১০:৫৬ এম
বরিশাল ডিআইজি কার্যালয় থেকে এক জোড়া মৃদু বিষধর কালনাগিনী সাপ উদ্ধার করেছে এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা।
এনিমেল লাভার্স সদস্যরা টানা সাড়ে তিন ঘণ্টার অভিযানের মাধ্যমে সাপ দুটি উদ্ধার করে। রোববার (৭ জুন) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে বিভাগীয় সদর দফতরের ডিআইজির কক্ষের দেয়াল ভেঙে সাপগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সাপ দুটি পরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (৮ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করে এনিমেল লাভার্সের পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা বলেন, রোববার বিকেলে খবর পেয়ে বরিশাল ডিআইজি কার্যালয়ের ডিআইজির রুমে তিনটি সাপ প্রবেশ করেছে বলে জানা যায়। এর পর শুরু হয় উদ্ধার অভিযান, যা বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলাকালীন হয়।
আরও পড়ুন: নরসিংদীর ইউনিয়ন ভূমি অফিসে বহিরাগতদের দৌরাত্ম্য ও দুর্নীতি
তিনি আরও জানান, সাপ উদ্ধারের জন্য প্রথমে ডিআইজির কক্ষের ছাদের পার্টিশনটি ভাঙতে হয়। এরপর সেখানে সাপ না পেয়ে পরে ওপর দিক থেকে দেয়াল ভাঙা হয়। অবশেষে সেখানে থাকা একজোড়া কালনাগিনী সাপ উদ্ধার করা হয়। তবে সাপ দুটি আসলে মারাত্মক বিষধর নয়। সাপগুলো উদ্ধার করার পর বন বিভাগের বরিশাল সদর রেঞ্জে হস্তান্তর করা হয়েছে।
সামাজিক বন বিভাগ বরিশাল সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আরিফ রহমান জানান, এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা সাপ দুটি উদ্ধার করেছে। বর্তমানে সাপগুলো বন বিভাগের হেফাজতে রয়েছে এবং সোমবার সেগুলো অবমুক্ত করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন