০৬:৫৮ পি.এম
টানা বৃষ্টি এবং উজান থেকে আসা পাহাড়ি ঢলের প্রভাবে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় উপদাখালী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে।
রবিবার (১২ জুলাই) সকাল ৯ টায় কলমাকান্দা পয়েন্টে নদীটির পানি বিপৎসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন জানান, উপদাখালী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে জেলার প্রধান সব নদ-নদীর পানিও ধীরে ধীরে উর্ধ্বমুখী হচ্ছে। তিনি বললেন, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে।
আরও পড়ুন: নরসিংদীর ইউনিয়ন ভূমি অফিসে বহিরাগতদের দৌরাত্ম্য ও দুর্নীতি
পাউবোর তথ্য অনুসারে, রবিবার সকাল ৯টা পর্যন্ত আটপাড়া পয়েন্টে মগড়া নদীর পানি বিপৎসীমার ৬৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। একই সময়ে পূর্বধলার জারিয়া পয়েন্টে কংশ নদীর পানি বিপৎসীমার ১.৫৯ মিটার, খালিয়াজুড়ির ধনু নদীর পানি ১.৩৯ মিটার এবং দুর্গাপুর পয়েন্টে সোমেশ্বরী নদীর পানি বিপৎসীমার ৩.০৪ এবং সোমেশ্বরী পয়েন্টে ৩.১০ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
এদিকে, উপদাখালী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করলেও কলমাকান্দায় এখনো বড় ধরনের বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।
কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম মিকাইল ইসলাম জানান, সর্বশেষ তথ্য অনুযায়ী উপদাখালী নদীর পানি বিপৎসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের ফলে বড় ধরনের পাহাড়ি ঢল বা কোনো এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, পরিস্থিতি অবনতি হলে প্রশাসনের পক্ষ থেকে ‘ইমার্জেন্সি কল সেন্টার’ চালুর প্রস্তুতি নেওয়া হয়েছে। দুর্যোগ ও ত্রাণ শাখার মাধ্যমে প্রয়োজনীয় জরুরি সহায়তা দিতে প্রশাসন প্রস্তুত রয়েছে।
আরও পড়ুন: ফেনীর বেদেপল্লীতে অভিযান, ১৩ লাখ টাকা ও মাদকসহ ১৩ গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন