০১:৪৯ পি.এম
বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের একটি পুরোনো ছবির নতুন করে আলোচনায় আসার পেছনে রয়েছে করিনা কাপুর খানের গলায় পবিত্র কোরআনের আয়াত লেখা পেনডেন্ট নিয়ে চলমান বিতর্ক। ২০২২ সালে কান চলচ্চিত্র উৎসবে দীপিকার পরা বিশেষ নেকলেসে আরবি ভাষায় লেখা ছিল ‘ফি আমানিল্লাহ’। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি আবারও ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
২০২২ সালে কান চলচ্চিত্র উৎসবের বিচারক হিসেবে দায়িত্ব পালনকালে দীপিকা পাড়ুকোন ডিজাইনার সব্যসাচী মুখার্জির নকশা করা জমকালো পোশাক ও গয়না পরেছিলেন। ওই অনুষ্ঠানে বিশেষভাবে নজর কেড়েছিল ‘লখনউ রোজ’ নামের একটি মহারানি নেকলেস।
মূল্যবান রত্ন ও আনকাট হিরায় তৈরি নেকলেসটিতে খোদাই করা ছিল আরবি বাক্য ‘ফি আমানিল্লাহ’। এর অর্থ ‘আল্লাহর হেফাজতে’ বা ‘আল্লাহর নিরাপত্তায়’। সব্যসাচির ‘ট্রপিক অব কলকাতা’ কালেকশনের অংশ ছিল এই বিশেষ গয়নাটি। ভারতীয় ঐতিহ্য ও আধুনিক ফ্যাশনের সমন্বয়ে তৈরি নেকলেসটি দীপিকার সাজে ভিন্ন মাত্রা যোগ করেছিল।
আরও পড়ুন: রাতে ঘুমানোর আগে মেয়েকে দুটি প্রশ্ন করেন রণবীর
এখন পর্যন্ত দীপিকার সেই ছবি খুব একটা আলোচনায় আসেনি, তবে করিনা কাপুর খানকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের পর এটি নতুন করে ভাইরাল হয়েছে।
২০২৬ সালের দীপাবলিতে করিনা কাপুর খানকে ৩০ ক্যারেটের একটি পান্নার পেনডেন্ট পরতে দেখা যায়। পেনডেন্টটিতে খোদাই করা ছিল পবিত্র কোরআনের আয়াতুল কুরসি। ডিজাইনার পুনিত বালানার তৈরি রুপালি গোটা পট্টির কাজ করা পোশাক ও বেইজ রঙের পাগড়ির সঙ্গে গয়নাটি পরেছিলেন অভিনেত্রী।
করিনার স্টাইলিস্ট রিয়া কাপুর জানিয়েছেন, গয়নাটি ভোপালের রাজপরিবারের সংগ্রহের অংশ এবং তাদের রাজকীয় ভান্ডার থেকে এটি নেওয়া হয়েছিল।
তবে গয়নাটিতে পবিত্র কোরআনের আয়াত ব্যবহারের বিষয়টি নিয়ে আপত্তি উঠেছে। গত ১১ নভেম্বর মধ্যপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র আব্বাস হাফিজ আইনজীবীর মাধ্যমে করিনা কাপুর খান ও তার স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিশ পাঠান বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: ঢাকার মঞ্চে আসছে নাটক ‘পিয়ারু গাজির গল্পের দেশ’
নোটিশে অভিযোগ করা হয়েছে, ফ্যাশন অনুষঙ্গ হিসেবে পবিত্র কোরআনের আয়াত ব্যবহার ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংশ্লিষ্ট ছবি ও ভিডিও সরিয়ে নেওয়া, প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে ধর্মীয় আয়াতের মর্যাদা রক্ষার নিশ্চয়তা দেওয়ার দাবি জানানো হয়েছে।
অন্যদিকে, বিতর্কের মধ্যে করিনার সমর্থনে ভোপালের কয়েকটি সংগঠন দাঁড়িয়েছে। হিন্দু উৎসব সমিতি ও সংস্কৃতি বাঁচাও মঞ্চের পক্ষ থেকে অভিনেত্রীকে ক্ষমা চাওয়ার দাবির বিরোধিতা করা হয়েছে বলে জানা গেছে।
এখন পর্যন্ত করিনা কাপুর খান কিংবা রিয়া কাপুরের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: সিয়াসাত ডেইলি
আরও পড়ুন: রাজা চার্লসের ৭৮তম জন্মদিনে এলটন জনের সঙ্গে রসিকতা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন