা আবেদনকারীকেই মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডিলার হিসেবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। কোনো একক ব্যক্তির স্বাক্ষরে এটি হয়নি দাবি করে মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, "শতভাগ নিয়ম ও স্বচ্ছতা মেনেই এই অনুমোদন সম্পন্ন করা হয়েছে।"
আরও পড়ুন: পলাতক ফ্যাসিস্টরা নৈরাজ্য করার চেষ্টা করছে: রিজভী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন