০৯:৩৮ পি.এম
চট্টগ্রাম, ১৬ নভেম্বর, ২০২৬ : কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধের উদ্দেশ্যে চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলায় গত ২৪ ঘণ্টায় ৯৪৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ১২৫ জন, পূর্ববর্তী মামলায় ১৫০ জন, পুলিশ অ্যাক্ট ৩৪ ধারায় ৩৬ জন, ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় ৬ জন, কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ২৬ জন, পরোয়ানা মূলে ১৩৫ জন এবং সাজা পরোয়ানা মূলে ১৩ জন রয়েছেন।
আরও পড়ুন: মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আগামীকাল পালিত হবে
এছাড়া, মাদক মামলায় ৬৫ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। নিয়মিত ও অন্যান্য মামলায় ৪৫ জন মাদক ব্যবসায়ীসহ অভিযানে মোট ১১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ৮ হাজার ৬০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ সময় ৩৩টি মাদক মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে ৩ হাজার ৯৪৭ পিছ ইয়াবা ট্যাবলেট, ১৫ কেজি ৪৯০ গ্রাম গাজাঁ, ১১৫ লিটার দেশীয় চোলাই মদ ও ৩ পিছ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৮৭ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি ও পবিত্র কুরআন অবমাননার অভিযোগ, RDCS Cyber Team-এর Owner আকাশের উদ্যোগে ফেসবুক অ্যাকাউন্ট অপসারণ
তাদের মধ্যে চট্টগ্রাম ১৯, কক্সবাজার ৫, কুমিল্লা ৩০, ব্রাহ্মণবাড়িয়া ৫, চাঁদপুর ৪, নোয়াখালী ৫, ফেনী ১, লক্ষ্মীপুর ২, রাঙ্গামাটি ১, খাগড়াছড়ি ১৩ ও বান্দরবান ২ জন রয়েছেন।
অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৯৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ২২৬ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে এবং ১৬৭ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেলা ভিত্তিক আটককৃত কিশোর গ্যাং সদস্যের সংখ্যা: চট্টগ্রাম ৫৭, কক্সবাজার ১৬, কুমিল্লা ১৭৯, ব্রাহ্মণবাড়িয়া ২১, চাঁদপুর ২৪, নোয়াখালী ১৩, ফেনী ৮, লক্ষ্মীপুর ৩৪, রাঙ্গামাটি ৮, খাগড়াছড়ি ২৫ এবং বান্দরবান ৮ জন।
জনস্বার্থে পরিচালিত এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।
আরও পড়ুন: মহেশখালীতে তৃতীয় এফএসআরইউ স্থাপনে জ্বালানি নিরাপত্তা বাড়বে: প্রতিমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন