ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

হ্যাপি বার্থডে তারেক রহমান, এ তুফান ভারি, দিতে হবে পাড়ি


হ্যাপি বার্থডে তারেক রহমান, এ তুফান ভারি, দিতে হবে পাড়ি

হ্যাপি বার্থডে টু ইউ, তারেক রহমান। আপনার ডাক নাম পিনু। কেউ কেউ বলেন পিনো। কোনটি সঠিক, আমি জানি না। আমি অনুরোধ করছি, আপনার ডাক নামটি যেন সঠিকভাবে উইকিপিডিয়ায় থাকে, সেই ব্যবস্থা করবেন।

আমি আপনাকে ‘তারেক’ বলে ডাকব। কারণ, গত শতাব্দীর শেষ ভাগ থেকে চলতি শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত যখন আপনার সঙ্গে কথা হতো, তখন আমি আপনাকে ‘তারেক’ বলেই ডাকতাম। আপনার জন্ম ১৯৬৮ সালের ২০ নভেম্বর, বুধবার। আপনার সম্পর্কে কিছু বললে অনেক কিছু বলতে হবে। তাই আজ আমি শুধু দুটি বিষয় নিয়ে আলোচনা করব।

এক.

আরও পড়ুন: টঙ্গীবাড়ীতে যুগান্তর স্বজন সমাবেশের পূর্ণাঙ্গ কমিটি গঠন

ম্যাডাম খালেদা জিয়া ও আপনার সঙ্গে আলোচনা করার প্রেক্ষিতে ২০০৬ সালে আমি সাপ্তাহিক যায়যায়দিনকে দৈনিক যায়যায়দিনে রূপান্তর করি। আপনি ২০০৭ সালের মার্চে তেজগায়ের লাভ রোডে যায়যায়দিন ভবনে এসেছিলেন। ম্যাডাম খালেদা জিয়া বলেছিলেন, এটি যেন এশিয়ার মধ্যে একটি দর্শনীয় ভবন হয়। এর আগে ২০০২ সালে ম্যাডাম খালেদা জিয়া চেয়েছিলেন, আমি যেন একুশে পদক গ্রহণ করি। তখন আমি সেই প্রস্তাব গ্রহণ করিনি। কারণ, আমি তখন রাজনৈতিক সরকারের দেয়া কোনো পদক চাইনি।

২৪ বছর পরে, ২০২৬ সালে, আমি যখন একুশে পদক পাই, সেটা ছিল ড. মুহাম্মদ ইউনূসের উদ্যোগে। কিন্তু পদকটি গ্রহণ করি নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত দিয়ে। পদক প্রদান অনুষ্ঠানে বলা হয়েছিল, বাংলাদেশে সাংবাদিকতায় নতুন যুগের সূচনা করায় এই পদক দেয়া হলো।

তারেক, আপনার হয়তো মনে আছে, ২০০৮ সালে ঢাকা সেন্ট্রাল জেল থেকে যখন আপনাকে পিজি হাসপাতালে আনা হয়, তখন আমি অনেক স্যান্ডউইচ নিয়ে আপনাকে দেখতে গিয়েছিলাম। আমি জানতাম, আপনি আমার বাসার স্যান্ডউইচ পছন্দ করেন। কিন্তু আমি অবাক হলাম, আপনি শয্যাশায়ী অবস্থায় একজনকে বললেন, সবগুলো ফ্রিজে রেখে দিতে! আপনি খেলেন না দেখে আমি অবাক হয়েছিলাম!

এর তিন বছর পরে, ২০১০ সালে, যখন লন্ডনে গিয়ে আপনার সঙ্গে দেখা করি, তখন আমি প্রশ্ন করেছিলাম, কেন সেদিন স্যান্ডউইচ খাননি? আপনি হেসে উত্তর দিয়েছিলেন, ‘ফ্রিজে ভাগ ভাগ করে রেখে তিন দিন খেয়েছিলাম!’

আরও পড়ুন: আহমদ রফিক ছিলেন জ্ঞানচর্চার প্রতি আমৃত্যু নিবেদিত

সেদিন উত্তর লন্ডনের একটি দোতলা বাড়িতে আপনি দরজা খুলে আমাকে গ্রহণ করলেন, তখন আপনার হাতে একটি ক্রাচ ছিল। আপনি বললেন, ‘আমার দুটি ক্রাচ ছিল। এখন আমি এক ক্রাচেই চলতে পারি। আমি সেরে উঠছি। ওয়েলিংটন হাসপাতানের (লর্ডস ক্রিকেট মাঠের পাশে) চিকিৎসা আমাকে সুস্থ করে তুলছে।’

‘তাহলে বাকি ক্রাচটি কোথায়?’ প্রশ্ন করলাম আমি।

‘ওই দেখেন, ঘরের কোণে।’ আঙুল দিয়ে দেখিয়ে বললেন তারেক রহমান।

এরপর আমি জিজ্ঞেস করলাম, কিভাবে আপনার ওপর এত শারীরিক অত্যাচার হয়েছে, সেটা আমি জানতে চাই। তিনি বলতে চাননি। আমি বললাম, ‘আপনাকে বলতেই হবে। দেশের পলিটিশিয়ানদের যদি এভাবে নির্যাতন করা হয়, তাহলে সেটা জনগণকে জানাতে হবে। ভবিষ্যতে যেন এ রকম না হয়, সে জন্যই বলতে হবে। প্লিজ, আপনি বলুন।’

আরও পড়ুন: সংঘর্ষের জেরে বেড়ার ওসি নয়ন কুমার সরকার প্রত্যাহার, পরিস্থিতি থমথমে

তারেক কিছুক্ষণ চুপ থাকলেন...

কয়েক সেকেন্ড পর তাঁর ওপর হওয়া নির্যাতনের কথা বলতে রাজি হলেন। আপনি যা বলেছিলেন, সংক্ষেপে তা হলো—

‘আমাকে সে সময় ঢাকা সেন্ট্রাল জেল থেকে নেয়া হয়েছিল ক্যান্টনমেন্টের একটি স্থানে।’

‘আপনি কি স্থানটি চিনতে পেরেছিলেন?’ প্রশ্ন করি আমি।

আরও পড়ুন: ছাত্রদল পরিচয়ে গোপালগঞ্জে বাস আটকে যাত্রীদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে বাধ্য

তখন আপনি একটু হাসলেন। তারপর বললেন, ‘এই জায়গাতেই আমার শৈশব কেটেছে। চোখ বাঁধা থাকলেও বুঝতে পেরেছিলাম, আমাকে ক্যান্টনমেন্টের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। এখানকার লেফট-রাইট ও আপ-ডাউন— প্রতিটি বাঁক আমার চেনা।’

তাঁর বলার এক পর্যায়ে আমি জিজ্ঞেস করেছিলাম, ‘আপনাকে এত নির্যাতন করল, আপনি কি খুব ব্যথা পেয়েছিলেন?’

তিনি বললেন, ‘আমি পরদিন বুঝতে পেরেছি যে, আমি আসলে কতটা আহত হয়েছি! বড় আঘাত পেলে আপনি সেই মুহূর্তে বুঝতে পারবেন না, কিন্তু পরে সেটার ব্যথা টের পাবেন। সেভাবে পরে বুঝেছি।’

এরপর ২০১২ সালে তারেক রহমানের সঙ্গে আমার আরেকবার দেখা হয়। তখন তিনি দক্ষিণ লন্ডনের উপকণ্ঠে থাকতেন।

আরও পড়ুন: চাঁদপুরে নাশকতা প্রতিরোধে সর্বদলীয় ঐক্যের আহ্বান

সে সময় তাঁর বাড়ির পাশে একটি হোটেলের রিসেপশন রুমে মঞ্চের মতো একটি স্থানে আমি বসেছিলাম। তারেক সেই রুমে ঢুকে দুই হাত প্রসারিত করে লাফ দিয়ে মঞ্চে উঠলেন! তিনি বোঝাতে চাইলেন, এবার আর ক্রাচ নয়; তিনি পুরোপুরি সুস্থ। বললেন, ‘দেখেন শফি ভাই, এখন আমার হাতে কোনো ক্রাচ নেই।’

দুই.

এরপর যেদিন লন্ডনে তাঁর নতুন ভাড়া বাড়িতে গিয়েছিলাম, সেদিন তাঁর স্ত্রী জুবাইদাও তাঁর রুমে ছিলেন।

এখানে আমি নিজের সম্পর্কে কিছু বলতে চাই। আমি ১৯৫৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিং ও কারেন্সি বিষয়ে এমএ পাস করে ১৯৫৭ সালে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি পড়তে লন্ডনে চলে যাই। কারণ, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় আমার বাবা সাইদুর রহমানের ওপর হওয়া সরকারি ভোগান্তি ও হয়রানি দেখে বুঝেছিলাম, আগে আর্থিকভাবে স্বাধীন হতে হবে। এ কারণে এমএ পাস করা সত্ত্বেও পাঁচ বছরের সিএ কোর্স করেছিলাম, যেন দেশে-বিদেশে ভালো কাজ করতে পারি।

আরও পড়ুন: ইডেনে শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে নীলাচল পরিবহনের ১০টি বাস আটক

আমি ছোট বেলা থেকেই গানের ভক্ত ছিলাম। বিশেষ করে সলিল চৌধুরী, হেমন্ত মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফি, গীতা দত্ত ও মান্না দে-র। আমার ইচ্ছা ছিল গিটার বাজানো এবং সেটা ভালোভাবে শেখা। সাংবাদিকতার প্রথম আয় দিয়ে আমি গিটার কিনেছিলাম। গিটারের ছয়টি তার, কিন্তু ঢাকায় তখন গিটার বাজানোর সময় মাত্র দুটি তার ব্যবহার করা হতো! যখন আমি রেডিওতে হাওয়াইয়ান গান শুনতাম, তখন ধ্বনি অন্য রকম লাগত। এই কৌতূহল আমাকে লন্ডনে নিয়ে গিয়েছিল! সেই জন্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি পাস করেও আমি দেশে ফিরে আসিনি। এরপর হাওয়াইয়ান স্টাইলে গিটার শেখার চেষ্টা করি। অর্থাৎ, আমি লন্ডনে থেকে গিয়েছিলাম হাওয়াইয়ান গিটার বাজানোর মোহে।

১৯৬৩ সালে লন্ডন থেকে ঢাকায় ফিরলাম। তখন কোনটিকে মূল পেশা হিসেবে বেছে নেব, সেটাই ছিল বড় প্রশ্ন। গান? অ্যাকাউন্টিং? লেখা?

আমি বুঝেছিলাম, আমাকে গান ছেড়ে লেখার দিকে মন দিতে হবে। লেখকসত্তাকে প্রধান করতে হবে। তাই ৩০ বছরের বেশি সময় গিটার বাজানো সত্ত্বেও লেখালেখির মতো অনিশ্চিত জীবন বেছে নিলাম। আমি তথন ইস্ট পাকিস্তানের একমাত্র ফাইভ স্টার হোটেল ইন্টারকন্টিনেন্টালের জেনারেল ম্যানেজারও হয়েছিলাম। তখন সংগীতচর্চা ছেড়ে দিলাম। শুধু হোটেল ম্যানেজমেন্ট ও লেখালেখিতে মন দিলাম।

আমি সেদিন তারেকের বাড়িতে গিয়ে দেখলাম, একটি কীবোর্ড এবং কিছু স্টাফ নোটেশন। দেখেই বুঝতে পারলাম, এখানে কেউ পাশ্চাত্য গান শেখার চেষ্টা করছে।

তখন আমি জুবাইদাকে জিজ্ঞাসা করলাম, ‘তুমি কি গান গাও কিংবা পিয়ানো বাজাতে পারো?’

জুবাইদা হাসলেন এবং বললেন, ‘আমি না।’

‘তাহলে কে বাজায়?’ প্রশ্ন করলাম।

জুবাইদা লাজুক মুখে বললেন, ‘পিনো বাজায়।’

আমি আকাশ থেকে পড়লাম! কিছুক্ষণ চুপ থাকলাম।

জুবাইদা আমাকে আরও জানালেন, ‘পিনোর ছোটবেলায় পিয়ানো বাজানোর শখ ছিল। গান গাইতে ভালোবাসত। ছোটবেলায় সে শিশু একাডেমির শিশু পত্রিকায়তেও লিখতো। আমি ওর গত জন্মদিনে পিয়ানোটি উপহার দিয়েছি।’

আমার ধারণা, দেশে ফিরে তারেকের সংগীতচর্চা বন্ধ হয়ে গেছে। তবু আমি অনুরোধ করব, কর্মক্লান্ত দিনের শেষে শোবার আগে প্রতি রাতে যেন তিনি একটি গান শোনেন। আমি আরও অনুরোধ করব, বিশ্বের সর্বকালের সেরা গান জন লেননের ‘ইমাজিন’ যেন শোনেন। আর কিছুদিন আগে ইউটিউবে প্রচারিত শঙ্কর মহাদেবনের গাওয়া কাজী নজরুলের ‘দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার’ গানটি শুনেন। কাজী নজরুল ইসলামের মতো আপনাকেও মানুষকে আহ্বান করতে হবে।

জনগণের প্রতি আমার অনুরোধ— তারেক রহমানকে আপনারা বিশ্বাস করুন। তিনি তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে এনে মানুষের ভোটাধিকার নিশ্চিত করবেন। প্লিজ, আপনারা তাঁকে সময় দিন। পাঁচ বছর পর নির্বাচনে আপনারা যা ভালো মনে করেন, সেই সিদ্ধান্ত নেবেন।

আমি যখন গাজীপুরের কাশিমপুর জেলের নির্জন সেলে ছিলাম, তখন আমার একটি স্ট্রোক হয়েছিল। আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তখন আমাকে প্রথমে গাজীপুর হাসপাতালে নেয়া হয়েছিল। স্বাস্থ্যর অবনতি ঘটলে আমাকে পিজি হাসপাতালে নেয়া হয়েছিল। চিকিৎসা শেষে আমাকে ঢাকা সেন্ট্রাল জেলের ৩ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বেডে নেয়া হয়েছিল।

তখন আমি জেল কর্মকর্তাকে প্রশ্ন করেছিলাম, ‘এই ওয়ার্ডের তো সব বেড ভর্তি। এই ৩ নাম্বার বেড খালি ছিল কেন?’

কর্তব্যরত জেল কর্মকর্তা আমাকে বললেন, ‘আপনার আগে এই বেডে তারেক রহমান সাহেব ছিলেন। আমরা তারেক রহমানের সম্মানার্থে এই বেডে এর আগে কাউকে দেইনি।’

আমি জেনে খুশি হলাম যে, সে সময় আওয়ামী লীগের অপপ্রচার সত্ত্বেও মানুষ ভয়-ভীতি উপেক্ষা করে তারেককে শ্রদ্ধা করতেন। তারেক রহমান তখনও জনপ্রিয় ছিলেন।

মি. তারেক রহমান, আজ ২০ নভেম্বর আপনার জন্মদিন।

আপনার সুস্বাস্থ্য কামনা করি। আপনার জন্মতিথি পালন করুন।

জন্মদিনে সবাইকে নিয়ে ইউটিউবে শঙ্কর মহাদেবনের গাওয়া ‘দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার’ গানটি শুনুন।

কারণ, আপনাকে—

‘এ তুফান ভারি, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার।’

এই কামনা আমাদের সবার।

ভালো থাকুন তারেক রহমান।

লেখক: দৈনিক যায়যায়দিন-এর সম্পাদক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাতিয়ায় পাচারের সময় ১৭.৫ টন সিমেন্ট জব্দ, ৯ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৪ এম


হাতিয়ায় পাচারের সময় ১৭.৫ টন সিমেন্ট জব্দ, ৯ জন আটক

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদী থেকে পাচারের উদ্দেশ্যে নেওয়া ১৭ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ ৯ জনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন—লক্ষ্মীপুরের আলেকজান্ডার উপজেলার চরমেহার গ্রামের মো. রাশেদ, নোয়াখালীর হাতিয়া উপজেলার আল-আমীন গ্রামের মো. রাশেদ, ফরাজি গ্রামের ফজলুল হক, রেজুকালিয়া গ্রামের মো. বাবুল, সুবর্ণচর উপজেলার দক্ষিণচর মজিদ গ্রামের মো. মনির, মো. আফসার উদ্দিন, মো. শেহেনাজ ও মো. রুবেল এবং চট্টগ্রামের মিরসরাই উপজেলার দুর্গাপুর গ্রামের মোহাম্মদ সালাউদ্দিন।

কোস্ট গার্ড জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত হাতিয়া থানাধীন চর গাসিয়া সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ১৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৫ হাজার টাকা। এ সময় বোটসহ ৯ জনকে আটক করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, জব্দকৃত সিমেন্ট, বোট ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে জানান, কোস্ট গার্ডের হাতে আটক ৯ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোস্ট গার্ডের ক্যাম্প কমান্ডার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন এবং আটক ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিনয় ছেড়ে চাষে মন, ২ কোটি টাকার ঋণে ডোবেন ‘সারাভাই ভার্সেস সারাভাই’-খ্যাত রাজেশ!

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৫ এম


অভিনয় ছেড়ে চাষে মন, ২ কোটি টাকার ঋণে ডোবেন ‘সারাভাই ভার্সেস সারাভাই’-খ্যাত রাজেশ!

রাজেশ কুমার অভিনয়ের জগত থেকে সরে এসে এক সময় চাষাবাদে মনোনিবেশ করেছিলেন। এই সিদ্ধান্ত গ্রহণের পর তাঁর জীবনে একের পর এক বিপর্যয়ের ঘটনা ঘটে।

তাঁর বর্তমান অবস্থার বিষয়ে সহ-অভিনেতারা কি জানতেন?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সইফ আলি খানকে প্রাণনাশের হুমকি! নেপথ্যে বাবা সিদ্দীকীকে খুনের ঘটনায় অভিযুক্ত রয়েছেন বলে সন্দেহ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৫ এম


সইফ আলি খানকে প্রাণনাশের হুমকি! নেপথ্যে বাবা সিদ্দীকীকে খুনের ঘটনায় অভিযুক্ত রয়েছেন বলে সন্দেহ

মুম্বই পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে রাজনীতিক বাবা সিদ্দীকীকে হত্যার মামলায় অভিযুক্ত এবং পলাতক অবস্থায় থাকা জ়িশান আখতার এবার সইফ আলি খানকে লক্ষ্যবস্তু হিসেবে নির্বাচন করেছেন।

এ ঘটনায় সইফ আলি খানের প্রতি প্রাণনাশের হুমকি এসেছে বলে জানা যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তরায় পুলিশি অভিযানে গ্রেফতার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি, ফেসবুক লাইভে কী বললেন?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৬ এম


উত্তরায় পুলিশি অভিযানে গ্রেফতার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি, ফেসবুক লাইভে কী বললেন?

ঢাকা মহানগর পুলিশের একটি বিবৃতিতে জানানো হয়েছে যে, রাত আড়াইটে নাগাদ উত্তরায় অবস্থিত অভিনেত্রীর ফ্ল্যাটে পুলিশের একটি দল উপস্থিত হয়। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রের মাধ্যমে খবর পেয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।

গ্রেফতার জ্যোতিকা জ্যোতি! ছবি: সংগৃহীত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%