০৩:১৩ পি.এম
জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ এর লিডার্স সামিটের দ্বিতীয় দিনে বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যস্ত সময় কাটাবেন। তিনি সম্মেলনের বিভিন্ন আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ ও চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
শূন্য বর্জ্য ব্যবস্থাপনা, সার্কুলার অর্থনীতি ও মিথেন নিঃসরণ কমানোর বিষয়ে উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকে বক্তব্য দেওয়ার জন্যও প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী। দিনের শেষ কর্মসূচিতে তুরস্কের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির আয়োজিত নৈশভোজে অংশগ্রহণ করবেন তিনি।
কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, প্রধানমন্ত্রীর এই দিনের কর্মসূচিতে চীন ও উজবেকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক বিশেষ গুরুত্ব বহন করছে। এ ছাড়া জলবায়ু সম্মেলনের গুরুত্বপূর্ণ আলোচনায় বাংলাদেশের অবস্থান তুলে ধরার সুযোগও পাচ্ছে ঢাকা।
আরও পড়ুন: খাগড়াছড়িতে বিএনপি নেতাকর্মীদের ওপর আ. লীগের হামলা, একজন আটক
কর্মসূচি অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সম্মেলনস্থলের দ্বিপক্ষীয় বৈঠক কক্ষ বিআর-১২-তে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিকাল ৪টায় চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে বৈঠক করবেন তিনি। সম্মেলনস্থলের বিআর-০৩ কক্ষে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
দুই দেশের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তবে বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।
এর আগে দুপুর ১২টা ১৫ মিনিটে আনতালিয়া লিডার্স সামিটের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশগ্রহণের পরিকল্পনাও রয়েছে তার। দুপুর ২টা থেকে উচ্চপর্যায়ের অধিবেশনের প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন।
বিকাল ৪টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত শূন্য বর্জ্য, সার্কুলার অর্থনীতি ও মিথেন নিঃসরণ বিষয়ক বিশেষ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। তুরস্কের ফার্স্ট লেডি এ বৈঠকে সভাপতিত্ব করবেন। প্রধানমন্ত্রী সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বর্জ্য ব্যবস্থাপনা, সম্পদের পুনর্ব্যবহার ও মিথেন নিঃসরণ কমানোর বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।
আরও পড়ুন: ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর পরিকল্পনা
দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তুরস্কের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির দেওয়া নৈশভোজে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী। সম্মেলনের গ্রিন জোনে এ নৈশভোজ অনুষ্ঠিত হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন