০৬:৪৯ পি.এম
কুমিল্লার মুরাদনগরে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক মাহবুব আলম ওরফে মাসুমকে হত্যার ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সুত্রে জানা যায়, হত্যাকাণ্ডের পর ছিনিয়ে নেওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।
রবিবার (২১ জুন) বিকেলে কুমিল্লা জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এসব তথ্য জানান। পুলিশ জানায়, গত শনিবার বাঙ্গরা বাজার থানার টনকী ইউনিয়নের বৈলাবাড়ি গ্রামের দড়েরপাড় এলাকার একটি ঝোপ থেকে মাহবুব আলমের মরদেহ উদ্ধার করা হয়। মাহবুব গকুলনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং পেশায় অটোরিকশাচালক ছিলেন।
পরিবারের সদস্যদের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে দুই যাত্রীকে গন্তব্যে পৌঁছে দিতে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন মাহবুব। এরপর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: গাজীপুরের কারখানার আগুন ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে
হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হলে দাউদকান্দি উপজেলার দক্ষিণ টিলি গ্রামের নাঈম ইসলাম (২৩) নামক একজনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরমান সরকার (২০) নামের আরো এক যুবককে আটক করা হয় এবং ছিনিয়ে নেওয়া অটোরিকশাটিও উদ্ধার হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মাহবুব আলমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন