১০:৫৯ এম
এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা, যিনি অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসা প্রদর্শন করেছেন। পড়তে কিংবা লিখতে না জানলেও, তিনি কেবল শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর বয়সী হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।
মরিয়ম আল-রুমাইমাহ তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্মগ্রহণ করেন। তার বেড়ে ওঠার সময়কাল ছিল এমন, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় তিনি সংসার সামলানো ও কৃষিকাজের মধ্যেই কাটিয়েছেন। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় তিনি পড়তে কিংবা লিখতে শেখার সুযোগ পাননি।
কিন্তু কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় তিনি পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় তিনি সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়ে যায়।
আরও পড়ুন: ইসলামে যেসব সময়ের ঘুম নিন্দনীয়
মরিয়ম কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।
মরিয়মের সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে তিনি ভালোবাসতেন। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।
কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে তিনি সেই বাধাও কাটিয়ে ওঠেন।
এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর তিনি আনন্দে কেঁদে ফেলেন। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।
আরও পড়ুন: ঢাকা ও আশপাশের এলাকার আজকের নামাজের সময়সূচি প্রকাশ
মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। তার ২১ জন নাতি-নাতনি আছে, যাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। তবে পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।
কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।
আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক তিনি ধরে রেখেছেন।
মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।
আরও পড়ুন: সুরা ইয়াসিন: পবিত্র কুরআনের হৃদয় ও এর ফজিলত
শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।
সূত্র: আল-মুশাহিদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন