ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ফেনীর বেদেপল্লীতে অভিযান, ১৩ লাখ টাকা ও মাদকসহ ১৩ গ্রেপ্তার


ফেনীর বেদেপল্লীতে অভিযান, ১৩ লাখ টাকা ও মাদকসহ ১৩ গ্রেপ্তার

ফেনী শহরের লালপোল এলাকার বেদেপল্লীতে পুলিশ অভিযান চালিয়ে মাদকদ্রব্য এবং বস্তাভর্তি ১৩ লাখ টাকা উদ্ধার করেছে। এ সময় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা থেকে ফেনী মডেল থানার পুলিশ এ অভিযান শুরু করে, যা রাত ৯টা পর্যন্ত চলে।

প্রায় তিন ঘণ্টা ধরে পরিচালিত বিশেষ অভিযানে নগদ ১৩ লাখ টাকা, ইয়াবা, বাংলা মদ, মাদক ব্যবহারের জন্য বিপুল পরিমাণ ফয়েল পেপার এবং টাকা গণনা করার যন্ত্র উদ্ধার করা হয়। অভিযানে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ফেনী মডেল থানার পরিদর্শক (অপারেশন) সাজেদ কামাল অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বেদেপল্লীতে মাদক সম্রাট সোহেলের বাসায় অভিযান পরিচালনা করা হয়। মাদক উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্য এবং টাকার পরিমাণ ও আটক ব্যক্তিদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। অভিযান এখনও চলমান রয়েছে।

আরও পড়ুন: ভোলায় বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ ৫ জন আটক

ফেনী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম বলেন, অভিযানে নগদ ১৩ লাখ টাকা, ইয়াবা, বাংলা মদ, মাদক ব্যবহারের বিপুল পরিমাণ ফয়েল পেপার এবং টাকা গণনা করার যন্ত্র উদ্ধার করা হয়েছে। ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এটি একটি বিশেষ অভিযান ছিল এবং আগামী দিনগুলোতে প্রতিদিন অভিযান পরিচালনা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজার নাসের হাসপাতালে ইসরাইলি হামলায় নিহত ৪ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪০ এম


গাজার নাসের হাসপাতালে ইসরাইলি হামলায় নিহত ৪ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণ অঞ্চলে নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলি বিমান হামলার ফলে চার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার ভোরে খান ইউনিসের পশ্চিমে অবস্থিত এই হাসপাতালে হামলাটি সংঘটিত হয়।

গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল এ বিষয়ে জানান, হাসপাতাল চত্বরের আল-ইয়াসিন ভবনের দ্বিতীয় তলায় ইসরাইলি বিমান আঘাত হানে। এই হামলায় চারজন নিহত হন।

হাসপাতালটির পরিচালক জানিয়েছেন, হামলার ফলে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এবং অস্ত্রোপচার বিভাগের ব্যাপক ক্ষতি হয়েছে।

এদিকে, বুধবার গাজা সিটি ও বুরেইজ শরণার্থীশিবিরে ইসরাইলি হামলায় আরও পাঁচ ফিলিস্তিনি নিহত হন। এছাড়া, মঙ্গলবারের হামলায় আহত এক ফিলিস্তিনি পরবর্তীতে মারা যান।

২০২৫ সালের ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ইসরাইল বারবার লঙ্ঘন করছে বলে অভিযোগ উঠেছে। এসব হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৬২২ ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৮৭৮ জন আহত হয়েছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের সামরিক অভিযানে ৭৪ হাজার ৬০০-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন প্রায় ১ লাখ ৭৬ হাজার মানুষ। নিহত ও আহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এই সময়ে গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরসিংদীর ইউনিয়ন ভূমি অফিসে বহিরাগতদের দৌরাত্ম্য ও দুর্নীতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৩ এম


নরসিংদীর ইউনিয়ন ভূমি অফিসে বহিরাগতদের দৌরাত্ম্য ও দুর্নীতি

নরসিংদীর ইউনিয়ন ভূমি অফিসগুলোতে বহিরাগতদের দৌরাত্ম্য ও ঘুস-দুর্নীতি যেন একটি নিয়মে পরিণত হয়েছে। তহসিলদার ও কর্মচারীদের আত্মীয়স্বজন এবং দালাল চক্রের মাধ্যমে পরিচালিত এই অবৈধ লেনদেনের ফলে সেবাপ্রার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

ভুক্তভোগীরা অভিযোগ করেছেন যে, সরকার ভূমিসেবা দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে ডিজিটাল নামজারি ও অনলাইন করব্যবস্থা চালু করলেও বাস্তব চিত্র ভিন্ন। অনলাইনে আবেদন করার পর মূল কাগজপত্র নিয়ে ভূমি অফিসে গেলে টাকা ছাড়া ফাইল নড়ে না। জমির আকারভেদে নামজারির প্রস্তাব পাঠাতে ১ থেকে ১৫ হাজার টাকা এবং ক্ষেত্রবিশেষে ২০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত ঘুস দিতে হয়। এছাড়া, মিস কেসের তদন্ত প্রতিবেদন পেতে ১০ থেকে ৩০ হাজার এবং সাধারণ নকল তুলতেও ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত নেওয়া হয়। টাকা না দিলে নির্ধারিত সময় শেষে আবেদন বাতিল হয়ে যায়, অথবা প্রতিপক্ষের অনুকূলে প্রতিবেদন দেওয়া হয়।

সরেজমিনে দেখা গেছে, জেলার ৭১টি ইউনিয়ন ভূমি অফিসের অধিকাংশে তহসিলদার ও কর্মচারীরা নিজেদের ভাই, শ্যালক, ভাগিনাসহ পরিচিত বহিরাগতদের দিয়ে দাপ্তরিক কাজ করাচ্ছেন। এমনকি, সরকারি সার্ভারের গোপন আইডি ও পাসওয়ার্ডও তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। দিন শেষে সেবাপ্রার্থীদের কাছ থেকে আদায় করা অর্থের ভাগ নেন সংশ্লিষ্ট কর্মকর্তা ও বহিরাগতরা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভূমি কর্মকর্তা জানিয়েছেন, বয়স্ক কর্মচারীরা কম্পিউটার পরিচালনায় দক্ষ না হওয়ায় স্থানীয় শিক্ষিত বেকার যুবকদের দিয়ে কাজ করানো হয়। সেবাপ্রার্থীদের দেওয়া খুশির টাকা থেকে তাদের সামান্য সম্মানী দেওয়া হয়। অন্যদিকে, সরকারি অফিস সহায়কদের অভিযোগ, তাদের বসিয়ে রেখে বহিরাগতদের দিয়ে কাজ করানো হয়। প্রতিবাদ করলে বদলির হুমকি দেওয়া হয়।

এ বিষয়ে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মু. রাসেদুজ্জামান বলেছেন, ‘জেলার অধিকাংশ ইউনিয়ন ভূমি অফিসে তহসিলদার পদ শূন্য থাকায় উপসহকারীরা ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন। সরকারি অফিসে বহিরাগতদের কাজ করার কোনো সুযোগ নেই। বিষয়টি আমার জানা ছিল না। তবে আগামী এক মাসের মধ্যেই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সকালে ইবাদত করলে সারা দিন ভালো কাটবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫২ এম


সকালে ইবাদত করলে সারা দিন ভালো কাটবে

সকালের শুরুটা আল্লাহর স্মরণ ও ইবাদতের মাধ্যমে হওয়া উচিত। রসুলুল্লাহ সা. সকালবেলার সময়কে বিশেষ গুরুত্ব দিয়েছেন। কুরআন ও সুন্নাহতে কিছু আমলের নির্দেশনা রয়েছে, যা নিয়মিত পালন করলে মহান আল্লাহর রহমত, বরকত ও হেফাজত লাভের আশা করা যায়।

সকালের সময়টি একজন মুমিনের জন্য অত্যন্ত মূল্যবান। সকালে যেসব আমলে সারা দিন ভালো কাটবে, সেগুলো উল্লেখ করা হলো:

ফজরের নামাজ আদায় করা

দিনের শুরুটি ফজরের নামাজ দিয়ে করা উচিত। যথাসময়ে নামাজ আদায় করা জরুরি। সম্ভব হলে জামাতের সঙ্গে নামাজ পড়া উচিত। রসুলুল্লাহ সা. বলেছেন, ‘যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল, সে আল্লাহর নিরাপত্তার মধ্যে থাকল।’ (সহিহ মুসলিম: ৬৫৭)

কুরআন তিলাওয়াত করা

ফজরের নামাজের পর কিছু সময় কুরআন তিলাওয়াত করা উচিত। বিশেষ করে আয়াতুল কুরসি পাঠ করা যেতে পারে। মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই ফজরের কুরআন পাঠ (ফজরের নামাজ) উপস্থিতির সময়।’ (সুরা বনি ইসরাইল: ৭৮)

সকালবেলার জিকির করা

সকালবেলায় আল্লাহর জিকির করা উচিত। বিশেষভাবে তিনবার সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করা উচিত। রসুলুল্লাহ সা. বলেছেন, যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় তিনবার সূরা ইখলাস, ফালাক ও নাস পাঠ করবে, তা তাকে সব ধরনের অনিষ্ট থেকে সুরক্ষার জন্য যথেষ্ট হবে। (সুনানে আবু দাউদ: ৫০৮২; জামে তিরমিজি: ৩৫৭৫)

উপকারী জ্ঞান ও হালাল রিজিকের দোয়া পড়া উচিত।

ফজরের নামাজের পর এই দোয়াটি পড়ুন।

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا وَرِزْقًا طَيِّبًا وَعَمَلًا مُتَقَبَّلًا উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ, ওয়া রিজকান তাইয়িবা, ওয়া আমালাম মুতাকাব্বালা। অর্থ: হে আল্লাহ! আপনার কাছে উপকারী জ্ঞান, পবিত্র রিজিক ও কবুলযোগ্য আমল প্রার্থনা করছি।

উম্মে সালামা (রা.) বর্ণনা করেন, রসুলুল্লাহ সা. ফজরের নামাজের সালাম ফেরানোর পর এই দোয়াটি পড়তেন। (সুনানে ইবনে মাজাহ: ৯২৫)

বিপদ-আপদ থেকে হেফাজতের দোয়া পড়া

সকাল ও সন্ধ্যায় তিনবার এই দোয়াটি পড়ুন।

بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ উচ্চারণ: বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মাআসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই, ওয়া হুয়াস সামিউল আলিম। অর্থ: আল্লাহর নামে, যাঁর নামের বরকতে আসমান ও জমিনের কোনো কিছুই ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

রসুলুল্লাহ সা. বলেছেন, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় তিনবার এই দোয়া পড়বে, কোনো কিছু তাকে ক্ষতি করতে পারবে না। (সুনানে আবু দাউদ: ৫০৮৮; জামে তিরমিজি: ৩৩৮৮)

সদকা ও মানুষের উপকার করা

সামর্থ্য অনুযায়ী কাউকে সাহায্য করা উচিত। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা জরুরি। সদকা শুধু অর্থ দিয়ে হয় না; ভালো কথাও সদকা। রসুলুল্লাহ সা. বলেছেন, ‘প্রতিটি ভালো কাজই সদকা।’ (সহিহ বুখারি: ৬০২১)

সকাল সকাল কাজ শুরু করা

অযথা অলসতায় সময় নষ্ট না করে সকালেই প্রয়োজনীয় কাজ শুরু করা উচিত। হালাল রিজিকের সন্ধানে বের হয়ে আল্লাহর ওপর ভরসা রাখা উচিত।

রসুলুল্লাহ সা. দোয়া করেছেন, اللَّهُمَّ بَارِكْ لِأُمَّتِي فِي بُكُورِهَا অর্থ: হে আল্লাহ! আমার উম্মতের সকালবেলায় বরকত দান করুন। (সুনানে আবু দাউদ: ২৬০৬; জামে তিরমিজি: ১২১২)

সাইয়্যেদুল ইস্তিগফার পাঠ করা

শাদ্দাদ বিন আওস (রা.) নবী (সা.) থেকে বর্ণনা করেন যে,

اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلاَّ أَنْتَ، خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوءُ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنوبَ إِلاَّ أَنْتَ উচ্চারণ: আল্লা-হুম্মা আনতা রাব্বি লা ইলা-হা ইল্লা আনতা খলাক্বতানি ওয়া আনা ‘আব্দুকা, ওয়া আনা ‘আলা ‘আহদিকা ওয়া ওয়া‘দিকা মাস্তাত্বা‘তু। আ‘উযু বিকা মিন শাররি মা সানা‘তু, আবূউ লাকা বিনি‘মাতিকা ‘আলাইয়্যা, ওয়া আবূউ বিযাম্বী। ফাগফির লি, ফাইন্নাহূ লা ইয়াগফিরুয যুনূবা ইল্লা আনতা।

অর্থ: হে আল্লাহ! আপনি আমার রব্ব, আপনি ছাড়া সত্য কোন উপাস্য নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা। আমি আমার সাধ্য মতো আপনার (তাওহীদের) অঙ্গীকার ও (জান্নাতের) প্রতিশ্রুতির ওপর রয়েছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই। আপনি আমাকে যে নেয়ামত দিয়েছেন আমি তা স্বীকার করছি এবং আমার অপরাধও স্বীকার করছি। অতএব, আপনি আমাকে মাফ করে দিন। নিশ্চয় আপনি ছাড়া পাপরাশি ক্ষমা করার কেউ নেই।

তিনি আরও বলেন, ‘যে ব্যক্তি দিনের বেলায় বিশ্বাসের সঙ্গে এ বাক্যগুলো বলবে এবং সেদিন সন্ধ্যার আগে যদি সে মারা যায়-- তাহলে সে ব্যক্তি জান্নাতের অধিবাসী হবে। আর যে ব্যক্তি রাতের বেলায় এ বাক্যগুলো বলবে এবং সকাল হওয়ার আগে মারা যাবে-- সে ব্যক্তি জান্নাতের অধিবাসী হবে।’ (বুখারি, হাদিস : ৬৩০৬)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোরে পাখিদের জিকিরে প্রকৃতি জেগে ওঠে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৩ এম


ভোরে পাখিদের জিকিরে প্রকৃতি জেগে ওঠে

ভোরের স্নিগ্ধ আলোতে পাখিদের কিচিরমিচির শব্দে প্রকৃতি জেগে ওঠে। মানুষের ঘুম ভাঙে। গ্রামের মেঠোপথ, গাছের ডাল, নদীর তীর এবং শহরের সবুজ চত্বরগুলোতে পাখিদের কলতান ছড়িয়ে পড়ে। মনে হয়, মহান রবের জিকিরে জিকিরে যেন ঘুমন্ত পৃথিবীকে জাগিয়ে তুলছে তারা। পাখিদের সেই সুরেলা ডাক শুনে মনে পড়ে যায়, এরা প্রকৃতির সৌন্দর্যের প্রতীক নয়; এরা মহান আল্লাহর একেকটি বিস্ময়কর সৃষ্টি।

ময়না, টিয়া, কাকাতুয়া, শালিক, টুনটুনি, চড়ুই, দোয়েল, বুলবুলি—এদের কত ধরনের, কত রঙের, কত বর্ণের পাখি মহান আল্লাহ সৃষ্টি করেছেন, তার কোনো হিসাব নেই। প্রতিটি সৃষ্টির নিজস্ব বৈশিষ্ট্য, জীবনধারা ও ভাষা রয়েছে। যদিও আমরা তাদের ভাষা বুঝতে পারি না, মহান সৃষ্টিকর্তা তাদের ভাষা জানেন। তাদের ডাক, চলাফেরা, ওড়াউড়ি সবকিছুই তাঁর জ্ঞানের অন্তর্ভুক্ত।

পাখিদের এই তাসবিহ ও ইবাদতের কথা মহান আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। ইরশাদ হয়েছে,

أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يُسَبِّحُ لَهُ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَالطَّيْرُ صَافَّاتٍ ۖ كُلٌّ قَدْ عَلِمَ صَلَاتَهُ وَتَسْبِيحَهُ ۗ وَاللَّهُ عَلِيمٌ بِمَا يَفْعَلُونَ

অর্থ: ‘তুমি কি দেখো না, আসমান ও জমিনে যারা আছে, তারা এবং ডানা বিস্তার করে উড়ন্ত পাখিরাও আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে? প্রত্যেকেই তার নামাজ ও তাসবিহের পদ্ধতি জানে। আর তারা যা করে, আল্লাহ সে সম্পর্কে সম্যক অবগত।’ (সুরা আন-নুর, আয়াত: ৪১)।

এটি একটি বিস্ময়কর ঘোষণা! আমরা যে পাখিদের কিচিরমিচির শব্দ শুনি, মহান আল্লাহ জানেন তাদের সেই তাসবিহের কথা। যদিও আমরা তাদের ভাষা বুঝতে পারি না, তাদের প্রতিটি সৃষ্টিগত ইবাদত মহান রবের কাছে অজানা নয়।

পবিত্র কোরআনের অন্যত্র আল্লাহ তাআলা আরও বলেন,

وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَٰكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ

অর্থ: ‘এমন কোনো বস্তু নেই, যা তার প্রশংসাসহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না। কিন্তু তোমরা তাদের তাসবিহ বুঝতে পারো না।’ (সুরা বনি ইসরাঈল, আয়াত: ৪৪)।

অর্থাৎ পাখি নয়, আসমান-জমিনের সব সৃষ্টি কোনো না কোনোভাবে আল্লাহর পবিত্রতা ঘোষণা করছে। পাহাড়, বৃক্ষ, নদী, সমুদ্র, আকাশ, বাতাস—সবকিছুই তার মহিমার সাক্ষ্য বহন করে। অথচ মানুষের সীমিত শ্রবণ ও উপলব্ধি দিয়ে সেই তাসবিহের প্রকৃত ধরন বোঝা সম্ভব নয়।

পাখিদের তাসবিহের আরেকটি চমৎকার উদাহরণ মহান আল্লাহ তুলে ধরেছেন। হজরত দাউদ (আ.)-এর কথা উল্লেখ করে তিনি বলেন,

إِنَّا سَخَّرْنَا الْجِبَالَ مَعَهُ يُسَبِّحْنَ بِالْعَشِيِّ وَالْإِشْرَاقِ ۝ وَالطَّيْرَ مَحْشُورَةً كُلٌّ لَّهُ أَوَّابٌ

অর্থ: ‘আমি পাহাড়গুলোকে তাঁর অনুগত করেছিলাম; তারা সন্ধ্যায় ও সকালে তার সঙ্গে তাসবিহ পাঠ করত। আর পাখিদেরও সমবেত করা হয়েছিল। প্রত্যেকেই ছিল তাঁর প্রতি অনুগত।’ (সুরা সাদ, আয়াত: ১৮-১৯)।

অন্য আয়াতে আল্লাহ বলেন, ‘আমি দাউদকে আমার পক্ষ থেকে অনুগ্রহ দান করেছিলাম। (বলেছিলাম,) হে পাহাড়মালা! তোমরা তার সঙ্গে বারবার প্রতিধ্বনিত হয়ে তাসবিহ পাঠ করো। আর পাখিদেরও (অনুরূপ নির্দেশ দিয়েছিলাম)।’ (সুরা সাবা, আয়াত: ১০)।

এসব আয়াত থেকে বোঝা যায়, আল্লাহর তাসবিহ শুধু মানুষের ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ নয়। সৃষ্টিজগতের প্রতিটি অংশই নিজস্ব পদ্ধতিতে তাঁর মহিমা ঘোষণা করে।

এমনকি পাখিদের প্রতি দয়া ও তাদের খাদ্যের ব্যবস্থার মধ্যেও রয়েছে মানুষের জন্য সওয়াব অর্জনের সুযোগ। যখন আমরা কোনো পাখিকে খাবার দিই, গাছ লাগাই কিংবা এমন পরিবেশ তৈরি করি, যেখানে পাখিরা নিরাপদে বসবাস করতে পারে, তখন সেটিও কল্যাণকর কাজের অন্তর্ভুক্ত হতে পারে।

হজরত আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন,

কোনো মুসলমান যদি গাছ রোপণ করে কিংবা শস্য বপন করে, অতঃপর তা থেকে কোনো পাখি, মানুষ অথবা পশু খায়, তাহলে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হয়।’ (সহিহ বুখারি, হাদিস: ২৩২০; সহিহ মুসলিম, হাদিস: ১৫৫৩)।

এটি কত বড় সুসংবাদ! একজন মানুষ হয়তো নিজের প্রয়োজনে একটি ফলের গাছ লাগিয়েছেন। কিন্তু সেই গাছের ফল খেয়ে একটি পাখি ক্ষুধা নিবারণ করছে। আর সেই পাখির খাবারের বিনিময়েও গাছের মালিক সদকার সওয়াব পাচ্ছেন। অর্থাৎ মানুষের অজান্তেই তার একটি ভালো কাজের প্রতিদান পৌঁছে যাচ্ছে তার আমলনামায়।

পাখিদের প্রতি দয়া প্রদর্শনের ব্যাপারেও রাসুলুল্লাহ (সা.) আমাদের শিক্ষা দিয়েছেন। এক হাদিসে তিনি জানিয়েছেন, প্রত্যেক প্রাণীর প্রতি দয়া প্রদর্শনের মধ্যেই সওয়াব রয়েছে। (সহিহ বুখারি, হাদিস: ২৩৬৩; সহিহ মুসলিম, হাদিস: ২২৪৪)।

এ থেকে বোঝা যায়, পাখিদের শুধু সৌন্দর্য উপভোগের বস্তু হিসেবে দেখার সুযোগ নেই। তারা আল্লাহর সৃষ্টি। তাদের প্রতি সদয় হওয়া, খাবার ও পানি দেওয়া এবং অকারণে তাদের কষ্ট না দেওয়া একজন মুমিনের মানবিক ও ঈমানি দায়িত্বের অংশ।

পাখিদের জীবন থেকে আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়। তারা আল্লাহর দেওয়া প্রকৃতিগত নিয়ম মেনে চলে। খাবারের সন্ধানে বের হয়, বাসা তৈরি করে, সন্তান লালন-পালন করে এবং নিজেদের প্রয়োজন পূরণ করে। তাদের জীবনযাত্রার প্রতিটি বিষয়েই রয়েছে মহান স্রষ্টার অসীম কুদরতের নিদর্শন।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, وَمَا مِن دَابَّةٍ فِي الْأَرْضِ وَلَا طَائِرٍ يَطِيرُ بِجَنَاحَيْهِ إِلَّا أُمَمٌ أَمْثَالُكُم

অর্থ: ‘ভূপৃষ্ঠে বিচরণশীল প্রতিটি প্রাণী এবং দুই ডানায় ভর করে উড়ে বেড়ানো প্রতিটি পাখিই তোমাদের মতো একেকটি সম্প্রদায়।’ (সুরা আল-আনআম, আয়াত: ৩৮)।

এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়, পাখি ও অন্যান্য প্রাণীরও রয়েছে স্বতন্ত্র জগৎ, জীবনব্যবস্থা ও বৈশিষ্ট্য। তারা মহান আল্লাহর সৃষ্টির অংশ। তাদের অস্তিত্বও উদ্দেশ্যহীন নয়।

একবার রাসুলুল্লাহ (সা.) সাহাবিদের একটি ঘটনা শুনিয়েছিলেন। এক ব্যক্তি প্রচণ্ড পিপাসার্ত একটি কুকুরকে কূপ থেকে পানি তুলে পান করিয়েছিলেন। প্রাণীটির প্রতি দয়া প্রদর্শনের কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। সাহাবিরা জানতে চাইলেন, পশু-পাখির প্রতি দয়া প্রদর্শনেও কি সওয়াব রয়েছে? রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘প্রত্যেক জীবন্ত প্রাণীর প্রতি দয়া প্রদর্শনের মধ্যেই সওয়াব রয়েছে।’ (সহিহ বুখারি, হাদিস: ২৩৬৩; সহিহ মুসলিম, হাদিস: ২২৪৪)।

সুতরাং পাখিদের প্রতি ভালোবাসা কেবল প্রকৃতিপ্রেম নয়; এটি আল্লাহর সৃষ্টির প্রতি দয়া প্রদর্শনেরও একটি মাধ্যম। আমরা মানুষ কত সহজেই মহান রবের নাফরমানিতে জড়িয়ে পড়ি! অথচ আমাদের চারপাশের এই পাখি, বৃক্ষ, পাহাড়, নদী, সমুদ্রসহ প্রতিটি সৃষ্টি তাদের নিজস্ব পদ্ধতিতে আল্লাহর তাসবিহ পাঠ করে যাচ্ছে। আমরা শুনতে পাই না, বুঝতে পারি না। কিন্তু মহান আল্লাহ সবই জানেন, সবই শোনেন।

ভোরের আলোয় যখন পাখিরা ডানা মেলে আকাশে উড়ে যায়, গাছের ডালে বসে কলতান করে, কিংবা খাবারের সন্ধানে ছুটে বেড়ায়, তখন তাদের দিকে তাকিয়ে আমাদেরও স্রষ্টার কথা স্মরণ করা উচিত। ভাবা উচিত, যে রব এত সুন্দর করে এই পৃথিবী সাজিয়েছেন, এত বিচিত্র প্রাণী সৃষ্টি করেছেন, তাঁর ইবাদত ও আনুগত্যের ক্ষেত্রে আমরা কতটুকু যত্নবান?

পাখিদের সকাল আমাদের জন্যও এক শিক্ষা। তারা তাদের সৃষ্টিগত দায়িত্ব পালন করে যাচ্ছে। অথচ মানুষ হয়েও আমরা অনেক সময় মহান রবের স্মরণ থেকে উদাসীন থাকি।

আসুন, ভোরের পাখির ডাক শুনে শুধু মুগ্ধ না হয়ে তাদের সৃষ্টিকর্তাকে স্মরণ করি। পাখিদের মতো আমরাও যেন আমাদের জীবনকে আল্লাহর জিকির, তাসবিহ ও ইবাদতে সুশোভিত করতে পারি।

কারণ এই পৃথিবী শুধু মানুষের কোলাহলে মুখর নয়; প্রতিটি মুহূর্তে, প্রতিটি প্রান্তে, প্রতিটি সৃষ্টির মধ্যেই প্রতিধ্বনিত হচ্ছে মহান রবের পবিত্রতা ও মহিমা। সুবহানাল্লাহ! সমস্ত প্রশংসা মহান আল্লাহর, যিনি সমগ্র সৃষ্টিজগতের প্রতিপালক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%