১০:২৯ পি.এম
চাঁপাইনবাবগঞ্জে একদল কৃষক ডিলারের গোডাউনে হামলা চালিয়ে সার ছিনতাইয়ের চেষ্টা করেছে। শনিবার দুপুরে সদর উপজেলার মেসার্স একতা এন্টারপ্রাইজে এই ঘটনা ঘটে। পুলিশ পরে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, কৃষকরা সার নিতে ডিলারের গোডাউনে জড়ো হন। তাদের অভিযোগ, চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন না তারা। প্রয়োজনের তুলনায় কম সার পাওয়ার কারণে কৃষকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়। এক পর্যায়ে কৃষকরা গোডাউন থেকে সার নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এমনকি কিছু কৃষক সার নিয়ে চলে যান। এই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনসার সদস্য ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধাওয়া দিলে কৃষকরা সার ফেলে চলে যান।
মেসার্স একতা এন্টারপ্রাইজের ম্যানেজার মোজাম্মেল হোসেন জানান, ‘সকাল থেকেই সার বিতরণ করা হচ্ছিল। তবে কৃষকদের চাপ বেশি থাকায় সবাইকে চাহিদামতো সার দেওয়া সম্ভব হচ্ছিল না। এ সময় কয়েকজন কৃষক বিক্ষুব্ধ হয়ে সার নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ ও আনসার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে কেউ সার নিয়ে যেতে পারেননি, তারা সার ফেলে চলে যান।’
আরও পড়ুন: মধুপুরে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
দেবিনগর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. পারভেজ আলী বলেন, ‘একদল কৃষক অন্তত আট থেকে ১০ বস্তা সার নিয়ে গেছেন। তবে এখনো সারের সঠিক হিসাব পাওয়া যায়নি। পুলিশ আসলে অনেকে বস্তা ফেলে পালিয়েছেন।’
উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুনাইন বিন জামান জানান, সার বিতরণের সময় কৃষকদের মধ্যে বাকবিতণ্ডা হচ্ছিল। এ কারণে সাময়িকভাবে সার বিতরণ বন্ধ রাখা হয়েছে। তবে কেউ সার নিয়ে যেতে পারেননি বলে তিনি দাবি করেন।
এমই
আরও পড়ুন: শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন