বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০১:৪৬ পি.এম
মানিকগঞ্জের ঘিওরে গার্মেন্টস কর্মী চম্পা বেগম (৪০) হত্যার রহস্য উদ্ঘাটনে সক্ষম হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মাত্র তিন ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. জসিম উদ্দিন (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পিবিআই। সংস্থাটির মতে, পরকীয়া সম্পর্কের কারণে বিয়ের চাপ ও মনোমালিন্য থেকে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জের পিবিআই কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন পিবিআই মানিকগঞ্জের পুলিশ সুপার জয়িতা শিল্পী।
গ্রেপ্তারকৃত জসিম উদ্দিন ঘিওর উপজেলার বীরসিংজুরী এলাকার বাসিন্দা। পিবিআই জানায়, নিহত চম্পা বেগম ঘিওর উপজেলার বীরসিংজুরী গ্রামের স্বপন মিয়ার স্ত্রী। তিনি সাটুরিয়ার নয়াডিঙ্গী এলাকার তারাসিমা গার্মেন্টসে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। গত ২৩ নভেম্বর ভোর ৫টার দিকে কর্মস্থলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর বাড়িতে ফেরেননি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।
পরদিন ২৪ নভেম্বর সকাল আনুমানিক ৬টার দিকে স্থানীয়রা বাড়ির পাশের একটি কাঠের ঘরের পেছনে আতাগাছের নিচে চম্পা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখতে পান। পরে ঘিওর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের ব্যবস্থা করে এবং পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে।
এই ঘটনার পর ২৫ নভেম্বর ঘিওর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই মানিকগঞ্জ। তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থল পরিদর্শন, তথ্যপ্রযুক্তির সহায়তায় তথ্য বিশ্লেষণ এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করে পিবিআইয়ের একটি দল।
পিবিআই জানায়, মামলার তিন ঘণ্টার মধ্যে ঘিওর থানার বীরসিংজুরী বাজার এলাকায় একটি নির্মাণাধীন ব্রিজের পাশে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা সন্দেহভাজন আসামি জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পিবিআই জানিয়েছে। সংস্থাটির দাবি, চম্পা বেগমের সঙ্গে জসিমের দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। তারা বিভিন্ন সময়ে ইমু ও মেসেঞ্জারে যোগাযোগ করতেন। একপর্যায়ে চম্পা বেগম তাকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। কিন্তু জসিম বিবাহিত ও তার সন্তান থাকায় এবং বয়সের ব্যবধানের কারণে তাকে বিয়ে করা সম্ভব ছিল না। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। ঘটনার দিনও এ বিষয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জসিম উত্তেজিত হয়ে চম্পা বেগমকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেন বলে পিবিআইয়ের দাবি।
পিবিআই মানিকগঞ্জের পুলিশ সুপার জয়িতা শিল্পী এ বিষয়ে জানান, প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ ও বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে দ্রুততম সময়ে আসামিকে শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্বখ্যাত বাঙালি বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসুর ব্যবহৃত রহস্যময় লোহার সিন্দুকটি ৮৯ বছর পর খোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। ঝাড়খন্ড রাজ্যের গিরিডিতে অবস্থিত তার স্মৃতিবিজড়িত ‘শান্তি নিবাস’ ভবনে দীর্ঘকাল ধরে তালাবদ্ধ অবস্থায় রয়েছে সিন্দুকটি। সম্প্রতি ঝাড়খন্ড হাইকোর্টের অনুমতি পাওয়ায় সিন্দুকটি খোলার পথ সুগম হয়েছে।
আদালতের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে, সিন্দুকটি খুলে দেখার উপযুক্ত সময় এসেছে, যা শুধু বিজ্ঞানীদের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির স্বার্থে। গত ১৮ নভেম্বর ঝাড়খন্ড হাইকোর্টের বিচারপতি রঙ্গন মুখোপাধ্যায় ও বিচারপতি রাম শর্মার ডিভিশন বেঞ্চ স্বতঃপ্রণোদিতভাবে দায়ের করা একটি জনস্বার্থ মামলার পর্যবেক্ষণে সিন্দুকটি খোলার সম্মতি প্রদান করেন। একই সঙ্গে আদালত সংশ্লিষ্ট দপ্তরকে শান্তি নিবাস ভবনটির সংস্কার ও সংরক্ষণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
জগদীশ চন্দ্র বসু ১৯৩৭ সালের ২৩ নভেম্বর গিরিডির শান্তি নিবাসে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর বাড়িতে থাকা লোহার সিন্দুকটি খোলার চেষ্টা করা হলেও এর চাবি পাওয়া যায়নি। এরপর থেকে সিন্দুকটি আর খোলা হয়নি।
প্রায় ৩ ফুট লম্বা ও ২ ফুট চওড়া পাঁচ নম্বরি সিন্দুকটি ঘিরে দীর্ঘদিন ধরে রহস্য তৈরি হয়েছে। অনেকের ধারণা, এর ভেতরে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর গবেষণাসংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি, দলিল কিংবা অমূল্য ঐতিহাসিক উপকরণ থাকতে পারে। তবে সিন্দুকের ভেতরে আসলে কী রয়েছে, তা এখনো অজানা।
২০০২ সালে গিরিডির জেলা প্রশাসন প্রথমবারের মতো সিন্দুকটি খোলার উদ্যোগ নেয়। পরিকল্পনা ছিল, ভারতের প্রখ্যাত বিজ্ঞানী ও তৎকালীন রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের উপস্থিতিতে সিন্দুকটি খোলা হবে। সে অনুযায়ী উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত রাষ্ট্রপতি কালাম গিরিডিতে যেতে পারেননি। ফলে সিন্দুক খোলার পরিকল্পনাও বাস্তবায়িত হয়নি।
পরবর্তী সময়ে রাষ্ট্রপতিকে নিয়ে নতুন করে উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। দীর্ঘদিন ধরে স্থানীয় বিজ্ঞানমনস্ক মানুষ ও বিভিন্ন সংগঠন সিন্দুকটি খোলার দাবি জানিয়ে আসছিলেন।
গিরিডির শান্তি নিবাসে অবস্থান করেই জীবনের শেষদিকে বিজ্ঞানচর্চা চালিয়ে গেছেন জগদীশ চন্দ্র বসু। হাওয়া বদল ও স্বাস্থ্যগত কারণে তিনি নিয়মিত গিরিডিতে আসতেন। ১৯৩০ সালের পর থেকে পূজার ছুটি কাটাতে প্রায়ই এই বাড়িতে অবস্থান করতেন তিনি।
প্রায় চার একর জমির ওপর অবস্থিত বাড়িটির মালিক ছিলেন তার পিসতুতো দাদা অমৃত নাথ মিত্র, যিনি জেলা জজ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তী সময়ে অমৃত নাথ মিত্রের স্ত্রী মধুরিমা মিত্র বাড়িটি বিহার মাইকা এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের কাছে বিক্রি করেন। তবে পরবর্তীকালে আশপাশের জমি বিক্রি হলেও শান্তি নিবাস ভবনটি অক্ষত থাকে।
১৯৯৭ সালে তৎকালীন বিহার সরকারের উদ্যোগে ভবনটি অধিগ্রহণ করা হয়। ২০০০ সালের ১৫ নভেম্বর বিহার থেকে পৃথক হয়ে ঝাড়খন্ড রাজ্য গঠিত হলে ভবনটি নতুন রাজ্যের অধীনে চলে আসে। বর্তমানে এটি জগদীশ চন্দ্র বসু স্মারক বিজ্ঞান কেন্দ্র হিসেবে পরিচিত। ভবনের একাংশে গড়ে তোলা হয়েছে জাদুঘর।
গিরিডিতে প্রতিষ্ঠিত স্যার জগদীশ চন্দ্র বসু মেমোরিয়াল সোসাইটির সম্পাদক রীতেশ শরাফ আদালতের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি জানান, প্রায় ২০ বছর ধরে তারা এই ঐতিহাসিক ভবনের ঐতিহ্য সংরক্ষণের দাবিতে প্রশাসনের কাছে আবেদন জানিয়ে আসছেন। এবার সিন্দুক খোলার অনুমতি পাওয়ায় তারা আনন্দিত। এর মাধ্যমে গিরিডির শিক্ষার্থী, বিজ্ঞানী ও বিজ্ঞানপ্রেমীদের সামনে দীর্ঘদিনের রহস্য উন্মোচিত হতে পারে।
আচার্য জগদীশ চন্দ্র বসুর জন্ম ১৮৫৮ সালের ৩০ নভেম্বর ময়মনসিংহে। তার বাবা ভগবান চন্দ্র বসু তখন সেখানে কর্মরত ছিলেন। তাদের আদি নিবাস ছিল বর্তমান বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার রাঢ়িখাল গ্রামে। ফরিদপুরে শুরু হয় তার প্রাথমিক শিক্ষাজীবন।
বেতার তরঙ্গ, উদ্ভিদবিদ্যা ও উদ্ভিদের সংবেদনশীলতা নিয়ে তার গবেষণা বিশ্ববিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
দীর্ঘ ৮৯ বছর ধরে তালাবদ্ধ থাকা সিন্দুকটি খোলার পর কী পাওয়া যায়, তা নিয়ে এখন বিজ্ঞানী, ইতিহাসবিদ ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। সত্যিই কি এর ভেতরে লুকিয়ে আছে জগদীশ চন্দ্র বসুর অমূল্য গবেষণার দলিল, নাকি অপেক্ষা করছে অন্য কোনো বিস্ময়, সেই উত্তর মিলবে সিন্দুক খোলার পরই।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ডিসেম্বর মাসকে কেন্দ্র করে যাতে কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করে কোন ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে, সেই লক্ষ্যে দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে, সিসি ক্যামেরা, ড্রোন এবং ওয়াচ টাওয়ারের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা তাদের সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছে।
অবৈধ অনুপ্রবেশ রোধ, চোরাচালান, নারী ও শিশু পাচার রোধ এবং অন্যান্য সীমান্ত অপরাধ দমনে বিজিবি সবসময় সতর্ক অবস্থায় থাকে। ডিসেম্বর মাসকে কেন্দ্র করে দেশে নাশকতা সৃষ্টির চেষ্টা এবং সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের বেনাপোল সীমান্ত পরিদর্শনের পর, বিজিবি সীমান্তে বাড়তি সতর্কতা গ্রহণ করেছে। জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ হিলি সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি বাড়তি টহলও দেওয়া হচ্ছে। সিসি ক্যামেরা ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে সীমান্তে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। যেখানে কাঁটাতারের বেড়া নেই, সেখানে ড্রোন সার্চলাইট ব্যবহার করে নজরদারি করা হচ্ছে। এছাড়া, পাসপোর্ট যাত্রী ও আমদানি করা পণ্যবাহী ট্রাকগুলোকে চেকআপ করে দেশে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
স্থানীয় এলাকাবাসী বাদশা মিয়া জানান, "বাইরে থেকে যদি অপরিচিত কোনো মানুষ এলাকায় আসে তাহলে অবশ্যই যেন বিজিবিকে জানাই" সেই আহ্বান জানাচ্ছেন তারা। অবৈধভাবে ভারত থেকে কেউ দেশে প্রবেশ করতে না পারে, সেই লক্ষ্যে বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে আগে একজন করে বিজিবি সদস্য টহল দিলেও এখন সেই সংখ্যা বাড়িয়ে তারা কয়েকজন মিলে টিম হয়ে ডিউটি দিচ্ছে। এছাড়া, যেসব পোস্ট রয়েছে সেগুলোতেও সার্বক্ষণিক বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছে।
মতিন নামের একজন বলেন, সীমান্ত এলাকায় বিজিবির টহল আগের থেকে বাড়ানো হয়েছে। যাতে করে অবৈধভাবে ভারত থেকে কেউ দেশে আসতে না পারে বা এপার থেকে ওপারে যেতে না পারে। তারা আমাদেরকে বলছেন, "তোমরা যদি কোনো খোঁজখবর পাও যে কোনো দিক দিয়ে পার হবে বা যাবে, তাহলে আমাদেরকে জানাবা সহযোগিতা করবা।" সীমান্ত অপরাধ দমনে বিজিবি যা করছে, তা দেশের জন্য যেমন ভালো, তেমনি আমাদের জন্যও ভালো।
স্থানীয় এলাকাবাসী নূর ইসলাম জানান, সীমান্তে বিজিবির তৎপরতা আগের থেকে অনেকটা বেড়ে গেছে। ভারত থেকে যেন কোনো বহিরাগত দেশে না আসতে পারে, এজন্য বিজিবি অনেক সচেতন। তারা আগের চেয়ে অনেক বেশি টহলদার জোরদার করেছে। আগে বিজিবি যে কয়জন ছিল, তার চেয়ে সংখ্যা বাড়ানো হয়েছে। সীমান্ত এলাকায় কোনো মানুষ যাতে আসতে না পারে, সে লক্ষ্যে তারা খুব সতর্ক অবস্থায় রয়েছে। মাদক বা অবৈধ কিছু যেন আমাদের দেশে না আসতে পারে, এই উদ্যোগ আমাদের জন্য খুব ভালো হয়েছে।
স্থানীয় বাসিন্দা লোকমান হোসেন বলেন, "আমাদের হিলি সীমান্ত এলাকা বেশ কিছুদিন ধরে খুব কড়াকড়ি অবস্থায় আছে।" বিজিবি দিনে যেমন টহল দিচ্ছে, তেমনি রাতেও সার্চ লাইট জ্বালিয়ে টহল দিচ্ছে। অপরিচিত কাউকে দেখলেই তাদের বাসা কোথায়, তা জিজ্ঞাসাবাদ করছে এবং আইডি কার্ড দেখছে। সব মিলিয়ে আমাদের হিলি সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। কেউ যেন ভারত থেকে অবৈধভাবে দেশে আসতে না পারে, সেই জন্য তারা সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে এবং সবসময় এলার্ট আছে। সেক্ষেত্রে ভারত থেকে কেউ বিনা পাসপোর্ট বা অবৈধভাবে দেশে ঢুকতে পারবেনা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সরকার সাভারের চামড়া শিল্প নগরীর বন্ধ ও রুগ্ন ট্যানারিগুলো পুনরায় চালু করতে কারিগরি ও আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা পরিবেশগত শর্ত পূরণ সাপেক্ষে কার্যকর হবে। এ উদ্যোগের ফলে উদ্যোক্তাদের মধ্যে নতুন আশার আলো দেখা দিয়েছে। তবে ট্যানারি চালুর পাশাপাশি কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) সক্ষমতা বৃদ্ধি, নিজস্ব বর্জ্য শোধন ব্যবস্থা এবং আন্তর্জাতিক পরিবেশগত মান নিশ্চিত করাকে অত্যন্ত জরুরি মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সরকারী সহায়তার কথা উল্লেখ করেন। তিনি জানান, এসএমই খাতের বরাদ্দ ৩০০ কোটি টাকা থেকে বৃদ্ধি করে দুই হাজার কোটি টাকা করা হয়েছে।
মন্ত্রী বলেন, প্রতিটি ট্যানারির আয়তন ৫০ হাজার বর্গফুট হতে হবে এবং সেখানে নিজস্ব ইটিপি প্ল্যান্ট থাকতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক পরিবেশগত ছাড়পত্র নিশ্চিত করতে হবে। এসব শর্ত পূরণ না হলে কোনো ছাড় দেওয়া হবে না।
বিসিক চামড়া শিল্প নগরী থেকে জানা যায়, সাভারে মোট ১৬২টি ট্যানারির জন্য জায়গা বরাদ্দ রয়েছে। এর মধ্যে ১৪৭টি ট্যানারি সম্পূর্ণরূপে চালু রয়েছে, চারটি রুগ্ন অবস্থায় রয়েছে এবং ১১টি সম্পূর্ণ বন্ধ রয়েছে। রুগ্ন ট্যানারিগুলোর মধ্যে রয়েছে ফিনিক্স লেদার কমপ্লেক্স, ভূঁইয়া ট্যানারি, মিল্লাত ট্যানারি ও কমলা ট্যানারি। অন্যদিকে উৎপাদন শুরু করতে না পারা ১১টি ট্যানারির মধ্যে নবীপুর ট্যানারি, দি আর্থ ইন্টারন্যাশনাল ট্যানারি, চৌধুরী লেদার অ্যান্ড কোং, করিম লেদারস, করিম লেদার ইউনিট-২, হোসেন ব্রাদার্স, রানা লেদার ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট ট্যানারিজ, হেলেনা এন্টারপ্রাইজ, জামিলা ট্যানারি ও ভিক্টরি জিলাটিন প্রোডাক্টস অন্তর্ভুক্ত রয়েছে।
তবে শিল্পটির পুনরুদ্ধারে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা। সিইটিপি নির্মাণের সময় দৈনিক ২৫ হাজার ঘনমিটার বর্জ্য শোধনের সক্ষমতা নির্ধারণ করা হলেও বর্তমানে কার্যকর সক্ষমতা ১৪ হাজার থেকে ১৮ হাজার ঘনমিটার। চামড়া প্রক্রিয়াজাতকরণের ভরা মৌসুমে বর্জ্যের পরিমাণ দৈনিক প্রায় ৪০ হাজার ঘনমিটারে পৌঁছায়, ফলে অপরিশোধিত ও আংশিক শোধিত বর্জ্য ধলেশ্বরী নদীসহ আশপাশের পরিবেশে ছড়িয়ে পড়ার ঝুঁকি সৃষ্টি হচ্ছে।
বন্ধ ট্যানারিগুলো পুনরায় চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দি আর্থ ইন্টারন্যাশনাল ট্যানারির স্বত্বাধিকারী মো. বিপ্লব সরকার। তিনি বাসসকে বলেন, "সরকারের সিদ্ধান্তে দীর্ঘদিন বন্ধ থাকা ট্যানারির মালিকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।" তবে তিনি দূষণ নিয়ন্ত্রণে নিজস্ব ইটিপি স্থাপন, সিইটিপি কার্যকর করা এবং বিদেশ থেকে কাঁচা চামড়া আমদানি বন্ধে পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সিইটিপির ব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ জানান, ট্যানারিগুলো হাইকোর্টের চারটি নির্দেশনা মেনে প্রি-ট্রিটমেন্ট করলে দৈনিক সর্বোচ্চ ১৮ হাজার ঘনমিটার বর্জ্য শোধন সম্ভব। পরিবেশ সংরক্ষণ বিধিমালা-২০২৩ অনুযায়ী, প্রতি টন কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণে সর্বোচ্চ ৩০ ঘনমিটার পানি ব্যবহার করা যাবে। এই সীমা মেনেও দৈনিক প্রায় ৪০ হাজার ঘনমিটার বর্জ্য শোধনের প্রয়োজন হতে পারে। সেজন্য সিইটিপির সংস্কার, আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।
বিসিকের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. মেহরাজুল মাঈয়ান জানান, চলতি বছরের ৬ জুলাই পর্যন্ত শিল্প নগরীতে ২৮ লাখ ৮৯ হাজার ৪৮৬টি চামড়া প্রক্রিয়াজাতকরণের জন্য আনা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ মন্তব্য করেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনৈতিক কর্মকাণ্ডের পরিবর্তে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পলাতক আওয়ামী লীগ নেতাদের স্থলবন্দর পরিদর্শন সম্পর্কে আন্দালিব রহমান পার্থ উল্লেখ করেন, তারা দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রাসঙ্গিক থাকার জন্য ভারতের সীমান্ত পরিদর্শন করছেন।
তিনি বলেন, "ভারতে বসে শেখ হাসিনা কী বললেন বা বললেন না, সেটি দেশটির সঙ্গে বিশাল আলোচনার বিষয়।"
মন্ত্রী আরও জানান, বিজেপি সরকার ভারতের অভ্যন্তরীণ রাজনীতির জন্য বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচারের মতো মিথ্যা প্রচারণা চালিয়ে শেখ হাসিনার গুরুত্ব বাড়ানোর চেষ্টা করছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতিতে প্রাসঙ্গিকতা বজায় রাখতে চায়। তিনি বলেন, "দেশ এগিয়ে যাচ্ছে, এটি আওয়ামী লীগ সহ্য করতে পারছে না।"
তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেনি, বরং তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, ভারতের হরিবল ও মিজারেবল পররাষ্ট্র নীতি রয়েছে। প্রতিবেশী দেশ নেপাল, ভুটান, শ্রীলঙ্কার সঙ্গে তাদের সম্পর্ক খারাপ হয়ে গেছে এবং বাংলাদেশের সঙ্গেও তা শুরু হয়েছে।
এদিকে, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী মন্তব্য করেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার কথাকে এত গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই, তাকে প্রত্যার্পণ চুক্তির মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ