ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ


কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী এক বৃদ্ধ পিতাকে হত্যার হুমকি ও তাঁর জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে দুই সন্তানের বিরুদ্ধে। এ সময় বাধা দিতে গেলে ওই পিতাকে মারধর করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বাদ মাগরিব কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের নিকট এ অভিযোগ করেন ভুক্তভোগী অবসরপ্রাপ্ত শিক্ষক হাজী সুলতান উদ্দিন আহমেদ চৌধুরী ওরফে জজ মিয়া মাস্টার। তিনি উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের দশকাহুনিয়া গ্রামের মরহুম আক্তারুজ্জামান মাস্টারের ছেলে ও উত্তর দশকাহুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সহকারী শিক্ষক।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, হাজী সুলতান উদ্দিন আহমেদ চৌধুরীর স্ত্রী মারা যাওয়ার পর নিজের চলাফেরা ও প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য কিছু সম্পত্তি নিজের দখলে রেখে বাকি সম্পত্তি তাঁর পাঁচ ছেলের মধ্যে মৌখিক ও দলিলের মাধ্যমে বন্টন করে দেন। এর মধ্যে দশকাহুনিয়া উত্তর বন্দের একটি সম্পত্তি চাষাবাদের জন্য এক ছেলে মো. সাইদুজ্জামান চৌধুরী (খোকন) এর ভাগে বন্টন করে দেওয়া হয়। ওই সম্পত্তি পাওয়ার পর সাইদুজ্জামান অভিযুক্ত বড় ভাই মো. মোখলেছুর রহমান চৌধুরীর সহযোগিতায় কিছু দিন আগে সেখানে মুরগির একটি শেডের কাজ আংশিক শেষ করে বাকি জমিতে ফসল চাষের প্রস্তুতি নেন। মূলত এই সম্পত্তি নিয়েই এই দ্বন্দ্বের সূত্রপাত হয়।

আরও পড়ুন: চট্টগ্রামে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

বৃদ্ধ জজ মিয়া মাস্টার অভিযোগ করেন, তাঁর পাঁচ ছেলে ও তিন মেয়ে থাকলেও ছোট ছেলে- সম্প্রতি অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. রফিকুল ইসলাম চৌধুরী (৪৫), রফিকুল ইসলামের স্ত্রী রুমা (৩৫) ও আরেক ছেলে সাইদুজ্জামান চৌধুরী খোকন (৫০) ছাড়া বর্তমানে কেউ তাঁর খোঁজখবর নেন না। তবে কিছুদিন ধরে তাঁর বড় ছেলে মো. মোখলেছুর রহমান চৌধুরী (৫৭) ও ছোট ছেলে মো. মনিরুজ্জামান চৌধুরী ওরফে আল আমিন (৩৯)-মালয়েশিয়া প্রবাসী অপর ভাই মো. জামান চৌধুরীর প্ররোচনায় তাঁর ওপর বিভিন্ন ধরনের অত্যাচার ও অবিচার চালিয়ে আসছেন। শুধু তাই নয়, কিছু দিন আগে বৃদ্ধ বাবাকে বাড়ি থেকে বের করে দিয়ে বাবার বসত ঘরে তালা ঝুলিয়ে দেয় বড় ছেলে মোখলেসুর রহমান। পরবর্তীতে চাপের মুখে তালাটি খুলে দিতে বাধ্য হয় বলেও জানান অসহায় বৃদ্ধ পিতা।

তিনি আরও জানান, কিছুদিন আগে বড় ছেলে মোখলেছুর রহমান একটি ধারালো দা দেখিয়ে তাঁকে হুমকি দিয়ে বলেন, ৩০০ টাকা দিয়ে এ দা-টি কিনে এনেছি। সহায়-সম্পত্তি তার নামে লিখে না দিলে এক কোপে তাঁর (বাবার) গলা থেকে মাথা আলাদা করে ফেলে দিবে।

এই ধারাবাহিকতায় দশকাহুনিয়া উত্তর বন্দে ছেলে সাইদুজ্জামান চৌধুরী খোকনকে মৌখিকভাবে বন্টন করে দেওয়া বৃদ্ধ পিতা জজ মিয়া মাস্টারের পৈতৃক সূত্রে প্রাপ্ত ৩৬ শতাংশ সম্পত্তিতে গত ১০ নভেম্বর মঙ্গলবার বিকেলে জোরপূর্বক প্রবেশ করে তাঁর অনুমতি ছাড়াই কলাগাছ লাগাতে শুরু করেন অভিযুক্ত বড় ছেলে মোখলেছুর রহমান ও ছোট ছেলে আল আমিন। এ সময় বৃদ্ধ পিতা ওই সম্পত্তিতে কলাগাছ লাগাতে বাধা দিলে তারা বৃদ্ধ পিতার সঙ্গে অসদাচরণ করেন এবং শাবল নিয়ে পিতার দিকে তেড়ে এসে তাঁকে মারধোর করেছে বলে পিতা জজ মিয়া মাস্টার অভিযোগে উল্লেখ করেন।

জজ মিয়া মাস্টার আরও অভিযোগ করেন, এই ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে অভিযুক্ত বড় ছেলে মোখলেছুর রহমান ও ছোট ছেলে আল-আমিন তাদের অপর ভাই অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. রফিকুল ইসলাম চৌধুরী ও তার স্ত্রী রুমার ওপর মিথ্যা দোষ চাপান। তারা এলাকায় সংবাদকর্মী এনে প্রচার করান যে, রফিকুল ইসলাম ও তার স্ত্রী রুমা না-কি তাদের লাগানো কলাগাছ কেটে ও তুলে ক্ষতি করেছে। কারণ উল্লেখ করে তিনি বলেন, রফিকুল ইসলাম ও রুমা তাঁর দেখাশোনা করে এজন্য রফিকুল ইসলাম ও রুমার প্রতি ক্ষিপ্ত ছিলো মোখলেস ও আল আমিন সহ তাদের পরিবারের অন্যান্যরা।

আরও পড়ুন: রাজনাও বনাম নাদামপুরের ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, দর্শকদের উপচেপড়া ভিড়

এ বিষয়ে প্রশ্ন তুলে জজ মিয়া বলেন, ‘যে সম্পত্তি আমি তাদের কাউকে লিখে বা বন্টন করে দিইনি, সেই সম্পত্তি মোখলেস ও আল আমিনের হয় কীভাবে? মৌখিকভাবে বন্টন করে দেওয়া আমার অপর ছেলে সাইদুজ্জামান চৌধুরী খোকনের সম্পত্তিতে জোরপূর্বক কলাগাছ লাগাতে বাধা দিয়ে আমি নিজেই সেইসব কলাগাছের চারা তুলে ও কেটে ফেলেছি। ঘটনার সময় ওই জমিতে আমার ছেলে মো. রফিকুল ইসলাম চৌধুরী বা তার স্ত্রী রুমা আসেনি। তাহলে তারা কীভাবে কলাগাছের ক্ষতি করল?’

বৃদ্ধ পিতা হাজী সুলতান উদ্দিন আহমেদ চৌধুরী ওরফে জজ মিয়া মাস্টার তাঁর ওপর চলা অমানবিক নির্যাতন ও হুমকির তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত তিন সন্তানের বিরুদ্ধে স্থানীয় সংসদ সদস্য- বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম সহ প্রশাসনের নিকট দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে অভিযুক্ত মো. মোখলেছুর রহমান চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, তাঁর বাবা জীবিত আছেন। তাঁরা ৫ ভাই । দশকাহুনিয়া উত্তর বন্দে তাঁদের পিতার একটি জমিতে তাঁদের পাঁচ ভাইয়ের মধ্যে দুই ভাইয়ের ভাগের দুই অংশ রেখে বাকি তিন ভাইয়ের অংশে তিনি কলাগাছের চারা রোপন করার সময় তাঁর বাবা ওই জমিতে কলাগাছ লাগাতে নিষেধ করেন। পরবর্তীতে তাঁর ছোট ভাই অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট মো. রফিকুল ইসলাম ও তার স্ত্রী রুমা এসে তাদের রোপিত কলাগাছের চারা কেটে নষ্ট করে ফেলেছে। তিনি আরো দাবী করেন তাদের পিতা এসব প্যাচ লাগিয়ে রেখেছে। এ বিষয়ে এলাকার মানুষ নিয়ে বার বার বসতে বলা হলেও বাবা এ বিষয়ে বসতে রাজি হননি।

আরও পড়ুন: মাধবপুরে তাহেরীর মাহফিলে বক্তব্য দেওয়া হলো না, মঞ্চে জুবায়ের কামালের অবস্থান নিয়ে বিতর্ক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পে ৫-১০ দিনে অনুমোদন, চালু হচ্ছে ওয়ান-স্টপ সার্ভিস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৯ এম


জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পে ৫-১০ দিনে অনুমোদন, চালু হচ্ছে ওয়ান-স্টপ সার্ভিস

॥ মো. আমিনুল ইসলাম ॥

ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬ : সরকার শিগগিরই ওয়ান-স্টপ সার্ভিস (ওএসএস) চালু করার পরিকল্পনা করছে, যা জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পে বিনিয়োগ ও ব্যবসা পরিচালনার প্রক্রিয়াকে সহজতর করবে। অনুমোদন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা কমানোর লক্ষ্যে, বর্তমানে বিভিন্ন দপ্তর ও সংস্থার কাছ থেকে আলাদাভাবে অনুমোদন ও ছাড়পত্র নিতে যে ৪৫ থেকে ৬০ দিন সময় লাগে, তা ৫ থেকে ১০ দিনে নেমে আসবে বলে আশা করা হচ্ছে।

এ শিল্পের জন্য প্রয়োজনীয় অনুমোদন ও সেবা একক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রদান করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে উদ্যোক্তাদের একাধিক দপ্তরে ঘুরতে হবে না, ফলে ব্যবসা পরিচালনার সময় ও ব্যয় কমবে।

এছাড়া, সেবা প্রদানে স্বচ্ছতা, সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করার সুযোগ তৈরি হবে।

শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে প্রস্তাবিত ওয়ান-স্টপ সার্ভিসের নকশা তৈরির কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। মন্ত্রণালয়ের গঠিত একটি কার্যকরী দল প্ল্যাটফর্মটির কাঠামো ও কার্যপদ্ধতি নির্ধারণ করেছে। সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে এর বাস্তবায়নপদ্ধতিও পর্যালোচনা করা হয়েছে। জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পের সক্ষমতা উন্নয়ন প্রকল্প এবং টিএসডিএফ উন্নয়ন প্রকল্পের আওতায় এ সেবা চালুর কার্যক্রম নির্ধারিত রয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান বাসসকে জানান, জাহাজ নির্মাণ ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্প দেশের একটি সম্ভাবনাময় খাত। সরকার এ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। অংশীজনদের সঙ্গে পরামর্শের কাজ দ্রুত শেষ হওয়ায় চলতি নভেম্বর মাসের মধ্যে অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে ওয়ান-স্টপ সার্ভিস চালুর উদ্যোগটি পূর্ণাঙ্গ রূপ পাবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডের (বিএসআরবি) সূত্র জানায়, এ সেবা চালুর বিষয়ে গত ১৩ অক্টোবর শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পের সেবা সহজীকরণ এবং ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সভায় প্রস্তাবিত প্ল্যাটফর্মের নকশা, কার্যক্রম ও বাস্তবায়ন নিয়ে অংশীজনদের মতামত নেওয়া হয়।

এর আগে গত ৬ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পের বিদ্যমান আইন, বিধি, নীতিমালা ও সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনা এবং সুপারিশ প্রণয়নের জন্য গঠিত কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় পরিবেশমন্ত্রী বলেন, জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে বিভিন্ন দপ্তর ও সংস্থার পরিদর্শন এবং ছাড়পত্র নিতে ৪৫ থেকে ৬০ দিন সময় লাগে। হংকং কনভেনশন অনুসরণের পরও ১০০ থেকে ২০০ কোটি টাকা বিনিয়োগ করে এত দিন অপেক্ষা করা কোনোভাবেই যুক্তিসংগত নয়। কারণ, জাহাজ আমদানির জন্য ঋণপত্র (এলসি) খোলার পর থেকেই প্রতিদিন ব্যাংক সুদ পরিশোধ করতে হয়। অনুমোদন প্রক্রিয়ায় বিলম্বের কারণে ব্যবসায়ীদের ব্যয় বাড়ার পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ে। জাহাজ পরীক্ষার প্রয়োজন হলে সংশ্লিষ্টদের এ প্রক্রিয়ার সময় কমিয়ে আনার নির্দেশনাও দেন তিনি।

সংশ্লিষ্টরা বলছেন, জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পে অনুমোদন প্রক্রিয়া সহজ ও দ্রুত করা গেলে নতুন বিনিয়োগ আকৃষ্ট হওয়ার পাশাপাশি বিদ্যমান উদ্যোক্তাদের পরিচালন ব্যয় কমবে। বিশেষ করে জাহাজ আমদানির পর অনুমোদনের অপেক্ষায় পড়ে থাকলে যে অতিরিক্ত সুদ ও অন্যান্য ব্যয় বহন করতে হয়, তা কমানো সম্ভব হবে। এতে শিল্পটির প্রতিযোগিতা সক্ষমতা বাড়ার পাশাপাশি দেশের ইস্পাত ও পুনর্ব্যবহারযোগ্য কাঁচামাল সরবরাহ ব্যবস্থাও উপকৃত হবে।

উল্লেখ্য, আন্তর্জাতিক সমুদ্র সংস্থা (আইএমও) প্রণীত হংকং কনভেনশন ২০২৫ সালের ২৬ জুন কার্যকর হয়েছে।

জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণে শ্রমিকের নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক মান অনুসরণের জন্য এ কনভেনশনে বিভিন্ন নির্দেশনা রয়েছে। বাংলাদেশ ২০২৩ সালে কনভেনশনটি অনুসমর্থন করে। ফলে আন্তর্জাতিক মান অনুযায়ী নিরাপদ ও পরিবেশবান্ধব জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে দেশের এ শিল্পের জন্য নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

বর্তমানে শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ড (বিএসআরবি) জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ ইয়ার্ড স্থাপনের অনুমতি, ইয়ার্ড পরিচালনার অনুমোদন, জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণের অনুমতি, আমদানি করা জাহাজ পরিদর্শন এবং জাহাজ সৈকতে ভেড়ানো ও কাটার অনুমতিসহ বিভিন্ন সেবা দিয়ে থাকে। এ ছাড়া ডিএএসআর ও কন্ডিশনাল ডিএএসআর-সংক্রান্ত সেবাও প্রদান করে সংস্থাটি।

এসব সেবা পেতে বাংলাদেশ কাস্টমস, বাংলাদেশ নৌবাহিনী, নৌবাণিজ্য দপ্তর (এমএমও), পরিবেশ অধিদপ্তর, বিস্ফোরক পরিদপ্তর, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার অনুমোদন প্রয়োজন হয়।

শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান বলেন, বিষয়টিকে সরকার যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিয়েছে। ইতোমধ্যে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পে ওয়ান-স্টপ সার্ভিস চালুর প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে পরামর্শ সভা সম্পন্ন হয়েছে এবং তাদের মতামত নেওয়া হয়েছে। এসব মতামতের ভিত্তিতে বিএসআরবি প্রয়োজনীয় নীতিমালা বা গাইডলাইন তৈরি করছে। গাইডলাইন চূড়ান্ত হলেই এর আলোকে কার্যক্রম শুরু হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাইডেনের স্মৃতিকথায় জেলেনস্কিকে ‘একগুঁয়ে ও অকৃতজ্ঞ’ বললেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০০ এম


বাইডেনের স্মৃতিকথায় জেলেনস্কিকে ‘একগুঁয়ে ও অকৃতজ্ঞ’ বললেন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ব্যক্তিগত জীবনে একগুঁয়ে ও অকৃতজ্ঞ হিসেবে উল্লেখ করেছেন। তিনি তার আসন্ন স্মৃতিকথায় জেলেনস্কির সঙ্গে ব্যক্তিগত কথোপকথনের অভিজ্ঞতা তুলে ধরেছেন। শুক্রবার (১৩ নভেম্বর) বাইডেনের স্মৃতিকথাটি পর্যালোচনা করে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এই তথ্য প্রকাশ করেছে।

বাইডেনের স্মৃতিকথার শিরোনাম ‘প্রমিজ মি, আমেরিকা’ যেখানে তিনি উল্লেখ করেছেন, ব্যক্তিগত আলোচনার সময় জেলেনস্কি প্রায়ই খামখেয়ালি ও একগুঁয়ে আচরণ করতেন। যুক্তরাষ্ট্রের কাছ থেকে সহায়তা পাওয়ার পরও তার কাছ থেকে প্রত্যাশিত কৃতজ্ঞতা পাওয়া যায়নি বলেও বাইডেন মনে করেন।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে জেলেনস্কির তর্কের ঘটনা প্রকাশিত হওয়ার পর তার কৃতজ্ঞতা নিয়ে প্রশ্ন ওঠে। পরে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, কংগ্রেস এবং দুই দলের সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞ।

বাইডেনের স্মৃতিকথায় ক্ষমতা হস্তান্তরের সময়কার বিভিন্ন ঘটনা এবং রাশিয়ার সঙ্গে আলোচনায় ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য অবস্থান নিয়ে তার উদ্বেগের কথাও উঠে এসেছে। বাইডেন দাবি করেন, ক্ষমতায় ফেরার আগে ট্রাম্পের দল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার অনুমতি চেয়েছিল। তবে ইউক্রেনের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় তিনি সেই অনুমতি দেননি।

স্মৃতিকথায় পুতিনের সঙ্গে বৈঠকের অভিজ্ঞতাও উল্লেখ করেছেন বাইডেন। তার ভাষ্য, বৈঠকের সময় পুতিন কিশোরের মতো উদাসীন থাকার ভান করে বসে থাকতেন।

যদিও জেলেনস্কির সমালোচনা করেছেন বাইডেন, তবে তার অভিনয়ের অভিজ্ঞতার প্রশংসা করেছেন। তিনি মনে করেন, অভিনয়ের অভিজ্ঞতা জেলেনস্কিকে ভালো প্রস্তুতি দিয়েছিল।

এদিকে, বাইডেনের প্রেসিডেন্ট থাকাকালে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদান করেছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে ইউক্রেনের জন্য ২.৪ বিলিয়ন ডলারের নিরাপত্তা সহায়তা, একটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এবং ইউক্রেনীয় এফ-১৬ পাইলটদের প্রশিক্ষণ বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেক্সিকোর মাদক সাম্রাজ্যের ‘গডফাদার’ ফেলিক্স গ্যালার্দো ৮০ বছর বয়সে মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০১ এম


মেক্সিকোর মাদক সাম্রাজ্যের ‘গডফাদার’ ফেলিক্স গ্যালার্দো ৮০ বছর বয়সে মারা গেছেন

ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬ : মেক্সিকোর আধুনিক মাদক পাচার সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম মিগেল অ্যাঞ্জেল ফেলিক্স গ্যালার্দো মারা গেছেন। তিনি ‘বসদের বস’ নামে পরিচিত ছিলেন। গতকাল রোববার ৮০ বছর বয়সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে, যা নিশ্চিত করেছেন দেশটির কর্মকর্তারা।

এএফপি সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, কুখ্যাত এই মাদক সম্রাট এক সময় পুলিশের কর্মকর্তা ছিলেন। তিনি কলম্বিয়ার মাদক পাচারকারীদের সঙ্গে জোট গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশ্বজুড়ে কোকেনের অবৈধ বাণিজ্যের ধরন পরিবর্তন করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের এক মাদকবিরোধী সংস্থার কর্মকর্তাকে হত্যার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে তিনি দণ্ডিত হন।

কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের দুই দিন পর তার মৃত্যু ঘটে। মেক্সিকোর জালিসকো রাজ্যের নিরাপত্তা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে ১৫ নভেম্বর তার মৃত্যু হয়েছে।

ফেলিক্স গ্যালার্দোর শারীরিক অবস্থার গত কয়েক বছরে অবনতি ঘটে। তিনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং শ্রবণশক্তি হারানোর সমস্যায় ভুগছিলেন। ২০২২ সালে তৎকালীন প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর জানিয়েছিলেন, ফেলিক্স গ্যালার্দোর শারীরিক অবস্থা খুবই খারাপ। সেই সময় এক বিচারক তাকে কারাগারের পরিবর্তে নিজ বাড়িতে বন্দী রাখার অনুমতি দেন। তবে ইলেকট্রনিক গোড়ালি পর্যবেক্ষণ যন্ত্রের কারিগরি সমস্যার কারণে তাকে বাড়িতে স্থানান্তর করা সম্ভব হয়নি।

গুয়াদালাহারা মাদকচক্রের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন ফেলিক্স গ্যালার্দো। পরবর্তী সময়ে এই চক্র থেকেই সিনালোয়া মাদকচক্রের উত্থান ঘটে। ১৯৮৯ সাল থেকে তিনি কারাবন্দি ছিলেন এবং ৪০ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন। ১৯৮৫ সালে যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থা ডিইএর (ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন) ছদ্মবেশী কর্মকর্তা এনরিক ‘কিকি’ কামারেনা সালাজার হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে তিনি দণ্ডিত হন। এই হত্যাকাণ্ড যুক্তরাষ্ট্রে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছিল।

মাদকচক্রের উত্থান

সরকারি তথ্য অনুযায়ী, ফেলিক্স গ্যালার্দোর জন্ম ১৯৪৬ সালের ৮ জানুয়ারি মেক্সিকোর সিনালোয়া রাজ্যে। অপরাধজগতে প্রবেশের সময়কাল ছিল রাজ্য ও কেন্দ্রীয় পুলিশের চাকরিজীবনের সঙ্গে। তিনি সিনালোয়া রাজ্যের এক গভর্নরের দেহরক্ষী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

বিশেষজ্ঞদের মতে, এই দায়িত্ব পালনের সুবাদে তিনি প্রভাবশালী রাজনীতিকদের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক তৈরি করেছিলেন, যা অপরাধ কর্মকাণ্ডে তাদের সহযোগিতা ও সুরক্ষা পেতে সহায়তা করেছিল। তিনি আরেক কুখ্যাত মাদক সম্রাট রাফায়েল কারো কুইন্তেরোর সঙ্গে জোট বাঁধেন। পরে অন্যান্য অপরাধচক্রের নেতাদের নিয়ে যুক্তরাষ্ট্রে মাদক পাচারে জড়িত বিভিন্ন গোষ্ঠীকে একত্র করে গড়ে তোলেন গুয়াদালাহারা মাদকচক্র।

মাদকবাণিজ্য নিয়ে গবেষণাকারী ওয়েবসাইট ইনসাইট ক্রাইমের তথ্য অনুযায়ী, এই চক্রটি একটি একক আধিপত্যভিত্তিক কাঠামোয় গড়ে উঠেছিল। বর্তমান মাদক পাচার কর্মকাণ্ডের প্রায় সবকিছুর ভিত্তি তৈরি হয়েছিল এই চক্রের হাত ধরেই।

প্রকাশনাটির তথ্য অনুযায়ী, ফেলিক্স গ্যালার্দো কলম্বিয়ার মাদক পাচারকারীদের সঙ্গে, বিশেষ করে পাবলো এসকোবারের সঙ্গে অংশীদারত্ব গড়ে তোলেন। এক পর্যায়ে তিনি মেক্সিকোয় এসকোবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগীতে পরিণত হন।

গুয়াদালাহারা মাদকচক্র দেশটির অপরাধজগতের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল। এ কারণে ফেলিক্স গ্যালার্দো ‘এল হেফে দে হেফেস’ এবং ‘এল পাদ্রিনো’ নামে পরিচিতি পান। স্প্যানিশ এই দুটি নামের অর্থ যথাক্রমে ‘বসদের বস’ ও ‘গডফাদার’।

পতনের শুরু

১৯৮৫ সালের ফেব্রুয়ারিতে ডিইএর কর্মকর্তা এনরিক কামারেনা সালাজারকে অপহরণ ও নির্যাতনের পর হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে ফেলিক্স গ্যালার্দো দোষী সাব্যস্ত হন। কামারেনার মৃত্যু এখনো যুক্তরাষ্ট্রের জন্য একটি গভীর বেদনাদায়ক ঘটনা হিসেবে বিবেচিত হয়।

ওয়াশিংটনের তীব্র চাপের মুখে ১৯৮৫ সালে রাফায়েল কারো কুইন্তেরোকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি মাদক পাচার ও ওই মার্কিন কর্মকর্তাকে হত্যার অভিযোগে যুক্তরাষ্ট্রে কারাবন্দি রয়েছেন।

১৯৮৯ সালের এপ্রিলে ফেলিক্স গ্যালার্দো গ্রেফতার হন। তবে বিশেষজ্ঞদের মতে, কারাগারে থেকেও তিনি দীর্ঘদিন তার অপরাধ সাম্রাজ্যের নিয়ন্ত্রণ বজায় রেখেছিলেন। জালিসকো রাজ্যের পুয়েন্তে গ্রান্দে কারাগারে তিনি সাজা ভোগ করছিলেন।

১৯৯০-এর দশকে গুয়াদালাহারা মাদকচক্র ভেঙে যায়। এরপর চক্রটির স্থানীয় নেতারা বিভিন্ন অঞ্চলে পৃথক মাদকচক্র গড়ে তোলেন। এর মধ্যে অন্যতম ছিল সিনালোয়া মাদকচক্র। জোয়াকিন ‘এল চাপো’ গুজমান ও ইসমায়েল ‘এল মায়ো’ সাম্বাদা এই মাদকচক্রকে শক্তিশালী করে তোলেন। পরবর্তী সময়ে তাদের দুজনকেই যুক্তরাষ্ট্রে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

মাদক সম্রাট ফেলিক্স গ্যালার্দো এখনো মেক্সিকোর মানুষের স্মৃতিতে জায়গা করে আছেন মাদক পাচারকারীদের নিয়ে রচিত ‘নারকোকোরিদোস’ বা মাদকবাণিজ্যভিত্তিক লোকগানের মাধ্যমে।

এসব গানের মধ্যে ‘এল হেফে দে হেফেস’ বিশেষভাবে পরিচিত, যদিও জনসমাগমস্থলে গানটি বাজানো নিষিদ্ধ। এ ছাড়া মাদক পাচার নিয়ে নির্মিত নেটফ্লিক্সের বিভিন্ন নাটক ও সিরিজেও তার চরিত্র তুলে ধরা হয়েছে।

এসবের একটিতে মেক্সিকান অভিনেতা দিয়েগো লুনা ফেলিক্স গ্যালার্দোর চরিত্রে অভিনয় করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে আজ শুনানি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০১ এম


শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে আজ শুনানি

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ থেকে অব্যাহতি (ডিসচার্জ) চেয়ে আজ শুনানি অনুষ্ঠিত হবে আসামিপক্ষের আইনজীবীদের দ্বারা। মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জন আসামি রয়েছেন।

আজ সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি অনুষ্ঠিত হবে। প্যানেলের অন্যান্য সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

গত ১২ নভেম্বর মামলার ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ওই দিন শুনানিতে তিনি আসামিদের বিরুদ্ধে আনা পৃথক পৃথক আনুষ্ঠানিক অভিযোগ পড়ে শোনান। একই সঙ্গে মামলার পটভূমি তুলে ধরে আওয়ামী লীগ সরকারের শাসনামলের বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। তিনি বর্ণনা করেন শেখ হাসিনা কীভাবে স্বৈরশাসক হয়ে ওঠেন।

শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্যপ্রমাণ রয়েছে উল্লেখ করে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানান চিফ প্রসিকিউটর। পরে ট্রাইব্যুনাল আসামিপক্ষের শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।

মামলায় গ্রেপ্তার ১১ আসামির মধ্যে রয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং প্রতিষ্ঠানটির সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপা।

শেখ হাসিনাসহ মামলার পলাতক আসামিদের মধ্যে রয়েছেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, তৎকালীন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, তৎকালীন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ, গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বেনজীর আহমেদ, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন সাবেক কর্মকর্তারা।

এর আগে, ২৭ জুলাই ৪১ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২। একইসঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং গ্রেপ্তারদের হাজির করার নির্দেশ দেওয়া হয়। পরে ৩ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন ট্রাইব্যুনাল। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের স্থায়ী-অস্থায়ী ঠিকানায় গিয়েও সন্ধান না পাওয়ার কথা জানিয়ে প্রসিকিউশনের কাছে নন-এক্সিকিউশন রিপোর্ট (এনইআর) জমা দেয়। ১৬ সেপ্টেম্বর আত্মসমর্পণ না করায় ওই ৩০ আসামিকে পলাতক দেখিয়ে সরকারি খরচে আইনজীবী নিয়োগের আদেশ দেন আদালত।

এ মামলায় দুটি অভিযোগ এনেছে প্রসিকিউশন। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যার ঘটনা উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%