শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
১০:২৫ পি.এম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী শহীদ আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শাহাদাতবার্ষিকী উপলক্ষে তিনি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে উল্লেখ করেন, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ছিলেন ইসলামী আন্দোলনের একজন আদর্শনিষ্ঠ ও আপসহীন নেতা। গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
জামায়াত আমির বলেন, ২০০১-২০০৬ মেয়াদে চারদলীয় জোট সরকারের সমাজকল্যাণমন্ত্রী হিসেবে তিনি সততা, দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি অভিযোগ করেন, সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে দলটিকে নেতৃত্বশূন্য করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। সেই ধারাবাহিকতায় মুজাহিদের বিরুদ্ধে তথাকথিত মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয় এবং দলীয়ভাবে সাজানো মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম সুপ্রিম কোর্ট থেকে বেকসুর খালাস পাওয়ায় প্রমাণিত হয়েছে যে, জামায়াত নেতাদের বিরুদ্ধে আগের রায়গুলো অসৎ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, অন্যায় ও প্রহসনমূলক ছিল। তাছাড়া যে প্রধান বিচারপতির নেতৃত্বে মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছিল, তিনি নিজেই দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন। যিনি নিজেই দুর্নীতিগ্রস্ত, তাঁর বিচারও ন্যায়ভ্রষ্ট। একমাত্র রাজনৈতিক উদ্দেশ্যেই মুজাহিদসহ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ২০১৫ সালের ২১ নভেম্বর রাত ১২টা ৫৫ মিনিটে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। শহীদ মুজাহিদসহ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের ত্যাগ ও আত্মদানের ইতিহাস জাতি চিরদিন স্মরণ করবে। তাঁদের স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নের মাধ্যমে এ দেশে একদিন ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, জাতি আজ তার শূন্যতা গভীরভাবে অনুভব করছে। তিনি মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান মহান আল্লাহর কাছে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের শাহাদাত কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দানের দোয়া করেন। একই সঙ্গে তাঁর অসমাপ্ত কাজ এগিয়ে নেওয়ার জন্য জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তির প্রতি আহ্বান জানান এবং দেশবাসীর সহযোগিতা কামনা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নিষিদ্ধ সংগঠন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদ এবং তা প্রতিরোধে আগামী ২২ নভেম্বর ২০২৬ ইং তারিখে টাঙ্গাইলের মধুপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে।
এ কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মধুপুর থানার মোড়স্থ ‘খুররম খান ইউসুফজী প্রিন্স’ ক্লাবে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল সফল করতে প্রয়োজনীয় সাংগঠনিক প্রস্তুতি, নেতাকর্মীদের অংশগ্রহণ এবং কর্মসূচির সার্বিক বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হলের একটি আবাসিক কক্ষে অভিযান চালিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম গাঁজা, বিদেশি বিয়ারের বোতল, ইলেকট্রনিক সিগারেটসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে। অভিযানে অংশ নেওয়া সহকারী প্রক্টর জানিয়েছেন, কক্ষটিতে চারটি টেবিল থাকলেও কোনো বই পাওয়া যায়নি। এ সময় কক্ষে আটজনকে পাওয়া যায়। অভিযানের শুরুতে শিক্ষকদের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। পরে কক্ষটি সিলগালা করে উপস্থিত ব্যক্তিদের পরিচয়পত্র জব্দ করা হয়।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ ফরহাদ হোসেন হলের সি ব্লকের ৬১২ নম্বর কক্ষে এ অভিযান পরিচালনা করা হয়। উপস্থিত আটজনের মধ্যে পাঁচজন শহীদ ফরহাদ হোসেন হলের, দুজন অতীশ দীপঙ্কর হলের শিক্ষার্থী এবং একজন ঢাকা থেকে আসা অতিথি।
অভিযানের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, “সন্ধ্যা ৭টার দিকে প্রক্টর স্যারের কাছ থেকে শহীদ ফরহাদ হোসেন হলের সি ব্লকের ৬১২ নম্বর কক্ষে মাদক সেবনের খবর পাই। এরপর সহকারী প্রক্টর আশরাফ স্যার, নিরাপত্তা প্রধান মান্নানসহ নিরাপত্তা টিমের সদস্যদের নিয়ে সেখানে অভিযান চালাই। কক্ষে প্রবেশ করে সাত থেকে আটজনকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। তারা গান-বাজনার আড়ালে মাদক সেবন করছিলেন।”
উদ্ধার করা মাদক ও সরঞ্জামের বিষয়ে তিনি বলেন, “কক্ষটিতে অভিযান চালিয়ে কাঁচা গাঁজা, বিদেশি ইলেকট্রনিক সিগারেট, বিদেশি বিয়ারের বোতল, বিপুলসংখ্যক সিগারেটের প্যাকেট এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। সেখানে চারটি টেবিল থাকলেও কোনো বই পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ের মতো একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার পরিবর্তে এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
অভিযানের শুরুতে বাধা ও ধাক্কাধাক্কির ঘটনা প্রসঙ্গে হলের প্রভোস্ট অধ্যাপক ড. ফারুক আলম বলেন, ‘দুইজন শিক্ষার্থী হলের দুইজন হাউস টিউটরকে চিনতে না পেরে তাদের কক্ষে প্রবেশে বাধা দিয়েছিলেন। পরে তাদের একজন ক্ষমা চেয়েছেন। তবে আবাসিক শিক্ষকেরা প্রায় এক বছর ধরে হলে দায়িত্ব পালন করছেন। এত দিনেও তাদের চিনতে না পারার দায় সংশ্লিষ্ট শিক্ষার্থী এড়াতে পারেন না।’
অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে প্রভোস্ট বলেন, “আমাদের হলে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি রয়েছে। সাধারণ শিক্ষার্থীরা যেখানে আবাসিক আসন পাচ্ছেন না, সেখানে মাদকসেবীদের জন্য কোনো জায়গা থাকতে পারে না। ওই কক্ষে পাওয়া আমাদের হলের আবাসিক শিক্ষার্থীদের আসন বাতিল করা হবে। আগামী কর্মদিবস রোববার এ বিষয়ে নোটিশ দেওয়া হবে। অন্য হলের শিক্ষার্থীদের বিষয়ে সংশ্লিষ্ট হলের প্রভোস্টদের জানানো হবে। পাশাপাশি আবাসিক শিক্ষকদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠন করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন জানান, ৬১২ নম্বর কক্ষে আসন বরাদ্দ পাওয়া চার শিক্ষার্থীর মধ্যে একজন অভিযানের সময় উপস্থিত ছিলেন। বাকি তিনজন বাসায় ছিলেন। উপস্থিত ওই শিক্ষার্থীই অন্যদের কক্ষে ডেকে এনেছিলেন।
তিনি আরও জানান, অভিযানে উদ্ধার করা সব আলামত জব্দ করা হয়েছে। অভিযুক্তদের বিষয়ে বিস্তারিত প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও শৃঙ্খলা কমিটিতে জমা দেওয়া হবে। প্রতিবেদনের ভিত্তিতে একাডেমিক শাস্তিসহ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মাদকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত অভিযানও অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ১৪তম সিল্করোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (SRIFF- 2026) এ সেরা পরিচালনার জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার- শ্রেষ্ঠ পরিচালক (Belt & Road Jury Special Prize for Best Director) অর্জন করেছেন বাংলাদেশের তরুণ চলচ্চিত্র নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। উৎসবটির পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়ে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সাঁকোটা দুলছে (The Blind Girl and an Elephant) এই পুরস্কারটি লাভ করে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জিহাদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী। এই বিভাগ থেকেই তিনি স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তরুণ এই পরিচালকের এটি প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। চলচ্চিত্রটির প্রযোজনায় রয়েছেন তার বিভাগের সহকারী অধ্যাপক ও অভিনেতা মনোজ কুমার প্রামাণিক। চলচ্চিত্রটি বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান 'মনপাচিত্র' এবং জার্মানির 'মগডোর ফিল্ম'-এর যৌথ উদ্যোগে নির্মিত হয়েছে। এটি প্রযোজক ও প্রযোজনা প্রতিষ্ঠানটিরও প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
জিহাদ জানান, ৯ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত আয়ারল্যান্ডের ডাবলিনে এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয় এবং ১৫ নভেম্বরেই পুরস্কার ঘোষণা করা হয়।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, মূলত গ্রামীণ বাংলাদেশের তিনজন নারীর জনজীবনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। কুসংস্কার, পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা ও সামাজিক নিপীড়নের বেড়াজাল থেকে মুক্তির স্বপ্ন দেখা নারীদের সংগ্রামের গল্প চলচ্চিত্রের কাহিনীতে ফুটিয়ে তোলা হয়েছে। সম্পূর্ণ সাদা-কালোতে নির্মিত চলচ্চিত্রটি নারীর জীবন, বিশ্বাস, সামাজিক নিয়ন্ত্রণ এবং ব্যক্তিস্বাধীনতার প্রশ্নকে গ্রামীণ বাংলাদেশের বাস্তবতার আঙ্গিকে উপস্থাপন করেছে।
২০১২ সালে প্রতিষ্ঠিত সিল্করোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রতি বছর আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক সিল্ক রোডের সাংস্কৃতিক বিনিময়, পারস্পরিক বোঝাপড়া ও আন্তর্জাতিক যোগাযোগের ঐতিহ্যকে ধারণ করে উৎসবটি বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র ও নির্মাতাদের একত্রিত করে। উৎসবটি বেল্ট অ্যান্ড রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব জোটের (Belt & Road International Film Festival Alliance – BRFFA) সদস্য, যার লক্ষ্য বিভিন্ন দেশের চলচ্চিত্র ও সংস্কৃতির মধ্যে সংযোগ ও বিনিময়কে উৎসাহিত করা।
বিশ্বের অন্যতম বৃহৎ এই চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালক হিসেবে পুরষ্কার অর্জনের বিষয়ে পরিচালক জিহাদ বলেন, ‘গ্রামীণ বাংলাদেশে বেড়ে ওঠার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, কীভাবে কুসংস্কার, রক্ষণশীলতা এবং সামাজিক বিধিনিষেধ নারীদের জীবনে প্রভাব ফেলে। এই চলচ্চিত্র সেই বাস্তবতা থেকেই জন্ম নিয়েছে। এমন বড় একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হওয়া আমাদের পুরো টিমের জন্য অত্যন্ত সম্মানের। পাশাপাশি চলচ্চিত্রে প্রতিফলিত মানুষদের জীবন ও অভিজ্ঞতার একটি আন্তর্জাতিক স্বীকৃতি।’
চলচ্চিত্রটির বিষয়ে প্রযোজক মনোজ কুমার প্রামাণিক বলেন, ‘এই যাত্রা শুরু হয়েছিল খুব সীমিত অর্থ, অল্প অভিজ্ঞতা এবং একদল স্বপ্নবান তরুণ চলচ্চিত্রকর্মীকে নিয়ে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হওয়া আমাদের বহু বছরের পরিশ্রম, ত্যাগ, বিশ্বাস এবং স্বাধীন চলচ্চিত্রচর্চার প্রতি অঙ্গীকারের স্বীকৃতি।’
উল্লেখ্য, চলচ্চিত্রটি এর আগে শ্রেষ্ঠ চিত্রগ্রহণের জন্য চীনে অনুষ্ঠিত হওয়া ২৮ তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন গোবলেট পুরস্কার এবং রাশিয়ায় অনুষ্ঠিত হওয়া ২৪ তম আমুর অটাম আন্তর্জাতিক চলচ্চিত্র ও থিয়েটার উৎসবে গোল্ডেন ক্রেন পুরস্কার অর্জন করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : ভূমি সচিব মো. এমদাদুল হক চৌধুরী নির্দেশনা প্রদান করেছেন যে, সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডদের জন্য জনগণের জন্য হয়রানিমুক্ত, স্বচ্ছ ও মানসম্মত ভূমিসেবা নিশ্চিত করতে হবে।
তিনি উল্লেখ করেন, ভূমি প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের সরাসরি সম্পর্ক বিদ্যমান। তাই সেবা গ্রহণ করতে আসা জনগণ যেন কোনো ধরনের হয়রানি বা ভোগান্তিতে না পড়েন, সে জন্য এসিল্যান্ডদের দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।
গতকাল ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে সহকারী কমিশনারদের (ভূমি) জন্য আয়োজিত ৫১তম ও ৫২তম বেসিক ভূমি ব্যবস্থাপনা কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
এই দুটি কোর্স পাঁচ সপ্তাহের মেয়াদে ১১ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্ল্যাটফরমে যুক্ত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ আবুল খায়ের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ ও পুরস্কার প্রদান করা হয়। প্রশিক্ষণার্থীদের ভূমি ব্যবস্থাপনা, ভূমি প্রশাসন এবং সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান সম্পর্কে অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ