০৬:৫৩ পি.এম
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ফসলি জমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে আটক করা হয়েছে তিনজনকে। দামুড়হুদা মডেল থানা পুলিশ তিনটি মাটি ভর্তি ট্রাক্টরসহ তাদের আটক করেছে।
মঙ্গলবার (২৩ জুন) ভোর ৩টার দিকে চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়কের লোকনাথপুর এলাকায় অভিযান চালানো হয় এবং মাটি ভর্তি ট্রাক্টরগুলো আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন, উপজেলার ছোট দুধপাতিলা গ্রামের বাক্কা চাকলার ছেলে নাফিস হাসান (২৫), তারানিপুর গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (৩০) এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার দোস্ত গ্রামের মৃত আমির আলীর ছেলে রাকিব হোসেন (২৫)।
আরও পড়ুন: লাল-সবুজের পতাকার এক জীবন্ত মহাকাব্য; বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল আওয়াল
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবা উদ্দিন জানিয়েছেন, ভোর রাতে অভিযান চালিয়ে মাটি ভর্তি তিনটি ট্রাক্টরসহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১৮ ধারায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরো জানান, মামলার প্রক্রিয়া সম্পন্ন করার পর, আজ মঙ্গলবারই আদালতে পাঠানো হবে আটক ব্যক্তিদের। এই অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।
এদিকে স্থানীয়দের অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় সরবরাহ করা হচ্ছে। এর ফলে কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের ক্ষতি হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
আরও পড়ুন: শেরপুরে জাতীয় পদকপ্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন