ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সরকার ৪ হাজার চিকিৎসক-নার্স নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে


সরকার ৪ হাজার চিকিৎসক-নার্স নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে

সংসদ ভবন, ১৬ নভেম্বর, ২০২৬ : দেশের স্বাস্থ্যসেবায় জনবল সংকট মোকাবেলার উদ্দেশ্যে সরকার প্রায় চার হাজার চিকিৎসক এবং সমসংখ্যক সিনিয়র স্টাফ নার্স ও নার্সিং কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। এর পাশাপাশি ৫০৩টি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল নির্মাণের উদ্যোগও গ্রহণ করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত আজ জাতীয় সংসদে সুনামগঞ্জ-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের ৭১-বিধির আওতায় উত্থাপিত জনস্বার্থসংশ্লিষ্ট জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে এসব তথ্য প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, সবার জন্য স্বাস্থ্যনীতি বাস্তবায়নের আলোকে সরকারের লক্ষ্য হচ্ছে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। তিনি বলেন, প্রত্যেক নাগরিককে মর্যাদা ও সম্মানের সঙ্গে স্বাস্থ্যসেবা প্রদান করতে সরকার কাজ করে যাচ্ছে। অতীতে স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনার কথা উল্লেখ করে তিনি জানান, বর্তমান সরকার একটি দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ।

আরও পড়ুন: সংসদে প্রধানমন্ত্রীকে যারা তেল মেরে কবিতা শোনায়, তাদের সময় দেওয়া হচ্ছে

তিনি আরও জানান, চিকিৎসকের শূন্য পদ পূরণের জন্য ৪৬তম বিসিএসের মাধ্যমে এক হাজার ৬৮২ জন, ৪৭তম বিসিএসের মাধ্যমে এক হাজার ৩৩১ জন এবং ৫০তম বিসিএসের মাধ্যমে ৬৫০ জন সহকারী সার্জন নিয়োগের প্রক্রিয়া চলছে।

নার্স সংকট নিরসনে সিনিয়র স্টাফ নার্সের শূন্য পদ পূরণের কার্যক্রমও চলমান রয়েছে। প্রতিমন্ত্রী জানান, ৮২৮টি পদে সরাসরি নিয়োগের জন্য গত ২৮ সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া এক হাজার ৫৬৬টি শূন্য পদে নিয়োগের প্রস্তাব পিএসসিতে পাঠানো হয়েছে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে আরও এক হাজার ৭৭৫টি পদে নিয়োগের প্রস্তাবও পাঠানো হয়েছে।

তিনি বলেন, মিডওয়াইফ পদে ৫৫৮ জনের নিয়োগের সুপারিশ করা হয়েছে এবং তাঁদের পুলিশ ভেরিফিকেশন চলছে। আরও এক হাজার ২৫৬টি মিডওয়াইফ পদে নিয়োগের জন্য পিএসসিতে প্রস্তাব পাঠানো হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, স্বাস্থ্যসেবার উন্নয়নে শুধু অবকাঠামো নির্মাণ নয়, প্রয়োজনীয় জনবল নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। এই লক্ষ্যে উপজেলা হাসপাতাল ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্র উন্নয়নে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী দেশের ৫০৩টি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রকল্পটি বর্তমানে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে। ডিপিপি অনুমোদিত হলে নবগঠিত মধ্যনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণকাজও শুরু হবে।

আরও পড়ুন: কুড়িগ্রামে লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবস উদযাপন

কামরুজ্জামান কামরুলের ওপর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, নতুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নকশায় চিকিৎসকদের আবাসনের ব্যবস্থা রাখা হচ্ছে, যাতে তাঁরা নিরাপদ পরিবেশে থেকে দায়িত্ব পালন করতে পারেন। চিকিৎসকদের স্বাস্থ্যসেবা দেওয়ার পাশাপাশি তাঁদের নিরাপত্তা ও মানসম্মত জীবনযাপনের সুযোগ নিশ্চিত করাও সরকারের দায়িত্ব।

তিনি জানান, স্বাস্থ্য খাতের জনবল সংকট পূরণে সরকার ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। আগামী এক থেকে দুই বছরের মধ্যে স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৯৪৯ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৮ পি.এম


চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৯৪৯ জন গ্রেফতার

চট্টগ্রাম, ১৬ নভেম্বর, ২০২৬ : কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধের উদ্দেশ্যে চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলায় গত ২৪ ঘণ্টায় ৯৪৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ১২৫ জন, পূর্ববর্তী মামলায় ১৫০ জন, পুলিশ অ্যাক্ট ৩৪ ধারায় ৩৬ জন, ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় ৬ জন, কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ২৬ জন, পরোয়ানা মূলে ১৩৫ জন এবং সাজা পরোয়ানা মূলে ১৩ জন রয়েছেন।

এছাড়া, মাদক মামলায় ৬৫ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। নিয়মিত ও অন্যান্য মামলায় ৪৫ জন মাদক ব্যবসায়ীসহ অভিযানে মোট ১১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদক বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ৮ হাজার ৬০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ সময় ৩৩টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে ৩ হাজার ৯৪৭ পিছ ইয়াবা ট্যাবলেট, ১৫ কেজি ৪৯০ গ্রাম গাজাঁ, ১১৫ লিটার দেশীয় চোলাই মদ ও ৩ পিছ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৮৭ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

তাদের মধ্যে চট্টগ্রাম ১৯, কক্সবাজার ৫, কুমিল্লা ৩০, ব্রাহ্মণবাড়িয়া ৫, চাঁদপুর ৪, নোয়াখালী ৫, ফেনী ১, লক্ষ্মীপুর ২, রাঙ্গামাটি ১, খাগড়াছড়ি ১৩ ও বান্দরবান ২ জন রয়েছেন।

অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৯৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ২২৬ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে এবং ১৬৭ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেলা ভিত্তিক আটককৃত কিশোর গ্যাং সদস্যের সংখ্যা: চট্টগ্রাম ৫৭, কক্সবাজার ১৬, কুমিল্লা ১৭৯, ব্রাহ্মণবাড়িয়া ২১, চাঁদপুর ২৪, নোয়াখালী ১৩, ফেনী ৮, লক্ষ্মীপুর ৩৪, রাঙ্গামাটি ৮, খাগড়াছড়ি ২৫ এবং বান্দরবান ৮ জন।

জনস্বার্থে পরিচালিত এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গার্মেন্টস কোনো দলের নয়, জাতীয় শিল্প একে বাঁচাতে হবে: ডা. শফিকুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৯ পি.এম


গার্মেন্টস কোনো দলের নয়, জাতীয় শিল্প একে বাঁচাতে হবে: ডা. শফিকুর রহমান

দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্পকে কোনো দলের বিষয় হিসেবে না দেখে, বরং এটি একটি জাতীয় শিল্প হিসেবে উল্লেখ করে এর সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি সোমবার জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে গার্মেন্টস খাতের চলমান অস্থিরতা নিয়ে একটি নোটিশের জরুরি ভিত্তিতে আলোচনা করার দাবি জানান।

ডা. শফিকুর রহমান সংসদে বক্তব্য রাখার সময় বলেন, দেশের গার্মেন্টস সেক্টরে কিছুদিন ধরে অস্থিরতা বিরাজ করছে। যদি এই খাতটি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে গোটা বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। বিষয়টির গুরুত্ব বিবেচনায় কার্যপ্রণালী বিধির ১৪৭ বিধিতে বিরোধীদলীয় সদস্য নাজিবুর রহমান একটি নোটিশ দিয়েছিলেন।

নোটিশটি আলাপ-আলোচনার ভিত্তিতে গতকাল (রোববার) কর্মসূচিতে অন্তর্ভুক্ত ছিল, তবে অধিবেশন মুলতবি হওয়ায় এবং আজকের (সোমবার) কার্যতালিকায় তা না থাকায় বিরোধীদলীয় নেতা উষ্মা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, অধিবেশন আর মাত্র দুই দিন চলবে, এ সময়ের মধ্যে নোটিশটি আলোচনার সুযোগ পাবে কি না, তা জানতে চান।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এর জবাবে জানান, সরকারি দলের চিফ হুইপ ও বিরোধীদলীয় সদস্যদের আলোচনার প্রেক্ষিতে বিষয়টি রোববারের জন্য নির্ধারণ করা হয়েছিল। যেহেতু গতকাল স্পিকার অধিবেশন মুলতবি করেছেন, তাই এ বিষয়ে স্পিকারের সঙ্গে কথা বলে পরবর্তীতে জানানো যাবে। তবে আজকের কার্যতালিকায় না থাকায় আলোচনার সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।

এরপর পুনরায় ফ্লোর নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় স্বার্থে এই নোটিশটি আলোচনা হওয়া প্রয়োজন। এটি কোনো দলের বিষয় নয়, এটি একটি জাতীয় শিল্প—আমাদের অবশ্যই এটি বাঁচাতে হবে। এখানে আমাদের সামগ্রিক দায়বদ্ধতা রয়েছে। সরকারের দায়বদ্ধতা অবশ্যই বেশি, কিন্তু বিরোধী দল হিসেবে আমরাও দায়মুক্ত নই।

জামায়াত আমির বলেন, চলতি অধিবেশন থেকে কোনো অবস্থাতেই এই আলোচনা বাদ দেওয়া উচিত নয়। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের দেওয়া এই সেশনে অনেকগুলো নোটিশ, কিন্তু এ পর্যন্ত একটাও এন্ডোর্স (অনুমোদন) হয়নি। তাহলে আমরা এখানে বসে আছি কেন? আমরা তো জাতীয় স্বার্থে কথা বলার জন্য এখানে এসেছি।

অধিবেশনের শেষ দিনে আলোচনা হওয়ার সুযোগ নেই উল্লেখ করে আগামীকাল (মঙ্গলবার) যেকোনো মূল্যে গার্মেন্টস খাতের অস্থিরতা বিষয়ক নোটিশটি আলোচ্যসূচিতে রাখার জন্য স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহেশখালীতে তৃতীয় এফএসআরইউ স্থাপনে জ্বালানি নিরাপত্তা বাড়বে: প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪০ পি.এম


মহেশখালীতে তৃতীয় এফএসআরইউ স্থাপনে জ্বালানি নিরাপত্তা বাড়বে: প্রতিমন্ত্রী

সংসদ ভবন, ১৬ নভেম্বর, ২০২৬ : মহেশখালী-কুতুবদিয়ায় তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপন করা হবে, যা দেশের জ্বালানি নিরাপত্তা বৃদ্ধি করবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, বড় আকারের এলএনজি কার্গো আমদানিতে দীর্ঘমেয়াদে প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা সাশ্রয় হবে।

প্রতিমন্ত্রী বলেন, নতুন এফএসআরইউটির সংরক্ষণ ক্ষমতা বিদ্যমান দুটি টার্মিনালের তুলনায় বেশি। এর ফলে জরুরি পরিস্থিতিতে অতিরিক্ত এলএনজি মজুত রাখা, গ্যাস সরবরাহের নির্ভরযোগ্যতা বাড়ানো এবং বড় জাহাজে বেশি পরিমাণ এলএনজি আমদানির সুযোগ সৃষ্টি হবে।

আজ জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, এলএনজি হচ্ছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, যা মাইনাস ১৬২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল করা হয়। এতে গ্যাসের আয়তন প্রায় ৬০০ গুণ কমে যায় এবং সহজে পরিবহন করা সম্ভব হয়। এফএসআরইউ হলো ভাসমান সংরক্ষণ ও পুনরায় গ্যাসে রূপান্তরের ব্যবস্থা।

বর্তমানে দেশে দুটি এফএসআরইউ চালু রয়েছে, প্রতিটির এলএনজি সংরক্ষণ ক্ষমতা ১ লাখ ৩৮ হাজার ঘনমিটার। নতুন যে এফএসআরইউ সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটির সংরক্ষণ ক্ষমতা ১ লাখ ৭৪ হাজার ঘনমিটার, যা বিদ্যমান প্রতিটি টার্মিনালের তুলনায় প্রায় ২৬ শতাংশ বেশি।

প্রতিমন্ত্রী জানান, নতুন এফএসআরইউটি ২০১৬ সালে নির্মিত। অন্যদিকে, বর্তমানে দেশে থাকা দুটি টার্মিনাল ২০০৫ ও ২০০৬ সালে নির্মিত। ২০০৮ সালে নির্মিত একটি জাহাজ সংগ্রহের সুযোগ থাকলেও আগের একটি এফএসআরইউ বিকল হওয়ার অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে তুলনামূলক নতুন জাহাজ সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগের এফএসআরইউ বিকল হওয়ার কারণে শিল্প, বিদ্যুৎ উৎপাদন ও গৃহস্থালি গ্রাহকদের দুর্ভোগ পোহাতে হয়েছে। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি এড়াতে নতুন টার্মিনাল সংগ্রহের ক্ষেত্রে জাহাজটির বয়স ও সক্ষমতাকে গুরুত্ব দেওয়া হয়েছে।

নতুন এফএসআরইউতে চারটি রিগ্যাসিফিকেশন ইউনিট রয়েছে। এগুলোর সম্মিলিত সক্ষমতা দৈনিক ১ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাসে রূপান্তরের উপযোগী। তবে এর মধ্যে কিছু ইউনিট স্ট্যান্ডবাই রেখে দৈনিক ৬০০ থেকে ৭৫০ মিলিয়ন ঘনফুট এলএনজি পুনরায় গ্যাসে রূপান্তর করা হবে। বর্তমানে দেশে থাকা দুটি এফএসআরইউর প্রতিটির রিগ্যাসিফিকেশন সক্ষমতা দৈনিক ৫০০ থেকে ৬০০ মিলিয়ন ঘনফুট।

বাংলাদেশের এখনো স্থলভিত্তিক এলএনজি সংরক্ষণাগার নেই। এ অবস্থায় ভাসমান সংরক্ষণাগারই দেশের জন্য গুরুত্বপূর্ণ বিকল্প। নতুন টার্মিনালের বেশি সংরক্ষণক্ষমতা সংকটকালীন গ্যাস সরবরাহ অব্যাহত রাখতে সহায়ক হবে।

নতুন টার্মিনালে মস টাইপ ও মেমব্রেন টাইপ—উভয় ধরনের এলএনজি জাহাজ ভেড়ানোর সুযোগ থাকবে। পাশাপাশি বড় আকারের জাহাজে বেশি পরিমাণ এলএনজি আমদানি করা সম্ভব হবে। এতে প্রতি ইউনিট এলএনজিতে ৫ থেকে ১০ সেন্ট মার্কিন ডলার পর্যন্ত সাশ্রয় হতে পারে। প্রতি কার্গোতে প্রায় ১ লাখ ৯০ হাজার মার্কিন ডলার সাশ্রয়ের সম্ভাবনা রয়েছে।

বছরে ৫০টি কার্গো এবং ২০ বছর মেয়াদি চুক্তির হিসাব বিবেচনায় বড় পরিমাণে এলএনজি কেনার মাধ্যমে দীর্ঘমেয়াদে প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা সাশ্রয় করা সম্ভব হবে।

বর্তমানে দুটি এফএসআরইউ দিয়ে বছরে প্রায় ১১৫টি এলএনজি কার্গো গ্রহণ করা যায়। নতুন টার্মিনাল চালু হলে জাহাজের মধ্যে বিরতি বাড়বে এবং কার্গো গ্রহণের ব্যবস্থাপনা সহজ হবে। বর্তমানে একটি জাহাজ থেকে এলএনজি খালাসের পর তিন থেকে চার দিনের মধ্যে আরেকটি জাহাজ আসতে হয়। নির্ধারিত সময়ের বাইরে জাহাজ অপেক্ষা করলে অতিরিক্ত চার্জ দিতে হয়। নতুন টার্মিনাল এ চাপ কমাতে সহায়তা করবে।

প্রতিমন্ত্রী বলেন, কোনো কারণে এলএনজি সরবরাহ বা এফএসআরইউর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হলে জাতীয় গ্রিডে গ্যাসের চাপ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ২৪ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে। এ কারণে বাড়তি সংরক্ষণ ক্ষমতা দেশের গ্যাস সরবরাহব্যবস্থার নির্ভরযোগ্যতা বাড়াবে।

বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতিতে বিভিন্ন দেশ নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এফএসআরইউ সংগ্রহে গুরুত্ব দিচ্ছে। ফলে আন্তর্জাতিক বাজারে এ ধরনের জাহাজের চাহিদা ও মূল্য বেড়েছে। এ পরিস্থিতি বিবেচনায় রেখেই সরকার নতুন এফএসআরইউ সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত এ সরকার জনগণের প্রতিটি পয়সার হিসাব নিশ্চিত করতে চায়। কোনো অর্থের অপচয় না করে জনগণের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অন্যতম লক্ষ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি ও পবিত্র কুরআন অবমাননার অভিযোগ, RDCS Cyber Team-এর Owner আকাশের উদ্যোগে ফেসবুক অ্যাকাউন্ট অপসারণ

আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক:মোঃ শরীফ উদ্দিন

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৩ পি.এম


মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি ও পবিত্র কুরআন অবমাননার অভিযোগ, RDCS Cyber Team-এর Owner আকাশের উদ্যোগে ফেসবুক অ্যাকাউন্ট অপসারণ

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে গালিগালাজ ও পবিত্র আল-কুরআন অবমাননার অভিযোগে প্রণেশ মোদক নামের এক ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট অপসারণ করা হয়েছে। RDCS Cyber Team-এর উদ্যোগে টিমের Owner মোঃ আকাশের নেতৃত্বে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত ব্যক্তির ফেসবুক কার্যক্রমের বিভিন্ন তথ্য, স্ক্রিনশটসহ সংশ্লিষ্ট আলামত তাদের কাছে সংরক্ষিত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির পরিচয় শনাক্তের কাজও চলমান রয়েছে।

RDCS Cyber Team জানিয়েছে, প্রাপ্ত তথ্য-প্রমাণ যাচাই-বাছাই করে অভিযুক্ত ব্যক্তির পূর্ণাঙ্গ পরিচয় শনাক্তের পর সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ দাখিল এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টিমের পক্ষ থেকে আরও বলা হয়, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্মীয় অবমাননার মতো ঘটনা কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের ঘটনার বিরুদ্ধে প্রচলিত আইনের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

এ বিষয়ে RDCS Cyber Team-এর পক্ষ থেকে সবাইকে উসকানি, ব্যক্তিগত আক্রমণ কিংবা আইন নিজের হাতে তুলে না নিয়ে তথ্য-প্রমাণের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ এবং সংরক্ষিত স্ক্রিনশটের সত্যতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%