ফাহিম হোসেন রিজু আশুলিয়া (সাভার) প্রতিনিধি
০২:২৪ পি.এম
নূনতম মূল বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের জামগড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় আন্দোলনকারী শ্রমিকদের সরাতে গেলে পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে জামগড়া-বায়পোল প্রধান সড়কে অবস্থান নেন কয়েকটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সূত্রে জানা যায়, চলতি মাসের শুরু থেকেই বেতন বৃদ্ধি ও বিভিন্ন বকেয়া দাবিয়ে পোশাক শ্রমিকদের মধ্যে অসন্তোষ চলছিল। সকালে জামগড়া এলাকার কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে কারখানার সামনে জড়ো হতে শুরু করেন। একপর্যায়ে তারা সংঘবদ্ধ হয়ে সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সংবাদ পেয়ে আশুলিয়া থানা পুলিশ, শিল্প পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পুলিশ শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানালে শ্রমিকদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে ধাওয়া-পাল্টা ধাওয়ার সূচনা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস (টিয়ার শেল) ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
আন্দোলনরত শ্রমিকরা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বর্তমানে প্রাপ্ত বেতনে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। তাই তারা অবিলম্বে নূনতম মূল বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানাচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
শিল্প পুলিশ জানায়, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জামগড়াসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টহল জোরদার করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ