০১:১০ এম
গোপালগঞ্জের জেলা প্রশাসক মো.আরিফ-উর-জামান এবং চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মিজ লূৎফুন নাহারকে প্রত্যাহার করা হয়েছে। একই সাথে, এক জেলার ডিসি বদলী করা হয়েছে। দুই জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার। গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
হবিগঞ্জের জেলা প্রশাসক ড,জি এম সরফরাজকে গোপালগঞ্জের নতুন ডিসি হিসেবে বদলী করা হয়েছে। চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলমগীর কবির। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গার ডিসির বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দেশের বিভিন্ন জেলা প্রশাসন সরকারি ভাবে আলোচনা সভা, র্যালি ও নানা কর্মসূচির আয়োজন করে। চুয়াডাঙ্গার প্রশাসকের জেলায় অনুষ্ঠানের ব্যানারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি না থাকাকে কেন্দ্র করে বিতর্ক, প্রতিবাদ ও বিক্ষোভের ঘটনা ঘটে। ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে এ ধরনের ঘটনা ঘটায় একে প্রশাসনের দায়িত্বহীনতার বিষয়টি স্পষ্ট হয়েছে। সেই সাথে মাঠ প্রশাসনে এখনো ফ্যাসিবাদীরা ঘাপটি মেরে বসে আছে সেটি স্পষ্ট হয়েছে। ডিসিদের এমন বিতর্কিত কর্মকান্ডের ঘটনায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি করেন স্থানীয় বিএনপির নেতারা। গতকাল জনপ্রশাসন থেকে তাকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া গোপালগঞ্জের জেলা প্রশাসক মো.আরিফ-উর-জামানকেও অভিযোগের ভিত্তিতে প্রত্যাহার করা হয়েছে।
আরও পড়ুন: ডিসেম্বর মাসে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই: এসআরবি
এ ছাড়া, মেজর জেনারেল (অব:) মো.ওয়াহিদ-উজ-জামানকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামানকে তার অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য যে কোন পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে ব্যবস্থাপনা ও প্রশাসন ক্যাটাগরিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে চেয়ারম্যান পদে পদায়ন করা হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। অপর আদেশে বিটিআরসির বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীর অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর তাকে বিটিআরসির চেয়ারম্যান পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন