বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০২:০১ পি.এম
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নিষেধাজ্ঞা ও যুদ্ধের মাধ্যমে ইরানের অগ্রযাত্রা থামানো সম্ভব হয়নি। বরং, বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও দেশটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে, এমনটাই দাবি করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
পেজেশকিয়ান বলেন, শত্রুদের চাপ মোকাবিলা করে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে ইরানিদের মধ্যে ঐক্য প্রয়োজন।
নতুন একটি নগর রেলপথের প্রথম পর্যায়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা সূত্রে জানা যায়, পেজেশকিয়ান বলেন, ‘শত্রুরা ইরানের অগ্রগতি চায় না। তবে আমাদের নিজেদের মধ্যে মতপার্থক্য দূরে সরিয়ে রাখতে হবে এবং হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। দেশের অভ্যন্তরীণ শক্তি ও জনগণের অংশগ্রহণের ওপর নির্ভর করে দৃঢ়তার সঙ্গে উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে হবে।’
তিনি আরো বলেন, ‘নিষেধাজ্ঞা ও যুদ্ধের মাধ্যমে শত্রুরা দেশের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করলেও ইরান উল্লেখযোগ্য সাফল্য অর্জন অব্যাহত রেখেছে।’
দেশের ওপর চাপ ও প্রতিকূলতা সত্ত্বেও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন পেজেশকিয়ান। তিনি জাতীয় ঐক্য, অভ্যন্তরীণ সক্ষমতা এবং জনগণের অংশগ্রহণের ওপর নির্ভর করার আহ্বান জানান।
এএম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টাঙ্গাইলের মধুপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, পশুপাখির উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক প্রাণিসম্পদ সেবা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহিদুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবিএম মেজবাহ উদ্দিন আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উজ্জ্বল বৈরাগী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসমাইল হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টি চাহিদা পূরণ এবং গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশুপাখি পালন, উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি।
বক্তারা আরও বলেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালনের মাধ্যমে প্রাণিসম্পদের সম্ভাবনা, উন্নত প্রযুক্তি ও সরকারি সেবাসমূহ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা সম্ভব হবে। পাশাপাশি খামারি ও উদ্যোক্তাদের উৎসাহিত করার মাধ্যমে এ খাতের আরও সম্প্রসারণ ঘটবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্র ইউক্রেনের এফ-১৬ যুদ্ধবিমান বহরের কার্যক্ষমতা ও রক্ষণাবেক্ষণের জন্য ৬২২ মিলিয়ন ডলারের সরঞ্জাম ও অন্যান্য সামগ্রী বিক্রির অনুমোদন দিয়েছে। তবে এই চুক্তির সম্পূর্ণ অর্থ ইউরোপের চারটি সহযোগী দেশ প্রদান করবে। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এই তথ্য প্রকাশ করেছে। আরব নিউজের প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে।
পররাষ্ট্র দপ্তরের একটি বিবৃতিতে জানানো হয়েছে, বেলজিয়াম, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও নরওয়ে এই চুক্তির অর্থায়ন করবে। এতে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে, এই বিক্রির জন্য যুক্তরাষ্ট্রের কোনো তহবিল ব্যবহার করা হবে না।
এই প্যাকেজে অন্তর্ভুক্ত রয়েছে কার্টিজ অ্যাকচুয়েটেড ডিভাইস ও প্রোপেল্যান্ট অ্যাকচুয়েটেড ডিভাইস নামক বিস্ফোরকচালিত যন্ত্রাংশ, গবেষণাগারের সরঞ্জাম এবং পরিবহন সহায়তা। পূর্বে একটি ছোট বিক্রয় চুক্তির সঙ্গে এই প্যাকেজ যুক্ত হবে। ওই চুক্তির অর্থমূল্য মার্কিন কংগ্রেসকে জানানোর জন্য নির্ধারিত সীমার নিচে ছিল।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই বিক্রির ফলে ইউক্রেনের সামরিক সক্ষমতা বৃদ্ধি পাবে। পাশাপাশি, বর্তমান ও ভবিষ্যতের হুমকি মোকাবিলা, নিজেদের প্রতিরক্ষা জোরদার এবং আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় দেশটি আরো কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।
গত অক্টোবরের শুরুতে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছিল, রক্ষণাবেক্ষণের বিলম্ব এবং প্রয়োজনীয় যন্ত্রাংশের অভাবে ইউক্রেনের অর্ধেকের বেশি যুদ্ধবিমান অকেজো হয়ে পড়েছে। এমনকি বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের তৈরি দেশটির সব যুদ্ধবিমান ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। তবে ইউক্রেনের কর্মকর্তারা যুদ্ধবিমানগুলোর কার্যক্ষমতা নিয়ে বড় ধরনের সংকটের কথা অস্বীকার করেছেন। যদিও তারা স্বীকার করেছেন, এফ-১৬ যুদ্ধবিমানের কিছু যন্ত্রাংশের উৎপাদন বন্ধ হয়ে গেছে। ফলে প্রয়োজনের সময় এসব যন্ত্রাংশ সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকেই উন্নত যুদ্ধবিমান সরবরাহের জন্য পশ্চিমা মিত্রদের কাছে আবেদন জানিয়ে আসছিল ইউক্রেন। দীর্ঘ অপেক্ষার পর ২০২৪ সালে দেশটি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমানের চালান হাতে পাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬ অর্জন করেছেন রাজবাড়ীর কালুখালী উপজেলার শৌখিন খামারি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, যিনি প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি ফেন্সি আইটেম ক্যাটাগরিতে রৌপ্য পদকে ভূষিত হয়েছেন।
রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান সপ্তাহটির উদ্বোধন করেন।
পরে, প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ৮টি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬ (স্বর্ণ ও রৌপ্য) তুলে দেন প্রধানমন্ত্রী। পদকপ্রাপ্তদের মধ্যে ফেন্সি আইটেম ক্যাটাগরিতে রৌপ্য পদক অর্জন করেন রাজবাড়ীর কালুখালী উপজেলার শৌখিন খামারি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
জাহাঙ্গীর হোসেন বোয়ালিয়া ইউনিয়নের বড় বাংলাট গ্রামের বাসিন্দা। তিনি ‘ইত্যাদি ফেন্সি জোন’-এর স্বত্বাধিকারী। তার খামারের নাম ‘কালুখালী ফ্যান্সি মুরগির খামার’।
জানা যায়, শখের বশে বিদেশি জাতের মুরগি পালন শুরু করেন জাহাঙ্গীর। একসময় সেই শখ বাণিজ্যিক খামারে পরিণত হয়। ভাগ্য পরিবর্তনের আশায় ইউরোপে যেতে চেয়ে দালালের প্রতারণার শিকার হওয়ার পর তিনি ভারতের চেন্নাইয়ে একটি মুরগির খামারে কাজ করেন। সেখানে বিদেশি জাতের মুরগির প্রতি তার আগ্রহ তৈরি হয়। দেশে ফেরার সময় উপহার হিসেবে পাওয়া দুই জোড়া বিদেশি জাতের মুরগি দিয়ে তিনি খামার গড়ার যাত্রা শুরু করেন।
বর্তমানে তার খামারে বিদেশি জাতের মুরগির পাশাপাশি রয়েছে ময়ূর, বিদেশি হাঁসসহ বিভিন্ন প্রজাতির পাখি। ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য ইনকিউবেটরও রয়েছে।
পদক প্রাপ্তির অনুভূতি জানিয়ে জাহাঙ্গীর হোসেন বলেন, "একসময় শখের বশে দুই জোড়া বিদেশি জাতের মুরগি দিয়ে আমার খামারের যাত্রা শুরু হয়েছিল। নানা প্রতিকূলতা ও পরিশ্রমের মধ্য দিয়ে আজকের এই অবস্থানে এসেছি। জাতীয় পর্যায়ে এমন স্বীকৃতি পেয়ে আমি আনন্দিত ও গর্বিত। এই অর্জন আমার কাজের প্রতি আগ্রহ ও দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আরও ভালো কিছু করতে চাই।"
উল্লেখ্য, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ৮টি ক্যাটাগরিতে মোট ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক দেয়া হয়েছে। এর মধ্যে আটটি স্বর্ণ ও ১৫টি রৌপ্য পদক রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ