প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সরকার সাভারের চামড়া শিল্প নগরীর বন্ধ ও রুগ্ন ট্যানারিগুলো পুনরায় চালু করতে কারিগরি ও আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা পরিবেশগত শর্ত পূরণ সাপেক্ষে কার্যকর হবে। এ উদ্যোগের ফলে উদ্যোক্তাদের মধ্যে নতুন আশার আলো দেখা দিয়েছে। তবে ট্যানারি চালুর পাশাপাশি কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) সক্ষমতা বৃদ্ধি, নিজস্ব বর্জ্য শোধন ব্যবস্থা এবং আন্তর্জাতিক পরিবেশগত মান নিশ্চিত করাকে অত্যন্ত জরুরি মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সরকারী সহায়তার কথা উল্লেখ করেন। তিনি জানান, এসএমই খাতের বরাদ্দ ৩০০ কোটি টাকা থেকে বৃদ্ধি করে দুই হাজার কোটি টাকা করা হয়েছে।
মন্ত্রী বলেন, প্রতিটি ট্যানারির আয়তন ৫০ হাজার বর্গফুট হতে হবে এবং সেখানে নিজস্ব ইটিপি প্ল্যান্ট থাকতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক পরিবেশগত ছাড়পত্র নিশ্চিত করতে হবে। এসব শর্ত পূরণ না হলে কোনো ছাড় দেওয়া হবে না।
বিসিক চামড়া শিল্প নগরী থেকে জানা যায়, সাভারে মোট ১৬২টি ট্যানারির জন্য জায়গা বরাদ্দ রয়েছে। এর মধ্যে ১৪৭টি ট্যানারি সম্পূর্ণরূপে চালু রয়েছে, চারটি রুগ্ন অবস্থায় রয়েছে এবং ১১টি সম্পূর্ণ বন্ধ রয়েছে। রুগ্ন ট্যানারিগুলোর মধ্যে রয়েছে ফিনিক্স লেদার কমপ্লেক্স, ভূঁইয়া ট্যানারি, মিল্লাত ট্যানারি ও কমলা ট্যানারি। অন্যদিকে উৎপাদন শুরু করতে না পারা ১১টি ট্যানারির মধ্যে নবীপুর ট্যানারি, দি আর্থ ইন্টারন্যাশনাল ট্যানারি, চৌধুরী লেদার অ্যান্ড কোং, করিম লেদারস, করিম লেদার ইউনিট-২, হোসেন ব্রাদার্স, রানা লেদার ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট ট্যানারিজ, হেলেনা এন্টারপ্রাইজ, জামিলা ট্যানারি ও ভিক্টরি জিলাটিন প্রোডাক্টস অন্তর্ভুক্ত রয়েছে।
তবে শিল্পটির পুনরুদ্ধারে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা। সিইটিপি নির্মাণের সময় দৈনিক ২৫ হাজার ঘনমিটার বর্জ্য শোধনের সক্ষমতা নির্ধারণ করা হলেও বর্তমানে কার্যকর সক্ষমতা ১৪ হাজার থেকে ১৮ হাজার ঘনমিটার। চামড়া প্রক্রিয়াজাতকরণের ভরা মৌসুমে বর্জ্যের পরিমাণ দৈনিক প্রায় ৪০ হাজার ঘনমিটারে পৌঁছায়, ফলে অপরিশোধিত ও আংশিক শোধিত বর্জ্য ধলেশ্বরী নদীসহ আশপাশের পরিবেশে ছড়িয়ে পড়ার ঝুঁকি সৃষ্টি হচ্ছে।
বন্ধ ট্যানারিগুলো পুনরায় চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দি আর্থ ইন্টারন্যাশনাল ট্যানারির স্বত্বাধিকারী মো. বিপ্লব সরকার। তিনি বাসসকে বলেন, "সরকারের সিদ্ধান্তে দীর্ঘদিন বন্ধ থাকা ট্যানারির মালিকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।" তবে তিনি দূষণ নিয়ন্ত্রণে নিজস্ব ইটিপি স্থাপন, সিইটিপি কার্যকর করা এবং বিদেশ থেকে কাঁচা চামড়া আমদানি বন্ধে পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সিইটিপির ব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ জানান, ট্যানারিগুলো হাইকোর্টের চারটি নির্দেশনা মেনে প্রি-ট্রিটমেন্ট করলে দৈনিক সর্বোচ্চ ১৮ হাজার ঘনমিটার বর্জ্য শোধন সম্ভব। পরিবেশ সংরক্ষণ বিধিমালা-২০২৩ অনুযায়ী, প্রতি টন কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণে সর্বোচ্চ ৩০ ঘনমিটার পানি ব্যবহার করা যাবে। এই সীমা মেনেও দৈনিক প্রায় ৪০ হাজার ঘনমিটার বর্জ্য শোধনের প্রয়োজন হতে পারে। সেজন্য সিইটিপির সংস্কার, আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।
বিসিকের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. মেহরাজুল মাঈয়ান জানান, চলতি বছরের ৬ জুলাই পর্যন্ত শিল্প নগরীতে ২৮ লাখ ৮৯ হাজার ৪৮৬টি চামড়া প্রক্রিয়াজাতকরণের জন্য আনা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন