০৬:১১ পি.এম
চারপাশে বিয়ের আনন্দ এবং সানাইয়ের সুরের মধ্যে, এক যুবকের নিঃশব্দ কান্না লুকিয়ে রয়েছে। ভালোবাসার মানুষটির অন্য কারও সঙ্গে ঘর বাঁধার বেদনাবিধুর ও মনস্তাত্ত্বিক গল্প নিয়ে শ্রোতাদের সামনে উপস্থিত হয়েছেন কণ্ঠশিল্পী ও সুরকার তানজিল মিসবাহ। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে তাঁর নতুন গান ‘কন্যা’।
গানটির মূল থিম প্রেম, বিচ্ছেদ এবং নিজের প্রিয়জনকে চিরতরে হারানোর অসহনীয় কষ্টকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তানজিল মিসবাহ গানটির কথা লেখার পাশাপাশি সুর করেছেন এবং নিজেই কণ্ঠ দিয়েছেন। গানটির সংগীতায়োজনে ছিলেন শোভন রায়।
গানের গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি আবেগঘন মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। ভিডিওটি পরিচালনা করেছেন হাসান রনি এবং সিনেমাটোগ্রাফার ছিলেন ইয়াসিন বিন আরিয়ান। হৃদয়বিদারক চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন সোয়েব আক্তার শান্ত ও সুমাইয়া আক্তার।
আরও পড়ুন: অমিতাভ বচ্চনের ‘জলসা’ বাড়ি নিয়ে পারিবারিক সম্পত্তির বিরোধ, বিচারাধীন
নতুন এই প্রজেক্ট সম্পর্কে তানজিল মিসবাহ জানিয়েছেন, তিনি সবসময় গানে একটি নির্দিষ্ট গল্প বা অনুভূতি ফুটিয়ে তোলার চেষ্টা করেন। ‘কন্যা’ গানটির ক্ষেত্রেও একই ভাবনা কাজ করেছে এবং কল্পনার সেই দৃশ্যপট মিউজিক ভিডিওর মাধ্যমে পরিপূর্ণতা পেয়েছে। গানটি প্রকাশের পর থেকেই বিভিন্ন মহল থেকে ইতিবাচক সাড়া ও প্রশংসা পাচ্ছেন বলেও তিনি উল্লেখ করেছেন।
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) সূত্রে জানা গেছে, গত ১২ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে ডিএমএসের অফিশিয়াল ইউটিউব চ্যানেলসহ দেশ ও বিদেশের বিভিন্ন শীর্ষস্থানীয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে গানটি উপভোগ করা যাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন